Monday, April 6, 2026
Home Blog Page 23

সিলেটে মারামারি থামাতে গিয়ে সাবেক ইউপি সদস্য নিহত

সিলেটের ওসমানীনগরে দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে দায়ের কোপ ও মারধরের শিকার হয়ে সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য (ইউপি) নিহত হয়েছেন। নিহত আতিক মিয়া (৪২) ওসমানীনগরের বুরুঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। তিনি ইউনিয়নের পশ্চিম সিরাজনগর গ্রামের বাসিন্দা।

বুধবার সন্ধ্যা সাতটার দিকে আতিক মিয়াকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে সন্ধ্যা ছয়টার দিকে ওসমানীনগরের পশ্চিম সিরাজনগর গ্রামে মারধরের শিকার হন তিনি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ওসমানীনগরের পশ্চিম সিরাজনগর গ্রামের দুই ভাই আকলিছ মিয়া ও পাচু মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। জমিজমা নিয়ে তাঁদের মধ্যে মামলা চলমান। আকলিছ মিয়ার দায়ের করা মামলায় গতকাল জামিনে বের হন পাচু মিয়াসহ আরও কয়েকজন। জামিনে বের হওয়ার পর থেকে আকলিছ মিয়ার সঙ্গে আবার বিরোধ দেখা দেয়।

এদিকে বুধবার সন্ধ্যায় আকলিছ মিয়া বিষয়টির ব্যাপারে গ্রামের মুরব্বিদের নিয়ে সালিস ডাকেন। সালিসে উপস্থিত ছিলেন আতিক মিয়াও। সালিসের জন্য লোকজন উপস্থিতির সময় আকলিছ মিয়ার প্রতিপক্ষের লোকজন হামলা চালান। এ সময় সালিসে থাকা লোকজন মারামারি না করার অনুরোধ করলে তাঁদেরও মারধর করা হয়। এতে দায়ের কোপ ও মারধরে আহত হন আতিক মিয়া। পরে তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিলেটের ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল হাসান ভূঁইয়া এই খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সিলেটে স্কুলের সামনে উল্টে গেল বই ভর্তি ট্রাক

সিলেটে স্কুলের শিক্ষার্থীদের জন্য নিয়ে আসা নতুন বই ভর্তি একটি ট্রাক উল্টে গেছে। বৃহস্পতিবার সকালে নগরের জিন্দাবাজার এলাকার সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ওই ট্রাকে করে অগ্রগামী স্কুলের শিক্ষার্থীদের জন্যই নতুন পাঠ্যবই নিয়ে আসা হচ্ছিলো।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে প্রতিষ্ঠানটির গেটের সামনে ড্রেনের স্ল্যাব ভেঙে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

তবে অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্কুলের সামনের ড্রেনের স্ল্যাবগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। স্কুল কর্তৃপক্ষে উদাসীনতার জন্য এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি তাদের।

ট্রাকচালক নিজাম জানান, তিনি ঢাকা থেকে অষ্টম শ্রেণির চারটি বিষয়ের বই নিয়ে সিলেটে এসেছেন। ট্রাকে মোট ১৬ টন বই ছিল। স্কুলের গেটে প্রবেশের ঠিক আগমুহূর্তে গাড়ির পেছনের চাকা একটি স্ল্যাব ভেঙে নিচে পড়ে যায়। এতে কেউ হতাহত না হলেও ট্রাকটির ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

অভিভাবকরা জানান, স্কুলের সামনের ড্রেনেজের কয়েকটি স্ল্যাব বেশ কিছুদিন ধরে ভাঙা অবস্থায় রয়েছে। প্রায়ই এখানে ছোটখাটো দুর্ঘটনা ঘটে। স্কুল কর্তৃপক্ষ বিষয়টি অবগত থাকলেও সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি। এ বিষয়ে দ্রুত স্ল্যাবগুলো সংস্কারের জন্য সিটি করপোরেশনকে অনুরোধ করা হবে বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ।

নিউইয়র্ক সিটির প্রথম মেয়র হিসেবে কোরআন হাতে শপথ নিলেন জোহরান মামদানি

নিউইয়র্ক নগরের ইতিহাসে প্রথম মুসলিম ও প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র হিসেবে শপথ নিয়েছেন জোহরান মামদানি। ৩৪ বছর বয়সী জোহরানের জন্ম উগান্ডায়। তবে তাঁর মা–বাবা দুজনই ভারতীয় বংশোদ্ভূত।

