Friday, May 1, 2026

Top 5 This Week

Related Posts

সিলেটে চালু হতে যাচ্ছে আরও একটি বিমানবন্দর

সিলেট বিভাগে আরও একটি বিমানবন্দর চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর বিভাগের মৌলভীবাজার জেলার শমশেরনগর বিমানবন্দরটি চালুর উদ্যোগ নিয়েছে সরকার। একই সাথে দেশে বন্ধ ও কম ব্যবহৃত বিমানবন্দরগুলো পুণরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের খবরটি দিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

জাতীয় সংসদে তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে তিনি এ সুখবর দিয়েছেন।

মন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দর, নেভিগেশন সেবা প্রদানকারী স্থাপনা, বিমান বাহিনীর ঘাঁটি এবং পুরোনো স্বল্প দূরত্বে উড্ডয়ন-অবতরণ (এসটিওএল) সুবিধাসহ মোট ১৭টি বিমানবন্দর রয়েছে।

মন্ত্রী আরও জানান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মিত মৌলভীবাজারের শমশেরনগর, ঠাকুরগাঁও, লালমনিরহাট, ঈশ্বরদী, কুমিল্লা ও পটুয়াখালী- এই ছয়টি এসটিওএল বিমানবন্দর বর্তমানে বন্ধ বা কম ব্যবহৃত অবস্থায় রয়েছে। তবে কুমিল্লা বিমানবন্দরে বাণিজ্যিক ফ্লাইট না থাকলেও বিদেশি উড়োজাহাজের নেভিগেশন সেবা দেওয়া হচ্ছে।

এদিকে, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত থাকা শমশেরনগর বিমানবন্দর আবার চালু হলে অভ্যন্তরীণ বিমান পরিবহনব্যবস্থা গতিশীল হবে। বাড়বে পর্যটন, বাণিজ্য ও আঞ্চলিক উন্নয়ন- এমনটা মনে করছেন সংশ্লিষ্টরা।

ঐতিহাসিক পটভূমি:

ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত শমসেরনগর বিমানবন্দরটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ছিল। পরবর্তীতে স্বাধীনতার পর কিছু সময় অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালিত হলেও ধীরে ধীরে তা বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন ধরে অবকাঠামোগত উন্নয়নের অভাব ও সীমিত ব্যবহারের কারণে এটি অনেকটাই আড়ালে পড়ে ছিল।

বর্তমান অবস্থা:

বর্তমানে বিমানবন্দরটি বাংলাদেশ বিমান বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। রানওয়ে সচল থাকলেও বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার জন্য প্রয়োজনীয় আধুনিক টার্মিনাল, নিরাপত্তা ব্যবস্থা ও যাত্রীসেবা অবকাঠামোর ঘাটতি রয়েছে। স্থানীয়দের মতে, সামান্য সংস্কার ও আধুনিকায়নের মাধ্যমে এটি পুনরায় চালু করা সম্ভব।

অর্থনৈতিক সম্ভাবনা:

শমসেরনগর অঞ্চলটি চা-বাগান, পর্যটন ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। কাছাকাছি লাউয়াছড়া জাতীয় উদ্যানসহ বিভিন্ন পর্যটনকেন্দ্র রয়েছে। বিমানবন্দরটি চালু হলে পর্যটন খাত যেমন বিকশিত হবে, তেমনি স্থানীয় ব্যবসা-বাণিজ্যও গতি পাবে। বিশেষজ্ঞরা মনে করেন, সিলেট বিভাগের বিকল্প বিমানবন্দর হিসেবে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সরকারের পরিকল্পনা:

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ইতোমধ্যে দেশের আঞ্চলিক বিমানবন্দরগুলো পুনরুজ্জীবিত করার পরিকল্পনা গ্রহণ করেছে। সেই তালিকায় শমসেরনগর বিমানবন্দরও রয়েছে। প্রাথমিকভাবে অবকাঠামো উন্নয়ন, রানওয়ে সম্প্রসারণ এবং যাত্রী টার্মিনাল নির্মাণের প্রস্তাব আলোচনা পর্যায়ে আছে।

Popular Articles