Saturday, April 4, 2026
Home Blog Page 4

সিলেটে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

সিলেটের কোম্পানীগঞ্জের ধলাই নদীতে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে।

গতকাল রোববার রাত ৯টার দিকে উপজেলার কালাইরাগ নতুনবাজার এলাকার ধলাই নদীতে এ ঘটনা ঘটে।

নিহত ওই জেলের নাম রাম চন্দ্র তালুকদার (৫৫)। তিনি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার মহানন্দ তালুকদারের ছেলে। কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ নতুনবাজার এলাকার একটি কলোনিতে ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ জানিয়েছে, রাম চন্দ্র তালুকদারসহ সুনামগঞ্জের কয়েকজন মৎস্যজীবী নতুনবাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং ধলাই নদীতে জাল দিয়ে মাছ শিকার করতেন। রোববার সন্ধ্যার পর রাম চন্দ্র একাই একটি ডিঙি নৌকা নিয়ে মাছ ধরতে নদীতে যান। এই সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। রাত ৯টার দিকে নদীতে থাকা অবস্থায় তিনি বজ্রপাতে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান তথ্য নিশ্চিত করে বলেন, মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সিলেট সিটি করপোরেশনের সব সড়ক ‘এ’ গ্রেডে উন্নীত করা হবে: বাণিজ্যমন্ত্রী

সোমবার (১৬ মার্চ) সকালে সিলেট নগরীর শারদা স্মৃতি ভবনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিসিকের উদ্যোগে মহানগরের মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

ইমাম-মুয়াজ্জিনদের প্রতি সম্মান জানিয়ে মন্ত্রী বলেন, ‘তাদের উন্নয়নে সরকার দুটি লক্ষ্য নির্ধারণ করেছে। ব্যক্তিগত খেয়ালখুশির কারণে যাতে ইমামদের চাকরি না হয় কিংবা চাকরি হারাতে না হয়, সে জন্য একটি নীতিমালা প্রণয়ন করা হবে। পাশাপাশি তারা যাতে চার-ছয় সদস্যের পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারেন, সেভাবে সম্মানী নির্ধারণের উদ্যোগ নেয়া হবে।’

সব উন্নয়ন কাজের স্থানীয় তদারকি কমিটিতে ইমামদের অন্তর্ভুক্ত করার কথাও জানান তিনি, যাতে উন্নয়ন কার্যক্রম স্বচ্ছভাবে সম্পন্ন হয় এবং জনগণের আস্থা বাড়ে।

সিসিকের বর্তমান প্রশাসকের প্রশংসা করে মন্ত্রী বলেন, ‘আমরা এমন একজনকে সিলেট সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব দিয়েছি, যার ওপর দেশের প্রধানমন্ত্রী আস্থাশীল। তার নেতৃত্বে আগামীতে সিলেটে ব্যাপক উন্নয়ন সাধিত হবে।’

সভাপতির বক্তব্যে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘ইমাম-মুয়াজ্জিনরা যে সম্মানী পান তা অপ্রতুল। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিসিকের পক্ষ থেকে তাদের জন্য সামান্য সম্মানীর ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করাই আমাদের মূল লক্ষ্য।’

নগর উন্নয়নে ইমামদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, ‘আগে সিলেট সিটি করপোরেশনে ছিল ২৭টি ওয়ার্ড, এখন হয়েছে ৪২টি। এত বড় নগরের সব সমস্যা একা সিটি করপোরেশনের পক্ষে সমাধান করা সম্ভব নয়, যদি না নগরবাসী সক্রিয়ভাবে সহযোগিতা করেন। আমরা একটি পরিচ্ছন্ন ও আধুনিক নগর গড়ে তুলতে চাই। ইমামগণ যদি জুমার খুতবায় নগরবাসীকে সচেতন করেন, তবে আমাদের কাজ অনেক সহজ হবে।’

সিসিক প্রশাসক আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানী ঢাকার পরই সিলেটকে বেশি গুরুত্ব দিচ্ছেন। তিনি গ্রিন ও ক্লিন সিলেট গড়তে আমাকে উৎসাহ দিচ্ছেন এবং সার্বিক সহযোগিতা করছেন। আশা করি সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি পরিচ্ছন্ন ও আধুনিক সিলেট গড়ে তুলতে পারব।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সিলেট জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এবং সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। স্বাগত বক্তব্য দেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার।

