সিলেটের ওসমানীনগরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১২ জন।
শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে শেরপুর হাইওয়ে থানার ওসি মো. আনিসুর রহমান জানান।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন, সিলেট নগরীর সোবহানীঘাটের উত্তম রায়ের ছেলে সপ্তম রায় প্রীতম (২২), ঢাকার বিক্রমপুরের জাহাঙ্গীর শেখের শিশুকন্যা জাইফা (৩) ও কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার হাজী সাইফুল ইসলাম (৫০)। তারা ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন।
ওসি আনিসুর রহমান বলেন, সকালে কাশিকাপন এলাকার মহাসড়কে সিলেট থেকে ছেড়ে যাওয়া ইউনিক পরিবহনের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা বেঙ্গল পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউনিক পরিবহনের বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।
তিনি আরও বলেন, সংঘর্ষের পর ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়েছে। আর হাসপাতালে নেওয়ার পর এক শিশুসহ দুজন মারা গেছেন।
এই ঘটনায় আরও ১২জন আহত হয়েছেন। তাদের সিলেটের সিলেটের এমএজি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, নিহত ও আহতদের বেশির ভাগই ইউনিক পরিবহনের যাত্রী।
ওসি বলেন, “আমরা নিহতদের পরিচয়সহ আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করে আপনাদের জানাচ্ছি।”



