Friday, April 10, 2026
Home Blog Page 50

যুক্তরাজ্যে পাল্টে যাচ্ছে বাংলাদেশীদের ভিসা : নতুন খবর

যুক্তরাজ্যে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের লক্ষ্যে আবেদনকারী বাংলাদেশিদের জন্য আসছে বড় ধরনের পরিবর্তন। শিগগিরই তাদের জন্য চালু হতে যাচ্ছে ই-ভিসা পদ্ধতি। যে পদ্ধতি হবে পুরোপুরি কাগজবিহীন, ডিজিটাল ও অনলাইনভিত্তিক। ১৫ জুলাই পাকিস্তানের নাগরিকদের জন্য ই-ভিসা চালু হওয়ার পর এবার বাংলাদেশের নামও আলোচনায় এসেছে।

যুক্তরাজ্য সরকারের লক্ষ্য, ২০২৫ সালের শেষ নাগাদ প্রায় সব ভিসা ক্যাটাগরিতে শারীরিক স্টিকার বা ভিনিয়েট বাতিল করে পুরো ব্যবস্থাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসা। এর আওতায় আবেদনকারীদের অভিবাসন তথ্য সংরক্ষিত থাকবে একটি সুরক্ষিত অনলাইন ইউকে ভিসা অ্যান্ড ইমিগ্রেশন (ইউকেভিআই) অ্যাকাউন্টে। পাসপোর্টে আর কোনও স্টিকার লাগানো হবে না।

তবে এখনও বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালুর নির্দিষ্ট তারিখ জানায়নি যুক্তরাজ্য সরকার। তবে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী ও দক্ষ কর্মী দেশ হিসেবে বাংলাদেশ এই ডিজিটাল ব্যবস্থায় অগ্রাধিকার পাবে বলে ধারণা করা হচ্ছে।

ই-ভিসা সম্পর্কে যুক্তরাজ্য সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, এই পরিবর্তনের ফলে আবেদন প্রক্রিয়া আরও সুশৃঙ্খল ও নিরাপদ হবে এবং আবেদনকারীরা বাড়তি সুবিধা পাবেন।

লন্ডনের ল ম্যাট্রিক সলিসিটরসের পার্টনার ব্যারিস্টার সালাহ উদ্দিন সুমন বলেন, নতুন পদ্ধতিতে শিক্ষার্থী বা কর্মী ভিসার আবেদনকারীদের ডিজিটাল প্রমাণ থাকবে। এতে আবেদনকারীরা সহজেই তাদের অভিবাসন অবস্থা প্রমাণ করতে পারবেন এবং পাসপোর্ট নিজের কাছেই রাখতে পারবেন।

ই-ভিসার ফলে ভ্রমণ, পরিচয় যাচাই ও নিয়োগকর্তা বা বাড়িওয়ালার কাছে তথ্য উপস্থাপন সব কিছুই হবে সহজ ও নিরাপদ। আবেদনকারীরা চাইলে ‘ভিউ অ্যান্ড প্রুভ’ সেবার মাধ্যমে তাদের ভিসার অবস্থা তৃতীয় পক্ষকে দেখাতে পারবেন।

পাকিস্তানে যেভাবে ই-ভিসা চালু হয়েছে, তাতে শিক্ষার্থী ভিসা, ১১ মাস পর্যন্ত স্বল্পমেয়াদি কোর্স, দক্ষ কর্মী, গ্লোবাল ট্যালেন্ট, ইন্টারন্যাশনাল স্পোর্টসপারসন, ইয়ুথ মোবিলিটি স্কিম ও বিভিন্ন সাময়িক ভিসা অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব ভিসার আবেদনকারীদের শারীরিক কোনও স্টিকার দেওয়া হচ্ছে না।

তবে নির্ভরশীল ভিসা, সাধারণ ভিজিটর বা ভিন্ন ধরনের স্বল্পমেয়াদি ভিসার ক্ষেত্রে এখনও স্টিকার ব্যবহৃত হচ্ছে।

বাংলাদেশি আবেদনকারীদের যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইট ও অফিসিয়াল চ্যানেল থেকে নিয়মিতভাবে আপডেটে নজর রাখার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা উচিত। ই-ভিসা চালুর পর আবেদন প্রক্রিয়া, নথিপত্র, যাচাই পদ্ধতি ও প্রবেশ-নির্দেশনা কিছুটা ভিন্ন হতে পারে।