অনুষ্ঠানে সিলেট নগরের ৮২৭টি মসজিদের ১ হাজার ৬৪ জন ইমাম ও ১ হাজার ২০১ জন মুয়াজ্জিনের মধ্যে মোট ৩৯ লাখ ৪৪ হাজার ৫০০ টাকা সম্মানী বিতরণ করা হয়।

সিলেটে রেকর্ড বৃষ্টি, ঝড়ে লন্ডভন্ড জনপদ

সিলেটে ২৪ ঘণ্টায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের পাশাপাশি প্রবল ঝড় ও শিলাবৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

শনিবার রাত থেকে রোববার রাত পর্যন্ত চলা এই প্রাকৃতিক দুর্যোগে নগরী ও আশপাশের বিভিন্ন এলাকায় ঘরবাড়ির টিনের চাল উড়ে গেছে। ভেঙে পড়েছে গাছের ডালপালা। ফলে বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগে মারাত্মক বিঘ্ন হয়েছে।

সিলেট আবহাওয়া অফিসের তথ্যমতে, সিলেটে ২৪ ঘণ্টায় ৭১ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পরবর্তী তিন ঘণ্টায় আরও ১২ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অফিসের উপসহকারী আবহাওয়াবিদ রুদ্র তালুকদার এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ভুক্তভোগীরা জানিয়েছেন, ঝড়ে ঘরের টিনের চাল উড়ে যাওয়ায় প্রচণ্ড বৃষ্টির মধ্যে অনেক পরিবারকে খোলা আকাশের নিচে রাত কাটাতে হয়েছে। ভিজে নষ্ট হয়েছে ঘরের যাবতীয় আসবাবপত্র। বিভিন্ন স্থানে গাছ ভেঙে রাস্তা ও বিদ্যুৎ লাইনের ওপর পড়ায় যোগাযোগ ও সেবা ব্যাহত হওয়ার পাশাপাশি নগরীর নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে কানাইঘাট উপজেলার একটি ভিডিওতে ঝড়ে ঘরের টিন উড়ে যাওয়ার পর এক শিশুর আতঙ্কিত হওয়ার দৃশ্য জনমনে নাড়া দিয়েছে। এছাড়া নগরীর চৌকিদেখি এলাকায় ট্রান্সমিটারের পাশে গাছ ভেঙে পড়ে বিদ্যুৎ বিভ্রাট চরমে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, লঘুচাপের প্রভাবে আগামী ২৪ ঘণ্টায়ও সিলেটসহ দেশের বিভিন্ন বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সিলেট জেলা পরিষদের নতুন প্রশাসক হলেন বিয়ানীবাজারের আবুল কাহের শামীম

সিলেট জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম। রোববার (১৫ মার্চ) বিকেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাঁর এই নিয়োগ নিশ্চিত করা হয়।

নবনিযুক্ত প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম সিলেটের রাজনীতির একজন পরিচিত মুখ। তিনি গত সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তৃণমূল পর্যায়ে তাঁর দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা রয়েছে।

সরকারি সূত্র জানায়, দেশের স্থানীয় সরকার ব্যবস্থাকে পুনর্গঠন এবং প্রশাসনিক স্থবিরতা কাটিয়ে জনসেবা নিশ্চিত করার লক্ষে সরকার একযোগে ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে। মূলত অন্তর্বর্তীকালীন সময়ে জেলা পরিষদগুলোর উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করা এবং স্থবির হয়ে পড়া প্রকল্পগুলোকে গতিশীল করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী, জেলা পরিষদগুলোকে আরও শক্তিশালী ও জবাবদিহিমূলক করার লক্ষে এই রদবদল করা হয়েছে। গত কয়েক মাসে দেশের বিভিন্ন জেলায় প্রশাসনিক সমন্বয়হীনতার যে অভিযোগ উঠেছিল, নতুন এই নিয়োগের মাধ্যমে তার অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় সরকার বিশেষজ্ঞরা মনে করছেন, রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের এই দায়িত্বে আনায় উন্নয়ন প্রকল্পগুলোর তদারকি এবং গ্রামীণ অবকাঠামো সংস্কারে ইতিবাচক পরিবর্তন আসবে। নতুন প্রশাসকদের হাত ধরে জনসেবা আরও সহজতর হবে বলেও প্রত্যাশা করা হচ্ছে।

