Monday, April 6, 2026
Home Blog Page 22

বিয়ানীবাজারে ইয়াবাসহ ‘নারী ব্যবসায়ী’ গ্রেপ্তার

বিয়ানীবাজারে ৫০ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা যায়, উপজেলার দুবাগ এলাকা থেকে মোছাঃ ফুলেরুন বেগম (৩৬) নামে ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তিনি উত্তর দুবাগের লুতুর আহমদ প্রকাশ লুৎফুর রহমানের স্ত্রী।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মো: ওমর ফারুক বলেন, গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

সিলেটে ৫ প্রার্থীর মনোয়নপত্র স্থগিত, ৭ জনের বাতিল

সিলেটের ছয়টি আসন থেকে মোট ৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এদের মধ্যে ৫ জনের মনোয়নপত্র স্থগিত ও ৭ জনের বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। বাকীদের মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছে।

শনিবার মনোনয়ন পত্র যাছাই বাছাই শেষে এসব তথ্য জানান সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

সিলেটে মনোয়ন পত্র স্থগিত ৫ জনের মধ্যে দুজন বিএনপির প্রার্থী। এদের একজন সিলেট-৩ আসনের প্রার্থী এমএ মালিক ও অপরজন সিলেট-৬ আসনের প্রার্থী ফয়সল চৌধুরী।

হলফনামায় নিজেকে ‘স্বশিক্ষতি’ আর পেশা ‘কিছুই না’ লিখে আলোচিত এমএ মালিক দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত কাগজপত্র যাছাই বাছাইয়ের জন্য তার মনোনয়নপত্র স্থগিত করা হয়।

এমএ মালিক দীর্ঘদিন যুক্তরাজ্যে ছিলেন। তিনি যুক্তরাজ্য বিএনপির সভাপতির দায়িত্বেও ছিলেন। গত বছর ৫ আগস্টে পট পরিবর্তনের পর তিনি দেশে আসেন। বিএনপি থেকে সিলেট-৩ আসনেতোকে মনোনয়ন দেওয়া হয়।

নির্বাচন কমিশনে মনোনয়নপত্রের সাথে জমা দেওয়া হলফনামায় এমএ মালিক জানিয়েছেন, তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করেছেন। তবে এ সংক্রান্ত কাগজপত্র জমা দেননি মালিক।

সিলেট-৬ আসনে বিএনপির প্রার্থী ফয়সল আহমদ চৌধুরীর মনোনয়ন পত্র স্থগিত করা হয়েছে আয়কর সংক্রান্ত কাগজ জমা না দেওয়ায়।

এ আসনে দুই জনকে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন প্রদান করা হয়েছিলো। ফয়সলের মনোনয়ন স্থগিত হলেও বৈধ ঘোষিত হয় বিএনপির অপর প্রার্থী এমরান আহমদ চৌধুরীর।

দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত কাগজপত্র নিয়ে জটিলতার কারণে সিলেট-১ আসনের এনসিপির প্রার্থী এহতেশামুল হকেরও মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।

দীর্ঘদিন যুক্তরাজ্যে থাকা এহেতেশামুল হকের হলফনামা থেকে জানা গেছে, তিনি চলতি বছরের ২২ অক্টোবর তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করেছেন।

তবে সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম জানান, দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত কাগজপত্র যাছাই বাছাই শেষে রোববার এ ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে।

এই তিনজন ছাড়া সিলেট-৪ আসনের জাতীয় পার্টির প্রার্থী মুজিবুর রহমান ও সিলেট-৬ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী জাহিদুর রহমানের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।

এদিকে, সিলেট ২ আসনে স্বতন্ত্র প্রার্থী আবরার ইলিয়াসের মনোনয়নপত্র বাতিল রা হয়েছে। এ আসনে ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর পরিবারের দুই সদস্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এরমধ্যে বিএনপির মনোনিত প্রার্থী ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। তবে স্বতন্ত্র প্রার্থী হওয়া লুনার ছেলে আবরার ইলিয়াসের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।

সিলেট -২ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুস শহিদেরও মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া সিলেট ৩ আসনে দুই স্বতন্ত্র প্রার্থী মোস্তাকিম রাজা এবং মাইনুল বাকরের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। এক শতাংশ ভোটারদের দেওয়া তথ্যে গরমিল থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল হয়।

