Monday, April 6, 2026
Home Blog Page 26

সিলেট মদিনা মার্কেটে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ: নেপথ্যে বিএনপি ও ছাত্রদল পরিচয়ে চাঁদাবাজি

সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় রোববার রাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পরিবহন শ্রমিকরা। তাদের অভিযোগ, বিএনপি ও ছাত্রদল পরিচয়ে একটি গোষ্টি নিয়মিত চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দেওয়ায় রোববার এক পরিবহন শ্রমিকের ওপর হামলাও চালানো হয়েছে।

এ ঘটনায় এক পরিবহন শ্রমিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলার সময় একটি মাইক্রোবাস ভাঙচুর করা হয় এবং পরিবহন নেতাদের লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।

রোববার (১৪ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে পরিবহন শ্রমিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে ক্ষুব্ধ হয়ে মাঝরাতে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে আন্দোলনে নামেন পরিবহন শ্রমিকরা। ফলে সড়কটিতে সাময়িক যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘন্টটা পর বিএনপি নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক আলী আকবর রাজন অভিযোগ করে বলেন, মদিনা মার্কেট এলাকায় বিএনপি ও ছাত্রদলের পরিচয়ে একটি চক্র দীর্ঘদিন ধরে পরিবহন শ্রমিকদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছে। চাঁদা না দিলে তারা শ্রমিকদের ওপর হাত তুলছে। রোববার রাতের ঘটনাও এরই ধারাবাহিকতা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। পরে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মহানগর বিএনপি সহযোগিতা করবে—এমন আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন।

এ সময় শ্রমিকরা আরও অভিযোগ করেন, ৫ আগস্ট ২০২৪-এর পর থেকে মদিনা মার্কেট এলাকায় ছাত্রদল পরিচয়ে স্থানীয় একটি যুবচক্র চেয়ার-টেবিল বসিয়ে ‘চাঁদার হাট’ তৈরি করেছে। পুলিশ প্রশাসনের সামনে এসব কার্যক্রম চললেও তা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এ চক্রের বিরুদ্ধে নিরীহ মানুষের ওপর একাধিকবার হামলার অভিযোগ থাকলেও কোনো প্রতিকার হয়নি বলে দাবি করেন তারা।

এদিকে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মাইনুল জাকির জানান, সড়ক অবরোধের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ মোতায়েন করা হয়। পরিবহন নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড করবেন আশিক চৌধুরী

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ৫৪ জন প্যারাট্রুপার বাংলাদেশের পতাকা নিয়ে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন। এই ৫৪ জনের মধ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জাম্প করবেন ওসমান হাদির ছবি আঁকা হেলমেট পরে।

শনিবার (১৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং ‘চিফ অ্যাডভাইজার জিওবি’ ফেসবুকে দেওয়া পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, ‘১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে ৫৪ জন প্যারাট্রুপার বাংলাদেশের পতাকা নিয়ে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন। এই ৫৪ জনের একজন আশিক চৌধুরী জাম্প করবেন ওসমান হাদির ছবি আঁকা হেলমেট পরে। বিজয়ের দিনে স্বাধীনতা ও সার্বভৌমত্বের ভ্যানগার্ড ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনায় সকলকে দোয়া ও প্রার্থনার আহ্বান জানাই।’

এর আগে গত সোমবার বিকেলে মহান বিজয় দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপন উপলক্ষে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার মুখ্যসচিব সিরাজউদ্দিন মিয়া, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক, প্রিন্সিপাল স্টাফ অফিসার, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব-ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

সভায় কর্মসূচির নেওয়া হয়, বিজয় দিবসের দিন বেলা ১১টা থেকে ঢাকার তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী পৃথকভাবে ফ্লাই পাস্ট মহড়া পরিচালনা করবে। চলবে বিজয় দিবসের বিশেষ ব্যান্ড শো।

বেলা ১১টা ৪০ মিনিট থেকে ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার স্বাধীনতার ৫৪ বছর উদ্‌যাপনে পতাকা হাতে প্যারাস্যুটিং করবেন। জনসাধারণের জন্য এ বিশেষ আয়োজন উন্মুক্ত থাকবে।

