Friday, April 10, 2026
Home Blog Page 6

যে ভয়ংকর জিনিসসহ শাপলাকে ধরল ডিবি পুলিশ

ভয়ংকর মাদক ক্রিস্টাল আইস তৈরির বিপুল পরিমাণ কাঁচামালসহ এক তরুণীকে আটক করেছে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে যশোর শহরের মণিহার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক তরুণীর নাম শাপলা খাতুন স্বপ্না (২৮)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলা গ্রামের আক্তারুজ্জামানের মেয়ে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি বাসে মাদকদ্রব্য বহন করা হচ্ছে। পরে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ডিবি পুলিশের একটি দল যশোর মণিহার বাসস্ট্যান্ডে অবস্থান নেয়। এ সময় চট্টগ্রামগামী ঈগল পরিবহনের একটি বাস স্ট্যান্ডে পৌঁছালে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে বাসের বক্স থেকে একটি প্লাস্টিকের বস্তার ভেতরে রাখা তিনটি প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেট বহন করার অভিযোগে শাপলা খাতুন স্বপ্নাকে আটক করা হয়।

যশোর ডিবি পুলিশের এসআই অলোক কুমার দে জানান, প্রথমে উদ্ধারকৃত প্যাকেটে কী ধরনের দ্রব্য রয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। পরে বস্তাসহ আটক তরুণীকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তিনটি প্যাকেট খুলে ছোট ছোট আরও ২৫টি প্যাকেট পাওয়া যায়।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বপ্না কোনো তথ্য দেননি। পরে প্রায় ১৮ ঘণ্টার জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি স্বীকার করেন, উদ্ধার করা দ্রব্যগুলো ক্রিস্টাল আইস তৈরির কাঁচামাল। যার মধ্যে ২৫ কেজি এফিড্রিন বা সিউডোএফিড্রিন এবং ছয় লিটার পিউরিফাইড অ্যাসিড (হাইড্রোক্লোরিক অ্যাসিড) রয়েছে।

পুলিশকে স্বপ্না জানান, সাতক্ষীরার কলারোয়া উপজেলার আজমল হোসেন লাল্টু নামে এক ব্যক্তি তাকে এসব মালামাল চট্টগ্রামের অলংকার মোড়ে পৌঁছে দিতে বলেন। বিনিময়ে তাকে ৬০ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন দেওয়ার কথা ছিল।

এসআই অলোক কুমার দে আরও জানান, এ ঘটনায় শাপলা খাতুন স্বপ্না ও আজমল হোসেন লাল্টুর নামে শুক্রবার যশোর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। পরে বিকেলে স্বপ্নাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সিলেট চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, কিশোরের গলাকাটা লাশের পাশে প্রস্তুত ছিল কবর

সিলেটের গোয়াইনঘাটে একটি পোল্ট্রি ফার্ম থেকে সুমন আহমদ (১৭) নামে এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলের পাশেই একটি খোঁড়া কবর পাওয়া গেছে, যা ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে স্থানীয়রা পোল্ট্রি ফার্মের ভেতরে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

নিহত সুমন আহমদ পার্শ্ববর্তী বানিগ্রামের বাসিন্দা আনোয়ার মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুমনের মুখ বাঁধা ছিল এবং ধারালো অস্ত্র দিয়ে তার গলা কাটা হয়েছিল। ঘটনাস্থলের পাশেই একটি কবর খোঁড়া অবস্থায় দেখতে পান স্থানীয়রা। এতে ধারণা করা হচ্ছে, হত্যার পর মরদেহটি গুম করার পরিকল্পনা ছিল দুর্বৃত্তদের।

ঘটনাটি জানাজানি হলে এলাকায় আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

খবর পেয়ে রাত ১২টার দিকে গোয়াইনঘাট–কোম্পানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল নোমান এবং গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামানসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

রাত ২টা পর্যন্ত পাওয়া তথ্যে জানা গেছে, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছিল।