সিলেট- ৪ আসনে ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা সাঈদ আহমদ, সিলেট-৫ আসনে জাতীয় পার্টির প্রার্থী সাঈফুদ্দিন খালেদ ও সিলেট-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী ফখরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়।

নির্বাচনের তফসীল অনুযায়ী মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম চলবে রোববার পর্যন্ত। আপিল শুরু হবে আগামী ৫ জানুয়ারি। চলবে ১১ জানুয়ারি পর্যন্ত।

হাদিকে খুনের জন্যই ফয়সালকে জামিনে বের করা হয় : জুমা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি–কে হত্যার উদ্দেশ্যেই ফয়সালকে জামিনে বের করা হয়েছিল—এমন গুরুতর অভিযোগ করেছেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা। শনিবার নিজের ফেসবুক পোস্টে তিনি এই দাবি তুলে ধরেন।

ফাতিমা তাসনিম জুমা বলেন, “ফয়সালকে জামিনে বের করা হয়েছিল এই খুনের জন্যই। সরকারে বসে কে এই জামিনের জন্য তদবির করেছিল? কোন বিচারক এই রায় দিয়েছিলেন? তিনি কার দ্বারা নিয়োগপ্রাপ্ত? কোন আইনজীবী জামিন করিয়েছেন? কোন চ্যানেলের মাধ্যমে তাকে ইনকিলাব মঞ্চে আনা হয়েছিল—এই প্রশ্নগুলোর উত্তর জাতির জানা প্রয়োজন।”

তিনি আরও দাবি করেন, ‘কবির’ নামে যাকে গ্রেপ্তার করা হয়েছে, সে সেন্টারে যেদিন প্রথম হামলার চেষ্টা চালানো হয়, সেদিন ফয়সালের সঙ্গেই ছিল। ফয়সাল ছাড়াও তার কাছেও গুরুত্বপূর্ণ তথ্য বা লিড থাকার সম্ভাবনা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

হাদি হত্যা মামলার অগ্রগতি নিয়ে প্রশ্ন তুলে ডাকসুর এই নেত্রী বলেন, এতদিন পেরিয়ে গেলেও কেন মামলায় দৃশ্যমান অগ্রগতি নেই এবং কেন নতুন কোনো তথ্য পাওয়া যাচ্ছে না—তা স্পষ্ট করা হচ্ছে না।

ফাতিমা তাসনিম জুমা বলেন, এই হত্যাকাণ্ড ঘিরে যে প্রশ্নগুলো উঠেছে, সেগুলোর উত্তর অনুসন্ধানী সাংবাদিকরা জাতির সামনে উন্মুক্ত করলে অনেক অজানা জট খুলে যাবে। একই সঙ্গে তিনি দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

ব্রিটিশ নাগরিক সিলেট–৩ আসনে বিএনপি প্রার্থী এম এ মালিকের মনোনয়নপত্র স্থগিত

সিলেট-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী দলটির চেয়ারর্পাসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিকের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত কাগজপত্রে জটিলতা থাকায় তার এই মনোনয়নপত্র স্থগিত করা হয়।

নির্বাচন কমিশনে মনোনয়নপত্রের সাথে জমা দেওয়া হলফনামায় এমএ মালিক জানিয়েছেন, তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করেছেন।

শনিবার (৩ জানুয়ারি) সকালে মনোনয়পত্র যাছাই বাছাই শেষে মালিকের মনোনয়পত্র স্থগিত করেন সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। তিনি জানান, কাগজপত্র যাছাই বাছাই শেষে রবিবার (৪ জানুয়ারি) এ ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে।

হলফনামার তথ্য অনুযায়ি, সিলেট-৩ আসনে বিএনপি প্রার্থী আব্দুল মালিক ছিলেন যুক্তরাজ্য প্রবাসী। নির্বাচনী প্রার্থী হওয়ার লক্ষ্যে সম্প্রতি তিনি বৃটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন। হাতে নগদ ও ব্যাংকে জমা টাকার (বৈদেশিক মূদ্রাসহ) পরিমাণ ১ কোটি ৯৯ লাখ ৪৬ হাজার ৯১২ টাকা। আর স্থাবর ও অস্থাবর সম্পত্তি রয়েছে ২ কোটি ৮০ লাখ টাকার।