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার এলাকার সাত মাইল নামক স্থানে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক তরুণ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও পাঁচজন। আজ বুধবার (১৬ জুলাই) সকাল ৭টার দিকে সাত মাইলের ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়নের কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক রুহিন আহমদ (১৮), দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের চর মুহাম্মদপুর গ্রামের বাসিন্দা গেদা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে রাস্তার পাশে খালে গিয়ে পড়ে। এতে দুই গাড়ির চালক ও যাত্রীরা আহত হন।

খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পথিমধ্যে গুরুতর আহত রুহিন আহমদ মারা যান। আহত বাকি পাঁচজনকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান। তিনি জানান, দুর্ঘটনায় একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করেছে।

বিনা সাজায় ৩০ বছর কারা ভোগ : অবশেষে মুক্ত হবিগঞ্জের কনু মিয়া

মামলার বিচার হয়নি, সাজাও হয়নি। তারপরও কারাগারের অন্ধকারে কেটেছে ৩০ বছর ২ মাস ১৯ দিন। অবশেষে কারাগার থেকে মুক্ত হয়েছেন কনু মিয়া নামে এক ব্যক্তি। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে হবিগঞ্জ জেলা কারাগার থেকে মুক্ত হয়ে ফিরেছেন স্বজনদের কাছে। প্রায় তিন দশক পর মুক্ত আকাশ আর আলো বাতাস দেখতে পেয়ে আপ্লুত কনু মিয়া। কনু মিয়ার বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার সিংহগ্রাম গ্রামে।

জানা গেছে- যুবক কনু মিয়া ছিলেন মানসিক রোগী। ১৯৯৫ সালের ২৫ মে ঘুমের ঘুরে জন্মযাত্রী মা মেজেষ্টর বিবিকে কুদাল দিয়ে কুপিয়ে হত্যা করেন কনু মিয়া। পরে গ্রামবাসী তাকে আটক করে পুলিশে দেয়। পরের দিন ৩ লাইনের একটি স্বীকারুক্তিমুলক জবানবন্দী প্রদান করেন কনু মিয়া। তারপর থেকে কনু মিয়ার জেল জীবন শুরু। এক দুই বছর নয় একাধারে ৩০ বছর ২ মাস ১৯ দিন কেটেছে কারাগারে। প্রথমে ভাই স্বজনরা কনু মিয়াকে দেখতে কারাগারে গেলেও একটা সময় আর যাওয়া হয়নি। পরিবারের অনেক সদস্য ভুলেই গিয়েছেন কনু মিয়া জীবিত না মারা গেছেন। ৩০ বছরের পরবর্তী প্রজন্মের অনেকে জানেনই না সিংহ গ্রাম গ্রামে মৃত চিনি মিয়ার এক ছেলে আছে, যার নাম কনু মিয়া, সেই কনু মিয়া এখনো জীবিত।

পরিবার আত্বীয় স্বজন যখন কনু মিয়াকে ভুলতে বসেছেন ঠিক সেই সময় এ বিষয়টি নজরে আসে হবিগঞ্জের জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মুহম্মাদ আব্বাছ উদ্দিনের। তিনি কনু মিয়ার আইনগত প্রতিকার পাওয়ার উদ্যোগ নেন। মেজেষ্টর বিবি হত্যা মামলার বাদী কনু মিয়ার ভাই মনু মিয়ার সন্ধান পান তিনি। একই সাথে মনু মিয়ার আরেক ভাই নাসু মিয়ার খোজ খবর নিয়ে তাদেরকে লিগ্যাল এইড অফিসে নিয়ে আসেন সিনিয়র সহকারী জজ মুহাম্মদ আব্বাছ উদ্দিন। কনু মিয়ার জামিনের জন্য সরকারীভাবে উদ্যোগ নেয়া হচ্ছে জেনে আবেগ আপ্লুত হয়ে পড়েন মনু মিয়া ও নাসু মিয়া। তারা কনু মিয়ার মুক্তির জন্য প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস দেন।