এদিকে, পোল্ট্রি ফার্মের মালিকের বাড়ি থেকে রক্তমাখা একটি হাতুড়ি ও এক জোড়া জুতা উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সিলেট নগরীতে ৭০টি হারানো মোবাইল ফিরিয়ে দিলো এসএমপি

সিলেট নগরীতে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৭০টি মোবাইল ফোন উদ্ধার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ, ডিবি ও সাইবার ক্রাইম ইউনিট। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী-এর উপস্থিতিতে এসব মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

এসএমপি সূত্রে জানানো হয়েছে, হারানো মোবাইল ফোনের বিষয়ে করা সাধারণ ডায়েরি (জিডি) তদন্ত এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ২০ দিনে এসব মোবাইল উদ্ধার করা সম্ভব হয়েছে। গত ২২ ফেব্রুয়ারি পুলিশ কমিশনার মোবাইল ফোন উদ্ধারে একটি বিশেষ টিম গঠন করেন এবং প্রতি মাসে ১০০টি মোবাইল উদ্ধার করার পরিকল্পনা গ্রহণ করা হয়।

পুলিশ কমিশনারের তত্ত্বাবধান এবং টিমের প্রচেষ্টায় সিলেট মহানগরের ছয়টি থানার মোট ৩৯৬টি জিডি পর্যালোচনা করে ৭০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এর মধ্যে ৫০টি মোবাইল ফোন বৃহস্পতিবার মালিকদের হাতে তুলে দেওয়া হয়। বাকি ২০টি ফোন ইতোমধ্যে মালিকরা স্ব-উদ্যোগে সংগ্রহ করেছেন। হারানো মোবাইল ফিরে পেয়ে অনেক নাগরিক সন্তোষ প্রকাশ করেছেন। কেউ কেউ প্রিয় মোবাইল ফোন ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, মোবাইল ফোন উদ্ধারের এ কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। ছয় থানায় করা জিডির ভিত্তিতে হারানো মোবাইল দ্রুততম সময়ে মালিকদের কাছে ফিরিয়ে দিতে পুলিশ কাজ করে যাচ্ছে। পাশাপাশি তিনি নাগরিকদের মোবাইল ফোন ব্যবহারে আরও সতর্ক থাকার পরামর্শ দেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, নগরবাসীর জানমালের নিরাপত্তা ও সাইবার অপরাধ দমনে তারা সবসময় তৎপর রয়েছে এবং জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ।

সিলেটে বেপরোয়া অটোরিকশাকে সিগন্যাল দেওয়ায় পুলিশকে থাপ্পড় চালকের

সিলেটে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যকে থাপ্পড় মারার ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় মহানগরের দক্ষিণ সুরমা থানাধীন বাবনা পয়েন্টে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার মোহাম্মদ আব্দুল কুদ্দুস চৌধুরী জানান, বেপরোয়া গতিতে এক সিএনজি অটোরিকশা চালককে নগরের সুবিদবাজার পয়েন্টে পুলিশ সিগন্যাল দেয়। কিন্তু চালক সিগন্যাল অমান্য করে চলে যায়। এমনকি এমনকি রিকাবীবাজার পয়েন্টে সিগন্যাল দিলেও থামেনি।

তিনি বলেন, পরে এক সার্জেন্ট তাকে ধাওয়া করে বাবনা পয়েন্টে গিয়ে আটক করেন। আটকের সময় এলাকার লোকজন ওই চালককে মারধর করেন। পরে পুলিশের সাথে এলাকার একজনের বাকবিতন্ডার সময় পুলিশের গালে থাপ্পড় মারেন ওই চালক৷

পুলিশ কমিশনার জানান, ঘটনার পর ওই চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ধরনের ঘটনা আর ঘটলে আইনিভাবে মোকাবেলা করা হবে৷ পুলিশের কাজে কেউ বাঁধাদান, হেনস্থা বা গায়ে হাত তুলার মত ঘটনা কোন অবস্থাতে সহ্য করা হবে না বলে জানান সিলেট মহানগর পুলিশের এই শীর্ষ কর্মকর্তা।