সিলেটে হচ্ছে বিসিবির প্রথম আঞ্চলিক শাখা

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো বিসিবির আঞ্চলিক শাখা অফিস চালু হচ্ছে। বিসিবির শাখা অফিসের যাত্রা শুরু হতে যাচ্ছে সিলেট থেকে। আজ শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে পারে বিসিবি সিলেট অফিসের।

দেশের ক্রিকেট তৃণমূলে ছড়িয়ে দিতে বিভাগীয় পর্যায়ে বিসিবির আঞ্চলিক কার্যালয় গঠনের পরিকল্পনার অংশ হিসাবে এই উদ্যোগ। পর্যায়ক্রমে চট্টগ্রাম, বরিশাল, খুলনা ও অন্যান্য বিভাগেও একইভাবে বিসিবির অফিস খোলা হবে।

সূত্র জানায়, আঞ্চলিক কার্যালয়গুলোকে ‘অ্যাসোসিয়েশন’ নামে নয়, নির্দিষ্ট বিভাগের নামেই পরিচালনা করা হবে। নাম হতে পারে-বিসিবি সিলেট, বিসিবি চট্টগ্রাম। প্রতিটি অফিসে একজন প্রধান থাকবেন, যার নেতৃত্বে চলবে সব কার্যক্রম। তাদের জন্য আলাদা অর্গানোগ্রাম ও স্টাফ কাঠামো থাকবে। এছাড়া আঞ্চলিক অফিসপ্রধান নিয়োগে গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে আবেদন আহ্বান করা হবে, যাতে যোগ্য ও দক্ষ ব্যক্তিরা দায়িত্ব পান।

ভারতের রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন কিংবা অস্ট্রেলিয়া, ইংল্যান্ডসহ টেস্ট খেলুড়ে দেশগুলোর মতো আঞ্চলিক ব্যবস্থাপনা গড়ে তুলতে এই উদ্যোগ। এর মাধ্যমে ঢাকার বাইরে ক্রিকেট ব্যবস্থাপনা ও উন্নয়ন কার্যক্রম আরও শক্তিশালী হবে। সিলেটে চলছে বিপিএল। চট্টগ্রামের সব ম্যাচ সিলেটে সরিয়ে আনা হয়েছে। এরই মধ্যে আঞ্চলিক অফিসের উদ্বোধন হবে সেখানে। আমিনুল ইসলাম বুলবুল বিসিবির সভাপতি হওয়ার পর আঞ্চলিক ক্রিকেটের ওপর জোর দিচ্ছেন।

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল, ইসিতে আপিলের ঘোষণা

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে ইসিতে আপিলের ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ইসি এ ঘোষণা দেন।

পরে সাংবাদিকদের তাসনিম জারা বলেন, ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। কিন্তু ইসিতে সেটা গৃহীত হয়নি। ইতোমধ্যেই আপিলের প্রক্রিয়া শুরু করেছি।

যেসব কারণে ইসি মনোনয়নপত্র বাতিল করেছে জানিয়ে তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থীর জন্য বিধিনুযায়ী এক শতাংশ ভোটারের স্বাক্ষর নিতে হয়। সেই এক শতাংশ ভোটারের সংখ্যা যা হয় তার চেয়ে আমরা বেশি স্বাক্ষর সাবমিট করেছিলাম। সেখান থেকে দৈবচয়নের মাধ্যমে ১০ জনের ভেরিফিকেশন করতে গিয়ে ৮ জনের তথ্য সঠিক পেয়েছেন আর বাকি ২ জন অন্য এলাকার ভোটার বলে জানতে পেরেছেন।

তিনি আরও বলেন, এদের মধ্যে একজনের জানার কোনো উপায় ছিল না যে তিনি ঢাকা-৯ আসনের ভোটার না। আরেকজন যার ব্যতিক্রম এসেছে, তার কাছে এসআইডির যে হার্ড কপি আছে সেখানকার ঠিকানা অনুযায়ী তিনি জানতেন ঢাকা-৯ আসনের ভোটার। তবে নির্বাচন কমিশনের কাছে তথ্য আছে তিনি এ আসনের ভোটার না।

এর আগে, গত ২৯ ডিসেম্বর তাসনিম জারা ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। পরে ফেসবুক পোস্টে তিনি বলেন, আমরা পেরেছি (উই হ্যাভ মেইড ইট)।