দেশের অন্যান্য শহরেও বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী ফ্লাই পাস্ট মহড়া পরিচালনা করবে। সারাদেশে সশস্ত্র বাহিনীর পাশাপাশি পুলিশ, বিজিবি, আনসার বাহিনী ব্যান্ড শোয়ের আয়োজন করবে। প্রতিটি আয়োজন জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে গত বছরের মতো এবারও দেশের সব জেলা-উপজেলায় তিন দিনব্যাপী বিজয়মেলা অনুষ্ঠিত হবে।

পাশাপাশি জেলা-উপজেলা পর্যায়ে শিশুদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। অপরদিকে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে ১৫ ডিসেম্বর বেলা তিনটায় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অ্যাক্রোবেটিক শো হবে। সন্ধ্যা ছয়টায় হবে যাত্রাপালা ‘জেনারেল ওসমানী’। ১৬ ডিসেম্বর বেলা তিনটা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে পরিবেশিত হবে বিজয় দিবসের গান। পাশাপাশি দেশের ৬৪ জেলায় একযোগে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের গান পরিবেশন করবেন নতুন প্রজন্মের শিল্পীরা।

এছাড়া চট্টগ্রাম, খুলনা, মোংলা ও পায়রা বন্দর, ঢাকার সদরঘাট, পাগলা, বরিশালসহ বিআইডব্লিউটিসির ঘাটে বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্টগার্ড একক বা যৌথভাবে জাহাজগুলো সকাল নয়টা থেকে সূর্যাস্ত পর্যন্ত জনসাধারণের দর্শনের জন্য উন্মুক্ত রাখবে।

ঢাকাসহ দেশের সিনেমা হলগুলোতে ছাত্রছাত্রীদের বিনা টিকিটে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী এবং মিলনায়তন ও উন্মুক্ত স্থানে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। সরকারি, বেসরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থার জাদুঘরগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিনা টিকিটে জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে। দেশের সব সরকারি-বেসরকারি বিনোদনমূলক স্থান শিশুদের জন্য সকাল-সন্ধ্যা উন্মুক্ত রাখা ও বিনা টিকিটে প্রবেশের ব্যবস্থা থাকবে।

সারাদেশে মসজিদে শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত হবে। মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে হবে বিশেষ প্রার্থনা। দেশের সব হাসপাতাল, কারাগার, বৃদ্ধাশ্রম, এতিমখানা, পথশিশু পুনর্বাসনকেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণকেন্দ্র, ডে–কেয়ার, শিশুবিকাশ কেন্দ্র, শিশু পরিবার ও ভবঘুরে প্রতিষ্ঠানগুলোতে প্রীতিভোজের আয়োজন থাকবে।

গ্রিসে যাওয়া হল না সিলেটের দুই যুবকের

ইউরোপে উন্নত জীবনের স্বপ্ন বুকে নিয়ে মাতৃভূমি ছাড়লেও শেষ পর্যন্ত সেই স্বপ্ন আর বাস্তবে রূপ নেয়নি সুনামগঞ্জের দুই যুবকের। বুক ভরা স্বপ্ন নিয়ে মাতৃভূমি ছেড়ে প্রথমে তারা পাড়ি জমিয়েছিলেন মধ্যপ্রাচ্যের দেশ লিবিয়াতে। লিবিয়া থেকে ছোট্ট একটি নৌকায় করে ৪০ জন বাংলাদেশি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের দেশ গ্রিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তারা।

পথিমধ্যে খাদ্যের অভাব, পরিধানের জন্য হালকা কাপড়-চোপড় এসব নিয়ে বেশ দুর্ভোগ পোহাতে হয়, ভয়াবহ একটি ট্র্যাজেডির শিকার হন সবাই। আর এমতাবস্থায় তীব্র শীত, ক্ষুধা এবং তৃষ্ণায় কাতর হয়ে পানি ভেবে ভুলবশত পেট্রোল পান করায় অসুস্থ হয়ে পড়লে পরবর্তীতে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দুই বাংলাদেশি তরুণ মৃত্যুর কোলে ঢলে পড়েন।