মানসিক রোগে আক্রান্ত কোনো আসামীর জামিনের বিষয়টি সচরাচর অন্যান্য আসামীর জামিনের বিষয়ের মতো নয়। হত্যা মামলার একমাত্র আসামী কনু মিয়া মানসিক রোগে আক্রান্ত হওয়ায় মহামান্য হাইকোর্টের নির্দেশে মামলার বিচারিক কার্যক্রম স্থগিত রয়েছে বলে জানা যায়। মনসিক রোগে আক্রান্ত আসামীর জামিন মঞ্জুর হলে তার নিরাপত্তা, তার দ্বারা আর যাতে কেউ আক্রান্ত না হয় তার প্রাথমিক নিশ্চয়তা, খাদ্য বাসস্থানের নিশ্চয়তা, কোর্টের নির্দেশ মতো আসামীকে হাজির করা ইত্যাদি বিষয় সম্পৃক্ত থাকায় বিষয়টি নিয়ে লিগ্যাল এইড এর প্যানেলভূক্ত আইনজীবী এডভোকেট এম এ মজিদের সাথে কথা বলেন লিগ্যাল এইড অফিসার মুহম্মাদ আব্বাছ উদ্দিন।

সার্বিক দিক বিবেচনায় গত ১৪ জুলাই হবিগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতে হাজতী আসামী কনু মিয়ার জামিন আবেদন করেন লিগ্যাল এইডের আইনজীবী এডভোকেট এম এ মজিদ। জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম আসামী কনু মিয়ার জামিন মঞ্জুর করেন। আর এর মধ্য দিয়ে দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় পর কারাগার থেকে জামিনে মুক্তি পান কনু মিয়া।

লিগ্যাল এইডের আইনজীবী এম এ মজিদ জানান- দীর্ঘদিন পর হলেও জামিনে মুক্ত হয়েছেন কনু মিয়া। যা নিয়ে তার স্বজনরা উচ্ছসিত। জামিন পাওয়ার পর তার দুই ভাই তাকে নিয়ে গ্রামের বাড়িতে গেছে। তারা সকলেই আবেগ আপ্লুত।

সিলেট-ম্যানচেস্টার রুটে ফের বিমান চালু

৭৩ দিন পর সিলেট-ম্যানচেষ্টার রুটে জাতীয় পতাকাবাহী বাংলাদেশ বিমানের ফ্লাইট ফের চালু হয়েছে। ১৯৩ জন যাত্রী নিয়ে (বিজি-৭৮৮) রোববার (১৩ জুলাই) দুপুর ১২টা ৫০ মিনিটে বিমানটি সিলেট থেকে ম্যানচেস্টারের উদ্দেশে উড়াল দেয়। এর মাধ্যমে যুক্তরাজ্য প্রবাসীদের মধ্যে বিদ্যমান উৎকণ্ঠাও অনেকটা দূর হয়েছে।

ফ্লাইটটির মর্তুজা আলী নামের এক যাত্রী জানান- এ ফ্লাইটের জন্য তিনি দীর্ঘদিন ধরে অপেক্ষমান ছিলেন। অবশেষে গতকাল (রোববার) এ প্রতীক্ষার অবসান হয়েছে। এ ফ্লাইটে গন্তব্যে যেতে পারায় তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন । এর মাধ্যমে যাতায়াতের ক্ষেত্রে দুর্ভোগ অনেকটা লাঘব হবে বলে জানান তিনি।

২০২৫ সালের হজ্জ ফ্লাইট নির্বিঘ্নে পরিচালনার জন্য ১ মে থেকে ১০ জুলাই পর্যন্ত এই রুটের ফ্লাইট স্থগিত রাখার ঘোষণা দেয় বিমান। এ নিয়ে যুক্তরাজ্য প্রবাসীরা অনেকটাই ক্ষুব্ধ হন। তাদের আশংকা ছিল- এই রুটের বিমানের ফ্লাইট স্থায়ীভাবে বন্ধ হয়ে যাচ্ছে। এ রুটে ফ্লাইট বন্ধ হলে তারা রেমিট্যান্স বন্ধের হুমকি দিয়েছিলেন।

প্রবাসীরা মনে করছেন, তাদের জোরদার আন্দোলনের ফলে বিমান এ রুটে ফের ফ্লাইট চালু করতে বাধ্য হয়েছে।

ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশী’জ-এর মিডিয়া ডিরেক্টর, যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি লিডার সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী সিলেট-ম্যানেচষ্টার ফ্লাইট ফের চালু হওয়ায় মহান আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। তিনি বলেন- আমরা এ ফ্লাইট চালুর জন্য দীর্ঘ সংগ্রাম করেছি। অন্তর্বর্তী প্রধান উপদেষ্টাকেও আমরা এ ব্যাপারে অনুরোধ করেছিলাম। শেষ পর্যন্ত বিমান আমাদের অনুরোধ রক্ষা করেছে।

তিনি যুক্তরাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর বার্মিংহামের সাথে সিলেটের বিমান যোগাযোগ স্থাপনের দাবি তুলেন।

বর্তমানে সিলেট-ম্যানচেষ্টার রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একমাত্র সরাসরি ফ্লাইট পরিচালনা করে থাকে। অন্য কোনো এয়ারলাইন্সে যেতে হলে যাত্রীদের অন্য কোথাও ট্রানজিট নিতে হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট জেলা ব্যবস্থাপক শাহনেওয়াজ মজুমদার জানান- হজ্জ ফ্লাইটের জন্য এ রুটে দীর্ঘ প্রায় দুই মাসের ওপর ফ্লাইট বন্ধ ছিল। হজ্ব ফ্লাইট শেষে গতকাল থেকে ফের এ রুটে বিমানের ফ্লাইট চালু হয়েছে। সপ্তাহে দুদিন এ রুটে বিমানের ফ্লাইট অপারেট হবে। রোববার ও মঙ্গলবার সিলেট থেকে বিমান ছেড়ে যাবে ম্যানচেষ্টারের উদ্দেশে আর সোমবার ও বুধবার ম্যানচেষ্টার থেকে ফিরতি ফ্লাইট সিলেটে আসবে।

এখন থেকে যথারীতি এ রুটে ফ্লাইট চলবে বলে জানান তিনি।

বিমানের স্টেশন ম্যানেজার শাকিল আহমদ জানান, ১৯৩ জন যাত্রী নিয়ে রোববার সিলেট থেকে বিমানের ফ্লাইট ম্যানচেষ্টারের উদ্দেশে ছেড়ে যায়।

বিমান সূত্র জানায়, সিলেট থেকে ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করে আসছিলো বিমান। ‘যাত্রী সংকটে’ হঠাৎ করে একটি ফ্লাইট কমিয়ে দুটিতে নামিয়ে আনা হয়। এ বছরের শুরুর দিকে অনলাইনে এ বছরের ১ এপ্রিলের পর থেকে বিমান টিকিট বুকিং নেওয়া বন্ধ করে দেয়।

উল্লেখ্য, ২০২০ সালের ৬ জানুয়ারি সিলেট-ম্যানচেস্টার রুটে সরাসরি বিমানের ফ্লাইট চলাচল শুরু হয়েছিলো।

সিলেটে চা দিতে দেরি হওয়ায় ছুরিকাঘাতে রেস্টুরেন্ট কর্মচারীকে হত্যা

সিলেটে চা দিতে দেরি হওয়ায় বাগবিতণ্ডার পরে ছুরিকাঘাতে এক রেস্টুরেন্ট কর্মচারীকে হত্যা করা হয়েছে।

রোববার (১৩ জুলাই) সকাল ৯টায় নগরীর কাজিরবাজার মাছ বাজার এলাকার এ ঘটনা ঘটে।

নিহতের নাম দিনার আহমদ রুমন (২২)। তিনি দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের শবদুলপুর গ্রামের মৃত তকলিছ আহমদের ছেলে।

রেস্টুরেন্টের পার্শ্ববর্তী ব্যবসায়ী ও পুলিশ জানান, সকাল ৯টার দিকে রেস্টুরেন্টে এক যুবক চা পান করতে আসেন। এসময় চা দিতে দেরি হওয়ায় রেস্টুরেন্টের কর্মচারী রুমনের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। তখন রেস্টুরেন্টের মালিক ও আশপাশের লোকজন তাদের শান্ত করেন এবং পরিস্থিতি স্বাভাবিক হয়। এর কিছু পর ওই যুবক আরও কয়েকজনকে সঙ্গে এনে রুমনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর ওই এলাকায় গিয়ে রেস্টুরেন্টটি বন্ধ পাওয়া যায়। রেস্টুরেন্ট মালিক নিরু মিয়া মোবাইলে বলেন, চা দিতে দেরি হওয়ায় এক যুবকের সঙ্গে তর্ক হয়। বিষয়টা সমাধান করার কিছু পর ওই যুবক আরও কয়েকজনকে সঙ্গে এনে রুমনকে ছুরিকা্ঘাত করে পালিয়ে যায়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, হামলাকারীর পরিচয় এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিক কিছু তথ্য পাওয়া গেছে। অভিযুক্তকে ধরতে অভিযান চালানো হচ্ছে।