প্রসঙ্গত, শনিবার (২৭ ডিসেম্বর) সামাজিকমাধ্যম ফেসবুকে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেয়ার কথা জানিয়ে ফেসবুক পোস্টে তাসনিম জারা লিখেছিলেন, প্রিয় খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসী, আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়েই আমার জন্ম ও বেড়ে ওঠা। আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা। তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করে তিনি মূলত স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন।

‘চান্স প্লাস পড়ে ঢাবিতে পরীক্ষা দিয়েছিলাম, জানতাম না বইটির লেখক হাদি’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রথম বর্ষের ছাত্র থাকাকালে ভর্তি সহায়িকা ‘চান্স প্লাস’ গ্রন্থটি লিখেছিলেন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের সাবেক আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি। বইটির রয়্যালটি থেকে তার জন্য ঢাকার কাছাকাছি এলাকায় জমিও কিনে দিয়েছিলেন বোন মাছুমা হাদি। তবে বিখ্যাত বইটি পড়ে ঢাবিতে ভর্তি হলেও অথবা ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিলেও অনেকে জানতেন না এর লেখক ছিলেন ওসমান হাদি। তেমনই একজন ইমরান আজিম, শহীদ মেজর মির্জা আব্দুল বাতেন দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক তিনি।

সম্প্রতি ইমরান আজিমের একটি লেখা ফেসবুকে ভাইরাল হয়েছে, যেখানে তিনি বইটি সম্পর্কে স্মৃতিচারণ করেছেন। ইমরান আজিম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। তবে ১০ বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়েও ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘১০ বছর আগে শহীদ ওসমান হাদির বই পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম। অথচ এতদিন জানতাম না বিখ্যাত এই বইয়ের লেখক আমাদের প্রিয় ওসমান হাদি। আমাদের সময় ঢাবিতে ভর্তি পরীক্ষা দিয়েছে কিন্তু সাইফুর’স প্রকাশনীর ‘চান্স প্লাস’ বইয়ের নাম শোনেনি এমনটা কখনো হওয়ার কথা নয়।’

তিনি আরও লিখেছেন, ‘উনি (ওসমান হাদি) যখন এই বই লেখেন তখন ঢাবির প্রথম বর্ষের ছাত্র ছিলেন। এই বই থেকে এত পরিমাণ রয়ালিটি পেয়েছিলেন যে এই টাকা দিয়ে উনার বোন ঢাকার কাছাকাছি এলাকায় জমি কিনেছিলেন। পাশাপাশি সাইফুর’সে যারা সবচেয়ে বেশি জনপ্রিয় শিক্ষক ছিলেন, তার মধ্যে অন্যতম ছিলেন শহীদ ওসমান হাদি (রহ.)। আহা, কত বড় রত্ন হারিয়েছি আমরা!’

গতকাল বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে ফেসবুকে লেখা ইমরান আজিমের এই পোস্টটি এ পর্যন্ত দেড় হাজারের বেশি শেয়ার হয়েছে। এ ছাড়া লেখাটি কপি করে পোস্ট করেছেন আরও অনেকে। পোস্টটি শেয়ার করে হাসান মাহমুদ ইমন নামে একজন লিখেছেন, ‘আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। হাদি ভাই কথা ও কাজে দুইটাতেই বড় হইছিলেন। তাকে আমরা বাঁচাতে পারলাম না।’

বইটির স্মৃতি জুড়ে এইচএম বাকি বিল্লাহ রাতুল লিখেছেন, ‘কেজি দরে বিক্রি করলেও আমরা জানি নাই যে, এ ওসমান আমাদের শরিফ ওসমান বিন হাদি।’ ইরফাতুল আযমান নাহিয়ান লিখেছেন, ‘এডমিশন পরীক্ষার্থী কে শুনেনি এই বইয়ের নাম! আমিও আজ জানলাম এই বই আমাদের হাদি ভাই লিখেছেন।’ ‘মুসাফির বাইতুল্লাহর’ নামের একটি আইডি থেকে লেখা হয়েছে, ‘বইটা এত পরিচিত কিন্তু আসলেই লেখকের নামের দিকে কখনোই খেয়াল করা হয়নি। এডমিশন টেস্ট দিয়েছে কিন্তু এই বই পড়েনি এমন কেউ হয়ত নাই!’