সিলেটে অপহরণ মামলায় ছেলে গ্রেপ্তার, বিএনপি থেকে অব্যাহতি নিলেন বাবা

সিলেটে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় ছেলে আটক হওয়ায় পদত্যাগ করেছেন বিএনপি নেতা রুমান আহমদ। তিনি মহানগর বিএনপির ১৬ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক ছিলেন।

ছিনতাই ও অপহরণ মামলায় ছেলে ফারদিন আহমদ (১৮) আটকের ছবি ভাইরাল হওয়ার পর রুমান স্বেচ্ছায় পদ থেকে অব্যাহতি নেন। মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ আহমদ চৌধুরীর কাছে অব্যাহতিপত্র জমা দেন তিনি।

বুধবার রেজাউল হাসান কয়েস লোদী জানান, গ্রেপ্তারের পর রুমান আহমদের ছেলের সঙ্গে স্থানীয় বিএনপির অনেক নেতার ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন রুমান আহমদ।

দলের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ণ না হয়, সেজন্য পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন তিনি। রুমান পদত্যাগপত্রে উল্লেখ করেন, তার ছেলে নির্দোষ। যদি আদালতে সেটা প্রমাণ হয়, তিনি ভবিষ্যতে আবার দলের পদে ফেরার আশাবাদ ব্যক্ত করেন।

রুমান আহমদ জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির আদর্শ ও নিয়মকানুন লালন করেন তিনি। কোনো ব্যক্তিগত বা পারিবারিক কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হোক, সেটা তিনি চান না। নৈতিক এ অবস্থান থেকে ওয়ার্ড সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন।

গত শনিবার নগরীর তাঁতিপাড়া এলাকার নাজমা নিবাস নামে ৫৬ নম্বর বাসায় অভিযান চালায় পুলিশ। এ সময় অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে ১০ জনকে আটক এবং প্রবাসীসহ দুই ভিকটিমকে উদ্ধার করা হয়।

আটকদের মধ্যে বিএনপি নেতা রুমানের ছেলে ফারদিনও ছিল। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা হয়। বিষয়টি নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন রুমান। একপর্যায়ে তিনি দল থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নেন। তবে তার দাবি, ছেলে ফারদিন নির্দোষ।

মৌলভীবাজারে নারীকে অপহরণের চেষ্টা, গ্রেপ্তার ৩

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় এক কর্মজীবী নারীকে অপহরণের চেষ্টার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ সময় অপহরণের কাজে ব্যবহৃত একটি সাদা রঙের প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন— কুলাউড়া উপজেলার শ্রীপুর (নাছিরাবাদ) গ্রামের মতছির আলীর ছেলে মোঃ জাকির মিয়া (২৬), মৌলভীবাজার সদর উপজেলার সৈয়ারপুর এলাকার আব্দুর রহমানের ছেলে মোঃ কাওছার আহমদ (৩৪) এবং সদর উপজেলার গুলবাগ (বেরিরচর) এলাকার নুর মিয়ার ছেলে জসিম মিয়া (৩৬)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ মার্চ ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে কমলগঞ্জ উপজেলার ৫ নম্বর কমলগঞ্জ ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও গ্রামের বাসিন্দা কর্মজীবী নারী ফাতেমা পারভেজ নিশি (২৯) শ্রীমঙ্গলে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে কমলগঞ্জের বটতলা বাজারে অপেক্ষা করছিলেন। এ সময় একটি সাদা রঙের প্রাইভেটকার (ঢাকা মেট্রো-ক-০৩-৯৪৯৪) এসে তাকে শ্রীমঙ্গল যাবেন কিনা জিজ্ঞাসা করে। তিনি যেতে অস্বীকৃতি জানালে গাড়িটি আশপাশে ঘোরাফেরা করতে থাকে। পরবর্তীতে তিনি বাড়ির দিকে হাঁটা শুরু করলে গাড়িটি তাকে অনুসরণ করে তার বাড়ির রাস্তায় ঢুকে পড়ে। একপর্যায়ে গাড়িতে থাকা এক ব্যক্তি নেমে তার মুখ চেপে ধরে জোরপূর্বক ১০–১২ হাত টেনে গাড়িতে তুলে অপহরণের চেষ্টা করে। তবে সাহসিকতার সঙ্গে প্রতিরোধ করে ধস্তাধস্তির একপর্যায়ে তিনি তাদের হাত থেকে ছুটে পালিয়ে নিরাপদে চলে যেতে সক্ষম হন।
মৌলভীবাজারে নারীকে অপহরণের চেষ্টা, গ্রেপ্তার ৩
ঘটনার পর ভিকটিমের অভিযোগের ভিত্তিতে কমলগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৩০ ধারায় মামলা (নং-০৭, জিআর-১৯/২৬, তারিখ ০৯ মার্চ ২০২৬) দায়ের করা হয়।

