Monday, April 6, 2026
Home Blog Page 20

সিলেটে প্রকাশ্যে অত্যাধুনিক অ*স্ত্রের মহড়া, নির্বাচন ঘিরে নিরাপত্তা শঙ্কা

সিলেট অঞ্চলের বিভিন্ন এলাকায় গত কয়েক বছরে নানা উত্তেজনায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া হয়েছে। পাশাপাশি ২০২৪ এর আগস্টে সরকার পতনের আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্র এখনও উদ্ধার হয়নি। এ অবস্থায় আগামী জাতীয় নির্বাচনে নাগরিক নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা নাগরিক সমাজের প্রতিনিধিদের। তবে, নির্বাচনের আগেই শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে সব অস্ত্র উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

রাজনৈতিক উত্তেজনায় প্রকাশ্যে চলছে অবৈধ আগ্নেয়াস্ত্র প্রদর্শন। সম্প্রতি সিলেটের জিন্দাবাজার এলাকায় এমন ঘটনায় দেখা যায় অত্যাধুনিক এম-১৬ অস্ত্র প্রদর্শনও। ২০২৪ এর আগস্টে সরকার পতনের আন্দোলন চলাকালে ব্যবহৃত এই অস্ত্র এখনও উদ্ধার হয়নি। সিলেট অঞ্চলের বিভিন্ন এলাকায় গত কয়েক বছর ধরে নানা উত্তেজনায় এমন অস্ত্রের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে প্রতিপক্ষকে হুমকি দেয়ার ঘটনাও ঘটে।

২৪ এর ৫ আগস্ট সিলেটের থানা ও পুলিশ ফাঁড়িগুলোর অস্ত্রাগার থেকে ছিনিয়ে নেয়া হয় বিভিন্ন মডেলের ১৩২টি আগ্নেয়াস্ত্র। গত দেড় বছরের বেশি সময়ে তারমধ্যে উদ্ধার হয়েছে ১১৬টি। এ অবস্থায় আগামী জাতীয় নির্বাচনে নাগরিক নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে মনে করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।

সচেতন নাগরিক কমিটির সিলেট জেলা সভাপতি শিরিন আক্তার বলেন, ‘থানা লুট হয়েছে, ফলে সন্ত্রাসী এমনকি সাধারণ মানুষ অনেক অস্ত্র নিয়ে গেছে। এখনও সব অস্ত্র উদ্ধার হয়নি। এতে একজন ভোটার হিসেবে আমি নিরাপত্তা নিয়ে শঙ্কা বোধ করছি। এবং এসব অস্ত্র উদ্ধার না হওয়া সুষ্ঠু ভোটের অন্তরায়।’

শুধু মারামারির সময় নয়, অস্ত্রের প্রদর্শন করে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট করছেন। সম্প্রতি এমন কাজের জন্য সুনামগঞ্জের দোয়ারাবাজারে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়। তবে, সে অস্ত্রও উদ্ধার করা যায়নি এখনও। এরপর ওই উপজেলায় অভিযান চালিয়ে বেশকিছু অস্ত্র উদ্ধার করে র‌্যাব।

সংশ্লিষ্টরা বলছেন, সিলেট অঞ্চলের ভারত সীমান্ত ব্যবহার করে বিভিন্ন সময়ে দেশে চোরাচালান হওয়া অস্ত্র হাত বদল করতে কুরিয়ার সার্ভিসের সহায়তাও নিচ্ছে একটি চক্র। তবে, নির্বাচনের আগেই শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে সব অস্ত্র উদ্ধারে অভিযান চলছে বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।

র‌্যাব-৯ অধিনায়ক উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী বলেন, ‘তৎপরতা জোরদার করেছি। অধিকাংশ অস্ত্রই উদ্ধার করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে আমাদের তৎপরতা আরও জোরদার করা হয়েছে।’

সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আনোয়ারুল হক বলেন, ‘এরইমধ্যে নির্বাচন সংক্রান্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচন অফিস, রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তার অফিসে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।’