বলছিলাম শাকিব আহমেদ শুভ ও সায়েম আহমেদের কথা। তারা দুজনই সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার সন্তান। শাকিব আহমেদ শুভ সুনামগঞ্জের দিরাই উপজেলার আব্দুস মিয়ার ছেলে এবং সায়েম আহমেদ একই জেলার জিতু উল্লাহর ছেলে।

বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা যায়, গত ২৬ নভেম্বর লিবিয়া থেকে একটি ছোট প্লাস্টিকের নৌকায় করে প্রায় ৪০ জন বাংলাদেশি গ্রিসের উদ্দেশে যাত্রা শুরু করেন। ঝুঁকিপূর্ণ ওই নৌযাত্রায় কোনো পর্যাপ্ত খাবার বা পানীয় ছিল না। যাত্রাপথে মাঝ সমুদ্রে নৌকাটিতে ছিদ্র হয়ে পানি ঢুকতে শুরু করে। টানা দুই দিন ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়ে পড়েন যাত্রীরা। চরম দুর্ভোগের একপর্যায়ে বোতলে রাখা পেট্রোলকে পানি ভেবে পান করেন কয়েকজন। এতে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং অনেকেই অচেতন হয়ে যান। পরবর্তীতে গ্রিসের কোস্টগার্ড ও স্থানীয় পুলিশ তাদের উদ্ধার করে এথেন্সের এক্সার্খিয়া এলাকার একটি হাসপাতালে ভর্তি করে। বিষয়টি জানার পর গ্রিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব রাবেয়া বেগম হাসপাতালে গিয়ে আহত বাংলাদেশিদের খোঁজখবর নেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পেট্রোল পান করার ফলে বেশির ভাগ রোগীর পাকস্থলী ও শ্বাসযন্ত্রে মারাত্মক জটিলতা দেখা দিয়েছে। তীব্র শীত, পানিশূন্যতা ও হাইপোথার্মিয়ার কারণে তাদের শারীরিক অবস্থা আরও জটিল হয়ে ওঠে। পেট্রোল পান করার কারণেই দুই বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনায় গুরুতর অবস্থায় থাকা চারজনের মধ্যে একজন কিডনি জটিলতায় ডায়ালাইসিসের আওতায় রয়েছেন। অন্যদের শারীরিক অবস্থা ধীরে ধীরে স্থিতিশীল হওয়ায় কয়েক দিনের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে।

চিকিৎসা শেষে গ্রিসের প্রচলিত আইনি প্রক্রিয়া অনুযায়ী উদ্ধারপ্রাপ্ত বাংলাদেশিদের মালাকাসা শরণার্থী ক্যাম্পে পাঠানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ইউরোপের নেশায় হারিয়ে গেল সিলেটের ৩৮ যুবক

লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির উদ্দেশে যাত্রা করার দুই মাসের বেশি সময়েও খোঁজ মেলেনি সিলেট বিভাগের ৩৮ যুবকের। হবিগঞ্জ জেলা পুলিশ মানব পাচার চক্রে জড়িত হাসান মোল্লাসহ আটজনকে নোটিস দিয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য ভিকটিম পরিবারের প্রতি আহ্বান জানিয়েছেন। হবিগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন সাংবাদিকদের কাছে এ আহ্বান জানান।

এ ছাড়া হাসান মোল্লার চার সহযোগী মোস্তাকিম, তফছির, মিজান ও সোহাগকে অনুসন্ধানের স্বার্থে অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহের কার্যালয়ে উপস্থিত করানোর জন্য আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, লিবিয়ার কারাগার, হাসপাতালসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও তাদের সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস।

নিখোঁজদের প্রতিটি পরিবার ইতালি পাঠানোর আশায় স্থানীয় ‘আদম বেপারি’ হাসান মোল্লার হাতে ১৭ থেকে ২০ লাখ টাকা করে দিয়েছেন। এখন প্রিয়জনের মৃত্যুর আশঙ্কায় পরিবারগুলো আতঙ্কগ্রস্ত। ভয় ও অনিশ্চয়তার কারণে কেউ মুখ খুলছেন না, আইনি পদক্ষেপেও যাচ্ছেন না।

