সিলেটের গোয়াইনঘাট উপজেলার চাওড়াতল চা বাগানে প্রতিবেশীর মেয়েকে উত্যক্ত করাকে কেন্দ্র করে সংঘর্ষে চৈতন্য গোয়ালা (৪৩) নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (৬ জুন) বিকেল ৪টার দিকে চাওড়াতল চা বাগানে এ ঘটনা ঘটে।
নিহত চৈতন্য গোয়ালা ও আটক সুমন প্রধান (৪২) একই চা বাগানের শ্রমিক এবং প্রতিবেশী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (শনিবার) বিকেলে সুমন প্রধানের মেয়েকে উত্যক্ত করার অভিযোগ ওঠে চৈতন্য গোয়ালার বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষের সময় সুমনের ঘুষিতে গুরুতর আহত হন চৈতন্য। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।
খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে অভিযুক্ত সুমন প্রধানকে আটক করা হয়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, একটি মেয়েকে উত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


