সিলেটে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু

সিলেটে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু

সিলেট বিভাগে হাম ও এর উপসর্গে শিশু মৃত্যু বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় বিভাগে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫১ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি আছেন ২৯৫ রোগী।

শনিবার (২৩ মে) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত ‘হাম ও রুবেলা রোগীর প্রতিবেদন ২০২৬’ শীর্ষক বুলেটিনে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চার শিশু হলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলার সাবুল মিয়ার ১০ মাস বয়সী পুত্র আবিদ, সিলেট সদর উপজেলার শাহপরান থানার রফিকুল ইসলামের ১৫ মাস বয়সী পুত্র আরাবি আহমদ, মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ফারুক মিয়ার পাঁচ মাস বয়সী ছেলে নাফি ইসলাম ও সুনামগঞ্জের দিরাই উপজেলার নিপেষ রায়ের ছয় মাস বয়সী ছেলে নিলয় রায়।

গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩ রোগী। এর মধ্যে ১৪ জন করে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও মৌলভীবাজার সদর হাসপাতালে এবং ১৫ জন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৯৫ জন সন্দেহভাজন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৮৯ জন এবং ওসমানী হাসপাতালে ৫৮ জন ভর্তি রয়েছে।