শহীদ হাদির খুনি যত শক্তিশালী হোক, বিচার শাহবাগ থেকেই আদায় হবে : জুমা

শহীদ হাদির খুনি যত শক্তিশালী হোক, বিচার শাহবাগ থেকেই আদায় হবে : জুমা

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার প্রশ্নে অন্তর্বর্তী সরকারের নিষ্ক্রিয়তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইনকিলাব মঞ্চ-এর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা। তিনি বলেন, রাষ্ট্রের নিরাপত্তা, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও স্থিতিশীলতা রক্ষার দায়িত্ব যদি নাগরিক সংগঠনকেই নিতে হয়, তাহলে জনগণের টাকায় এমন সরকার টিকিয়ে রাখার যুক্তি কোথায়—সে প্রশ্ন জনগণের সামনে স্পষ্ট।

শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী ও সমর্থকরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন। মিছিলটি শাহবাগে পৌঁছানোর পরপরই অবরোধ কর্মসূচি শুরু হয় এবং যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় চারপাশে মুহুর্মুহু স্লোগানে প্রতিবাদী উত্তাপ ছড়িয়ে পড়ে।

বক্তব্যের শুরুতে জুমা শহীদ শরিফ ওসমান হাদি-এর স্মৃতি স্মরণ করে বলেন, রাজপথে যার কণ্ঠে আমরা স্লোগান শুনতাম, আজ তাকে কবরে রেখে কথা বলতে হচ্ছে—এ শোক ইনকিলাব মঞ্চের জন্য অপূরণীয়। তিনি বলেন, পাঁচ আগস্ট-পরবর্তী সময়ে অনেকেই নিজেকে নেতা হিসেবে তুলে ধরলেও ওসমান হাদি কখনো নিজেকে নেতা বলেননি; তিনি সবসময় ‘কর্মী’ পরিচয়েই ছিলেন। এই বিনয় ও নিষ্ঠাই তাকে মানুষের নেতা বানিয়েছে—মৃত্যুর পরও তিনি আন্দোলনের শক্তি ও প্রেরণা।

বিচার প্রক্রিয়ায় অগ্রগতির অভাব তুলে ধরে জুমা বলেন, হাদির মৃত্যুর পর খুনিদের অবস্থান, পলায়ন কিংবা দেশে থাকার বিষয়ে গোয়েন্দা সংস্থাগুলোর কাছ থেকে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। তাঁর ভাষায়, গোয়েন্দা সংস্থার দায়িত্বও এখন নাগরিকদের পালন করতে হচ্ছে—এ অবস্থায় সরকারের দায় কোথায়?

এ সময় আন্দোলনকে ‘মব’ বা বিশৃঙ্খলা হিসেবে চিহ্নিত করার অপচেষ্টার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন জুমা। তিনি বলেন, ন্যায্য বিচারের দাবিকে মব বলা হলে প্রশ্ন ওঠে—বিচার আদায়ের দাবি কি বিশৃঙ্খলা? ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে সহিংসতার কোনো রেকর্ড নেই। নির্বাচন পেছানোর অজুহাতে সহিংসতার ভয় দেখিয়ে বিচার আটকে রাখার চেষ্টা চলবে না।

তিনি আরও বলেন, খুনি যত বড় শক্তিই হোক, তাকে বিচারের আওতায় আনতেই হবে। কোনো বিশৃঙ্খলাকারী এলে তাকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি। শেষ বক্তব্যে জুমা ঘোষণা দেন—শাহবাগ সাক্ষী থাকুক, শহীদ শরিফ ওসমান হাদির বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না ইনকিলাব মঞ্চ। এই বাংলার মাটিতেই বিচার আদায় হবে, আর সেই বিচার শাহবাগ থেকেই আদায় হবে।

এর আগে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের জানান, বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধ চলবে। প্রয়োজনে শাহবাগে রাত্রিযাপন ও অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রস্তুতিও রয়েছে বলে তিনি ঘোষণা দেন।