জোহরান নিউইয়র্ক নগরের এক শতাব্দীর ইতিহাসে সবচেয়ে কম বয়সী মেয়র। নিউইয়র্কের ওল্ড সিটি হলের নিচের একটি পরিত্যক্ত সাবওয়ে (পাতালরেল) স্টেশনে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠান হয়।

আজ বৃহস্পতিবার শপথ নেওয়ার পরপর জোহরান বলেন, ‘এটি সত্যিই জীবনের এক অনন্য সম্মান ও সুযোগ।’

স্থানীয় সময় বুধবার দিবাগত মধ্যরাতের পর নতুন বছরের প্রথম প্রহরে জোহরান শপথ গ্রহণ করেন।

এর আগে বার্তা সংস্থা এপির প্রতিবেদনে জানানো হয়েছিল, নিউইয়র্কের ইতিহাসে এই প্রথম কোনো মেয়র পবিত্র এই ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথ নিতে যাচ্ছেন। জোহরানের এ শপথ গ্রহণ একই সঙ্গে শহরটির জন্য আরও কিছু ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে থাকছে।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল এ নগরে মুসলিম জনগোষ্ঠীর দীর্ঘদিনের প্রাণবন্ত উপস্থিতিরই প্রতিফলন হয়ে থাকবে পবিত্র কোরআন হাতে মেয়রের শপথ। স্বামী জোহরানের শপথের জন্য পবিত্র কোরআনের বহু পুরোনো কপিটি নির্বাচনে রমা দুওয়াজিকে সহায়তা করেছেন একজন গবেষক।

নিউইয়র্কের পূর্বসূরি মেয়রদের প্রায় সবাই পবিত্র বাইবেল হাতে শপথ নিয়েছেন। তবে ফেডারেল, স্টেট বা সিটির সংবিধানের বাধ্যবাধকতায় শপথের জন্য কোনো নির্দিষ্ট ধর্মগ্রন্থ ব্যবহার করার প্রয়োজন নেই।

শপথের এ আয়োজনে জোহরান পবিত্র কোরআনের তিনটি কপি ব্যবহার করেন। কপিগুলোর একটি জোহরানের দাদার ও অন্যটি আঠারো শতকের শেষ ভাগ বা উনিশ শতকের শুরুর দিকের একটি পকেট কোরআন শরিফ।

পবিত্র কোরআনের ঐতিহাসিক এ ক্ষুদ্রাকৃতির কপি নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির শমবার্গ সেন্টার ফর রিসার্চ ইন ব্ল্যাক কালচারের সংগ্রহ থেকে নেওয়া হয়েছে।

শপথ নেওয়ার সময় জোহরানের স্ত্রী রমা দুওয়াজি পবিত্র কোরআন হাতে ধরে রাখেন। তাতে হাত দিয়ে শপথ নেন জোহরান মামদানি। শপথ বাক্য পাঠ করান নিউইয়র্ক রাজ্যের অ্যাটর্নি জেনারেল লেটিসিয়া জেমস।

শপথ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জোহরানের মা–বাবা কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহমুদ মামদানি ও চলচ্চিত্রকার মিরা নায়ার উপস্থিত ছিলেন।

সিলেটে আবাসিক হোটেলে অনৈতিক কাজ, আটক ৬ নারী-পুরুষ

সিলেটে আবাসিক হোটেলে অনৈতিক কাজের অভিযোগে ৬ নারী-পুরুষকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৪জন নারী ও ২জন পুরুষ।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা। তারা জানায়, মঙ্গলাবার রাত পৌণে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দক্ষিণ সুরমার চাঁদনীঘাটের একটি আবাসিক হোটেল থেকে তাদের আটক মহানগর গোয়েন্দা পুলিশ।

আটককৃতরা হলেন মো. আব্দুল রহমান (২৭), মো. রশিদ (৩১), মো. রুবেল মিয়া (২৮), মো. ইউসুফ (৩০), আয়েশা বেগম (৩২) ও খাদিজা আক্তার বৃষ্টি (২৫)।

এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানায় একটি নন এফআইআর মামলা (নং ৩৪৫/৩১/১২/২৫) দায়ের করে তাদের সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশে অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি আরও জানান, ওই আবাসিক হোটেলটিকে সিলগালা করা হয়েছে।

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার গায়েবানা জানাজা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সারাদেশে। চলছে ৩ দিনের রাষ্ট্রীয় শোক।