পুলিশের তথ্যমতে, সিলেট বিভাগের ৪ জেলায় ব্যক্তি মালিকাধীন মোট বৈধ অস্ত্রের সংখ্যা ১ হাজার ৯৯টি। গত দেড় বছরে বিভিন্ন ইস্যুতে এসব অস্ত্র জমা দেয়ার নির্দেশনা রয়েছে প্রশাসনের।

সিলেট নগরের কয়েকটি এলাকায় মঙ্গল ও বুধবার সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

সিলেট নগরের কয়েকটি এলাকায় আগামী মঙ্গল ও বুধবার (১৩ ও ১৪ জানুয়ারি) মিছিল সভা ও সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

রবিবার (১১ জানুয়ারি) বিকালে সিলেট মহানগর পুলিশের কমিশনার এক গণবিজ্ঞপ্তি জারি করে বিষয়টি নিশ্চিত করেছেন। শাহজালাল বিজ্ঞাপন ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ স্নাতক (সম্মান/ইঞ্জিনিয়ারিং) প্রথম বর্ষ প্রথম সেমিস্টার ভর্তি পরীক্ষা উপলক্ষে এই নিষেধাজ্ঞা।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, শাবি ভর্তি পরীক্ষা অনুষ্টিত হবে নগরীর আম্বরখানা হাউজিং এস্টেটের আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, জিন্দাবাজারের সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, পাঠানটুলার শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা, মীরাবাজারের শাহজালাল জামেয়া ইসলামিয়া হাইস্কুল অ্যান্ড কলেজ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত এসব কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্টিত হবে।

এ অবস্থায় পরীক্ষা শুরুর ১ ঘন্টা পূর্ব থেকে শেষ হওয়ার ১ ঘন্টা পর পর্যন্ত এসব কেন্দ্রের অন্তত ২০০ গজের মধ্যে কোনো ধরনের মিছিল সভা সমাবেশ উচ্চ স্বরে শব্দ, চিৎকার চেঁচামেচি, গান-বাজনা, ঢাক-ঢোল বাজানো, মাইক্রোফোন, লাউড-স্পিকার বা শব্দ উৎপাদনকারী অন্য কোনো যন্ত্র বহন ও ব্যবহার, তলোয়ার, বর্শা, বন্দুক বা অন্য যেকোনো ধরনের অস্ত্রশস্ত্র বহন ও ব্যবহার, ছোরা, লাঠি বা কোনো ধরনের বিস্ফোরক ব্যবহার, বহিরাগত ও অননুমোদিত ব্যক্তির অনুপ্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এই নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে এই গণবিজ্ঞপ্তিতে।

সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট নিয়ে বিমানকে ব্রিটিশ ৮ এমপির চিঠি

ম্যানচেস্টার-সিলেট সরাসরি ফ্লাইট স্থগিতের সম্ভাব্য সিদ্ধান্ত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে চিঠি দিয়েছেন যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টার ও নর্থ ওয়েস্ট অঞ্চলের আটজন সংসদ সদস্য (এমপি)।

শুক্রবার (৯ জানুয়ারি) পাঠানো ওই চিঠিতে স্বাক্ষর করেন- পল ওয়াহ (রচডেল), আফজাল খান (ম্যানচেস্টার রাশোলম), অ্যান্ড্রু গুইন (গর্টন অ্যান্ড ডেন্টন), জিম ম্যাকমাহন (ওল্ডহ্যাম ওয়েস্ট, চাডারটন অ্যান্ড রয়টন), ডেবি আব্রাহামস (ওল্ডহ্যাম ইস্ট অ্যান্ড স্যাডলওয়ার্থ), সারাহ হল (ওয়ারিংটন সাউথ), নবেন্দু মিশ্র (স্টকপোর্ট) এবং জেফ স্মিথ (ম্যানচেস্টার উইথিংটন)।

চিঠিটি পাঠানো হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাফিউল আজিমের কাছে। একই সঙ্গে চিঠির একটি অনুলিপি যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের কাছেও পাঠানো হয়েছে।

