লন্ডনের রেডব্রিজ বরো কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন লেবার পার্টির কাউন্সিলর সাইয়েদা লাভলী চৌধুরী । তাঁর এই অর্জনে যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে আনন্দ ও গর্বের আবহ বিরাজ করছে।
ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির অত্যন্ত পরিচিত ও সম্মানিত মুখ সাইয়েদা লাভলী চৌধুরী দীর্ঘদিন ধরে লন্ডনে বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। কমিউনিটির উন্নয়ন ও জনসেবামূলক কাজে তাঁর নিবেদিত অংশগ্রহণ তাঁকে মানুষের আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
একজন সফল ব্রিটিশ-বাংলাদেশি নারী রাজনীতিক হিসেবে তিনি নতুন প্রজন্মের নারীদের মূলধারার রাজনীতি ও সমাজসেবায় এগিয়ে আসতে অনুপ্রাণিত করছেন। ডেপুটি মেয়র হিসেবে তাঁর নতুন দায়িত্ব কমিউনিটির সেবায় আরও বিস্তৃত ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
গত ৭ মে অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে তিনি নিউবারি (Newbury) ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করে ১ হাজার ৫৮৩ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হন। এর আগে ২০২২ সালের ৫ মে অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে ব্রিজ (Bridge) ওয়ার্ড থেকে লেবার পার্টির প্রার্থী হিসেবে প্রথমবার কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। সে সময় তিনি পেয়েছিলেন ১ হাজার ৪৭০ ভোট।
সাইয়েদা লাভলী চৌধুরীর স্বামী সিরাজুল বাসিত চৌধুরী একজন ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষাবিদ ও কমিউনিটি নেতা। তিনি ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাইন ইন দ্য ইউকে (DUAUK)-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে স্ত্রীকে সবসময় অনুপ্রেরণা ও সহযোগিতা দিয়ে আসছেন তিনি।
ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটিতে সাইয়েদা লাভলী চৌধুরী ও সিরাজুল বাসিত চৌধুরীকে একটি সফল ও আদর্শ দম্পতি হিসেবে বিবেচনা করা হয়। নিজ নিজ অবস্থান থেকে তাঁরা প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।