আজ বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর তিনটার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। সেখানে লাখো মানুষ অংশ নিয়েছেন। একই সময়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেও তার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এই উদ্যোগ নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সিলেট স্টেডিয়ামের গ্রিন গ্যালারির সামনের অংশে অনুষ্ঠিত এই জানাজায় অংশ নেন চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ব্যস্ততায় থাকা অনেক খেলোয়াড় ও সাংবাদিক।

এর আগে, খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দেয় বিসিবি। এতে বলা হয়, বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গভীরভাবে শোকাহত।

বিসিবি আরও জানায়, প্রধানমন্ত্রী থাকাকালে বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে খালেদা জিয়ার অবদান ছিল গুরুত্বপূর্ণ। তার সমর্থন ও পৃষ্ঠপোষকতায় দেশের ক্রিকেট অবকাঠামোর উন্নয়ন হয়। দেশের ক্রিকেট যে অগ্রগতির পথ ধরে এগিয়েছে, এজন্য তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

প্রসঙ্গত, গত ৩৯ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

আজ দুপুর দুপুর তিনটার দিকে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। একটু পর তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে প্রয়াত স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে।

এদিকে, খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।

মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ জানাজা

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুধু বাংলাদেশ নয়, মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ এই জানাজায় অংশ নেয় লাখ লাখ মানুষ। বুধবার বিকাল ৩টা ৩ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ জানাজা অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা, তিন বাহিনীর প্রধান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা এবং লাখ লাখ নেতাকর্মী জানাজায় অংশ নেন। এছাড়া বিদেশি কূটনৈতিকরা অংশ নেন।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ৩টার পরপরই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এ জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বায়তুল মোকাররমের খতিব। তার আগে শুধু মানিক মিয়া অ্যাভিনিউ নয়, আশ পাশের কয়েক কিলোমিটারজুড়ে মানুষ অবস্থান নেয় জানাজায় অংশ নিতে। তিল ধারণের জায়গা নেই।

এর আগে, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানিয়ে শোকবার্তা পাঠিয়েছে ভারত। বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনে বড় ছেলে ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে শোকবার্তা হস্তান্তর করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সারদার আয়াজ সাদিক।

বুধবার পাকিস্তান হাই কমিশন বাংলাদেশ তাদের ফেসবুক পেজে এ খবর জানায়।

এর আগে, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার লাশ জাতীয় পতাকায় মোড়ানো একটি গাড়িতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে তার বাসভবন ‘ফিরোজায়’ নেওয়া হয়। বুধবার সকাল ৯টার দিকে মরদেহ নিয়ে যাওয়া হয়।

ঠাণ্ডায় কাবু সিলেট, তাপমাত্রা ১২ ডিগ্রি

সিলেটে জেঁকে বসেছে শীত। গত কয়েক দিন ধরে তাপমাত্রা থেকে বুধবার (৩১ ডিসেম্বর) ১২ ডিগ্রির ঘরে ওঠানামা করছে।

এর সঙ্গে দেখা দিয়েছে ঘন কুয়াশা। এ ছাড়া বেলা বাড়লেও দেখা মেলেনি সূর্যের। ফলে কনকনে ঠাণ্ডায় কাবু নগরবাসী।

সিলেট আবহাওয়া অফিসের উপ সহকারী আবহাওয়াবিদ রুদ্র তালুকদার বুধবার সকালে জানান, সিলেটে আজকের তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস।

এমন তাপমাত্রা অব্যাহত থাকত পারে। পাশাপাশি আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।

সিলেট-৫ আসনের মামুন ও রুমিন ফারহানাসহ ৯ নেতাকে বহিষ্কার করল বিএনপি

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে সিলেটের মামুনুর রশীদ (চাকসু মামুন) ও ব্যারিস্টার রুমিন ফারহানাসহ ৯ নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় দলের সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতারা হলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ শাহ আলম, হাসান মামুন ও আব্দুল খালেক।

এছাড়া কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশিদ (চাকসু মামুন) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ রয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এসব নেতাকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

প্রসঙ্গত, দলীয় নির্দেশনা অমান্য করে বিদ্রোহী প্রার্থী হয়েছেন মামুনসহ বহিস্কৃত অন্যরা। তারা সকলেই জোটসঙ্গীদের জন্য বিএনপির ছেড়ে দেওয়া আসনে প্রার্থী হয়েছেন। এর মধ্যে মামুন সিলেট-৫ আসনে প্রার্থী হয়েছেন । সোমবার মনোয়নপত্র জমাদানকালেই তিনি জানিয়েছিলেন, দল থেকে পদত্যাগ করে হলেও নির্বাচনে অংশ নেবেন।