চিঠিতে এমপিরা উল্লেখ করেন, ম্যানচেস্টার-সিলেট রুট যুক্তরাজ্যের অন্যতম বৃহৎ বাংলাদেশি কমিউনিটির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিহার্য যোগাযোগ মাধ্যম। অসুস্থ স্বজনের খোঁজ নেওয়া, মৃত্যুজনিত জরুরি সফর, চিকিৎসা এবং পারিবারিক নানা প্রয়োজনে বিপুলসংখ্যক মানুষ এই সরাসরি ফ্লাইটের ওপর নির্ভরশীল।

তারা আরও জানান, আগামী ১ ফেব্রুয়ারি থেকে বুকিং সিস্টেমে ম্যানচেস্টার-সিলেট ফ্লাইটটি দেখা যাচ্ছে না, অথচ এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা বা ব্যাখ্যা দেওয়া হয়নি। এতে যাত্রীদের মধ্যে চরম অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি হয়েছে। সংসদ সদস্যরা সতর্ক করে বলেন, বিকল্প ইনডিরেক্ট ফ্লাইটগুলো শুধু অতিরিক্ত ব্যয়বহুলই নয় বরং বয়স্ক ও অসুস্থ যাত্রীদের জন্য শারীরিকভাবে অত্যন্ত কষ্টসাধ্য।

চিঠিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে তিনটি বিষয় স্পষ্ট করার আহ্বান জানানো হয়-

ম্যানচেস্টার-সিলেট রুটের বর্তমান অবস্থা নিশ্চিত করা, রুট স্থগিতের পেছনের যুক্তি ব্যাখ্যা করা এবং এই গুরুত্বপূর্ণ সেবা বজায় রাখতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে তা জানানো।

এমপিরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে বাংলাদেশ হাইকমিশন ও সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে সমন্বয় করে রুটটি স্থগিতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার পাশাপাশি ক্ষতিগ্রস্ত কমিউনিটির সঙ্গে সরাসরি আলোচনায় বসার আহ্বান জানান।

তাদের মতে, সামাজিক ও মানবিক বিবেচনার পাশাপাশি নর্থ ওয়েস্ট ইংল্যান্ড অঞ্চলের জন্য এই রুটের দীর্ঘমেয়াদি কৌশলগত গুরুত্বও অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

সিলেট স্টেডিয়ামের ভিআইপি গ্যালারিতে জু*য়া, আটক ৩

সিলেটে চলছে বিপিএলের ১২তম আসর। এই আসরের রংপুর ও নোয়াখালীর ম্যাচ চলাকালীন সময়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভিআইপি গ্যালারিতে বসে জুয়া খেলার সময় তিনজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। খেলা চলাকালীন সময়ে ভিআইপি গ্যালারিতে বসে জুয়ায় লিপ্ত থাকার অভিযোগে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার আলদাউদপুর এলাকার বসু মিয়ার ছেলে মো. মুক্তার মিয়া (২৯), নারায়ণগঞ্জ জেলার কুমারগাঁও থানার মামররপুর এলাকার আব্দুল আজিজের ছেলে মো. খোকন মিয়া (২৮) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার আলদাউদপুর এলাকার রহিম মিয়ার ছেলে নূর আলম (২২)।

পুলিশ সূত্রে জানা যায়, তিনজন বৈধ টিকিট নিয়ে ভিআইপি গ্যালারিতে প্রবেশ করে খেলা দেখার আড়ালে জুয়া খেলায় লিপ্ত হয়। বিষয়টি নজরে এলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর দায়িত্বরত কর্মীরা তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

স্টেডিয়ামে দায়িত্বরত পুলিশ বক্সের এসআই জুয়েল জানান, আটক তিনজনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এয়ারপোর্ট থানায় প্রেরণ করা হয়েছে।

সিলেটে সোয়া কোটি টাকার চোরাই পণ্য জ*ব্দ

সিলেটে প্রায় সোয়া কোটি টাকার চোরাই পণ্য জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেছে বর্ডার গার্ড- বিজিবি ৪৮ ব্যাটালিয়ন।

তারা জানায়, বুধ ও বৃহস্পতিবার বিজিবি ৪৮ ব্যাটালিয়ন সিলেট ও সুনামগঞ্জ সীমান্তের দমদমিয়া, সংগ্রাম, বিছনাকান্দি, প্রতাপপুর, শ্রীপুর, কালাসাদেক ও পান্তুমাই বিওপি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই পথে আসা ১ কোটি ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে।

