Monday, March 2, 2026

Top 5 This Week

Related Posts

সিলেটে ড্রেনে লুকিয়ে ছিল ৭ ছিনতাই কারী, খুঁজে বের করল পুলিশ

সিলেট নগরীতে পুলিশের চোখ ফাঁকি দিতে ড্রেনের ভেতরে লুকিয়ে থাকা অবস্থায় অভিনব কায়দায় সাত ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

রোববার (১ মার্চ) ভোররাতে নগরীর ধোপাদিঘিরপাড় এলাকায় এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

সোবহানীঘাট পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এই চক্রটি নগরীর বিভিন্ন স্থানে পথচারীদের গতিরোধ করে ছিনতাই করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, চক্রটি ধোপাদিঘিরপাড় এলাকায় অবস্থান করছে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালানোর পথ না পেয়ে পাশেই ‘হোটেল মেট্রো ইন’-এর সামনের একটি বড় ড্রেনের ভেতরে নেমে লুকিয়ে পড়ে। সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপলু চৌধুরীর নেতৃত্বে পুলিশ সদস্যরা পুরো এলাকা ঘিরে ফেলেন। এরপর টর্চলাইট জ্বালিয়ে ড্রেনের ভেতরে তল্লাশি চালিয়ে একে একে সাতজনকে আটক করা হয়।

আটককৃত ছিনতাইকারীরা হলেন, ইমন আহমদ (১৭) মৌলভীবাজারের রাজনগরের বাসিন্দা, ইমন (১৮) মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বাসিন্দা, শাহান আহমদ (১৮) দক্ষিণ সুনামগঞ্জের বাসিন্দা, ইয়াসিন (১৮), সিলেট সদরের বাইশটিলার বাসিন্দা, রুবেল (২১), মৌলভীবাজারের রাজনগরের বাসিন্দা, হৃদয় আহমদ (১৮) সুনামগঞ্জের দোয়ারাবাজারের বাসিন্দা ও শওকত মিয়া (৩০) সিলেট নগরীর জল্লারপাড়েরর বাসিন্দা।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, আটককৃতদের বিরুদ্ধে একাধিক ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, নগরীতে ছিনতাই ও অপরাধ দমনে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত আছে। জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।

Popular Articles