মামলার পর মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ ওয়াহিদুজ্জামান রাজুর নির্দেশনা ও তত্ত্বাবধানে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ টিম তদন্ত শুরু করে। পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিঠু রায়, এসআই আমির উদ্দিন, এসআই রনি তালুকদার ও এএসআই হামিদুর রহমানসহ একাধিক টিম সিসিটিভি ফুটেজ, তথ্যপ্রযুক্তি ও ম্যানুয়াল সোর্সিংয়ের মাধ্যমে অভিযান চালায়।

তদন্তের একপর্যায়ে গত ১০ মার্চ ২০২৬ তারিখ সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিলেট মহানগরীর সোবহানীঘাট এলাকার আত্মা কমিউনিটি সেন্টারের ভেতর থেকে অপহরণের কাজে ব্যবহৃত সাদা রঙের প্রাইভেটকারটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

সিলেটে মোটর সাইকেল চালকদের জন্য পুলিশের নতুন বিধিনিষেধ

সিলেট নগরের মোটর সাইকেল চালকদের জন্য নতুন বিধিনিষেধ আরোপ করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সিলেট মহানগর পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী জারি করা এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ বিধিনিষেধ জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে নগরে ট্রাক চলাচলসহ আর দুটি বিষয়েও নতুন নির্দেশনা দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়- আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে মহানগরবাসীর যাতায়াত নির্বিঘ্ন রাখার লক্ষ্যে বুধবার থেকে হতে ঈদ-উল-ফিতর পর্যন্ত রাত ১০টা থেকে রাত ১ টা পর্যন্ত নগরেরর নাইওরপুল পয়েন্ট হতে শাহী ঈদগাহ ও নয়াসড়ক রুটে ট্রাক চলাচল সাময়িক বন্ধ রাখার জন্য অনুরোধ করা হলো। উক্ত সময়ে পন্য পরিবহণ বা অন্যান্য কাজে মহানগরীর বিকল্প রুট (নাইওরপুল-মিরাবাজার-শিবগঞ্জ- টিলাগড়-বালুচর-শাহী ঈদগাহ-আম্বরখানা) ব্যবহার করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা যাচ্ছে।

