ভারতের আসামের বন্যার পানি নামতে শুরু করায় সিলেটের সুরমা ও কুশিয়ারায় বেড়েই চলছে পানি। দুই নদীর পানি বিপৎসীমা ছুঁয়েছে।
তবে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, ভারতের মেঘালয়, আসাম ও বাংলাদেশের সিলেট অঞ্চলে নতুন করে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকায় বন্যার কোন আশঙ্কা নেই। নদীর পানি আরও কিছুটা বাড়লেও বন্যা পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা দেখছে না পাউবো।
পাউবো সিলেট অফিসের দেওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৯টা পর্যন্ত সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচে নেমেছে৷ এর আগে এই পয়েন্টে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে সিলেট পয়েন্টে পানি অনেকটা কমেছে।
কুশিয়ারা নদীর পানি আমলশীদ পয়েন্টে বিপৎসীমার ৬ সেন্টিমিটার নিচ দিয়ে এবং ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ৩৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। শেওলা ও শেরপুর পয়েন্টে পানি এখনো বিপৎসীমার নিচে রয়েছে। এছাড়া সারিগোয়াইন, পিয়াইন, লোভা ও ধলাই নদীর পানিও কিছুটা কমেছে। তবে এখনো নদীগুলোর পানি বিপৎসীমার নিচে রয়েছে।
সিলেটের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ জানান, ভারতের আসামের বন্যার পানি নামছে। যে কারণে সুরমা ও কুশিয়ারায় পানি বেড়েছে। তবে আপাতত নতুন করে সিলেট কিংবা ভারতের আসাম, মেঘালয়ে ভারি বর্ষনের কোন পূর্বাভাস নেই। তাই সিলেট অঞ্চলে বন্যার কোন আশঙ্কা নেই।


