ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের একটি গ্রাম থেকে নিখোঁজ হওয়া একই বিদ্যালয়ের চার স্কুলছাত্রীকে সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) দুপুরে সিলেটের কদমতলী বাস টার্মিনালে গোয়াইনঘাটগামী বাসের জন্য অপেক্ষারত অবস্থায় তাদের উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁওয়ের সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস জানান, মঙ্গলবার রাত থেকে নিখোঁজ চার শিক্ষার্থীকে উদ্ধারে পুলিশ দিন-রাত অভিযান চালায়। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করার পর বুধবার দুপুরে সিলেটের একটি বাস কাউন্টার থেকে উদ্ধার করা হয়। সে সময় তারা গোয়াইনঘাট যাওয়ার উদ্দেশ্যে বাসের অপেক্ষায় ছিল।
তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, চার ছাত্রী প্রথমে ঢাকায় গিয়েছিল। পরে তারা সিলেটে পৌঁছায়। পুলিশের ধারণা, একটি মানবপাচারকারী চক্র নানা প্রলোভন দেখিয়ে তাদের ভারতে পাচারের চেষ্টা করছিল। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেওয়া হবে।
এর আগে মঙ্গলবার (৩০ জুন) রাত সাড়ে ১১টার দিকে চার ছাত্রীর পরিবারের পক্ষ থেকে বালিয়াডাঙ্গী থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডির ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করে এবং উদ্ধারে অভিযান পরিচালনা করে।
উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলেন, বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের সাবাজপুর গ্রামের মানিক চন্দ্রের মেয়ে খুশি (দশম শ্রেণি), বাঙ্কু দেবনাথের মেয়ে মল্লিকা (দশম শ্রেণি), রমেশ দেবনাথের মেয়ে ঋতু দেবনাথ (দশম শ্রেণি) এবং আকালু দেবনাথের মেয়ে সুজুতি রানী দেবনাথ (অষ্টম শ্রেণি)। তারা সবাই সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে চার ছাত্রী প্রতিদিনের মতো প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে একসঙ্গে বাড়ি থেকে বের হয়। কিন্তু দীর্ঘ সময় পার হলেও তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে প্রাইভেট শিক্ষক ও বিদ্যালয়ে খোঁজ নিয়ে জানা যায়, সেদিন তারা সেখানে উপস্থিতই হয়নি। আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তাদের সন্ধান না পেয়ে রাতেই থানায় সাধারণ ডায়েরি করা হয়।
স্বজনদের দাবি, চার শিক্ষার্থীর কারো সঙ্গে পারিবারিক বা ব্যক্তিগত কোনো বিরোধ ছিল না। তারা নিয়মিত বিদ্যালয় ও প্রাইভেটে যাতায়াত করত। তাই তাদের হঠাৎ একসঙ্গে নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, নিখোঁজ চার শিক্ষার্থীকে সিলেট থেকে উদ্ধার করা হয়েছে। তাদের নিরাপদে ঠাকুরগাঁওয়ে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। পুরো ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মানবপাচারকারী কোনো চক্র এর সঙ্গে জড়িত কিনা, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।


