মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই চাচাতো ভাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) সকাল আনুমানিক সোয়া ১০টার দিকে গলাচিপা গ্রামীণ ব্যাংকের সমন্বে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শ্যামলী বাগ এলাকার জিল্যাম হাওলাদারের ছেলে তামিম হাওলাদার এবং একই এলাকার মো. আবু মিয়ার ছেলে মো. ফয়সাল।
তাদের মধ্যে তামিম গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং ফয়সাল টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদরাসার এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তারা সম্পর্কে চাচাতো ভাই।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তামিম ও ফয়সাল মোটরসাইকেলযোগে কালিকাপুর থেকে গলাচিপার দিকে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলটির গতিবেগ ঘণ্টায় প্রায় ৮০ কিলোমিটার ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পথিমধ্যে একটি অটোরিকশা রাস্তা পার হয়ে বিপরীত পাশের একটি গলিতে ঢোকার চেষ্টা করলে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি ছিটকে গিয়ে পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে তামিম ঘটনাস্থলেই প্রাণ হারান।
অন্যদিকে, মোটরসাইকেলের অপর আরোহী ফয়সাল গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় আশঙ্কাজনক অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) স্থানান্তর করা হয়। তবে বরিশাল নেওয়ার পথেই ফয়সালের মৃত্যু হয়। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ দুর্ঘটনায় অটোরিকশাচালক সোহাগ হাওলাদার এবং অটোরিকশার যাত্রী ফরিদ হাওলাদার গুরুতর আহত হয়েছেন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কোনো পক্ষ মামলা দায়ের করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


