Tuesday, March 10, 2026

Top 5 This Week

Related Posts

বিয়ানীবাজারে চালকের হাত-পা বেঁধে সিএনজি ছিনতাই: ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

বিয়ানীবাজারে চালকের হাত-পা বেঁধে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনার পাঁচদিন পর চারজনকে আটক করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া সিএনজিচালিত অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক সাংবাদিকদের এসব তথ্য জানান।

আটকরা হলেন- বিয়ানীবাজারের মাথিউরা ইউনিয়নের পূর্বপার গ্রামের সমছ উদ্দিনের ছেলে রাজন আহমদ (৩৫), জকিগঞ্জের নিজগ্রাম এলাকার মখলিছুর রহমানের ছেলে খায়রুল ইসলাম সরোয়ার (২৮), একই উপজেলার শাহগলি নিদপুর এলাকার আতাউর রহমানের ছেলে সালেহ আহমদ সুলতান (৩৫) এবং চাঁদপুরের মতলবের জহিরাবাদ এলাকার আবুল হোসেনের ছেলে মাহমুদ হোসেন জাহিদ (৩৫)।

পুলিশ জানায়, যাত্রী সেজে সিএনজি ছিনতাইয়ের অভিযোগে তাদেরকে আটক করা হয়।

জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে জকিগঞ্জ থেকে বিয়ানীবাজারের আব্দুল্লাহপুর এলাকায় গ্যাস নিতে আসা এক সিএনজি চালককে বিয়ানীবাজার থেকে নিদনপুর যাওয়ার কথা বলে যাত্রী সেজে ভাড়া নেন তারা। পরে উপজেলার লাসাইতলা হাওরের মাঝখানে নিয়ে চালকের হাত-পা বেঁধে মারধর করে সিএনজিটি ছিনতাই করে নিয়ে যায় চক্রটি।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ছিনতাইকারীদের শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং ছিনতাই হওয়া সিএনজিটি উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

Popular Articles