সিলেটের তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে বিভ্রান্তি: ‘বিকল্প প্রার্থী’ বনাম ‘চুড়ান্ত প্রার্থী’

সিলেট বিভাগের তিনটি আসনে বিএনপির প্রার্থী নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। এই তিনটি আসনেই দল থেকে একাধিক প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এতেেনেতাকর্মীরাও পড়েছেন বিভ্রান্তিতে।

বিএনপির সূত্র জানিয়েছে, বিভিন্ন আসনে বিকল্প প্রার্থী প্রস্তুত রাখছে বিএনপি। এজন্য এসব আসনগুলোতে একাধিক ব্যক্তিকে দলীয় মনোনয়ন প্রদান করা হয়েছে। তবে পরে মনোনয়ন পাওয়া প্রার্থীরা নিজেদের ‘চুড়ান্ত প্রার্থী’ বলে দাবি করছেন।

এদিকে, এক আসনে একাধিক ব্যক্তিকে দলীয় মনোনয়ন প্রদান করায় নেতাকর্মীদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। তারা কার পক্ষে যাবেন এ নিয়ে সন্দিহান। আগে মনোনয়ন পাওয়া নেতারাও পড়েছেন বিভ্রান্তিতে।

বিভাগের মধ্যে সিলেট-৬, সুনমিগঞ্জ-১ ও ২ আসনে একাধিক প্রার্থীকে বিএনপির দলীয় মনোনয়ন প্রদান করা হয়েছে। এদের মধ্যে পরে মনোনয়ন পাওয়া কেউ কেউ নিজেদের চূড়ান্তপ্রার্থী বলেও প্রচার করছেন।

সুনামগঞ্জ-২ আসনে (দিরাই-শাল্লা) প্রবীন নেতা নাছির উদ্দিন চৌধুরীকে মনোনয়ন প্রদান করেছিলা বিএনপি। তবে গত শনিবার আরেক মনোনয়ন প্রত্যাশী তাহির রায়হান চৌধুরী পাবেলকেও মনোনয়ন প্রদান করে বিএনপি।

রোববার সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত একটি চিঠি ভাইরাল হয়। ওই চিঠিতে জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও যুক্তরাজ্যপ্রবাসী নেতা তাহির রায়হান চৌধুরী পাভেলের নাম উল্লেখ রয়েছে।

এতে ওই আসনে বিএনপি প্রার্থী পরিবর্তন করেছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে দলটির কেন্দ্রিয় নেতারা জানিয়েছেন সুনামগঞ্জ-২ আসনে দুজনকেই মনোনয় প্রদান করা হয়েছে।

নাছির চৌধুরী এই আসনে পাঁচবার জাতীয় সংসদ নির্বাচনে এবং নির্বাচনী এলাকার দিরাই উপজেলায় দুইবার উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তিনি ১৯৯৬ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সুরঞ্জিত সেনগুপ্তকে পরাজিত করে এই আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

জানা যায়, ৪ ডিসেম্বর বিএনপি এই আসনে প্রার্থী ঘোষণা করে সাবেক সংসদ সদস্য দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাছির চৌধুরীকে। শনিবার দুপুরে নাছির চৌধুরী মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ে তার সঙ্গে তাহির রায়হান চৌধুরীও ছিলেন।

কিন্তু সন্ধ্যায় তাহির রায়হান চৌধুরী নিজে মনোনয়ন ফরম সংগ্রহ করলে এলাকায় আলোচনা শুরু হয়।

তাহির রায়হান বলেন,‘আমি মনোনয়নপ্রত্যাশী ছিলাম। মাঠে কাজ করেছি। কিন্তু আমাকে মনোনয়ন না দিলেও আমি দলের সিদ্ধান্তের বাইরে যাইনি। এখন দল থেকে আমাকে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে বলা হয়েছে। সে অনুযায়ী মনোনয়ন ফরম সোমবার জমা দিয়েছি।’

এদিকে, সুনামগঞ্জ-১ আসনেও (ধর্মপাশা, তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর) একাধিক প্রার্থীকে মনোনয়ন দিয়েছে বিএনপি।