গত ৩০ সেপ্টেম্বর ইতালিগামী নৌকায় ত্রিপলি উপকূল থেকে যাত্রা শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় স্বজনদের। বিষয়টি নিয়ে একাধিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলে ওই তরুণদের সন্ধান ও উদ্ধারে উদ্যোগ নিতে লিবিয়ায় বাংলাদেশের দূতাবাসকে নির্দেশ দেয় প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়। তারাও কোনো সন্ধান পায়নি।

বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার প্রথম সচিব মো. রাসেল মিয়া বলেন, তারা বিভিন্ন দেশ হয়ে লিবিয়ায় প্রবেশ করেছেন। তাদের সঠিক তথ্য আমাদের কাছে থাকে না। দেশ থেকে চিঠি পাওয়ার পর সম্ভাব্য কারাগার ও হাসপাতালগুলোতে খোঁজ নিয়েছি। সেখানে তাদের পাওয়া যায়নি। রেড ক্রিসেন্টসহ অন্যান্য মানবিক সংস্থাও কোনো তথ্য দিতে পারেনি।

তিনি আরও বলেন, এর আগেও গত মার্চে ১৫ জন বাংলাদেশি ভূমধ্যসাগরে নিখোঁজ হয়েছিলেন। এতদিনেও তাদের খোঁজ মেলেনি। আশঙ্কা করা হচ্ছে তারা সাগরে ডুবে মারা গেছেন।

গত ৩০ সেপ্টেম্বর লিবিয়ার ত্রিপলি থেকে ইতালির উদ্দেশে ভূমধ্যসাগর পাড়ি দিতে চারটি নৌকা ছেড়ে যায়। এর মধ্যে একটি নৌকায় হবিগঞ্জের ৩৮ জনসহ প্রায় ৯০ জন ছিলেন। সেই নৌকাটিই নিখোঁজ হয়েছে। বাকি তিনটি নৌকা ইতালিতে পৌঁছেছে।

আজমিরীগঞ্জের পশ্চিমভাগ গ্রামের লিবিয়া প্রবাসী হাসান আশরাফ ওরফে হাসান মোল্লার মাধ্যমে ওই ৩৮ জন ১৭ থেকে ২০ লাখ টাকা করে দিয়ে ইতালি যাওয়ার উদ্যোগ নেন।

অনুসন্ধানে জানা গেছে, হবিগঞ্জসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে লিবিয়ায় নিয়ে বাংলাদেশি তরুণদের ইতালিতে পাঠানোর ‘দালাল’ হিসেবে একচ্ছত্র আধিপত্য তৈরি করেছেন হাসান মোল্লা। মাত্র ছয় মাসে প্রায় এক হাজার মানুষকে ইতালিতে পাঠিয়ে তার নাম ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক মহলে।

অভিযোগ রয়েছে, ত্রিপলির উপকূল থেকে ভূমধ্যসাগরে ১০ ঘণ্টার নৌপথে মানুষ ইতালি পৌঁছে দেন হাসান। ছয় মাসে এ ব্যবসা থেকে তিনি অর্জন করেছেন শত কোটি টাকা। ৩৮ বাংলাদেশিসহ ৯০ জন নিখোঁজ হওয়ার পর নতুন করে আলোচনায় এসেছে হাসানের এ ‘আদম ব্যবসা’।

সিলেটে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো বিয়ানীবাজার

সিলেটে মৃদু ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো বিয়ানীবাজারে। সোমবার (১১ ডিসেম্বর) গভীর রাত ২টা ৫০ মিনিট ৩১ সেকেন্ডে এ ভূমিকম্পটি অনুভূত হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র ঢাকা থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসাইন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিলেটের বিয়ানীবাজারে, যার স্থানাঙ্ক অক্ষাংশ ২৪.৮৩° উত্তর এবং দ্রাঘিমা ৯১.৮৩° পূর্ব। ঢাকা ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে উৎপত্তিস্থলটির দূরত্ব ২১৬ কিলোমিটার বলে জানানো হয়।

এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৫ এবং এটি মৃদু শ্রেণির বলে উল্লেখ করেছে সংশ্লিষ্ট দপ্তর। যদিও কম মাত্রার, তবে সিলেট অঞ্চলে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক ছোট ছোট ভূমিকম্পের কারণে মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বাড়ছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটি অল্পমাত্রার হলেও পাহাড়ি ও ভূমিকম্পপ্রবণ সিলেট অঞ্চলে একের পর এক ভূকম্পন মানুষের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে।

বিয়ানীবাজারে আইফোনের কারণে যুবক খুন

বিয়ানীবাজারে আইফোনের জন্য ইমন আহমদ (২০) নামের এক যুবক খুন হয়েছেন। তিনি কুড়ারবাজার ইউনিয়নের খশির নামনগর গ্রামের মুতলিব মিয়ার ছেলে। এ ঘটনায় আশরাফুল (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত আশরাফুল আব্দুল করিম মনাইর ছেলে।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার শেওলা ইউনিয়নের কোনা শালেস্বর গ্রামের একটি ফিসারির পার থেকে তার হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ইমনের লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের খশির নামনগর গ্রামের মুতলিব মিয়ার ছেলে ইমন আহমদ (২০) খুবই সহজ-সরল প্রকৃতির যুবক। তিনি আইফোন ১৫ প্রো ম্যাক্স একটি ফোন ব্যবহার করতেন এবং তার এই ফোনের উপর তার বন্ধু-বান্ধবের নজর রয়েছে। তারা প্রায়ই ইমনের মোবাইল ফোন নিয়ে ব্যবহার করতো। গত ৭ ডিসেম্বর ইমনকে তার বন্ধু আশরাফুল বাড়ি থেকে বের করে নিয়ে আসে এবং পরবর্তীতে তাকে আর পাওয়া যায়নি।

পরবর্তীতে আজ বুধবার সকালে উপজেলার শেওলা ইউনিয়নের কোনা শালেস্বর গ্রামের একটি ফিসারির পার থেকে তার হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ইমনের লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় জড়িত তার বন্ধু আশরাফুলকে আটকের পর তার জবানবন্দিতে আইফোন ছিনতাই ও ইমন হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে জানায় পুলিশ।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, ‘একটি ফিসারির পার থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ইমন নামের এক যুবকরে লাশ উদ্ধার করে পুলিশ। এবং এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এদিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সিলেটের ৫ টি আসনে এনসিপির প্রার্থী ঘোষণা: কোথায় কে?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রথম ধাপে ১২৫ আসনে দলের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এমেধ্যে সিলেট বিভাগের ১৯ ট আসনের মধ্যে ৫ টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার থেকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এসব আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন। দলটির নির্বাচনী প্রতীক শাপলা কলি।

সিলেট-১ আসনে এনসিপির মনোনয়ন পেয়েছেন দলের সাংগঠনিক সম্পাদক এহতেশাম হক, সিলেট-৩ আসনে প্রাথী হয়েছেন যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ , সিলেট-৪ আসনে যুক্তরাষ্ট্র প্রবাসী মো. রাশেল উল আলম, মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন পেয়েছেন দলের যুগ্ন সদস্য সচিব প্রীতম দাশ, হবিগঞ্জ-৪ আসনে দলের জেলা সমন্বয়ক নাহিদ উদ্দিন তারেক জাতীয় নাগরিক পার্টির হয়ে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