সিলেটে নিয়ন্ত্রণহীন অপরাধ

পারিবারিক ও সামাজিক সুদৃঢ় বন্ধনে সিলেটের সুখ্যাতি রয়েছে। অতিথিপরায়ণ হিসেবেও সিলেটবাসীর সুনাম দেশজুড়ে। কিন্তু গত দেড়মাসে হঠাৎ শান্তির জনপদে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে অপরাধ। সেই সাথে সিলেট হয়ে উঠেছে রক্তাক্ত।

পুলিশের ওপর হামলা, অপহরণ, চুরি, ছিনতাই, চোরাচালান, মাদকসেবীদের দৌরাত্ম ও মাদক কারবারিদের তৎপরতার পাশাপাশি সিলেটে বেড়েছে কিশোর গ্যাংয়ের উৎপাত। একই সাথে স্বজনরাই যেন হয়ে উঠেছেন ‘ঘাতক’। তুচ্ছ ঘটনা নিয়ে সিলেটে বেড়েছে খুনাখুনি।

সিলেট বিভাগে গত দেড় মাসে অন্তত ১৫টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব প্রাণহানির বেশির ভাগই ঘটেছে তুচ্ছ ঘটনায় স্বজনদের মধ্যে সংঘাত-সংঘর্ষে।

সমাজবিজ্ঞানীরা বলছেন, সামাজিক ও পারিবারিক বন্ধন দুর্বল হয়ে পড়ায় দিনদিন এসব ঘটনা বেড়েই চলেছে। এ ছাড়া মানুষের মধ্যে বাড়ছে লোভ, স্বার্থপরতা। কমছে পরমতসহিষ্ণুতা। এজন্যই ছোটখাটো ঘটনায়ও স্বজনের প্রাণ কেড়ে নিতে মানুষ দ্বিতীয়বার ভাবছে না।

এদিকে, সিলেট মহানগরী এলাকায় গত দেড়মাসে অপরাধীরা যেন নিয়ন্ত্রহীন হয়ে পড়েছিলো। অপরাধ জগত নিয়ন্ত্রণহীন হয়ে পড়ায় অনেকটা বেকায়দায় পড়ে গিয়েছিলো পুলিশ। তবে এবার অপরাধীদের জগতকে কামিয়ে দিচ্ছে পুলিশের সাড়াশি অভিযান। নিয়মিত পুলিশের অভিযানে অনেকটা আত্মগোপনে রয়েছে অপরাধীরা। তবুও পুলিশ তাদেরকে ধরতে গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে চালিয়ে যাচ্ছে অভিযান।

গত বুধবার (১১ মার্চ) রাতে সিলেটের দক্ষিণ সুরমার বাবনা এলাকায় দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হন এএসআই (নিঃ) অরুন চন্দ্র কৈরী।

এসময় তাকে পিকআপ চালক জুয়েল আহমদ থাপ্পড় দেন। ফেসবুকে থাপ্পড় দেয়ার ভিডিও ভাইরাল হলে এ ঘটনায় থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। সেই মামলায় জুয়েলকে গ্রেফতার দেখায় পুলিশ।

পুলিশ সূত্র জানায়, গত ২৪ ফেব্রুয়ারি নগরীর হাউজিং এস্টেট এলাকায় ‘সিনেমাটিক স্টাইলে’ কর কর্মকর্তা ইয়াসমিন আক্তার নামের এক নারীর ব্যাগ ছিনতাই করে ছয়জন।

এ ঘটনার ভিডিও ভাইরাল হলে নড়েচড়ে বসে ‍পুলিশ। তবে ছিনতাইয়ের ঘটনায় ইয়াসমিন আক্তারের ব্যাগ ছিনিয়ে নেয়া ছিনতাই জগতের হোতা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য রশিদ আহমদ ওরফে রশিদকে সিলেটের কানাইঘাট এলাকা থেকে বুধবার (১১ মার্চ) ভোরে তাকে গ্রেফতার করে।