বিয়ানীবাজারে জাতীয় নাগরিক পার্টির কমিটি ঘোষণা, কার কার নাম রয়েছে কমিটিতে

সাম্প্রতিক সময়ের আলোচিত রাজনৈতিক সংগঠন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির বিয়ানীবাজার উপজেলা কমিটি গঠন করা হয়েছে। ১২ জুলাই এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এ কমিটি অনুমোদন করেন।

এতে প্রধান সমন্বয়কারী হিসেবে এম ডি সালাহ উদ্দিন সাজু, যুগ্ম সমন্বয়ক মাছুরুর রহমান, এনায়েত হোসেন, তাহমিদুর রশীদ চৌধুরী, সুপ্রিয় বড়ুয়া, কাওছার আহমদ, আব্দুল ওয়াহিদ কাদের, মোহাম্মদ আয়নুল হক, ফখরুল ইসলাম ও দেলোওয়ার হোসেন, সদস্য মাহবুব আলম শিপু, সিয়াম উদ্দিন, ইকবাল হোসেন, দেলোয়ার হোসেন, রুহুল আমীন, সুহেল আহমদ, শাহরিয়ার আলম ইমন, রাজু আহমদ, ফারুক আহমদ, আলাল আহমদ ও আবিদ আহমেদ মনোনীত হয়েছেন।

নতুন কমিটির নেতৃবৃন্দ তাদের রাজনৈতিক কর্মকান্ডে সকল মহলের সহায়তা কামনা করেছেন।

সিলেটে মোটরসাইকেল কেড়ে নিল এইচএসসি পরিক্ষার্থীর প্রাণ

ফেঞ্চুগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সুফিয়ান আহমদ সাইফ (১৮) নামের এক যুবক শনিবার রাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা গেছেন। নিহত সাইফ মোগলাবাজার থানার ধরমপুর গ্রামের সেলিম আহমদের একমাত্র ছেলে।

সে চলতি এইচএসসি পরীক্ষা দিচ্ছিলো।

শনিবার বিকালে সাইফ বাড়ি ফিরার পথে ফেঞ্চুগঞ্জ কটালপুর এলাকায় সিলেট থেকে আসা কারের সাথে সংঘর্ষ হয়। এতে সে মোটরসাইকেল থেকে ছিটকে দুরে গিয়ে পড়ে।

তারা মামা নাহিদ আহমেদ জানান, দুর্ঘটনায় তার হাত ভাঙ্গে, চোখে আঘাত পায় এবং মোটরসাইকেল ভাঙ্গা বাম্পার তার পেটে ঢুকে যায়। তাকে উদ্ধার করে সিলেট শহরের একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাওয়া হলে তাকে আইসিইউ তে রাখা হয়। কয়েক ঘন্টা পর সে মারা যায়।

তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। আহাজারিতে পাগলপ্রায় তার পরিবার। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার জানাযার সময় ও স্থান নির্ধারণ হয় নি।

প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, বিএনপি নেতাকে গাছে বাঁধলেন গ্রামবাসী

মানিকগঞ্জের দৌলতপুরে অনৈতিক সম্পর্কে জড়িত থাকার অভিযোগে এক বিএনপি নেতা ও প্রবাসীর স্ত্রীকে সারারাত গাছের সঙ্গে বেঁধে রাখলেন এলাকাবাসী।

শুক্রবার (১১ জুলাই) দিনগত রাত ২টার দিকে উপজেলার ধামশ্বর এলাকার চর দেশগ্রামে এ ঘটনাটি ঘটে। প্রবাসীর স্ত্রীর ঘর থেকে স্থানীয়দের হাতে আটক ব্যক্তির নাম সিরাজুল ইসলাম মুনজেল (৪৫)। তিনি উপজেলার ধামশ্বর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক।

শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল-মামুন।

এলাকাবাসীর দাবি, উপজেলার চর দেশগ্রামের এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে সিরাজুল ইসলাম মনজেলের অবৈধ সম্পর্ক ছিল। বিষয়টি নিয়ে গ্রামবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে কানাঘোষা চলছিল। শুক্রবার রাতে গ্রামের কয়েকজন মনজেলকে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করতে দেখেন। তার কিছুক্ষণ পরে স্থানীয়রা হাতেনাতে তাদের আটক করেন এবং ভোর পর্যন্ত গাছের সঙ্গে বেঁধে রাখেন।

প্রবাসীর স্ত্রীর ঘরে বিএনপি নেতা, গাছে বেঁধে রাখলেন স্থানীয়রা

অভিযুক্ত সিরাজুল ইসলাম মুনজেল উপজেলার ধামশ্বর ইউনিয়নের গালা এলাকার মৃত শিরজন আলীর ছেলে। তিনি ধামশ্বর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক। প্রবাসীর স্ত্রী দুই সন্তানের জননী। সিরাজুল ইসলাম মনজেলও দুই সন্তানের জনক।

ধামশ্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান পিন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত ২টার দিকে এলাকাবাসী তাদের আটক করে গাছে বেঁধে রাখেন। তারা দুজনই অনৈতিক সম্পর্কের কথা স্বীকার করেছেন। ওই নারীর প্রবাসী স্বামী এখন তাকে নিয়ে সংসার করবেন না বলে জানিয়েছেন। তবে অভিযুক্ত দুজনই দুজনকে বিয়ে করতে রাজি আছেন। এখন সামাজিকভাবে বিষয়টা মীমাংসার চেষ্টা চলছে।

দলীয়ভাবে মনজেলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এ বিষয়ে স্থানীয় ধামশ্বর ইউপি চেয়ারম্যান মো. ইদ্রিস বলেন, এই ঘটনায় দুই পক্ষের পরিবারের সদস্যদের নিয়ে বসেছি। প্রবাসী ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে আর সংসার করতে চান না বলে ফোনে কল করে জানিয়েছেন। এ ঘটনার পর প্রবাসীর স্ত্রী ও সিরাজুল ইসলাম বিয়ে করতে রাজি। তাদের পরিবারের সদস্যরাও এ বিষয়ে রাজি হয়েছেন। সে কারণে তাদের কোনো অভিযোগ নেই।

ওসি এ আর এম আল-মামুন বলেন, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। তবে স্থানীয় চেয়ারম্যান ও গণ্যমান্যরা বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন।

ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বলেন বিমানে বোমা আছে

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-কাঠমান্ডু ফ্লাইটে বোমা রয়েছে বলে অচেনা নম্বর থেকে ফোনকলে জানানো হয়। বোমা থাকার আশঙ্কায় বিজি-৩৭৩ ফ্লাইটটিতে ৩ ঘণ্টা চলে নিবিড় তল্লাশি। তবে বিমানে কোনো বোমা পাওয়া যায়নি।

এ ঘটনায় এখন পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করেছে র‍্যাব। র‍্যাব জানায়, এই ঘটনার সঙ্গে পারিবারিক বিষয় জড়িত। ছেলে যেন পরকীয়া প্রেমিকাকে নিয়ে কাঠমান্ডুতে না যেতে পারেন- এ জন্য মা ফোন দিয়ে জানান বিমানে বোমা আছে।

শনিবার (১২ জুলাই) কারওয়ান বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাবের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান।

তিনি বলেন, সম্প্রতি বোমা আছে এমন এক ফোনকলের মাধ্যমে ঢাকা থেকে কাঠমান্ডুগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট জরুরি অবতরণ করতে বাধ্য হয়। পরে বিমানটি তল্লাশি করে বোমা পাওয়া যায়নি। এ ঘটনায় আমরা তিনজনকে এখন পর্যন্ত গ্রেফতার করেছি।

র‍্যাব ডিজি জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি এক ব্যক্তি তার পরকীয়া প্রেমিকাকে নিয়ে ওই ফ্লাইটে করে কাঠমান্ডু যাচ্ছিলেন। বিষয়টি তার স্ত্রী ও মা জানতে পারেন। পরে ওই ব্যক্তির এক বন্ধুর থেকে তথ্য নিয়ে ওই মা এয়ার ট্রাফিক কন্ট্রোলে ফোন করে বিমানে বোমা আছে এমন ভুয়া সংবাদ দেন। যাতে করে ছেলেকে তার পরকীয়া প্রেমিকাকে নিয়ে কাঠমান্ডু যাওয়া থেকে আটকাতে পারেন।

