পারিবারিক ও সামাজিক সুদৃঢ় বন্ধনে সিলেটের সুখ্যাতি রয়েছে। অতিথিপরায়ণ হিসেবেও সিলেটবাসীর সুনাম দেশজুড়ে। কিন্তু গত দেড়মাসে হঠাৎ শান্তির জনপদে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে অপরাধ। সেই সাথে সিলেট হয়ে উঠেছে রক্তাক্ত।
পুলিশের ওপর হামলা, অপহরণ, চুরি, ছিনতাই, চোরাচালান, মাদকসেবীদের দৌরাত্ম ও মাদক কারবারিদের তৎপরতার পাশাপাশি সিলেটে বেড়েছে কিশোর গ্যাংয়ের উৎপাত। একই সাথে স্বজনরাই যেন হয়ে উঠেছেন ‘ঘাতক’। তুচ্ছ ঘটনা নিয়ে সিলেটে বেড়েছে খুনাখুনি।
সিলেট বিভাগে গত দেড় মাসে অন্তত ১৫টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব প্রাণহানির বেশির ভাগই ঘটেছে তুচ্ছ ঘটনায় স্বজনদের মধ্যে সংঘাত-সংঘর্ষে।
সমাজবিজ্ঞানীরা বলছেন, সামাজিক ও পারিবারিক বন্ধন দুর্বল হয়ে পড়ায় দিনদিন এসব ঘটনা বেড়েই চলেছে। এ ছাড়া মানুষের মধ্যে বাড়ছে লোভ, স্বার্থপরতা। কমছে পরমতসহিষ্ণুতা। এজন্যই ছোটখাটো ঘটনায়ও স্বজনের প্রাণ কেড়ে নিতে মানুষ দ্বিতীয়বার ভাবছে না।
এদিকে, সিলেট মহানগরী এলাকায় গত দেড়মাসে অপরাধীরা যেন নিয়ন্ত্রহীন হয়ে পড়েছিলো। অপরাধ জগত নিয়ন্ত্রণহীন হয়ে পড়ায় অনেকটা বেকায়দায় পড়ে গিয়েছিলো পুলিশ। তবে এবার অপরাধীদের জগতকে কামিয়ে দিচ্ছে পুলিশের সাড়াশি অভিযান। নিয়মিত পুলিশের অভিযানে অনেকটা আত্মগোপনে রয়েছে অপরাধীরা। তবুও পুলিশ তাদেরকে ধরতে গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে চালিয়ে যাচ্ছে অভিযান।
গত বুধবার (১১ মার্চ) রাতে সিলেটের দক্ষিণ সুরমার বাবনা এলাকায় দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হন এএসআই (নিঃ) অরুন চন্দ্র কৈরী।
এসময় তাকে পিকআপ চালক জুয়েল আহমদ থাপ্পড় দেন। ফেসবুকে থাপ্পড় দেয়ার ভিডিও ভাইরাল হলে এ ঘটনায় থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। সেই মামলায় জুয়েলকে গ্রেফতার দেখায় পুলিশ।
পুলিশ সূত্র জানায়, গত ২৪ ফেব্রুয়ারি নগরীর হাউজিং এস্টেট এলাকায় ‘সিনেমাটিক স্টাইলে’ কর কর্মকর্তা ইয়াসমিন আক্তার নামের এক নারীর ব্যাগ ছিনতাই করে ছয়জন।
এ ঘটনার ভিডিও ভাইরাল হলে নড়েচড়ে বসে পুলিশ। তবে ছিনতাইয়ের ঘটনায় ইয়াসমিন আক্তারের ব্যাগ ছিনিয়ে নেয়া ছিনতাই জগতের হোতা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য রশিদ আহমদ ওরফে রশিদকে সিলেটের কানাইঘাট এলাকা থেকে বুধবার (১১ মার্চ) ভোরে তাকে গ্রেফতার করে।
ওই ঘটনার সাথে জড়িত আরও ৫জন ছিনতাইকারী এখনও লাপাত্তা রয়েছে। এ ঘটনার রেশ না কাটতেই ৫ মার্চ সকালে নগরীর সাগরদীঘিরপাড় এলাকায় ছিনতাইয়ের শিকার হন এক কলেজছাত্রী। সেই ভিডিও আগের মতো ভাইরাল হয়।
এ ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই ছিনতাইকারীকে শনাক্ত করা যায়নি। অপরদিকে সিলেটের কুমারগাঁও এলাকায় অপু আহমদ নামের এক ব্যবসায়ীর গলায় রামদা ঠেকিয়ে দুই লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৩ মার্চ) রাত ২টার দিকে তিনটি মোটরসাইকেলে আসা ছয়জন ছিনতাইকারী তাকে ঘিরে ধরে।
এসময় হেলমেট ও মাস্ক পরা ছিনতাইকারীরা অপু ও তার চাচাতো ভাইয়ের গলায় রামদা ঠেকিয়ে সঙ্গে থাকা সবকিছু দিতে বলে। প্রাণভয়ে ওই ব্যবসায়ী তাদের কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন দিয়ে দেন। প্রায় পাঁচ মিনিটের মধ্যেই ছিনতাইকারীরা নগদ প্রায় দুই লাখ টাকা ও তিনটি মোবাইল ফোন নিয়ে দ্রুত এলাকা ত্যাগ করে।
ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী অপু কুমারগাঁও বাসস্টেশন সংলগ্ন শেখপাড়া গ্রামের বাসিন্দা।
