Wednesday, March 11, 2026

Top 5 This Week

Related Posts

সিলেটে অপহরণ মামলায় ছেলে গ্রেপ্তার, বিএনপি থেকে অব্যাহতি নিলেন বাবা

সিলেটে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় ছেলে আটক হওয়ায় পদত্যাগ করেছেন বিএনপি নেতা রুমান আহমদ। তিনি মহানগর বিএনপির ১৬ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক ছিলেন।

ছিনতাই ও অপহরণ মামলায় ছেলে ফারদিন আহমদ (১৮) আটকের ছবি ভাইরাল হওয়ার পর রুমান স্বেচ্ছায় পদ থেকে অব্যাহতি নেন। মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ আহমদ চৌধুরীর কাছে অব্যাহতিপত্র জমা দেন তিনি।

বুধবার রেজাউল হাসান কয়েস লোদী জানান, গ্রেপ্তারের পর রুমান আহমদের ছেলের সঙ্গে স্থানীয় বিএনপির অনেক নেতার ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন রুমান আহমদ।

দলের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ণ না হয়, সেজন্য পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন তিনি। রুমান পদত্যাগপত্রে উল্লেখ করেন, তার ছেলে নির্দোষ। যদি আদালতে সেটা প্রমাণ হয়, তিনি ভবিষ্যতে আবার দলের পদে ফেরার আশাবাদ ব্যক্ত করেন।

রুমান আহমদ জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির আদর্শ ও নিয়মকানুন লালন করেন তিনি। কোনো ব্যক্তিগত বা পারিবারিক কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হোক, সেটা তিনি চান না। নৈতিক এ অবস্থান থেকে ওয়ার্ড সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন।

গত শনিবার নগরীর তাঁতিপাড়া এলাকার নাজমা নিবাস নামে ৫৬ নম্বর বাসায় অভিযান চালায় পুলিশ। এ সময় অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে ১০ জনকে আটক এবং প্রবাসীসহ দুই ভিকটিমকে উদ্ধার করা হয়।

আটকদের মধ্যে বিএনপি নেতা রুমানের ছেলে ফারদিনও ছিল। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা হয়। বিষয়টি নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন রুমান। একপর্যায়ে তিনি দল থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নেন। তবে তার দাবি, ছেলে ফারদিন নির্দোষ।

Popular Articles