Sunday, February 22, 2026

Top 5 This Week

Related Posts

সিলেটে ইফতার থেকে ভোর পর্যন্ত উচ্চস্বরে গান ও বাদ্যযন্ত্র বাজানো নিষিদ্ধ করল এসএমপি

জনশৃঙ্খলা বজায় রাখতে রমজান মাস জুড়ে সিলেট মহানগরী এলাকায় ইফতারের পর থেকে ভোর পর্যন্ত উচ্চস্বরে গান ও বাদ্যযন্ত্র বাজানো নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে এসএমপির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে গণবিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।

এতে বলা হয়, রোজার মাসে জনশৃঙ্খলা বজায় রাখতে ইফতারের পর থেকে ভোর পর্যন্ত উচ্চস্বরে গান ও বাদ্যযন্ত্র বাজানো নিষিদ্ধ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। মোটরসাইকেলের সাইলেন্সার পরিবর্তন করে অতিরিক্ত শব্দ সৃষ্টি না করতেও সতর্ক করা হয়েছে।

দলবদ্ধভাবে চলাচল করে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা, স্কুল-কলেজ শিক্ষার্থীদের সন্ধ্যার পর অযথা ঘোরাফেরা থেকে বিরত থাকার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়।

এছাড়া পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যবসায়ী ও ক্রেতাদের সুবিধার্থে পবিত্র ঈদুল ফিতর পর্যন্ত তৈরি পোশাক ও বিপণিবিতানের দোকান বন্ধ রাখার পূর্ব নির্ধারিত সময়সূচি প্রত্যাহার করার বিষয়টিও গণবিজ্ঞপ্তিতে জানানো হয়। ফলে নির্দিষ্ট সময়সীমার বাধ্যবাধকতা ছাড়া দোকান খোলা রাখা যাবে।

গণবিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নগরীর প্রধান সড়ক ও মার্কেটের সামনে ফুটপাত অবশ্যই হকারমুক্ত রাখতে হবে। কোনো দোকান বা মার্কেটের সামনে হকার দেখা গেলে সংশ্লিষ্ট হকার ও দোকান মালিক উভয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম হঠাৎ বাড়ানো হলে ০১৩৩৯৯১১৭৪২ নম্বরে পুলিশ কল সেন্টারে অভিযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। একই নম্বরে যোগাযোগ করে নগদ অর্থ বহনের ক্ষেত্রে পুলিশি সহায়তা নেয়ার কথাও বলা হয়েছে। এছাড়া ‘জিনিয়া’ অ্যাপ ব্যবহার করেও সহায়তা চাওয়া যাবে।

Popular Articles