Sunday, March 1, 2026

Top 5 This Week

Related Posts

ব্রিটেনের সড়কে প্রাণ হারানো সিলেটের মছরব আলীর পরিবারে শোকের মাতম

‘আমার জন্য চিন্তা করো না…আমি খুব ধীরে গাড়ি চালাই।’ পরিবারকে আশ্বস্ত করতে প্রায়ই এ কথাটাই বলতেন মছরব আলী। স্ত্রী আর সন্তানরা যখন বারবার সতর্কভাবে গাড়ি চালানোর কথা মনে করিয়ে দিতেন, তখন তিনি হাসিমুখে বলতেন—‘চিন্তা করো না, আমি সাবধানে চালাই, আল্লাহ ভরসা।’

পরিবারের সেই দুশ্চিন্তাই আজ নিষ্ঠুর বাস্তবতায় রূপ নিয়েছে।

ব্রিটেনের গ্রেটার ম্যানচেস্টারের বোলটনে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো মছরব আলীর মেয়ে এভাবেই বলছিলেন বাবা হারানোর কথা। মছরিব আলীকে এভাবে অকালে হারিয়ে শোকের মাতম চলছে এই পরিবারে।

এর আগে গত ১১ জানুয়ারি স্থানীয় সময় রাত আনুমানিক পৌনে ১টার দিকে গ্রেটার ম্যানচেস্টারের বোলটন এলাকায় স্বাভাবিকভাবেই যাত্রী নিয়ে যাচ্ছিলেন তিনি। হঠাৎ ক্রস লাইন থেকে আসা একটি লাল রঙের গাড়ি তার যাত্রীবাহী ট্যাক্সিকে সজোরে আঘাত করে। এতে মুহূর্তেই ছিন্নভিন্ন হয়ে যায় সব স্বপ্ন।

ঘটনাস্থলেই প্রাণ হারান ৫৪ বছর বয়সী ট্যাক্সি চালক মছরব আলী।

মাত্র ১৪ বছর বয়সে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার মইনপুর গ্রাম থেকে জীবিকার সন্ধানে যুক্তরাজ্যে গিয়েছিলেন তিনি। এরপর কেটে গেছে প্রায় ৪০ বছর। স্ত্রী, চার সন্তান, কর্মজীবন—সব মিলিয়ে ব্রিটেনেই গড়ে উঠেছিল তার সাজানো জীবন।

মানুষটি অত্যন্ত শান্ত স্বভাবের ছিলেন। ধীরস্থিরভাবে গাড়ি চালাতেন, কখনো তাড়া করতেন না, কখনো রাগ দেখাতেন না। আমরা একসঙ্গে নামাজে যেতাম, ব্যাডমিন্টন খেলতাম—বন্ধুর কথা বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়া সহকর্মী ট্যাক্সি চালক আবুল কাশেম এভাবেই বলছিলেন। ব্রাকবর্নের পাশাপাশি তাদের বাড়ি। তারা ছিলেন ঘনিষ্ঠ বন্ধু।

পরিবার সূত্র জানায়, গত জুন মাসে মছরব আলী তার বড় ছেলের বিয়েও দিয়েছেন। নতুন সংসার, নতুন স্বপ্ন নিয়ে পরিবার যখন আনন্দে ছিল, তখনই হঠাৎ এই শোকের ছায়া নেমে আসে।

এই দুর্ঘটনায় মছরব আলীর পাশাপাশি আরো তিন তরুণ প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তারা হলেন—মোহাম্মদ জিব্রায়েল মুখতার (১৮), ফারহান প্যাটেল (১৮) এবং মোহাম্মদ দানিয়াল (১৯)। তিনজনই বোলটনের বাসিন্দা। তাদের জীবনও থেমে গেছে সময়ের অনেক আগেই।

এ দুর্ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন। তাদের মধ্যে দুই থেকে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

পুলিশ জানায়, সংঘর্ষের পরপরই পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠায়। লাশ এখনো বোলটন হাসপাতালে রয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

গ্রেটার ম্যানচেস্টার পুলিশের ডিটেকটিভ ইন্সপেক্টর অ্যান্ড্রু পেজ জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ বিস্তারিত তদন্ত চালিয়ে যাচ্ছে। এটি একটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা এবং নিহতদের পরিবারের প্রতি পুলিশ গভীর সমবেদনা প্রকাশ করছে। তিনি নিশ্চিত করেন, এই দুর্ঘটনায় তিন তরুণসহ এক ট্যাক্সি চালক নিহত হয়েছেন।

গ্রেটার ম্যানচেস্টারের বোলটনে এ মর্মান্তিক দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে। সবশেষ তথ্যে জানা গেছে, নিহত চারজনের একজনের পারিবারিক শিকড় বাংলাদেশের সিলেট অঞ্চলে।

Popular Articles