সিলেট নগরীর বালুচরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক কিশোর। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১টায় বালুচর সড়কের মাদানি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম মাজহারুল ইসলাম রানা (১৫)। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে নিহতের বন্ধু মো. লিজান (১৪)।
নিহত মাজহারুল ইসলাম নগরের উপশহর সি-ব্লকের মোহাম্মদ রাজু মিয়ার ছেলে। গুরুতর আহত মো. লিজান উপশহর বি-ব্লকের বাসিন্দা জালাল উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, নগরের বালুচর মাদানি এলাকায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে ফুটপাতে ওঠে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে মাজহারুল ইসলাম রানা মারা যান। গুরুতর আহত মো. লিজানকে একটি সিএনজি অটোরিকশা যোগে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।
নিহত রানার বাবা মোহাম্মদ রাজু মিয়া বলেন, আমার ছেলে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যাওয়ার পর খবর পেয়ে হাসপাতালে এসেছি।
এর সত্যতা নিশ্চিত করে এসএমপির শাহপরান থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুই কিশোর মোটরসাইকেল আরোহী ছিল। বেপরোয়া গতিতে চালাতে গিয়ে দুর্ঘটনায় রানা নামে একজন নিহত ও অপরজন আহত হয়েছে। নিহতের মরদেহ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা আছে। ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।



