Monday, April 27, 2026

Top 5 This Week

Related Posts

সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি

সিলেট বিভাগের স্বায়ত্তশাসন এবং ‘সিলটি’ ভাষাকে দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি জানিয়েছে ‘সিলটি পাঞ্চায়িত’ নামের একটি সংগঠন।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে সিলেট নগরীর একটি হোটেলের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। একইসঙ্গে সিলেটের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের দাবিও তুলে ধরে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী।

তিনি বলেন, “২০২২ সালের ২১ নভেম্বর যাত্রা শুরু করা ‘সিলটি পাঞ্চায়িত’-এর বিভিন্ন দাবির মধ্যে সিলেট বিভাগের স্বায়ত্তশাসন অন্যতম।”

তার মতে, সিলেট দেশের মধ্যে একমাত্র বিভাগ, যেখানে বাংলার বাইরে নিজস্ব বর্ণমালা রয়েছে। এই ভাষার নাম ‘সিলটি’ এবং এর অক্ষর ‘সিলটি নাগরী লিপি’ নামে পরিচিত। এ ভাষা নিয়ে অনেকে ডক্টরেট ডিগ্রিও অর্জন করেছেন বলে জানান তিনি।

নাসির উদ্দিন আহমদ চৌধুরী যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও শ্রীলঙ্কার উদাহরণ তুলে ধরে বলেন, “এসব দেশে প্রধান ভাষার পাশাপাশি দ্বিতীয় অফিসিয়াল ভাষা চালু রয়েছে। দীর্ঘদিন ধরে ‘সিলটি পাঞ্চায়িত’ সিলটি ভাষাকে বাংলাদেশের দ্বিতীয় অফিসিয়াল ভাষা বা রাষ্ট্রভাষা ঘোষণার দাবি জানিয়ে আসছে।”

তার দাবি, “অন্তত ১ কোটি ২০ লাখ মানুষ এ ভাষায় কথা বলেন।”

তিনি আরও বলেন, ২০২২ সাল থেকে সিলেট বিভাগের স্বায়ত্তশাসনের দাবিতে মানববন্ধন, মিছিল ও স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে সংগঠনটি।

তিনি আশা প্রকাশ করেন, সরকার তাদের দাবিগুলো বিবেচনা করবে। অন্যথায় ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে আবেদন জানাতে বাধ্য হবেন বলে উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাজ রীহান জামানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

Popular Articles