সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার উজানীনগর গ্রামের একটি বাড়ি থেকে ১৩ জনকে আটক করেছে পুলিশ। তারা ভারত থেকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে আব্দুল করিম নামে এক ব্যক্তির বাড়িতে অবস্থান করছিলেন বলে জানা গেছে। আটটকৃতদের মধ্যে নয়জন নারী, তিনজন পুরুষ ও এক শিশু।
আজ রোববার বিকেলে তাদের আটক করে পুলিশ। আগামীকাল সোমবার তাদের আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা।
আটকরা হলেন- সুনামগঞ্জের জগন্নাথপুরের ক্ষেত্রপাশা গ্রামের তানজিম উদ্দিন, পিরোজপুরের জিয়ানগরের বালিপাড়া গ্রামের হাফিজুর রহমান, খুলনার মাছঘাট গ্রামের মো. হাসান, তার স্ত্রী সুমি খাতুন ও ছেলে হামজা শেখ, একই এলাকার কামাল শেখের স্ত্রী নুরজাহান খাতুন, মেহেদী হাসানের স্ত্রী এশা আক্তার, একই এলাকার নওসুফ গাজীর স্ত্রী সোনিয়া বেগম, রাজধানী ঢাকার ডেমরা থানার সারুলিয়া গ্রামের নবীন খানের স্ত্রী আমেনা আক্তার পলি, সাতক্ষীরার জুলীনপাড়া গ্রামের নাসরিন আক্তার, সুলতানপুর গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে সিমরান সুলতানা, নেয়াখালীর বেগমগঞ্জ থানার সাখাওয়াত উল্লাহর স্ত্রী রুমি আক্তার, যশোরের বাঘারপাড়ার বন্ধ ভিলা গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী সবুরুন নেছা।
এছাড়াও জৈন্তাপুর উপজেলার ডিবিরহাওর গ্রামের মো. হানিফ মিয়াকেও আটক করা হয়।


