সিলেটের বিশ্বনাথ উপজেলায় কুড়ালের আঘাতে মাজারের খাদেম এক যুবক খুন হয়েছে। এ ঘটনায় নিহতের এক বন্ধুকে আটক করেছে পুলিশ।
বুধবার বেলা আড়াইটার দিকে উপজেলার রামপাশা ইউনিয়নের আল-আজম উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে বলে বিশ্বনাথ থানার ওসি গাজী মাহবুবুর রহমান জানান।
নিহত শাহ আলম (২৮) উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের প্রতাপপুর গ্রামের ছিফত আলীর ছেলে। তিনি প্রতাপপুর হানিফ শাহ মাজারের খাদেম।
আটক মিজানুর রহমান (৩২) উপজেলার রামপাশা ইউনিয়নের পশ্চিম ধলিপাড়া গ্রামের দলিল লেখক বশির উদ্দিনের ছেলে।
ওসি গাজী মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরপর মিজানুরকে তার বাড়ি থেকে আটক করা হয়।
পুলিশ জানায়, শাহ আলম ও মিজানুর দীর্ঘদিন ধরে একসঙ্গে চলাফেরা করতেন। এদিন দুপুরে দুই বন্ধুর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে মিজানুর বাড়ি থেকে কুড়াল নিয়ে শাহ আলমকে কুপিয়ে জখম করেন।
পরে স্থানীয় লোকজন শাহ আলমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানায় পুলিশ।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি গাজী মাহবুবুর।



