ইতালির কাতানিয়া শহরে দুই পর্যটকের ফেলে যাওয়া প্রায় ১০ হাজার ইউরো ও পাসপোর্টসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ফিরিয়ে দিয়ে সততার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশি প্রবাসী মো. ইরান শিকদার।
জানা গেছে, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টার দিকে উজবেকিস্তানের দুই পর্যটক কাতানিয়া শহরের ‘লা বারকা’ নামে একটি রেস্টুরেন্টে খাবার খেতে আসেন। খাবার শেষে কিছুক্ষণ পর তারা রেস্টুরেন্ট থেকে চলে যান। তবে ভুলে তারা রেস্টুরেন্টে তাদের সঙ্গে থাকা একটি ব্যাগ রেখে যান।
ব্যাগটিতে ছিল আনুমানিক ১০ হাজার ইউরো (বাংলাদেশি টাকায় প্রায় ১৫ লাখ টাকা) এবং পাসপোর্টসহ জরুরি ও গুরুত্বপূর্ণ কাগজপত্র।
রেস্টুরেন্টে কর্মরত ওয়েটার ইরান শিকদার বিষয়টি বুঝতে পেরে ব্যাগটির মালিকদের আশপাশে খুঁজতে থাকেন। মূল্যবান ব্যাগটি হারিয়ে হতাশ হয়ে পড়া দুই পর্যটক তাদের ব্যাগের খোঁজে প্রায় এক ঘণ্টা পর রেস্টুরেন্টে ফিরে এলে ইরান শিকদার নগদ অর্থ, পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্রসহ তাদের মূল্যবান ব্যাগটি অক্ষত অবস্থায় ফিরিয়ে দেন।
দুই উজবেকিস্তানি পর্যটক ইরান শিকদারের সততা ও মানবিকতায় মুগ্ধ হয়ে তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
ইরান শিকদার মাদারীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওমর আলী শিকদারের ছেলে।
এভাবে পর্যটকদের মূল্যবান ব্যাগ ও ব্যাগে থাকা সবকিছু সততার সঙ্গে ফিরিয়ে দিয়ে প্রবাসের মাটিতে সততার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ইরান শিকদার।