সিলেটে নগদ টাকা বেশি ‘বেকার’ মালিকের, কম ফয়সলের!

সিলেটে বিএনপি প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশী নগদ টাকা এমএ মালিকের, আর কম ফয়সল চৌধুরীর।

প্রার্থীদের হলফনামা অনুযায়ী এমন চিত্রই দেখা যাচ্ছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের দিন পর্যন্ত সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এমএ মালিকের কাছে নগদ বাংলাদেশী টাকা ও বৈদেশিক মুদ্রা মিলিয়ে মোট নগদ অর্থের পরিমাণ ছিল ৯০ লাখ ৯৮ হাজার ৩৮ টাকা।

এরমধ্যে বাংলাদেশী ২ লাখ টাকার সাথে ছিল ৭১ হাজার ৭শ’ ৭৩ দশমিক ৫০ মার্কিন ডলার ও ৬ হাজার ৭১০ বৃটিশ পাউন্ড। বর্তমান বাজার দর অনুযায়ী ১২২ দশমিক ৩৮ টাকা মার্কিন ডলার ও ১৬৪ দশমিক ৫৯ টাকা বৃটিশ পাইন্ড ধরলে ফিগারটা এমনই দাঁড়ায়।

মালিক তার হলফনামায় বর্তমান পেশা হিসাবে উল্লেখ করেছেন ‘কিছুই না’। আর আগের পেশা হিসাবে উল্লেখ করেছেন ‘প্রবাসী শ্রমিক’।

নিজের কাছে নগদ প্রায় কোটি টাকা থাকলেও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এমএ মালিকের স্ত্রীর কাছে নগদ টাকা আছে মাত্র ১ লাখ!

মালিকের পর বেশি নগদ টাকা আছে সিলেট-১ (সদর-নগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের আরেক উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বা তার স্ত্রীর কাছে কোনো বৈদেশিক মুদ্রা না থাকলেও তার কাছে নগদ টাকা আছে ৬৪ লাখ ২৮ হাজার ১৪৭ টাকা। তার পেশা ব্যবসা। তবে তার স্ত্রীর কাছে নগদ টাকা আছে ১ কোটি ২০ লাখ ৩৬ হাজার ৬৮১।

নগদ টাকার দিক দিয়ে এর পরের অবস্থানেই আছেন বিএনপি চেয়ারপার্সনের আরেক উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং সিলেট-৪ (গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর। তার কাছে বৈদেশিক মুদ্রা মিলিয়ে নগদ অর্থের পরিমাণ ৩২ লাখ ১৪ হাজার ৭৭৪ টাকা। এরমধ্যে আছে ৫ হাজার ৯১৮ ডলার ও হাজার ৮৩১ পাউন্ড।

তবে আরিফের কাছে এই পরিমাণ টাকা থাকলে কি হবে, মিসেস আরিফ, শামা হকের কাছে কিন্তু টাকা ও বৈদেশিক মুদ্রা মিলিয়ে নগদ অর্থ আছে ১৭ কোটি ৯৬ লাখ ৪৩ হাজার ৮৪৯ টাকার সমপরিমাণ। এরমধ্যে আছে ১৪ লাখ ৩৮ হাজার ৬৮১ মার্কিন ডলার।

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীর মধ্যে একজন আইনজীবী, অপরজন ব্যবসায়ী। তবে নগদ টাকা বেশি আছে আইনজীবী এমরান আহমদ চৌধুরী হাতে- ১৬ লাখ ৪ হাজার ৫৩টাকা। আর তার স্ত্রীর দুই একাউন্টের একটিতে আছে ২১ হাজার ১৯৩ টাকা ও অপর একটি একাউন্টে আছে মাত্র ৪৮৩ টাকা। তিনি বা তার স্ত্রীর কাছে কোনো বৈদেশিক মুদ্রা নেই।

আর ব্যবসায়ী ফয়সল আহমদ চৌধুরীর কাছে নগদ টাকা আছে মাত্র ৬৭ হাজার ১৮৪ টাকা। তবে তার স্ত্রীর কাছে আছে নগদ ১১ লাখ ২৫ হাজার ৫০৪ টাকা। ফয়সল চৌধুরী বা স্ত্রীর কাছেও কোনো বৈদেশিক মুদ্রা নেই।