ওই ঘটনার সাথে জড়িত আরও ৫জন ছিনতাইকারী এখনও লাপাত্তা রয়েছে। এ ঘটনার রেশ না কাটতেই ৫ মার্চ সকালে নগরীর সাগরদীঘিরপাড় এলাকায় ছিনতাইয়ের শিকার হন এক কলেজছাত্রী। সেই ভিডিও আগের মতো ভাইরাল হয়।

এ ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই ছিনতাইকারীকে শনাক্ত করা যায়নি। অপরদিকে সিলেটের কুমারগাঁও এলাকায় অপু আহমদ নামের এক ব্যবসায়ীর গলায় রামদা ঠেকিয়ে দুই লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৩ মার্চ) রাত ২টার দিকে তিনটি মোটরসাইকেলে আসা ছয়জন ছিনতাইকারী তাকে ঘিরে ধরে।

এসময় হেলমেট ও মাস্ক পরা ছিনতাইকারীরা অপু ও তার চাচাতো ভাইয়ের গলায় রামদা ঠেকিয়ে সঙ্গে থাকা সবকিছু দিতে বলে। প্রাণভয়ে ওই ব্যবসায়ী তাদের কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন দিয়ে দেন। প্রায় পাঁচ মিনিটের মধ্যেই ছিনতাইকারীরা নগদ প্রায় দুই লাখ টাকা ও তিনটি মোবাইল ফোন নিয়ে দ্রুত এলাকা ত্যাগ করে।

ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী অপু কুমারগাঁও বাসস্টেশন সংলগ্ন শেখপাড়া গ্রামের বাসিন্দা।

রবিবার (৮ মার্চ) সন্ধ্যায় কোতোয়ালি থানা পুলিশের একটি দল নগরীর তাঁতীপাড়া এলাকার ‘নাজমা নিবাস’ নামের ৫৬ নম্বর বাসার দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে ১০ অপহরণকারীকে গ্রেফতার করে।

এসময় তাদের হেফাজত থেকে গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা এলাকার হাজী বাহার উদ্দিনের ছেলে জাহিদ আহমদ (৪২) নামের আরেক প্রবাসীকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় কোতোয়ালি থানায় সুহেল সরকার বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পুলিশ অপহরণকারীদের গ্রেফতার করার ধারালো চাকু, কেচি, লোহার রড ও স্টিক উদ্ধার করে। এরআগে ওই বাসায় জিম্মী ছিলেন সুহেল সরকার (২২)। তিনি সুনামগঞ্জের দিরাই থানার মাহতাবপুর গ্রামের বাসিন্দা।

মৌলভীবাজার সদরে শিশুদের নিয়ে ঝগড়ার জেরে ছুরিকাঘাতে ছোট ভাইকে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১১ মার্চ) রাতে মৌলভীবাজার শহরতলীর সার্কিট হাউস এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম তামিম আহমেদ (১৬)। তিনি ওই এলাকার শাহেদ আলীর ছেলে। অভিযুক্ত হানিফ মিয়া (৩৫) তামিমের আপন বড় ভাই।

তামিম তার বড় ভাই হানিফের ছেলেকে শাসন করাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে উত্তেজনা বাড়লে বড় ভাই হানিফ ধারালো ছুরি দিয়ে তামিমকে আঘাত করেন। ছুরিকাঘাতের পরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি। গুরুতর আহত অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তামিমের মৃত্যু হয়।

গত ১২ মার্চ রাত ১২টার দিকে সিলেটের গোয়াইনঘাটে সুমন মিয়া নামের এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ফতেহপুর ইউনিয়নের তয় খন্ড গ্রামের একটি মুরগির খামারটি উদ্ধার করা হয়। নিহত সুমন মিয়া (১৫) উপজেলার ফতেহপুর তয় খন্ড গ্রামের আনোয়ার মিয়ার ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। সুমনের মুখ বাঁধা ছিল এবং ধারালো অস্ত্র দিয়ে তার গলা কাটা হয়েছিল। ঘটনাস্থলের পাশেই একটি কবর খোঁড়া অবস্থায় দেখতে পান স্থানীয়রা। এতে ধারণা করা হচ্ছে, হত্যার পর মরদেহটি গুম করার পরিকল্পনা ছিল দুর্বৃত্তদের।

