সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার ৩১ অক্টোবর দুপুর ২টা ১৯ মিনিটে এ কম্পন অনুভূত হয়। সব মিলিয়ে গত ১৬ ঘণ্টায় বাংলাদেশ ও আশপাশের অঞ্চলে ছয়টি ভূমিকম্পের তথ্য পাওয়া গেছে।তবে এসব ভূমিকম্পের মাত্রা ছিল সামান্য। তাই অনেকেই টের পাননি।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, শনিবার (৩১ অক্টোবর) দুপুর ২টা ১৯ মিনিটে সিলেটের ছাতক থেকে ২৮ কিলোমিটার পশ্চিমে ২ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে।
এর আগে একই দিন সকাল সাড়ে ৬টায় ছাতক থেকে ২৮ কিলোমিটার পশ্চিমে ৩ দশমিক ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। এটির উৎপত্তিস্থল ছিল ২৫ কিলোমিটার গভীরে।
জানা গেছে, শনিবার সকাল ১০টা ১৬ মিনিটে ভারতের মণিপুরের থৌবাল থেকে ৭৪ কিলোমিটার পূর্বে ৩ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়। একই দিন সকাল ৭টা ১৩ মিনিটে ভারতের আসামের রাঙাপাড়া থেকে ১৩ কিলোমিটার উত্তরে ২ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়।
এ ছাড়া শুক্রবার দিবাগত (৩০ অক্টোবর) রাত ৮টা ৩৯ মিনিটে ভারতের আসামের রাঙাপাড়া থেকে ৪৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে ৩ মাত্রার এবং রাত ৮টা ৪৫ মিনিটে মিয়ানমারের সাগাইং অঞ্চলের মাওলাইকের ৪৫ কিলোমিটার পশ্চিমে ৩ মাত্রার ভূমিকম্প হয়।
জানা যায়, ছয়টি ভূমিকম্পের মধ্যে দুটি সিলেটের ছাতক এলাকায়, ভারতের আসামে দুটি ও একটি মণিপুরে এবং একটি মিয়ানমারে উৎপত্তি হয়েছে।
এদিকে ভূমিকম্পের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে সিলেটসহ বিভিন্ন এলাকার বাসিন্দারা দরজা-জানালায় শব্দ ও মৃদু কম্পন অনুভবের কথা জানিয়েছেন। তবে এসব শব্দ ও কম্পনের প্রতিটির সঙ্গে নির্দিষ্ট ভূমিকম্পের সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত করা যায়নি। এ বিষয়ে আবহাওয়া অফিসের সিলেট কার্যালয় থেকেও তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।



