Friday, February 20, 2026

Top 5 This Week

Related Posts

সিলেটের ‘আগুন পাহাড়’ ঘিরে বাড়ছে পর্যটকদের আগ্রহ

প্রকৃতির অপরূপ লীলাভূমি সিলেট। জেলার জৈন্তাপুর উপজেলার হরিপুর ইউনিয়নের উৎলারপার গ্রামে অবস্থিত এক ব্যতিক্রমী প্রাকৃতিক নিদর্শন ‘আগুন টিলা’ যা স্থানীয়দের কাছে ‘আগুন পাহাড়’ নামেই বেশি পরিচিত।

মাঝারি উচ্চতার এ টিলায় বছরের পর বছর ধরে জ্বলছে আগুন। বিরল এই দৃশ্য দেখতে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসছেন পর্যটকরা।

টিলার পাদদেশজুড়ে রয়েছে ছোট ছোট কয়েকটি গর্ত। সেখানে একটি দেশলাই কাঠি ছোঁয়ালেই দপ করে জ্বলে ওঠে আগুন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রায় ৬৯ বছর ধরে এভাবে জ্বলছে আগুনের শিখা। দীর্ঘদিন ধরে জ্বলতে থাকা এ প্রাকৃতিক আগুনই এলাকাটিকে দিয়েছে আলাদা পরিচিতি।

দর্শনার্থীরা প্রথমে গর্তে জ্বলতে থাকা আগুনের দৃশ্য উপভোগ করেন। পাশাপাশি টিলার নির্দিষ্ট আরেক স্থানে কাঠি ধরালেই নীলাভ শিখায় ছুপছুপ করে আগুন জ্বলে ওঠে, যা পর্যটকদের বাড়তি বিস্ময়ে ভরিয়ে তোলে। স্থানীয়দের সহায়তায় এমন ব্যতিক্রমী অভিজ্ঞতা উপভোগ করে মুগ্ধতা প্রকাশ করেন অনেকে।

জানা গেছে, উৎলারপার গ্রামে অবস্থিত হরিপুর গ্যাস ফিল্ডের ৭ নম্বর কূপ এলাকার একটি টিলা থেকে প্রাকৃতিক গ্যাস নির্গত হয়। এ গ্যাসের কারণেই টিলার বিভিন্ন গর্তে আগুন জ্বলে ওঠে। দিনের আলোতে শিখা স্পষ্টভাবে চোখে না পড়লেও রাতের আঁধারে তা পরিষ্কারভাবে দৃশ্যমান হয়। রাতের অন্ধকারে জ্বলতে থাকা আগুনের দৃশ্য দেখতে ভ্রমণপিপাসুদের ভিড় বাড়ে।

স্থানীয়রা জানান, প্রতিদিনই বিপুলসংখ্যক মানুষ আগুন টিলা দেখতে আসেন। কোনো টিকিট ছাড়াই এমন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সুযোগ থাকায় দর্শনার্থীদের আগ্রহ ক্রমেই বাড়ছে। আগুন টিলা ভ্রমণে দেশবাসীকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।

Popular Articles