সিলেটের গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলার যোগাযোগ ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদন লাভ করেছে।
সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর প্রচেষ্টায় প্রায় ৯৯৩ কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন পেয়েছে সিলেট-৪ আসনের তিনটি উপজেলা।
বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন দেওয়া হয় প্রায় হাজার কোটির ওই প্রকল্পগুলো।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, গুরুত্বপূর্ণ সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ এবং সেতু নির্মাণ। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে তিন উপজেলার যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এক বার্তায় মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, একনেক সভায় ‘উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে সেতু নির্মাণ প্রকল্প’-এর অধীনে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ৮টি এবং কোম্পানীগঞ্জ উপজেলায় ৩টিসহ মোট ১১টি সেতু নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া ‘সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর আওতায় সিলেটের এই তিন উপজেলার জন্য সর্বমোট ৪২৩ কোটি ১০ লাখ (৪২৩.১ কোটি) টাকার প্রকল্প একনেকে অনুমোদিত হয়েছে। এর মধ্যে গোয়াইনঘাট উপজেলায় ১৩৯.৫০ কোটি টাকা, কোম্পানীগঞ্জ উপজেলায় ১৫০.৭৫ কোটি টাকা এবং জৈন্তাপুর উপজেলায় ১৩২.৮৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সিলেটের অবকাঠামো উন্নয়নে এই বিশাল বরাদ্দ অনুমোদনের জন্য মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বার্তায় মন্ত্রী আরও উল্লেখ করেন, ‘জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্প’-এর অধীনে আরও ৫২০ কোটি টাকা বরাদ্দের কাজ বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি ‘সিলেট জেলাধীন গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ উপজেলায় পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর অধীনে ইতিমধ্যে সর্বমোট ৪৯.৮২ কোটি টাকার সরকারি আদেশ (জিও) জারি হয়েছে। তাছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান এর বরাদ্দ থেকে সিলেট-৪ আসনে ৫০ কোটি টাকার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত প্রকল্প প্রক্রিয়াধীন।
সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরীর উদ্যোগ ও প্রচেষ্টায় এসব উন্নয়ন প্রকল্প অনুমোদন পাওয়ায় গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুরের মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে। বিশেষ করে পর্যটন, কৃষি, ব্যবসা-বাণিজ্য ও গ্রামীণ অর্থনীতির বিকাশে এসব প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ বুধবার সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) এই গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয় এবং দুপুর সোয়া ১টায় তা শেষ হয়।
সংশ্লিষ্টদের তথ্যমতে, ‘সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে’ মোট বরাদ্দ রাখা হয়েছে ৫ হাজার ১০৬ কোটি টাকা। এর মধ্যে সিলেট-৪ আসনের তিন উপজেলায় বরাদ্দ রয়েছে ৪২৩ কোটি ১০ লাখ টাকা। এ প্রকল্পে গোয়াইনঘাটে ১৩৯ কোটি ৫০ লাখ, কোম্পানীগঞ্জে ১৫০ কোটি ৭৫ লাখ এবং জৈন্তাপুরে ১৩২ কোটি ৮৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
এ ছাড়া ‘জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পে’ বরাদ্দ রয়েছে ৫২০ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে তিন উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোর যোগাযোগ সক্ষমতা বাড়বে এবং আরও সহজ হবে স্থানীয় মানুষের যাতায়াত ও পণ্য পরিবহন ।
অন্যদিকে, ‘সিলেট জেলাধীন গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলায় পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পে’ আরও ৫০ কোটি টাকার ডিপিপি জারি হয়েছে। সড়ক যোগাযোগ উন্নয়নের পাশাপাশি সেতু নির্মাণেও রয়েছে বিশেষ উদ্যোগ। ‘উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে সেতু নির্মাণ প্রকল্পের’ আওতায় গোয়াইনঘাট উপজেলায় ৮টি এবং কোম্পানীগঞ্জ উপজেলায় ৩টি সেতু নির্মাণের অনুমোদন রয়েছে। অর্থাৎ এ দুই উপজেলায় নির্মিত হবে মোট ১১টি সেতু।
সব মিলিয়ে উল্লেখিত তিনটি অবকাঠামো উন্নয়ন প্রকল্পে সিলেট-৪ আসনের জন্য বরাদ্দের পরিমাণ দাঁড়িয়েছে ৯৯৩ কোটি ১০ লাখ টাকা। এর বাইরে সেতু নির্মাণ প্রকল্পের আর্থিক বরাদ্দের পরিমাণ পৃথকভাবে উল্লেখ করা হয়নি।
স্থানীয় সংসদ সদস্য আরিফুল হক চৌধুরীর উদ্যোগ ও প্রচেষ্টায় এসব উন্নয়ন প্রকল্প অনুমোদনে গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুরের মানুষের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। বিশেষ করে পর্যটন, কৃষি, ব্যবসা-বাণিজ্য ও গ্রামীণ অর্থনীতির বিকাশে এসব প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।
দীর্ঘদিন ধরে সড়ক যোগাযোগ, সেতু ও গ্রামীণ অবকাঠামোর সীমাবদ্ধতায় ভুগতে থাকা তিন উপজেলার মানুষের জন্য এই বরাদ্দকে বড় প্রাপ্তি হিসেবে দেখা হচ্ছে। প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়িত হলে সিলেট-৪ আসনের যোগাযোগ ব্যবস্থা ও সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।