এসব পণ্যের মধ্যে রয়েছে, ভারতীয় সানগøাস, কমলা, মহিষ, শাড়ী, গরু, জিরা, চিনি, চকলেট, শীতের কম্বল, কসমেটিকস সামগ্রী, চা-পাতা, মদ এবং বাংলাদেশ থেকে পাচারকালে বাংলাদেশী লেডিস সোয়েটার, টি-শার্ট, রসুন, শিং মাছ ও চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল, অবৈধ পাথর পরিবহনে ব্যবহৃত ডিআই পিকআপ আটক করে।

এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ১ কোটি ১৭ লাখ ৮ হাজার ৭০০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক এ প্রসঙ্গে বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রেিরাধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত। জব্দকৃত চোরাচালানী পণ্যগুলোর ব্যাপারে আইনানুগ পদক্ষেপ গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।

সিলেটে শাহজালাল (র.) মাজারের পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার

সিলেট শাহজালাল (রহ:) মাজারের কবরস্থান সংলগ্ন সড়ক থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে কোতোয়ালি থানা পুলিশ অজ্ঞাত নামা ওই নারীর মরদেহ উদ্ধার করে। তার বয়স আনুমানিক ৬৮ বছর।

সুরতহাল প্রস্তুত শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এসব তথ্য নিশ্চিত করেন শাহজালাল (রহ:) মাজারকেন্দ্রর ইনচার্জ আব্দুল আজিজ। তিনি জানান, কবরস্থান সংলগ্ন সড়ক থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে ওই নারী মাজারের ভবঘুরে ছিলেন।

ফ্রান্সে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত

ফ্রান্সে সড়ক দুর্ঘটনায় কাওসার নামে এক প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বর্তমানে তার মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে পুলিশি তত্ত্বাবধানে রয়েছে। তবে এখন পর্যন্ত নিহতের পরিবারের কোনও সদস্য বা স্বজনদের খোঁজ পাওয়া যায়নি।

সোমবার (৫ জানুযারি) সকালে দেশটির একটি মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে।

ফ্রান্স প্রবাসী আশুক আহমদ খাঁ জানান, কাওসার সোমবার সকালে ফ্লিক্স বাস দুর্ঘটনায় প্রাণ হারান। তার ব্যবহৃত মোবাইল ফোনটি আনলক থাকায় সেখান থেকে তার ছবি সংগ্রহ করা সম্ভব হয়েছে।

নিহতের পরিচয় নিশ্চিত করতে এবং তার পরিবারের সন্ধান পেতে ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা চাওয়া হয়েছে। ফ্রান্সে বসবাসরত কোনও ব্যক্তি যদি তাকে চিনে থাকেন বা তার স্থায়ী ঠিকানা সম্পর্কে অবগত থাকেন, তবে দ্রুত স্থানীয় পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

প্যারিসে বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে কোনও তথ্য পেয়েছে কিনা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। সাধারণত এ ধরনের ঘটনায় পরিচয় শনাক্ত হওয়ার পর দূতাবাসের মাধ্যমে মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।

সিলেট থেকে লন্ডনগামী ফ্লাইটে যাত্রীর মৃ-ত্যু, নির্দেশনা সত্ত্বেও অবতরণ করলেন না পাইলট

জীবনরক্ষার চূড়ান্ত মুহূর্তে চরম অবহেলা ও দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ উঠেছে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক পাইলটের বিরুদ্ধে। চিকিৎসার জন্য জরুরি প্রয়োজনে নিকটবর্তী বিমানবন্দরে অবতরণ না করে লন্ডনগামী বিজি-২০১ ফ্লাইটটি পাকিস্তানের আকাশসীমা থেকে পুনরায় ঢাকায় ফিরিয়ে আনেন ক্যাপ্টেন আলেয়া। দীর্ঘ ৩ ঘণ্টা বিনা চিকিৎসায় বিমানের ভেতরেই ওই যাত্রীর মৃত্যু ঘটে। এই ঘটনায় দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হলে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিমান কর্তৃপক্ষ।