এতে আরও বলা হয়, মোটরসাইকেল চালক ও আরোহীদের পরিচয় নিশ্চিত করতে মোটরসাইকেল চালানো অবস্থায় Tinted visors ব্যবহার নিষিদ্ধ করা হলো। আগামী তিন দিনের মধ্যে মোটরসাইকেল চালানো অবস্থায় Tinted visors এর পরিবর্তে বিকল্প হেলমেট ব্যবহার করতে অনুরোধ করা হলো। তিন দিন পর থেকে এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়া পেট্রোল পাম্পে কয়েকটি অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে গণবিজ্ঞপ্তিতে বলা হয়- পেট্রোল পাম্পে জ্বালানি তেল গ্রহণের সময় পাম্পের লোকজনের সাথে উগ্র আচরণ বা ভয়ভীতি প্রদর্শন করা যাবে না, ছুরি বা কোনো ধারালো বস্তু নিয়ে পেট্রোল পাম্পে প্রবেশ করা যাবে না। এ ধরনের আচরণ করলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সিলেট মহানগরীর জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে এই গণবিজ্ঞপ্তি জারী করা হলো।

সিলেটে হাউজিং এস্টেটে ছিনতাইয়ের ঘটনায় ডাকাত গ্রেফতার

সিলেট নগরীর আলোচিত হাউজিং এস্টেট এলাকায় প্রকাশ্যে ফিল্মি স্টাইলে নারীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য রশিদ আহমদ ওরফে রশিদ আলী ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১১ মার্চ) ভোরে সিলেট মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানা পুলিশের একটি দল কানাইঘাট থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আলোচিত এই ডাকাত সিলেট জেলার কানাইঘাট থানার বিষ্ণুপুর এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, আটককৃত রশিদ আলী আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।

হাউজিং এস্টেট এলাকায় সিএনজি অটোরিকশা থামিয়ে ব্যাগ ছিনিয়ে নেয়ার ঘটনায় সিসিটিভি ফুটেজে যাকে দেখা গেছে, তিনি সেই রশিদ আলী ডাকাত।

ঘটনার বিবরণে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি নগরীর হাউজিং এস্টেট এলাকার সড়কে সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করে ছিনতাইয়ের ঘটনা ঘটে। তিনটি মোটরসাইকেলে এসে ৬ জন হেলমেটধারী সশস্ত্র যুবক অটোরিকশাটি থামিয়ে যাত্রী ইয়াসমিন আক্তারের কাছ থেকে একটি ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি অটোরিকশা হাউজিং এস্টেটের ভেতরের সড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় তিনটি মোটরসাইকেলে কয়েকজন ব্যক্তি এসে অটোরিকশার গতিরোধ করে। তাদের মধ্যে একজন মোটরসাইকেল থেকে নেমে অটোরিকশার ভেতরে থাকা ব্যাগটি ধরে টানাটানি শুরু করে। কিছুক্ষণ টানাহেঁচড়ার পর ব্যাগটি নিয়ে মোটরসাইকেল আরোহীরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।

এ সময় অটোরিকশা থেকে নেমে ছিনতাইয়ের শিকার ওই নারীকে চিৎকার করতে দেখা যায়। পরে এ ঘটনায় ভুক্তভোগী ইয়াসমিন আক্তার এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

পুলিশ সূত্রে জানা যায়, কর পরিদর্শক ইয়াসমিন আক্তার অফিস থেকে সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফিরছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি অটোরিকশা থামিয়ে তার ভ্যানিটি ব্যাগ নিয়ে যায়। ব্যাগে ১৫-২০ হাজার টাকা, স্বাক্ষর করা কয়েকটি চেকপাতা, আইফোন ও এটিএম কার্ড ছিল।

পরে ছিনতাইকারীরা ব্যাগ থেকে টাকা নেয়ার পর আইফোন ও এটিএম কার্ড একটি রেস্টুরেন্টের সামনে ফেলে যায় বলে জানা গেছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মুহাম্মদ সাইফুল ইসলাম বুধবার দুপুরে নয়া দিগন্তকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সিলেটে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি করছে যারা

পবিত্র রমজানে সবকিছুর দাম বেড়ে আকাশ ছোঁয়া হয়ে যায়। অসাধু ব্যবসায়ীদের চতুরতায় জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ে। এবারও তাই হয়েছে। সরকার কঠোর হলেও নানান অজুহাতে জিনিসপত্রের দাম বাড়ানোর চেষ্টা হয়েছে।