এছাড়া পরকিয়ার জেরে গত ১০ মার্চ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় নিখোঁজের একদিন পর রিপন মিয়া (২৭) নামের এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার টিলাগাঁও ইউনিয়নের চক সালন বাঘেরটেকি এলাকায় মনু নদের প্রতিরক্ষা বাঁধের ঢালের ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সীমান্তবর্তী আলীনগর গ্রামের বাসিন্দা হানু মিয়ার ছেলে। রিপন মিয়াকে হত্যার ঘটনায় পুলিশ আলীনগর গ্রামের জমসেদ আলীর ছেলে সাকিবকে গ্রেফতার করেছে। সে নিহত রিপনের সিএনজিচালিত অটোরিকশার চালক। সেই সুবাদে নিহত রিপনের বাড়িতে আসা যাওয়া ছিল। নিহত রিপন মিয়ার স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন সাকিব।

সিলেট মহানগর কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী বলেন, সিলেট মহানগরী এলাকায় অপরাধীদের তৎপরতা রোধে পুলিশের সাড়াশি অভিযান অব্যাহত আছে। সেই সাথে বেড়েছে পুলিশের নজরদারি। মাঠ পর্যায়ের পুলিশের পাশাপাশি মহানগরীতে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। কেউ কোন অপরাধ করলে কোন ছাড় দেয়া হবে না। তিনি জানান, সিলেটে প্রকাশ্যে দুটি ছিনতাইয়ের ঘটনার পর আমরা ছিনতাই রোধের ওপর বেশি গুরুত্ব দিচ্ছি। আমাদের ‍মূল উদ্দেশ্য নগরবাসীকে শান্তিতে রাখা। শুধু ছিনতাই প্রতিরোধ নয়, সব ধরনের অপরাধ রুখতে পুলিশ কাজ করছে। বিভিন্ন টিমের পাশাপাশি দু-একদিনের মধ্যে রাতের নগরী ড্রোন দিয়ে পর্যবেক্ষণ করা হবে। আমরা যা করছি তার সফলতা জনগণ বলতে পারবে।
তথ্যসূত্র: সিলেটভিউ২৪ডটক

সিলেটে এবার গলায় রামদা ঠেকিয়ে দুই লক্ষ টাকা ছিনতাই

সিলেটে এবার ব্যবসায়ীর গলায় রামদা ঠেকিয়ে দুই লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠেছে। এছাড়াও ছিনতাইকারীরা ব্যবসায়ীর নগদ টাকাসহ তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এর আগে সিলেট নগরীতে আরো দুটি চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) রাত ২টার দিকে নগরীর কুমারগাঁও বাসস্টেশন এলাকায় এ ঘটনাটি ঘটে।

ছিনতাইয়ের শিকার অপু ফ্লেক্সিলোড ও ইলেকট্রনিক সামগ্রী বিক্রির ব্যবসা করেন। ব্যবসায়ী অপু শেখপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও ‍পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাত প্রায় ১২টার দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে কুমারগাঁও বাসস্টেশন এলাকায় তিনটি মোটরসাইকেলে আসা ছয়জন ছিনতাইকারী অপুকে ঘিরে ধরে। এ সময় হেলমেট ও মাস্ক পরা ছিনতাইকারীরা অপু ও তার চাচাতো ভাইয়ের গলায় রামদা ঠেকিয়ে সঙ্গে থাকা সবকিছু দিতে বলে। প্রাণভয়ে ওই ব্যবসায়ী তাদের কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন দিয়ে দেন। মুর্হুতের মধ্যেই ছিনতাইকারীরা দ্রুত এলাকা ত্যাগ করে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার পরিদর্শক মোহাম্মদ হারুনুর রশীদ বলেন, ‘এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে। অপরাধীদের সনাক্ত করতে পুলিশ কাজ করছে।’