যে কারণে সিলেট রুটে ভাড়া বাড়ছে ট্রেনের

প্রায় ৯ বছর পর ট্রেনের ভাড়া বৃদ্ধি করেছে রেলওয়ে পূর্বাঞ্চল। সরাসরি টিকিটের দাম না বাড়িয়ে পন্টেজ চার্জ বা মাশুল আরোপের মাধ্যমে এ ভাড়া বৃদ্ধি করা হয়েছে। এতে ট্রেন ও আসনভেদে সর্বনিম্ন ৫ থেকে সর্বোচ্চ ২২৬ টাকা বেড়েছে। এ ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হবে ২০ ডিসেম্বর থেকে। রেলওয়ের ভাষায় রেলপথের মধ্যে কোনো সেতু বা সমজাতীয় অবকাঠামো পড়লে ভাড়ার সঙ্গে যে বাড়তি মাশুল নির্ধারণ করা হয়, তা–ই ‘পন্টেজ চার্জ’। সে ক্ষেত্রে ১০০ মিটার দৈর্ঘ্যের সেতুকে আড়াই কিলোমিটার দূরত্ব হিসেবে বিবেচনা করা হবে। ফলে পথের দূরত্ব কাগজে-কলমে বেড়ে যাবে। আর সেই অনুপাতেই মাশুল আরোপ করা হয়েছে।

জানা যায়, রেলের আয় বাড়াতে চলতি বছরের মে মাসে এভাবে পন্টেজ চার্জ বা মাশুল আরোপের মাধ্যমে ভাড়া বৃদ্ধির উদ্যোগ নেয় রেলওয়ে পূর্বাঞ্চল। যাচাই-বাছাই ও আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত চূড়ান্ত করে ডিসেম্বরে। সাধারণ ট্রেন ও বিরতিহীন আন্তনগর ট্রেনের জন্য আলাদা করে ভাড়া নির্ধারণ করেছে রেলওয়ে। ঢাকা-চট্টগ্রাম-সিলেট-ময়মনসিংহ বিভাগ নিয়ে গঠিত রেলওয়ের পূর্বাঞ্চল।

লোকসান সামাল দিতে আয় বৃদ্ধি ও ব্যয় হ্রাস নিয়ে গত ২৫ মে রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রধান অতিথি রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম টিকিটের ভাড়া না বাড়িয়ে আয় বৃদ্ধির পরামর্শ দেন। তিনি রেলওয়ের পূর্বাঞ্চলের ১০০ মিটারের বেশি লম্বা সেতুতে পন্টেজ চার্জ সমন্বয়ের জন্য নির্দেশনা দেন। এর পর থেকে কাজ শুরু করে রেলওয়ের পূর্বাঞ্চলের বাণিজ্যিক বিভাগ। রেলওয়ে সর্বশেষ ২০১৬-১৭ অর্থবছরে ট্রেনের ভাড়া বৃদ্ধি করেছিল।

রেলওয়ে সূত্র জানায়, গত ২৫ নভেম্বর রেলের উপপরিচালক (মার্কেটিং) শাহ আলম স্বাক্ষরিত এক চিঠিতে নতুন ভাড়া ২০ ডিসেম্বর থেকে কার্যকর করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তাকে এ চিঠি দেওয়া হয়। এরপর ৮ ডিসেম্বর সহকারী প্রধান বাণিজ্যিক কর্মকর্তা জসিম উদ্দিন ভূঁইয়া এ চিঠি কার্যকর এ জনস্বার্থে প্রচারের জন্য অনুমোদন করেন। পূর্বাঞ্চলে সর্বনিম্ন ভাড়া বাড়ছে ৫ টাকা আর সর্বোচ্চ ২২৬ টাকা।

রেলওয়ের তথ্য অনুযায়ী, এবার ছয়টি রুটে ১১টি সেতুতে পন্টেজ চার্জ আরোপ করা হচ্ছে। এগুলো হলো ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-কক্সবাজার, ঢাকা-সিলেট, চট্টগ্রাম-সিলেট, চট্টগ্রাম-জামালপুর ও ঢাকা-দেওয়ানগঞ্জ।

