Friday, April 10, 2026
Home Blog Page 9

সিলেটে ছিনতাইকারী আটক, মোটরসাইকেল জব্দ

সিলেট নগরীর দক্ষিণ সুরমা গোটাটিকর থেকে এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে গোটাটিকর এলাকা থেকে তাকে গ্রেফতার করে মোগলাবাজার থানাপুলিশ। এসময় মোটরসাইকেলসহ ছিনতাইয়ে ব্যবহৃত অন্যান্য জিনিসপত্র জব্দ করা হয়।

আটককৃতের নাম সাদ্দাম হোসেন (৩০)। সে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার জামুড়িপাড়া গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে ও বর্তমানে দক্ষিণ সুরমার পশ্চিমভাগ এলাকায় বসবাস করছেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আটক সাদ্দাম হোসেন চিহ্নিত ছিনতাইকারী। তার বিরুদ্ধে একাধিক ছিনতাই মামলা রয়েছে। তার ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সিলেটে মুন্না, কাবুল ও রোজিনা মিলে করতেন যে নিষিদ্ধ ব্যবসা

সিলেটে ইয়াবাসহ তিন কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার বেলা দেড়টার দিকে দক্ষিণ সুরমার ভার্থখলাস্থ পুরাতন পোস্ট অফিসের গলির ভেতরের একটি বাসা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ রয়েছেন।

আটককৃতরা হলেন- সুনামগঞ্জের ছাতক থানার রহমতবাগ পূর্ব কামারগাঁও’র সাইদুর রহমানের ছেলে আতিকুর রহমান মুন্না (৪৫), সিলেট নগরীর ভার্থখলা স্বর্ণালী ২০ নম্বর বাসার মৃত আবদুর রহমান লাল মিয়ার ছেলে কাবুল মিয়া (৫৫) ও ভার্থখলা ডি ব্লকের হাওরের বাড়ির সালেক মিয়ার স্ত্রী রুজিনা খাতুন (২৮)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃতদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোর্পদ করা হয়েছে।

লন্ডন পাঠানোর নামে প্রতারণা, সিলেটে র‌্যাবের খাঁচায় মনির

লন্ডন পাঠানোর নামে প্রতারণার অভিযোগে মনির আহমদ (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

সোমবার (২ মার্চ) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহপরাণ থানার দাসপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মনির শাহপরাণ থানাধীন পলাশ কুটির ইসলামপুর এলাকার মৃত রউফ আহমেদের ছেলে। লন্ডন পাঠানোর নামে প্রায় ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়েরকৃত একটি মামলার আসামি।

জানা যায়, গোলাপগঞ্জের ঘোগারকুল গ্রামের আরিফ আহমেদ (৩০) নামের এক যুবকের সঙ্গে ফেসবুকে পরিচয় হয় মো. মনসুর আলী তালুকদারের। তার নিজস্ব অ্যাজেন্সি এমটি আর ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমে বসে আরিফ লন্ডন যাওয়ার জন্য ২৫ লাখ টাকা দেওয়ার চুক্তি করেন। এসময় মনসুর মনির আহমদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। চুক্তিতে উল্লেখ করা হয়, প্রাথমিক অবস্থায় মনির ও মনসুরকে ৩ লাখ টাকা দিবেন এবং ভিসা হওয়ার পর বাকী ২২ লাখ টাকা দেওয়া হবে। আরিফ অগ্রিম ৩ লাখ টাকা প্রদান করেন। ভিসা হওয়ার পর তাদের দুজনকে ভিন্ন ভিন্ন সময়ে আরও নগদ ১৬ লাখ টাকা এবং ব্যাংকের মাধ্যমে আরও ৬ লাখ টাকা দিয়েছেন।

গত ২১ ফেব্রুয়ারি সকাল ৬টার দিকে আরিফ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে প্রবেশ করে চেকিং কাউন্টারে উপস্থিত হন এবং বোর্ডিং পাস সংগ্রহ করেন। ইমিগ্রেশনের জন্য সকাল সোয়া ৭টায় ৩নং বহির্গমন টার্মিনালে পৌঁছালে কর্মকর্তা তার পাসপোর্ট ভিসা ও অন্যান্য দলিল পর্যবেক্ষণ করে জানান যে, তার পাসপোর্টের ৯নং পাতায় সংযুক্ত স্টিকার ভিসাটি জাল।

এ ঘটনায় আরিফ বাদী হয়ে ঢাকার বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং আরিফকে গ্রেপ্তারে সক্ষম হয়।

তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ও গণমাধ্যম কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ।

দুবাইয়ে বোমা হামলায় নিহত: রাত ১০ টায়ও সিলেটে পরিবারের সাথে কথা বলেন সালেহ, পরেই আসে মৃত্যুর খবর

রাত ১০টার দিকে ভাইদের সাথ কথা বলবেন জানিয়েছিলেন সালেহ। ভাইদের সাথে সে কথা কখনো আর আর বলা্ হবে না বড়লেখার সালেহ আহমদের। ভাইদের সাথে কথা বলার আগেই দুবাইয়ে ইরানের বোমা হামলায় বড়লেখার সালেহ আহমদ নিহত হয়েছেন।

৩৫ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে থাকেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সালেহ আহমদ। দেশে এই নামেই তিনি পরিচিত। তবে প্রবাসে তাঁর নাম আহমদ আলী। গত বছর শেষবার দেশে এসেছিলেন। চার মাস আগে আবার দুবাইয়ে ফিরে যান। তাঁর আর কখনোই জীবিত অবস্থায় দেশে ফেরা হবে না।

শনিবার রাত ১০টার দিকে পরিবারের সদস্যরা তার মৃত্যুর ব্যাপারে প্রথম খবর পান। তবে পরে কফিলের (দুবাইয়ে স্থানীয় চাকরিদাতা) মাধ্যমে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন। হামলার পর দুবাইয়ের সেনাবাহিনী তাঁকে হাসপাতালে নেয়, সেখানে তাঁর মরদেহ রাখা আছে। ঘটনার আগে তিনি ভাইদের কাছে একটি ভয়েস বার্তা পাঠিয়েছিলেন। ভাইদের মুঠোফোনে ভয়েস রেকর্ড পাঠিয়ে বলেছিলেন, রাত ১০টার দিকে তাদের সঙ্গে আলাপ করবেন। কিন্তু তার আগেই বোমা হামলায় তিনি মারা যান।

সালেহ আহমদের বাড়ি বড়লেখার গাজিটেকা (বাঁশতলা) গ্রামে। তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার ইফতারের পর কোনো এক সময় ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র তাঁর গাড়িতে আঘাত করলে তিনি মারা যান। তিনি দুবাইয়ের আজমান শহরে পানির ট্যাংকার চালাতেন। হামলার সময় তিনি পানি সরবরাহের জন্য গাড়ি নিয়ে পথে বের হয়েছিলেন। ওই শহরে তাঁর ছোট দুই ভাই জাকির হোসেন ও বোরহান আহমদও থাকেন। তাঁরাই সালেহ আহমদের মৃত্যুর খবর পরিবারকে জানিয়েছেন।

সালেহর ছোট ভাই জাকির হোসেনের স্ত্রী শেলি বেগম গতকাল রোববার জানান, গত বছর তাঁর ভাশুর দেশে এসেছিলেন। প্রায় চার মাস আগে দুবাই ফিরে যান। ২৭ ফেব্রুয়ারি (শুক্রবার) সবশেষ দেশে তিনি স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন। পরের দিন শনিবার রাতে তাঁরা তাঁর মৃত্যুসংবাদ পান।

শেলি বেগম বলেন, শনিবার রাত ১০টার দিকে প্রথম তাঁরা খবর পান যে সালেহ আহমদ বোমা হামলায় মারা গেছেন। কিন্তু পুরোপুরি নিশ্চিত হতে পারছিলেন না। আজমান শহরে থাকা সালেহর দুই ভাই সেখানকার হাসপাতালে যান। তবে তাঁরা ভাইকে দেখার সুযোগ পাননি।

দুই ভাই পরিবারের সদস্যদের জানান, গাড়িতে বোমা হামলার পরপরই দুবাইয়ের সেনাবাহিনীর সদস্যরা সালেহকে হাসপাতালে নিয়ে যান। তাঁরা কফিলের মাধ্যমে সালেহ আহমদের মৃত্যুর বিষয় সম্পর্কে নিশ্চিত হন। তাঁর লাশ হাসপাতালে রাখা আছে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, পুলিশ সালেহ আহমদের বাড়িতে গিয়েছিল। পরিবারের সূত্রে মৃত্যুর বিষয়টি সম্পর্কে পুলিশ নিশ্চিত হয়েছে।

সালেহ আহমদের স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে আছেন। তাঁরা সবাই দেশে থাকেন।