এরও আগে গত ২৪ ফেব্রুয়ারি নগরীর অভিজাত হাউজিং এস্টেট এলাকায় এক নারী ছিনতাইয়ের শিকার হন। সেই ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এ ঘটনার নয়দিন পর গত ৫ মার্চ সকালে নগরীর সাগরদিঘীর পাড় এলাকার ৩ নম্বর সড়কে এক কলেজছাত্রী ছিনতাইয়ের শিকার হন। ওই ঘটনারও সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

যে ভয়ংকর জিনিসসহ শাপলাকে ধরল ডিবি পুলিশ

ভয়ংকর মাদক ক্রিস্টাল আইস তৈরির বিপুল পরিমাণ কাঁচামালসহ এক তরুণীকে আটক করেছে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে যশোর শহরের মণিহার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক তরুণীর নাম শাপলা খাতুন স্বপ্না (২৮)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলা গ্রামের আক্তারুজ্জামানের মেয়ে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি বাসে মাদকদ্রব্য বহন করা হচ্ছে। পরে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ডিবি পুলিশের একটি দল যশোর মণিহার বাসস্ট্যান্ডে অবস্থান নেয়। এ সময় চট্টগ্রামগামী ঈগল পরিবহনের একটি বাস স্ট্যান্ডে পৌঁছালে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে বাসের বক্স থেকে একটি প্লাস্টিকের বস্তার ভেতরে রাখা তিনটি প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেট বহন করার অভিযোগে শাপলা খাতুন স্বপ্নাকে আটক করা হয়।

যশোর ডিবি পুলিশের এসআই অলোক কুমার দে জানান, প্রথমে উদ্ধারকৃত প্যাকেটে কী ধরনের দ্রব্য রয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। পরে বস্তাসহ আটক তরুণীকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তিনটি প্যাকেট খুলে ছোট ছোট আরও ২৫টি প্যাকেট পাওয়া যায়।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বপ্না কোনো তথ্য দেননি। পরে প্রায় ১৮ ঘণ্টার জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি স্বীকার করেন, উদ্ধার করা দ্রব্যগুলো ক্রিস্টাল আইস তৈরির কাঁচামাল। যার মধ্যে ২৫ কেজি এফিড্রিন বা সিউডোএফিড্রিন এবং ছয় লিটার পিউরিফাইড অ্যাসিড (হাইড্রোক্লোরিক অ্যাসিড) রয়েছে।

পুলিশকে স্বপ্না জানান, সাতক্ষীরার কলারোয়া উপজেলার আজমল হোসেন লাল্টু নামে এক ব্যক্তি তাকে এসব মালামাল চট্টগ্রামের অলংকার মোড়ে পৌঁছে দিতে বলেন। বিনিময়ে তাকে ৬০ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন দেওয়ার কথা ছিল।

এসআই অলোক কুমার দে আরও জানান, এ ঘটনায় শাপলা খাতুন স্বপ্না ও আজমল হোসেন লাল্টুর নামে শুক্রবার যশোর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। পরে বিকেলে স্বপ্নাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সিলেট চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, কিশোরের গলাকাটা লাশের পাশে প্রস্তুত ছিল কবর

সিলেটের গোয়াইনঘাটে একটি পোল্ট্রি ফার্ম থেকে সুমন আহমদ (১৭) নামে এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলের পাশেই একটি খোঁড়া কবর পাওয়া গেছে, যা ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে স্থানীয়রা পোল্ট্রি ফার্মের ভেতরে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

নিহত সুমন আহমদ পার্শ্ববর্তী বানিগ্রামের বাসিন্দা আনোয়ার মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুমনের মুখ বাঁধা ছিল এবং ধারালো অস্ত্র দিয়ে তার গলা কাটা হয়েছিল। ঘটনাস্থলের পাশেই একটি কবর খোঁড়া অবস্থায় দেখতে পান স্থানীয়রা। এতে ধারণা করা হচ্ছে, হত্যার পর মরদেহটি গুম করার পরিকল্পনা ছিল দুর্বৃত্তদের।

ঘটনাটি জানাজানি হলে এলাকায় আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

খবর পেয়ে রাত ১২টার দিকে গোয়াইনঘাট–কোম্পানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল নোমান এবং গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামানসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

