কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। পরে উড়োজাহাজটি গ্রাউন্ডেড ঘোষণা করা হলে এতে থাকা ২৫৬ যাত্রী দীর্ঘ সময় আটকা পড়েন।প্রায় আট ঘণ্টা পর যাত্রীদের বিমান থেকে নামিয়ে হোটেলে নেওয়া শুরু হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, শুক্রবার (৭ আগস্ট) যান্ত্রিক ত্রুটি শনাক্ত হওয়ার পর উড়োজাহাজটির কারিগরি পরীক্ষা শুরু হয়।তবে তাৎক্ষণিকভাবে ত্রুটি মেরামত সম্ভব না হওয়ায় ফ্লাইটটি আর ঢাকার উদ্দেশে উড্ডয়ন করতে পারেনি।
উড়োজাহাজটি মেরামতের জন্য ঢাকা থেকে প্রকৌশলী এবং প্রয়োজনীয় যন্ত্রাংশ রোমে পাঠানো হচ্ছে।সেখানে পৌঁছে প্রকৌশলীরা ত্রুটি শনাক্ত করে মেরামতের কাজ করবেন।
ফ্লাইটের এক যাত্রী জানান, তারা প্রায় আট ঘণ্টা বিমানের ভেতরে ছিলেন।পরে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে যাত্রীদের বিমান থেকে নামিয়ে হোটেলে নেওয়া শুরু হয়।
ওই যাত্রী অভিযোগ করেন, বিদেশের বিমানবন্দরে বাংলাদেশ বিমানের উড়োজাহাজ সমস্যায় পড়লেও স্থানীয় বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা পাওয়া যায়নি। এ কারণে ঢাকা থেকেই প্রকৌশলী ও প্রয়োজনীয় যন্ত্রাংশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে আটকে পড়া যাত্রীদের জন্য খাবার, আবাসন এবং বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করতে কাজ করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
ঘটনার পর প্রশ্ন উঠেছে, বিদেশের বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির পর যাত্রীদের দ্রুত বিমান থেকে নামিয়ে বিকল্প ব্যবস্থায় নেওয়া হয়নি কেন। একই সঙ্গে স্থানীয়ভাবে প্রয়োজনীয় কারিগরি সহায়তা না পাওয়ার অভিযোগও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখার দাবি উঠেছে।
এদিকে শনিবার রাত ১টায় ঢাকা থেকে টরন্টোর উদ্দেশে বিমানের আরেকটি ফ্লাইট ছাড়ার কথা রয়েছে। ওই ফ্লাইটের যাত্রীদের রাত ৯টার মধ্যে বিমানবন্দরে উপস্থিত থাকতে বলা হয়েছে।