ঢাকা-সিলেট রুটে মেইল ট্রেনের ভাড়া ১২৫ থেকে বেড়ে ১৪০ টাকা হয়েছে। কমিউটার ট্রেনের ভাড়া ১৬০ থেকে ১৭০ টাকা করা হয়েছে। শোভন চেয়ারের ভাড়া ৩৫ টাকা বাড়িয়ে ৪১০ টাকা নির্ধারণ করা হয়। স্নিগ্ধা আসনের ভাড়া বর্তমানে ৭১৯ টাকা হলেও নতুন ভাড়া হবে ৭৮৮ টাকা। এসি সিটের ভাড়া ৮৬৩ টাকার জায়গায় এখন হবে ৯৪৩ টাকা। এসি বার্থের ভাড়া ১২৭ টাকা বেড়ে ১ হাজার ৪৬৫ হয়েছে।

চট্টগ্রাম-সিলেট রুটে স্নিগ্ধা আসনের ভাড়া ৮৫৭ টাকার জায়গায় দিতে হবে ৯০৯ টাকা। শোভন চেয়ারের ভাড়া বেড়েছে ২৫ টাকা। প্রথম বার্থের ভাড়া ১ হাজার ৮০ থেকে ১ হাজার ১৩৭ টাকা করা হয়েছে। এসি সিটের ভাড়া ১ হাজার ৩০ থেকে ১ হাজার ৮৭ টাকা হয়েছে। এসি বার্থের ভাড়া বেড়েছে ৮৭ টাকা। আগে ছিল ১ হাজার ৫৯১ টাকা, এখন দিতে হবে ১ হাজার ৬৭৮ টাকা।

রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পন্টেজ চার্জ আরোপের মাধ্যমে এ ভাড়া বাড়ানো হয়েছে। তবে সব রুটে ভাড়া বাড়ছে না। কিছু রুটে ভাড়া বাড়ছে। আবার যে ভাড়া বেড়েছে, তা খুব বেশি নয়। এ ভাড়া বৃদ্ধি করা হয়েছে মূলত পুরোনো যেসব সেতু আছে (১০০ মিটারের বেশি), সেগুলোর রক্ষণাবেক্ষণ ব্যয়ের জন্য।

বাংলাদেশে আইইএলটিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রমাণ পেয়েছে যুক্তরাজ্য

বাধ্যতামূলক ইংরেজি ভাষা পরীক্ষায় অকৃতকার্য হওয়া সত্ত্বেও হাজার হাজার অভিবাসীকে যুক্তরাজ্যের ভিসা দেওয়া হয়েছে। ব্রিটিশ কাউন্সিলের পরিচালিত আইইএলটিএস পরীক্ষায় অংশ নেওয়া ৮০ হাজারের মতো পরীক্ষার্থীকে ভুল ফলাফল দেওয়া হয়েছে। এদের মধ্যে অকৃতকার্য অনেক পরীক্ষার্থীকে পাস করিয়ে দেওয়া হয়েছে। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ।

সেইসঙ্গে চীন, বাংলাদেশ ও ভিয়েতনামে আইইএলটিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রমাণ পাওয়া গেছে। ফলে অনেক শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মী এবং অন্য অভিবাসীদের ভিসা দেওয়া হয়েছে যারা ভিসা পাওয়ার যোগ্য ছিলেন না। এ তথ্য সামনে আসার পর থেকেই অযোগ্য এসব অভিবাসীদের নির্বাসিত করার দাবি জানাচ্ছে কনজারভেটিভ পার্টি।

টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ কাউন্সিল, কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং অ্যাসেসমেন্ট অ্যান্ড ইডুকেশন কম্পানি আইডিপি-এর যৌথ পরিচালনায় ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম (আইইএলটিএস) পরীক্ষা নেওয়া হয়। প্রতিবছর সারা বিশ্বে ৩৬ লাখের বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেয়।

২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালে সেপ্টেম্বর পর্যন্ত হাজার হাজার পরীক্ষার্থীকে ভুল ফলাফল পেয়েছেন। আইইএলটিএস কর্তৃপক্ষ এর পেছনে ‘প্রযুক্তিগত ত্রুটি’কে দায়ী করে বলেছে, এর ফলে অল্প কিছু পরীক্ষায় লিসেনিং এবং রিডিং পরীক্ষা কিছুটা প্রভাবিত হয়েছে। তারা বলছে, এই ত্রুটির ফলে মাত্র ১ শতাংশ পরীক্ষা প্রভাবিত হয়েছে।

