সিলেটে ডিবি পরিচয়ে এক যুবকে অপরহণের চেষ্টা রুখে দিয়েছেন সাধারণ মানুষ। তাদের গাড়ি ভাঙচুর করে অপহরণকারীদের একজনকে আটক করে পুলিশে দিয়েছেন তারা।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৯টার দিকে নগরীর মদিনা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, সিলেটের মুগলগাঁও ইউনিয়নের মোল্লারগাঁও এলাকার নূর ইসলামের ছেলে এবং মদিনা মার্কেট এলাকার নাইসপ্রাইস নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানের শো’রুমের কর্মচারী এমরান হোসেনকে (১৯) ডিবি পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা করে ৩ ব্যক্তি। পরে তিনি গাড়ি থেকে লাফ দিয়ে নেমে চিৎকার চেঁচামেচি করলে মদিনা মার্কেট এলাকায় ধাওয়া করে অপহরণকারীদের গাড়ির চালককে আটক এবং গাড়িটি ভাঙচুর করেন স্থানীয়রা।
আটক চালকের নাম মো. সামাদ (২৮)। তার বাড়ি ছালিয়া এলাকায় বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার এসআই প্রবির।
বিষয়টি নিয়ে আলাপকালে ভিকটিম এমরান হোসেন সিলেটভিউকে বলেন, সোমবার রাতে একদল লোক র্যাব পরিচয় দিয়ে আমার কর্মস্থলে গিয়ে আমাকে খোঁজাখুঁজি করেছে বলে সেখানে গিয়ে জানতে পারি। আমি আমার অভিভাবকদের সাথে যোগাযোগ করার জন্য সকাল ৯টার আগে শো’রুম থেকে বেরিয়ে পড়লে সাদা রঙের একটি প্রাইভেট কার থেকে নেমে তিনজন লোক জোর করে তাকে ডিবি পরিচয় দিয়ে গাড়িতে তোলে। কিছুদূর যাওয়ার পর তিনি জোরকরে লাফ দিয়ে গাড়ি থেকে নামেন এবং চিৎকার করেন। এরপর এলাকাবাসী গাড়িটি ধাওয়া দিয়ে আটক ও ভাঙচুর করেছেন এবং একজনকে নাকি আটকও করেছেন। আমি আহত হয়ে হাসপাতালে চলে আসায় বিস্তারিত জানিনা।
এর নেপথ্যে কি থাকতে পারে বা কারা এ ঘটনা ঘটাতে পারে বলে তিনি মনে করেন? এমন প্রশ্নের জবাবে এমরান বলেন, কিছুদিন আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে তিনি বিয়ে করেছেন। তার স্ত্রীর চাচারা বিয়ের বিষয়টি মানতে পারেন নি। তারা নানাভাবে তাকে হুমকি ধমকি দিয়েই যাচ্ছিলেন। এ ঘটনার পেছনে তারা জড়িত থাকতে পারেন বলে তার সন্দেহ প্রবল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল হাবিব জানান, গাড়িটি একেবারে গুড়িয়ে দিয়েছে পাবলিক। আটক একজন আছে। তবে এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন তিনি।