রবিবার (৮ মার্চ) সন্ধ্যায় কোতোয়ালি থানা পুলিশের একটি দল নগরীর তাঁতীপাড়া এলাকার ‘নাজমা নিবাস’ নামের ৫৬ নম্বর বাসার দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে ১০ অপহরণকারীকে গ্রেফতার করে।
এসময় তাদের হেফাজত থেকে গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা এলাকার হাজী বাহার উদ্দিনের ছেলে জাহিদ আহমদ (৪২) নামের আরেক প্রবাসীকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় কোতোয়ালি থানায় সুহেল সরকার বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
পুলিশ অপহরণকারীদের গ্রেফতার করার ধারালো চাকু, কেচি, লোহার রড ও স্টিক উদ্ধার করে। এরআগে ওই বাসায় জিম্মী ছিলেন সুহেল সরকার (২২)। তিনি সুনামগঞ্জের দিরাই থানার মাহতাবপুর গ্রামের বাসিন্দা।
মৌলভীবাজার সদরে শিশুদের নিয়ে ঝগড়ার জেরে ছুরিকাঘাতে ছোট ভাইকে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১১ মার্চ) রাতে মৌলভীবাজার শহরতলীর সার্কিট হাউস এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম তামিম আহমেদ (১৬)। তিনি ওই এলাকার শাহেদ আলীর ছেলে। অভিযুক্ত হানিফ মিয়া (৩৫) তামিমের আপন বড় ভাই।
তামিম তার বড় ভাই হানিফের ছেলেকে শাসন করাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে উত্তেজনা বাড়লে বড় ভাই হানিফ ধারালো ছুরি দিয়ে তামিমকে আঘাত করেন। ছুরিকাঘাতের পরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি। গুরুতর আহত অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তামিমের মৃত্যু হয়।
গত ১২ মার্চ রাত ১২টার দিকে সিলেটের গোয়াইনঘাটে সুমন মিয়া নামের এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ফতেহপুর ইউনিয়নের তয় খন্ড গ্রামের একটি মুরগির খামারটি উদ্ধার করা হয়। নিহত সুমন মিয়া (১৫) উপজেলার ফতেহপুর তয় খন্ড গ্রামের আনোয়ার মিয়ার ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। সুমনের মুখ বাঁধা ছিল এবং ধারালো অস্ত্র দিয়ে তার গলা কাটা হয়েছিল। ঘটনাস্থলের পাশেই একটি কবর খোঁড়া অবস্থায় দেখতে পান স্থানীয়রা। এতে ধারণা করা হচ্ছে, হত্যার পর মরদেহটি গুম করার পরিকল্পনা ছিল দুর্বৃত্তদের।
এছাড়া পরকিয়ার জেরে গত ১০ মার্চ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় নিখোঁজের একদিন পর রিপন মিয়া (২৭) নামের এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার টিলাগাঁও ইউনিয়নের চক সালন বাঘেরটেকি এলাকায় মনু নদের প্রতিরক্ষা বাঁধের ঢালের ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সীমান্তবর্তী আলীনগর গ্রামের বাসিন্দা হানু মিয়ার ছেলে। রিপন মিয়াকে হত্যার ঘটনায় পুলিশ আলীনগর গ্রামের জমসেদ আলীর ছেলে সাকিবকে গ্রেফতার করেছে। সে নিহত রিপনের সিএনজিচালিত অটোরিকশার চালক। সেই সুবাদে নিহত রিপনের বাড়িতে আসা যাওয়া ছিল। নিহত রিপন মিয়ার স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন সাকিব।
সিলেট মহানগর কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী বলেন, সিলেট মহানগরী এলাকায় অপরাধীদের তৎপরতা রোধে পুলিশের সাড়াশি অভিযান অব্যাহত আছে। সেই সাথে বেড়েছে পুলিশের নজরদারি। মাঠ পর্যায়ের পুলিশের পাশাপাশি মহানগরীতে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। কেউ কোন অপরাধ করলে কোন ছাড় দেয়া হবে না। তিনি জানান, সিলেটে প্রকাশ্যে দুটি ছিনতাইয়ের ঘটনার পর আমরা ছিনতাই রোধের ওপর বেশি গুরুত্ব দিচ্ছি। আমাদের মূল উদ্দেশ্য নগরবাসীকে শান্তিতে রাখা। শুধু ছিনতাই প্রতিরোধ নয়, সব ধরনের অপরাধ রুখতে পুলিশ কাজ করছে। বিভিন্ন টিমের পাশাপাশি দু-একদিনের মধ্যে রাতের নগরী ড্রোন দিয়ে পর্যবেক্ষণ করা হবে। আমরা যা করছি তার সফলতা জনগণ বলতে পারবে।
তথ্যসূত্র: সিলেটভিউ২৪ডটক