​জানা গেছে, গত ৩১ ডিসেম্বর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করে বিমানের ফ্লাইট বিজি-২০১। বিমানটি যখন পাকিস্তানের আকাশসীমায় পৌঁছায়, তখন একজন যাত্রী হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি বিবেচনা করে কন্ট্রোল টাওয়ার থেকে যাত্রীর প্রাণ রক্ষার্থে নিকটবর্তী যেকোনো বিমানবন্দরে জরুরি অবতরণের (ইমার্জেন্সি ল্যান্ডিং) স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়। কিন্তু সেই নির্দেশ অমান্য করে পাইলট আলেয়া বিমানটি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় কোনো ধরনের চিকিৎসা পাওয়ার আগেই বিমানের ভেতরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওই যাত্রী।
​এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর বিমানটি ওই দিন আর লন্ডনে যেতে পারেনি। ফলে একদিকে যেমন একটি মূল্যবান প্রাণ ঝরে গেছে, অন্যদিকে কয়েকশ যাত্রী চরম দুর্ভোগের শিকার হয়েছেন। অভিযুক্ত পাইলটের এমন অপেশাদার আচরণ ও সিদ্ধান্ত গ্রহণের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা।

জীবন রক্ষাকে অগ্রাধিকার না দিয়ে কেন কয়েক ঘণ্টা সময় নষ্ট করে ঢাকায় ফেরা হলো, তা নিয়ে সাধারণ মানুষের মাঝেও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
​পরিস্থিতি মোকাবেলায় বিমানের ফ্লাইট সেফটি প্রধানকে চেয়ারম্যান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি সংশ্লিষ্ট যাত্রীর মেডিক্যাল ফিটনেস, ফ্লাইটের আগে নেওয়া স্বাস্থ্যগত ছাড়পত্র এবং বিমানে থাকা জরুরি জীবনরক্ষাকারী ব্যবস্থার সঠিক প্রয়োগ হয়েছিল কি না তা খতিয়ে দেখবে। বিশেষ করে, কন্ট্রোল টাওয়ারের নির্দেশ সত্ত্বেও কেন ফ্লাইট ডাইভারশন করা হলো না, সেই বিষয়টিই এখন তদন্তের মূল কেন্দ্রবিন্দু।

১০ কোটি নয়, ১০ হাজার কোটিতেও কেনা যাবে না: সিলেটে সারওয়ার আলম

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, ১০ কোটি টাকা কেন, ১০ হাজার কোটি টাকা দিয়েও আমাকে মালিক সাহেব কিনতে পারবেন না।

বুধবার দুপুরে সিলেট শহরতলীর এয়ারপোর্ট থানার নয়াবাজার এলাকায় জীবন ফাউন্ডেশন সেইফ হোমের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ঘটনার সূত্রপাত হয় একই দিন কয়েকটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে। ওইসব প্রতিবেদনে দাবি করা হয়-সিলেট-১ আসনে এনসিপি প্রার্থী এহতেশামুল হকের মনোনয়নপত্র বাতিল হলেও একই কারণে সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এমএ মালিকের মনোনয়নপত্র বাতিল হয়নি।

প্রতিবেদনগুলোতে আরও অভিযোগ করা হয়, ১০ কোটি টাকা গ্রহণের বিনিময়ে জেলা প্রশাসক এমএ মালিকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন।

এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, এ ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি স্পষ্ট করে বলেন, ১০ কোটি টাকা কেন, ১০ হাজার কোটি টাকা দিয়েও আমাকে কেনা যাবে না।

বিষয়টি নিয়ে সিলেটজুড়ে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এরই প্রেক্ষিতে বুধবার সন্ধ্যায় সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

মতবিনিময় সভায় সাম্প্রতিক নির্বাচন পরিস্থিতির পাশাপাশি ১০ কোটি টাকা ঘুষের অভিযোগ সংক্রান্ত বিষয়েও বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে।

বাংলাদেশিসহ ৩৮ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে লাগবে ভিসা বন্ড

