Friday, March 6, 2026

Top 5 This Week

Related Posts

সিলেটে সরকারি কাজে চাঁদা দাবি: ছাত্রদল নেতা কারাগারে, বহিষ্কার

সিলেটের জৈন্তাপুরে সরকারি বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পে মাটিবাহী ট্রাক থেকে চাঁদা দাবি ও শ্রমিকদের মারধরের অভিযোগে গ্রেপ্তার হওয়া ছাত্রদল নেতাকে কারগারে পাঠানো হয়েছে।

শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা।

গ্রেপ্তার হওয়া রহমত মারুফ জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

বৃহস্পতিবার বিকালে উপজেলার বিরাখাই ইউনিয়নের হাটিরগ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, ট্রাক শ্রমিক মাহফুজুর রহমান বাদী হয়ে রহমত মারুফকে প্রধান আসামি করে তার বাবা জামাল আহমেদসহ অজ্ঞাত ১০ থেকে ১২ জনকে আসামি করে থানায় মামলা করেছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, “বৃহস্পতিবার দুপুরে খাল খননের মাটি ট্রাকে করে বেড়িবাঁধ এলাকায় নেওয়ার সময় উপজেলার হাটিরগ্রাম এলাকায় রহমত মারুফের বাড়ির সামনে ট্রাকগুলোর গতিরোধ করা হয়।

এ সময় রহমত মারুফের বাবা জামাল আহমদসহ আরও ১০ থেকে ১২ জন যুবক ট্রাকচালক ও শ্রমিকদের গাড়ি থেকে নামিয়ে মারধর করেন। এ সময় প্রকল্পের কাজ চালাতে হলে ৬০ হাজার টাকা চাঁদা দিতে হবে বলে দাবি করেন রহমত মারুফ।

ট্রাকচালক মাহফুজুর রহমান ও প্রকল্প ম্যানেজার ফারুক আহমেদ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালানো হয় এবং ট্রাকের গ্লাস ও বডি ভাঙচুর করা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতরা চিকিৎসা নেন।

এছাড়া প্রকল্প ম্যানেজারের কাছে থাকা নগদ ১ লাখ ৮০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।

ওসি বলেন, মামলার পর রহমত মারুফকে গ্রেপ্তার করে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে ঘটনার পর রহমত মারুফকে দলীয় পদ থেকে বহিষ্কার করেছে ছাত্রদল।

বৃহস্পতিবার রাতে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমেদ জুবের ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারের স্বাক্ষরিত চিঠিতে তাকে বহিষ্কার করা হয়।

চিঠিতে বলা হয়, “জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রহমত মারুফ দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় তাকে যুগ্ম আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।”

এ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার সাংবাদিকদের বলেন, “ছাত্রদল নেতা রহমত মারুফ দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় তাকে যুগ্ম আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।”

Popular Articles