তবে এরমধ্যে স্বস্তির একটা খবরও আছে। আর সেটা হচ্ছে সরকারের একটি প্রতিষ্ঠান প্রচলিত বাজার মূল্যের চেয়ে কিছুটা কম দামে হলেও সিলেটে আমিষ জাতীয় খাবারের ৪টি উপাদান সরবরাহ করছে। আর সেই প্রতিষ্ঠানটি হল প্রাণী সম্পদ অধিদপ্তর।

তারা আমিষের ৪টি উপাদান ট্রাকে নিয়ে প্রতিদিন সিলেটের বাজারে নামছে। আর উপাদানগুলো হচ্ছে গরুর মাংস, ব্রয়লার মোরগ, দুধ ও ডিম।

তারা প্রতি কেজি গরুর মাংস দিচ্ছে ৬৫০ টাকায়, যেখানে সিলেট সিটি করর্পোরেশনের নির্ধারিত মূল্য হচ্ছে ৭৫০ টাকা। আর অসাধু ব্যবসায়ীরা বিক্রি করছেন ৮ থেকে ৯শ’ টাকা।

আবার ড্রেসি (বড় চামড়া ইত্যাদি ছাড়া) ব্রয়লার মোরগের কেজি ২৪৫ টাকা যা সাধারণ প্রচলিত বাজার মূল্য অনুযায়ী পড়ে অন্তত তিন থেকে সাড়ে তিনশ’ টাকা।

একইভাবে তারা প্রতি লিটার গরুর দুধ দিচ্ছে ৮০ টাকা ও প্রতি পিস মোরগের ডিম দিচ্ছে ৮টাকায়।

প্রতিদিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত নগরীর মির্জাজাঙ্গাল পয়েন্ট এবং ১টা থেকে ৪টা পর্যন্ত বন্দরবাজার এলাকার কোর্ট পয়েন্টে প্রাণী সম্পদ অধিদপ্তরের এই গাড়ি অবস্থান করে।

মাংস ও দুধ ডিম থেকে গেলে ৪টার পরেও তারা নগরীর সুবিদবাজারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় বিক্রির চেষ্টা করেন বলে জানালেন সরকারের এই কার্যক্রমের সমন¦য়ক ও গোলাপগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জুনায়েদ কবীর।

তিনি আরও জানান, এ কার্যক্রম শুরু হয়েছে পহেলা রমজান থেকে, চলবে আগামী ২৬ রমজান পর্যন্ত।

সিলেটে পেট্রল পাম্প কর্মচারীকে ছুরিকাঘাত, ৩ আসামি গ্রেপ্তার

সিলেটে তেল না পেয়ে পেট্রল পাম্প কর্মচারীকে ছুরিকাঘাতের ঘটনায় ৩ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার মিরপুর বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন এয়ারপোর্ট থানার চৌকিদেখী এলাকার আব্দুল মান্নানের ছেলে মো. ফাহিম আহমদ (২১), বালাউট এলাকার ফয়েজ আহমদের ছেলে ও বর্তমানে নগীর চৌকিদেখী এলাকার রংধনু-৬৬ নং বাসার তামিম আহমদ (১৯) এবং চৌকিদেখী ১০২/২নং বাসার মৃত আব্দুল জব্বার বাবুলের ছেলে তানজিম আহমদ সজীব (১৯)।

এর আগে সোমবার সন্ধ্যায় তেল সংগ্রহ করতে না পারায় নগরীর চৌকিদেখী এলাকার উত্তরা পাম্পের কর্মচারী মিঠু গোয়ালাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় গ্রেপ্তারকৃতরা।

পরে এ ঘটনায় উত্তরার ম্যানেজার জাহাঙ্গীর আলম বাদী হয়ে এয়ারপোর্ট থানায় মামলা এই ৩জনকে আসামি করে অভিযোগ দায়ের করেন।