এই আসনে বিএনপি প্রথমে দলীয় প্রার্থী হিসেবে দলের জেলা কমিটির সাবেক সহসভাপতি ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হকের নাম ঘোষণা করে। এরপর গত শনিবার জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলকে মনোনয়ন প্রদান করা হয়।

আনিসুল হককে প্রার্থী ঘোষণার পর প্রার্থী পরিবর্তন এবং কামরুলকে প্রার্থী করার জন্য তাঁর কর্মী-সমর্থকেরা বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করে আসছেন। সর্বশেষ রোববার বিকেলে একইভাবে নির্বাচনী এলাকার উজান তাহিরপুর গ্রামে কামরুলের সমর্থকেরা সমাবেশ করেন। সেখানে কামরুল স্বতন্ত্র প্রার্থী হিসেবে সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার ঘোষণা দেন।

জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল বলেন, সমাবেশে শেষে তাহিরপুর থেকে জেলা সদরে ফেরার পথে বিএনপির কেন্দ্র থেকে তাকে ফোন দিয়ে জাতীয় পরিচয়পত্র সম্পর্কে চাওয়া হয়। তিনি সেটি দেওয়ার পর একজন প্রতিনিধি পাঠিয়ে দলীয় মনোনয়নের চিঠি সংগ্রহ করার কথা জানানো হয়।

কামরুল বলেন, ‘আমাকে বলা হয়েছে, এখানে আমিই দলীয় প্রার্থী। সবাইকে নিয়ে যেন নির্বাচন করি।’

এছাড়া, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা নিয়ে গঠিত সিলেট-৬ আসনে এবার ফয়সল আহমদ চৌধুরীকে মনোনয়ন প্রদান করেছে বিএনপি।

শনিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাক্ষরিত চিঠিতে ফয়সল আহমদ চৌধুরীবে মনোনয়নপ্রদান করা হয়। যা রোববার রাতে জানাজানি। ফয়সল আহমদ চৌধুরীর মিডিয়া সেল থেকে মনোনয়নপ্রপ্তির তথ্য নিশ্চিত করে বলা হয়, তিনিই এ আসনের চূড়ান্ত প্রার্থী।

এরআগে বিএনপির মনোনয়ন ঘোষণার প্রথম ধাপে এ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীকে প্রার্থী ঘোষণা করা হয়। দলীয় প্রার্থী হিসেবে এমরান আহমদ প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

অপরদিকে, ফয়সল আহমদ সিলেট-৬ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। ২০১৮ সালের নির্বাচনে ধানের শীষের প্রতীকে অংশ নিয়ে আওয়ামী লীগের প্রার্থী ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাথে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেন।

প্রথম ধাপে দলীয় মনোনয়ন না পেলেও মাঠে সক্রিয় ছিলেন ফয়সল। এবার তাকেও দলীয় মনোনয়ন প্রদান করা হলো।

জানা গেছে, এই দুই নেতাই সোমবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বিএনপি সূত্রে জানা গেছে, বিভিন্ন আসনেই বিকল্প প্রার্থী প্রস্তুত রাখছে বিএনপি। তাই একাধিক নেতাকে মনোনয়ন প্রদান করা হচ্ছে। এদের মধ্যে থেকে একজনকে পরে বাছাই করে নেওয়া হবে।

এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত) জিকে গৌছ বলেন, কয়েকটি আসনে দলের দুইজন নেতাকে মনোনয়নপত্র জমা দিতে বলা হয়েছে। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের সময় একজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করবেন।

তবে দলের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, এতে করে কলে বিভক্তি বাড়বে।
তথ্যসূত্র: সিলেট টুডে ২৪

সিলেটে বসে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিলেন পাকিস্তানি তারকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে) খেলতে পাকিস্তানের ইমাদ ওয়াসিম এখন বাংলাদেশে। ঢাকা ক্যাপিটালসের সঙ্গে অবস্থান করছেন সিলেটে। রবিবার (২৮ ডিসেম্বর) রাতে সেখানে থেকেই ইনস্টাগ্রামে স্ত্রী সানিয়া আশফাকের সঙ্গে বিবাহবিচ্ছেদের খবর জানিয়েছেন এই ক্রিকেটার।

ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে সাবেক পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ জানান, কয়েক বছর ধরে চলা অমীমাংসিত মতপার্থক্যের কারণে তিনি স্ত্রী সানিয়া আশফাকের সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। ভবিষ্যতে যেন সানিয়াকে তাঁর স্ত্রী হিসেবে উল্লেখ না করা হয়। এর কয়েক ঘণ্টার মধ্যে ইনস্টাগ্রামে নিজের বক্তব্য তুলে ধরেন সানিয়া। সেখানে তিনি দাবি করেন, তৃতীয় পক্ষের হস্তক্ষেপই তাঁদের দাম্পত্য ভেঙে দিয়েছে।

পাকিস্তানের হয়ে ৫৫ ওয়ানডে ও ৭৫ টি-টোয়েন্টি খেলা ইমাদের সঙ্গে সানিয়ার বিয়ে হয় ২০১৯ সালে। দুজনের সংসারে তিন সন্তান আছে। রোববার রাতে ইনস্টাগ্রাম বার্তায় বিবাহবিচ্ছেদের খবর দিয়ে ইমাদ সবার কাছে তাঁর ব্যক্তিগত বিষয়টি সম্মান জানানোর অনুরোধ জানান, পাশাপাশি তাদের পুরোনো ছবি বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে বলেন।

এ ছাড়া তাদের সম্পর্ক নিয়ে ভুল ব্যাখ্যা, অপপ্রচার বা অন্য কাউকে জড়িয়ে মানহানিকর কিছু করা হলে প্রয়োজনে আইনি পথে যাওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। সন্তানদের প্রসঙ্গে ইমাদ বলেন, বাবা হিসেবে তিনি তাদের দায়িত্বশীলভাবে দেখভাল করবেন।

ইমাদের ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইনস্টাগ্রামে সানিয়া লেখেন, ‘আমার ঘর ভেঙে গেছে, আমার সন্তানেরা তাদের বাবাকে হারিয়েছে। আমি তিন সন্তানের মা, যার মধ্যে পাঁচ মাসের একটি শিশুও আছে, যাকে তার বাবা এখনো কোলে নেয়নি।’

সানিয়া আরও বলেন, তার নীরবতাকে যেন দুর্বলতা মনে না করা হয়। তাঁর দাবি, অনেক দাম্পত্য জীবনের মতো তাঁদের সংসারেও সমস্যা ছিল, কিন্তু তা টিকে ছিল। তিনি স্ত্রী ও মা হিসেবে সংসার বাঁচাতে আন্তরিক চেষ্টা চালিয়ে গেছেন। কিন্তু তাঁর ভাষ্য অনুযায়ী, ইমাদকে বিয়ে করার ইচ্ছা থাকা এক তৃতীয় ব্যক্তির জড়িত হওয়াটা তাঁদের ভেঙে পড়া সম্পর্কে ‘চূড়ান্ত আঘাত’ হয়ে আসে।

ইনস্টাগ্রাম পোস্টে সানিয়া অভিযোগ করেন, এরপর তিনি মানসিক নির্যাতন, দুর্ব্যবহার ও গর্ভপাতের মতো কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন। সন্তানদের স্বার্থ ও পরিবারের সম্মান রক্ষার জন্য তিনি তখনো ধৈর্য ধরেছিলেন বলে উল্লেখ করেন।

বিবাহবিচ্ছেদের আইনি প্রক্রিয়া নিয়েও লিখেছেন সানিয়া। তিনি বলেন, এই প্রক্রিয়া এখনো আইনগতভাবে বিতর্কিত এবং বিষয়টি তদন্তাধীন। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমেই সত্য প্রকাশ পাবে বলে তাঁর দাবি। এ সময় তাঁকে চুপ করিয়ে দেওয়ার বা হুমকি দেওয়ার চেষ্টা হলে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

পোস্টে পবিত্র কোরআনের দুটি আয়াত উদ্ধৃত করে সানিয়া লেখেন, আল্লাহ অন্যায়কারীদের কর্মকাণ্ড সম্পর্কে অবগত এবং ভালো নারী ভালো পুরুষের জন্যই। তিনি আরও বলেন, এই ঘটনায় জড়িত প্রত্যেকের বিষয়ে প্রমাণ নথিভুক্ত করা আছে, যদিও সেগুলো প্রকাশ না করতে তাঁকে হুমকি দেওয়া হচ্ছে।

শেষে সানিয়া লেখেন, তিনি প্রতিশোধের জন্য নয়, নিজের, সন্তানদের ও যেসব নারীকে সব নীরবে সহ্য করতে বলা হয়, তাদের জন্য সত্যের পক্ষে বলছেন।