যুক্তরাষ্ট্র নতুন নিয়ম চালু করেছে, যার ফলে বাংলাদেশিসহ ৩৮ দেশের নাগরিকদের বি১ ও বি২ ভিসার জন্য ভিসা বন্ড জমা দিতে হবে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় (স্টেট ডিপার্টমেন্ট) এ বিষয়টি নিশ্চিত করেছে।

বাংলাদেশের জন্য এই নিয়ম চলতি বছরের ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে। এর ফলে বাংলাদেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে বাড়তি সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ‘ভিসা বন্ড’ বা জামানত জমা দিতে হতে পারে। অন্যান্য দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার জন্য ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ‘ভিসা বন্ড’ বা জামানত জমা দিতে হতে পারে।

ভিসা বন্ড হলো একটি অর্থের নিশ্চয়তা, যা ৫ হাজার, ১০ হাজার বা ১৫ হাজার ডলার হতে পারে। টাকার সঠিক পরিমাণ নির্ধারিত হবে ভিসা ইন্টারভিউয়ের সময়। আবেদনকারীকে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (DHS) এর ‘Form I-352’ পূরণ করতে হবে। এই অর্থ শুধুমাত্র সরকারি ওয়েবসাইট Pay.gov এর মাধ্যমে প্রদান করা যাবে। কনসুলার অফিসারের নির্দেশ অনুযায়ী বন্ড প্রদান করতে হবে; আগে থেকে অর্থ দিলে তা ফেরত আসবে না। উল্লেখ্য, বন্ড দেওয়ার অর্থ ভিসা নিশ্চিত করার সমান নয়।

নতুন নিয়ম অনুযায়ী, ভিসাধারীকে অবশ্যই যুক্তরাষ্ট্রে এই তিন বিমানবন্দর ব্যবহার করে প্রবেশ ও প্রস্থান করতে হবে—

বোস্টন লোগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট
জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট
ডালেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট
শর্ত না মানলে প্রবেশে বাঁধা দেওয়া হতে পারে বা প্রস্থান সঠিকভাবে রেকর্ড হবে না।

ভিসা বন্ড স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে এবং অর্থ ফেরত দেওয়া হবে যদি—

ভিসাধারী ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে যুক্তরাষ্ট্র ত্যাগ করে
ভিসাধারী যুক্তরাষ্ট্রে প্রবেশ করেনি
ভিসাধারী পোর্টে প্রবেশের চেষ্টা করেছেন, কিন্তু ভিসা অনুমোদিত হয়নি
ভিসা বন্ড লঙ্ঘন হিসেবে গণ্য হবে যদি অনুমোদিত সময়ের পরে যুক্তরাষ্ট্রে থাকা, ভিসা স্ট্যাটাস পরিবর্তনের চেষ্টা করা বা আশ্রয় (Asylum) আবেদন করা হয়।

স্টেট ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, এই প্রোগ্রামের মূল লক্ষ্য হলো বি১ ও বি২ ভিসার মেয়াদ অতিক্রম কমানো, যাতে বাংলাদেশিসহ এসব দেশের নাগরিকদের ভিসা ব্যবস্থাপনা আরও নির্ভরযোগ্য ও নিয়ন্ত্রিত হয়।

৩৮টি দেশের মধ্যে বাংলাদেশ ছাড়াও রয়েছে—আলজেরিয়া, অঙ্গোলা, আন্টিগুয়া ও বারবুডা, বেনিন, ভুটান, বটসওয়ানা, বুরুন্ডি, কাবো ভার্দে, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, কোট দ’আইভরি, কিউবা, জিবুতি, ডোমিনিকা, ফিজি, গ্যাবন, গাম্বিয়া, গিনি, গিনি-বিসাউ, কিরগিজস্তান, মালাউই, মৌরিতানিয়া, নামিবিয়া, নেপাল, নাইজেরিয়া, সাও টোমে ও প্রিন্সিপে, সেনেগাল, তাজিকিস্তান, তানজানিয়া, টোগো, টোঙ্গা, তুর্কমেনিস্তান, টুভালু, উগান্ডা, ভানুয়াতু, ভেনেজুয়েলা, জাম্বিয়া ও জিম্বাবুয়ে।