সিলেট নগরীতে পেট্রোল পাম্পে তেল না পেয়ে এক পাম্পকর্মীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। সোমবার (৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে নগরীর চৌকিদেখী এলাকার উত্তরা পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে। আহত পাম্পকর্মীর নাম মিঠু গোয়ালা। এর সত্যতা নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) সৌমেন মৈত্র।
এদিকে পাম্পকর্মীকে ছুরিকাঘাতের প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছেন পেট্রোল পাম্প মালিকদের সংগঠন। মঙ্গলবার বেলা ২টা পর্যন্ত সিলেটের সকল পাম্পে কর্মবিরতির ডাক দিয়েছেন তারা।
এ ব্যাপারে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউশন এজেন্টস অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশন-এর সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান জানান, সরকারী সিস্টেমের কারণে পাম্প মালিক-শ্রমিক কর্তৃপক্ষ বিপাকে পড়েছেন। আমাদের একজন কর্মীকে ছুরিকাঘাত করা হয়েছে। এভাবে হামলা মেনে নেয়া যায়না। আমরা মঙ্গলবার বেলা ২ টা পর্যন্ত কর্মবিরতির ডাক দিয়েছি। এরপর পরবর্তী কর্মসূচী নির্ধারণ করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় ইফতারের প্রায় দুই মিনিট আগে চৌকিদেখী এলাকার উত্তরা পেট্রোল পাম্পে তেল নিতে আসা এক গ্রাহকের সঙ্গে পাম্পকর্মীদের কথাকাটাকাটি হয়। তেল না পাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। ইফতার শেষে ওই গ্রাহক আবার পাম্পে এসে মিঠু গোয়ালা নামের এক কর্মীকে ছুরিকাঘাত করে। পরে সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) সৌমেন মৈত্র বলেন, পেট্রোল পাম্পে তেল না পেয়ে এক গ্রাহক ক্ষুব্ধ হয়ে কর্মীকে ছুরিকাঘাত করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