যদিও এই সংখ্যা প্রায় ৭৮ হাজার পরীক্ষার সমান।

সম্প্রতি পরীক্ষার ফলাফল প্রদানে এই ত্রুটির বিষয়টি ধরা পড়ে। গত মাসে এক বিবৃতিতে আইইএলটিএস কর্তৃপক্ষ সঠিক ফলাফল প্রদান করতে ক্ষতিগ্রস্তদের সঙ্গে যোগাযোগ করে।

এদিকে চিকিৎসকরা সতর্ক করে বলছেন, যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য পরিষেবা (এনএইচএস)-এর অনেক অভিবাসী কর্মী ইংরেজি ভাষায় দক্ষতা অনেক কম। ফলে রোগীর স্বাস্থ্য ও চিকিৎসা ঝুঁকির মুখে পড়ছে।

সিলেটে লন্ডন পাঠানোর নামে প্রতারণা, আদিল-সোমা কারাগারে

লন্ডন পাঠানোর নামে একাধিক তরুণ-তরুণীর কাছ থেকে হাতিয়ে নিয়েছেন প্রায় দুই কোটি টাকা। এরপর মোবাইল বন্ধ রেখে উধাও কথিত স্বামী স্ত্রী। প্রতারিত তরুণ-তরুণীরা থানায় অভিযোগ (নং ৭/ ৫ জুন ২০২৫) দায়ের করেন। অবশেষে ধরা পড়লেন তারা।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে যশোরের কোতোয়ালী থানার সেক্টর ৭ এর ৬নং বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা এসআই মুকিত মিয়া।

তারা হলেন ঢাকার কদমতলী থানার রায়েরবাগ মিরজানগর সি ব্লকের মো. ইব্রাহীম ও নাছিমা বেগমের ছেলে মো. নাজিম উদ্দিন আদিল (৩৫) ও তার কথিত স্ত্রী ফারজানা শারমীন সোমা (৩৭)।

রবিবার (৭ ডিসেম্বর) তাদের সিলেট নিয়ে এসে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী মডেল থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) খন্দকার মোস্তাফিজুর রহমান।

জানা গেছে, সিলেটের জিন্দাবাজরস্ত এলিগেন্ট মার্কেটের এস আই ইন্টারন্যাশনাল নামক একটি ট্রাভেলসের মালিক ওই দম্পতি। সম্প্রতি তাদের প্রচারণায় আকৃষ্ট হয়ে আইইএলটিএস সম্পন্ন করা অনেক তরুণ-তরুণী নিজেদর গহনা জমি জায়গা বিক্রি করে লন্ডন যাওয়ার জন্য তাদের হাতে তুলে দিয়েছেন টাকা। ওয়ার্ক পারমিট ভিসা করে দেওয়ার নামে তারা জনপ্রতি ১৫ লাখ টাকা থেকে শুরু করে ২০/২২ লাখ টাকাও দিয়েছেন।

এক্ষেত্রেও তারা বেশ কৌশলী ছিলেন। ভিসা হয়ে গেছে, এমন ছবি দেখিয়ে তারা টাকা আদায় করেছেন। পরে দেখা গেছে, ভিসা সঠিক নয়। এরপর প্রতারিতরা তাদের কাছে ছুটে এলেও আর অফিস খোলা পাওয়া যায়নি। এমনকি তারা তাদের মোবাইলও বন্ধ করে দেন।

হতাশায় গ্রাস করা তরুণ-তরুণীরা তখন কোতোয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ অভিযান চালায় এবং যশোর থেকে তাদের গ্রেপ্তার করে সিলেট নিয়ে আসা হয়।

তাদেরকে আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান। আর কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে আদালত সূত্র।

প্রতারিত এক তরুণী বলেন, আমরা অনেক কষ্ট করে গহনা বিক্রি করে উনাদের টাকা দিয়েছি। কিন্তু পরে দেখি সব কিছু ভুয়া। আমরা এর ন্যায় বিচার এবং টাকা ফেরত চাই।