রাত ২টা পর্যন্ত পাওয়া তথ্যে জানা গেছে, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছিল।

এদিকে, পোল্ট্রি ফার্মের মালিকের বাড়ি থেকে রক্তমাখা একটি হাতুড়ি ও এক জোড়া জুতা উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সিলেট নগরীতে ৭০টি হারানো মোবাইল ফিরিয়ে দিলো এসএমপি

সিলেট নগরীতে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৭০টি মোবাইল ফোন উদ্ধার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ, ডিবি ও সাইবার ক্রাইম ইউনিট। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী-এর উপস্থিতিতে এসব মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

এসএমপি সূত্রে জানানো হয়েছে, হারানো মোবাইল ফোনের বিষয়ে করা সাধারণ ডায়েরি (জিডি) তদন্ত এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ২০ দিনে এসব মোবাইল উদ্ধার করা সম্ভব হয়েছে। গত ২২ ফেব্রুয়ারি পুলিশ কমিশনার মোবাইল ফোন উদ্ধারে একটি বিশেষ টিম গঠন করেন এবং প্রতি মাসে ১০০টি মোবাইল উদ্ধার করার পরিকল্পনা গ্রহণ করা হয়।

পুলিশ কমিশনারের তত্ত্বাবধান এবং টিমের প্রচেষ্টায় সিলেট মহানগরের ছয়টি থানার মোট ৩৯৬টি জিডি পর্যালোচনা করে ৭০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এর মধ্যে ৫০টি মোবাইল ফোন বৃহস্পতিবার মালিকদের হাতে তুলে দেওয়া হয়। বাকি ২০টি ফোন ইতোমধ্যে মালিকরা স্ব-উদ্যোগে সংগ্রহ করেছেন। হারানো মোবাইল ফিরে পেয়ে অনেক নাগরিক সন্তোষ প্রকাশ করেছেন। কেউ কেউ প্রিয় মোবাইল ফোন ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, মোবাইল ফোন উদ্ধারের এ কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। ছয় থানায় করা জিডির ভিত্তিতে হারানো মোবাইল দ্রুততম সময়ে মালিকদের কাছে ফিরিয়ে দিতে পুলিশ কাজ করে যাচ্ছে। পাশাপাশি তিনি নাগরিকদের মোবাইল ফোন ব্যবহারে আরও সতর্ক থাকার পরামর্শ দেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, নগরবাসীর জানমালের নিরাপত্তা ও সাইবার অপরাধ দমনে তারা সবসময় তৎপর রয়েছে এবং জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ।

সিলেটে বেপরোয়া অটোরিকশাকে সিগন্যাল দেওয়ায় পুলিশকে থাপ্পড় চালকের

সিলেটে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যকে থাপ্পড় মারার ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় মহানগরের দক্ষিণ সুরমা থানাধীন বাবনা পয়েন্টে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার মোহাম্মদ আব্দুল কুদ্দুস চৌধুরী জানান, বেপরোয়া গতিতে এক সিএনজি অটোরিকশা চালককে নগরের সুবিদবাজার পয়েন্টে পুলিশ সিগন্যাল দেয়। কিন্তু চালক সিগন্যাল অমান্য করে চলে যায়। এমনকি এমনকি রিকাবীবাজার পয়েন্টে সিগন্যাল দিলেও থামেনি।

তিনি বলেন, পরে এক সার্জেন্ট তাকে ধাওয়া করে বাবনা পয়েন্টে গিয়ে আটক করেন। আটকের সময় এলাকার লোকজন ওই চালককে মারধর করেন। পরে পুলিশের সাথে এলাকার একজনের বাকবিতন্ডার সময় পুলিশের গালে থাপ্পড় মারেন ওই চালক৷

পুলিশ কমিশনার জানান, ঘটনার পর ওই চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ধরনের ঘটনা আর ঘটলে আইনিভাবে মোকাবেলা করা হবে৷ পুলিশের কাজে কেউ বাঁধাদান, হেনস্থা বা গায়ে হাত তুলার মত ঘটনা কোন অবস্থাতে সহ্য করা হবে না বলে জানান সিলেট মহানগর পুলিশের এই শীর্ষ কর্মকর্তা।