সিলেটে রাত ৯ টার মধ্যে দোকানপাট বন্ধে দেয়া পূর্বের নির্দেশনা শিথিল করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়েছে।
এতে বলা হয়, পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যবসায়ী ও ক্রেতাদের সুবিধার্থে আজ থেকে পবিত্র ঈদুল ফিতর পর্যন্ত তৈরি পোশাক ও বিপণিবিতানের দোকান বন্ধ রাখার পূর্ব নির্ধারিত সময়সূচি প্রত্যাহার করা হয়েছে। ফলে নির্দিষ্ট সময়সীমার বাধ্যবাধকতা ছাড়া দোকান খোলা রাখা যাবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নগরীর প্রধান সড়ক ও মার্কেটের সামনে ফুটপাত অবশ্যই হকারমুক্ত রাখতে হবে। কোনো দোকান বা মার্কেটের সামনে হকার দেখা গেলে সংশ্লিষ্ট হকার ও দোকান মালিক উভয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম হঠাৎ বাড়ানো হলে ০১৩৩৯৯১১৭৪২ নম্বরে পুলিশ কল সেন্টারে অভিযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। একই নম্বরে যোগাযোগ করে নগদ অর্থ বহনের ক্ষেত্রে পুলিশি সহায়তা নেওয়ার কথাও বলা হয়েছে। এ ছাড়া ‘জিনিয়া’ অ্যাপ ব্যবহার করেও সহায়তা চাওয়া যাবে।
রমজানে জনশৃঙ্খলা বজায় রাখতে ইফতারের পর থেকে ভোর পর্যন্ত উচ্চস্বরে গান ও বাদ্যযন্ত্র বাজানো নিষিদ্ধ করা হয়েছে। মোটরসাইকেলের সাইলেন্সার পরিবর্তন করে অতিরিক্ত শব্দ সৃষ্টি না করতেও সতর্ক করা হয়েছে।
এছাড়া দলবদ্ধভাবে চলাচল করে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা, স্কুল-কলেজ শিক্ষার্থীদের সন্ধ্যার পর অযথা ঘোরাফেরা থেকে বিরত থাকার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



