কয়েকদিন পানি কমার পর সিলেটের বিভিন্ন নদ-নদীর পানি আবার বাড়তে শুরু করেছে। সোমবার সকাল থেকে সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন ও লোভাছড়া নদীর পানি কয়েকটি পয়েন্টে বৃদ্ধি পেয়েছে। তবে জেলার সব নদীর পানি এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
সিলেট পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্ববর্তী ১২ ঘণ্টায় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে ২৬ সেন্টিমিটার এবং সিলেট পয়েন্টে ১৩ সেন্টিমিটার বেড়েছে।
এ ছাড়া কুশিয়ারা নদীর পানি আমলশীদ, শেওলা ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে যথাক্রমে ৫, ৬ ও ৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তবে শেরপুর পয়েন্টে পানি ৩ সেন্টিমিটার কমেছে।
একই সময়ে সারিগোয়াইন নদীর পানি সারিঘাট পয়েন্টে ১৩ সেন্টিমিটার এবং গোয়াইনঘাট পয়েন্টে ৬ সেন্টিমিটার বেড়েছে। লোভাছড়া নদীর লোভা পয়েন্টে পানি বেড়েছে ৩০ সেন্টিমিটার।
অন্যদিকে ধলাই নদীর ইসলামপুর পয়েন্টে পানি ৩ সেন্টিমিটার এবং পিয়াইন নদীর জাফলং পয়েন্টে ৬ সেন্টিমিটার কমেছে।
সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ বলেন, কয়েকটি নদীর পানি বাড়লেও সবগুলোই এখনো বিপৎসীমার নিচে রয়েছে। ভারতের আসাম ও মেঘালয়ের পাহাড়ি এলাকায় অতিবৃষ্টি না হলে এবং সিলেটে টানা ভারী বর্ষণ না হলে বন্যার আশঙ্কা নেই বলে তিনি জানান।