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে নির্মমভাবে পাথর মেরে হত্যা যুবদল নেতার

চাঁদা না দেওয়ায় মো. লালচাঁদ ওরফে সোহাগকে (৩৯) নামের এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে এ ঘটনা ঘটে। সেদিনই পুলিশ যুবদল নেতা মঈনসহ চারজনকে আটক করেছে। নিহত সোহাগ কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব নামাবাড়ি গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রজনী ঘোষ লেনে ভাঙারি ব্যবসা করতেন। আটক মঈন যুবদলের চকবাজার থানার সাধারণ সম্পাদক প্রার্থী বলে জানা গেছে।

সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলার আসামি যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক রজ্জব আলী পিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকিকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

এদিকে হত্যাকাণ্ডের ভিডিও এখন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ব্যবসায়ীর পরনের কাপড় খুলে নিয়ে তাকে নির্মমভাবে মাথায় পাথর মেরে হত্যা করে অভিযুক্তরা। নিহত সোহাগের বন্ধু মামুন বলেন, দু-তিন মাস ধরে মঈন প্রতি মাসে চাঁদা দাবি করত সোহাগের কাছে। সোহাগ টাকা দিতে অস্বীকৃতি জানালে কিছুদিন আগে দোকানের সামনে এসে তাকে ‘দেখে নেওয়া’র হুমকি দিয়ে চলে যায়। বুধবার সন্ধ্যা ৬টার দিকে সোহাগকে একা পেয়ে মঈনসহ ৪-৫ জন মিলে পাথর দিয়ে মাথায় আঘাত করে নির্মমভাবে হত্যা করে। নির্যাতনের সময় তারা তার পরনের পোশাকও খুলে ফেলে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমরা কেউ ভয়ে এগিয়ে যেতে পারিনি। কারণ মঈন যুবদলের চকবাজার থানার সাধারণ সম্পাদক প্রার্থী। তার বিরুদ্ধে মিটফোর্ড হাসপাতালের ফুটপাত ও কেমিক্যাল ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তোলার অভিযোগ রয়েছে। এমনকি হাসপাতালের তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগেও মোটা অঙ্কের ঘুস বাণিজ্যের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

লালবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব রাব্বি জানান, তিনি মঈনকে চিনেন। মঈন যুবদলের সক্রিয় কর্মী। দীর্ঘদিন ধরে চকবাজার থানায় যুবদলের কোনো কমিটি নেই। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মঈন এ ধরনের কর্মকাণ্ড করতে পারে না বলে মন্তব্য করেন তিনি। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ভাঙারি ব্যবসাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। সেই বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। ঘটনার পর পুলিশ মঈন ও জনি নামে দুজনকে আটক করেছে।

অস্ত্রসহ গ্রেফতার ৪
লালচাঁদ ওরফে সোহাগকে (৩৯) হত্যার ঘটনায় চারজকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- মাহমুদুল হাসান মহিন (৪১), তারেক রহমান রবিন (২২)। এ সময় রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। র্যাব-১০ আরও দুজনকে গ্রেফতার করেছে। এ নিয়ে মোট চারজনকে গ্রেফতার করা হলো। গতকাল শুক্রবার ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। ডিসি তালেবুর রহমান বলেন, হত্যাকাণ্ডের ঘটনার সংবাদ পাওয়ার পর কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে এবং রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত দুইজন আসামিকে গ্রেফতার করেছে। তিনি বলেন, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।ইলেকট্রনিক কাগজ

যুবদলের ২ নেতাকে বহিষ্কার
এদিকে সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলার আসামি যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক রজ্জব আলী পিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকিকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনও ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। উক্ত বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে কোনোরূপ শৈথিল্য না দেখিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়ার উদাত্ত আহ্বান জানিয়েছে যুবদল। এদিকে, এ ঘটনায় অভিযুক্তদের আজীবনের জন্য বিএনপি বহিষ্কার করেছে জানিয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।