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলটির চেয়ারপার্সনের আরেক উপদেষ্টা এবং নিখোঁজ বিএনপি নেতা ও সাবেক সাংসদ এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির লুনা। অবসরপ্রাপ্ত সাবেক এ চাকরিজীবীর কাছে নগদ মাত্র ৪ লাখ ২০ হাজার ৪৬৪ টাকা আছে। তবে তিনি তার ছেলের কাছ থেকে ঋণ হিসাবে নিয়েছেন আরও সাড়ে ১৩ লাখ টাকা।

এদিকে সিলেট-৫ কানাইঘাট জকিগঞ্জ আসনে বিএনপি কোনো প্রার্থী ঘোষণা করেনি। তবে এ আসন থেকে নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়ে দল থেকে বহিস্কার হয়েছেন সাবেক বিএনপি নেতা মামুনুর রশীদ, যিনি চাকসু মামুন নামেই বেশি পরিচিত। পেশায় ব্যবসায়ী মামুনের কাছে নগদ ৫৮ লাখ ৪৩ হাজার ৫৮১ টাকা থাকলেও তার স্ত্রীর কাছে কোনো টাকা নেই এবং দু’জনের কারও কাছেই কোনো বৈদেশিক মুদ্রাও নেই।
তথ্যসূত্র: সিলেটভিউ২৪ডটকম

বিয়ানীবাজার থেকে ৪ জন গ্রেপ্তার

সিলেটের বিয়ানীবাজার থেকে বিভিন্ন অভিযোগে ৪জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা)। তিনি জানান, বুধবার ও বৃহস্পতিবার রাতে (বুধবার দিবাগত) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার থানাধীন লাউতা ইউনিয়নের দক্ষিণ পাড়িয়াবহর নাওয়ালার নিজের বাড়ি থেকে ১৫ পিস ইয়াবাসহ আফতাব আলীকে (৪০) গ্রেপ্তার করা হয়।

এদিকে আলীনগর ইউনিয়নের রামদাবাজার থেকে জুনায়েদ আজম চৌধুরী (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একটি মামলার আসামী।

একই দিন দক্ষিণ পাড়িয়াবহর গ্রামে অভিযান চালিয়ে বড়লেখা থানার দায়েরকৃত একটি মামলায় (নং-১২) সাজাপ্রাপ্ত আসামী আব্দুস সালাম ওরফে সালমান এবং পরোয়ানাভুক্ত আসামী রায়হান আহমদকে গ্রেপ্তার করা হয়।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।

জকিগঞ্জে সাবেক কাউন্সিলর শামীমের বাড়িতে ডা*কা*তি, ১১ লক্ষ টাকার মালামাল লুট

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থানকালে জকিগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির সিনিয়র সহ-সভাপতি, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির নেতা শামিম আহমদের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোরে আনুমানিক ৪টা থেকে ৫টার মধ্যে উপজেলার পঙ্গবট গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শামিম আহমদের অনুপস্থিতিতে তার বসতবাড়িতে অবস্থান করছিলেন আত্মীয়-স্বজনরা। ডাকাত দল ঘরের কেচিগেটের দুটি তালা ভেঙে ভেতরে ঢুকে রেদোয়ান আহমদ (১৬), সাদিয়া আক্তার (১৩), মাহফুজা আক্তার (৮), হাবিব আহমদ (২৮), আব্দুর রহমান (৬৫), রহিমা বেগম (৭০) ও রাফি আহমদ (১৭)-কে বেঁধে ফেলে এবং ঘরের জিনিসপত্র লুট করে।

লুট হওয়া মালামালের মধ্যে রয়েছে নগদ দেড় লক্ষ টাকা, আনুমানিক ৪ ভরি স্বর্ণালঙ্কার, ৫টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ৩টি বাটন ফোন, সোনার হার ১টি, আংটি ৪টি, কানের দুল ১ জোড়া, সোনার ব্রেসলেট ১টি মোট আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় ১১ লক্ষ টাকা।

ঘটনার খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশের একটি দল তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করে এবং প্রাথমিক আলামত সংগ্রহ করে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। মানবাধিকার কর্মী আনোয়ার খান দাবি করেন, দ্রুত ডাকাতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।