Thursday, April 23, 2026

Top 5 This Week

Related Posts

তিন দিন সিলেট থেকে বিকল্প সড়কে যেতে হবে ঢাকায়

সিলেট-ঢাকা মহাসড়কে যান চলাচলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে শেরপুর সেতু। কুশিয়ারা নদীর উপর নির্মিত এই সেতুটি সিলেট ও মৌলভীবাজার জেলাকে যুক্ত করেছে। সংস্কার কাজের জন্য পুরনো এই সেতুটি তিনদিন বন্ধ থাকবে। এসময় যাত্রীসাধারণ ও যানবাহন চালকদের বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশনা দিয়েছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক জানান, জরুরি মেরামত কাজের জন্য আগামীকাল শুক্রবার থেকে তিনদিন শেরপুর সেতুটি বন্ধ থাকবে। এ সময়ে মহাসড়ক দিয়ে যাতায়াতকারীদের বিকল্প সড়ক ব্যবহার করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ঢাকা-সিলেট জাতীয় মহাসড়কের (এন-২) ১৮৬তম কিলোমিটারে কুশিয়ারা নদীর ওপর অবস্থিত শেরপুর সেতুর ক্ষতিগ্রস্ত ডেকস্ল্যাব মেরামতের কাজ আগামী শুক্রবার ২৪ এপ্রিল সকাল ৮টা থেকে ২৬ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত চলমান থাকবে।

শুক্রবার সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত একলেনে যান চলাচল করবে। শুক্রবার রাত ১১টা থেকে পরদিন শনিবার সকাল ৯টা পর্যন্ত সেতুর ওপর দিয়ে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।

এছাড়া শনিবার সকাল ৯টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত সেতুর এক লেনে সীমিতভাবে যান চলাচল করবে। মেরামত কাজ শেষে রবিবার সকাল ৮টার পর সেতুটি পুনরায় যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

এদিকে সেতু দিয়ে যান চলাচল বন্ধ থাকাকালীন বিকল্প সড়ক হিসেবে শায়েস্তাগঞ্জ-শেরপুর-সিলেট রুটের যানবাহনকে শায়েস্তাগঞ্জ-মিরপুর (বাহুবল)-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।

এছাড়া শেরপুর (মৌলভীবাজার)-সিলেট রুটের যানবাহনকে মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়ক এবং ঢাকা-সিলেট-সুনামগঞ্জ রুটের যানবাহনকে নবীগঞ্জের সৈয়দপুর বাজার-রানীগঞ্জ-জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।

Popular Articles