সিলেটে ড্রেনে লুকিয়ে ছিল ৭ ছিনতাই কারী, খুঁজে বের করল পুলিশ

সিলেট নগরীতে পুলিশের চোখ ফাঁকি দিতে ড্রেনের ভেতরে লুকিয়ে থাকা অবস্থায় অভিনব কায়দায় সাত ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

রোববার (১ মার্চ) ভোররাতে নগরীর ধোপাদিঘিরপাড় এলাকায় এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

সোবহানীঘাট পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এই চক্রটি নগরীর বিভিন্ন স্থানে পথচারীদের গতিরোধ করে ছিনতাই করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, চক্রটি ধোপাদিঘিরপাড় এলাকায় অবস্থান করছে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালানোর পথ না পেয়ে পাশেই ‘হোটেল মেট্রো ইন’-এর সামনের একটি বড় ড্রেনের ভেতরে নেমে লুকিয়ে পড়ে। সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপলু চৌধুরীর নেতৃত্বে পুলিশ সদস্যরা পুরো এলাকা ঘিরে ফেলেন। এরপর টর্চলাইট জ্বালিয়ে ড্রেনের ভেতরে তল্লাশি চালিয়ে একে একে সাতজনকে আটক করা হয়।

আটককৃত ছিনতাইকারীরা হলেন, ইমন আহমদ (১৭) মৌলভীবাজারের রাজনগরের বাসিন্দা, ইমন (১৮) মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বাসিন্দা, শাহান আহমদ (১৮) দক্ষিণ সুনামগঞ্জের বাসিন্দা, ইয়াসিন (১৮), সিলেট সদরের বাইশটিলার বাসিন্দা, রুবেল (২১), মৌলভীবাজারের রাজনগরের বাসিন্দা, হৃদয় আহমদ (১৮) সুনামগঞ্জের দোয়ারাবাজারের বাসিন্দা ও শওকত মিয়া (৩০) সিলেট নগরীর জল্লারপাড়েরর বাসিন্দা।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, আটককৃতদের বিরুদ্ধে একাধিক ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, নগরীতে ছিনতাই ও অপরাধ দমনে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত আছে। জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।

আমিরাতে ড্রোন হামলায় নিহত সিলেটির পরিচয় সম্পর্কে যা জানা যাচ্ছে

সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় নিহত বাংলাদেশির পরিচয় জানা গেছে। তাঁর নাম সালেহ আহমেদ (৪৫)। তিনি মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের বাসিন্দা।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে পাল্টা অভিযান শুরু করলে সংযুক্ত আরব আমিরাতে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া যায়। ইসরায়েলি সংবাদমাধ্যম ‘দ্য টাইমস অব ইসরায়েল’ জানিয়েছে, এসব হামলায় একজন বাংলাদেশি, একজন পাকিস্তানি ও একজন নেপালি নাগরিক নিহত হয়েছেন। আমিরাতের সংবাদমাধ্যম ‘খালিজ টাইমস’–ও এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

হামলায় নিহত বাংলাদেশি কর্মী সালেহ আহমেদ আরব আমিরাতের আজমান প্রদেশে ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতেন। তাঁর পরিবারের সদস্যরা মৃত্যুর খবর নিশ্চিত করলেও তাৎক্ষণিকভাবে বিস্তারিত কারণ জানাতে পারেননি।

এদিকে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে, যার মধ্যে ১৫২টি ধ্বংস করা হয়েছে। এ ছাড়া দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে দেশটি।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আরও বলা হয়, মোট ৫৪১টি ইরানি ড্রোন শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৫০৬টি ড্রোন আকাশেই প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।

সিলেটে কিশোর গ্যাংয়ের আরও ৬ সদস্য গ্রেপ্তার

সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১ মার্চ) তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর বাগবাড়ীস্থ পিডিবি গেটের সামনে অভিযান চালিয়ে কিশোরগ্যাংয়ের ৫ সদস্যকে আটক করা হয়।

তারা হলেন- সুনামগঞ্জ জেলার সদর উপজেলার আশকুড়ি বীরগাঁও’র পারভেজের ছেলে সাদি ইসলাম সানি (১৮), একই জেলার মধ্যনগর থানার চামারদানি গ্রামের আবদুল হামিদের ছেলে আবুল মোড়ল (১৮), তাহিরপুর থানার মাহমুদপুরের রিপন তালুকদারের ছেলে রিফাত তালুকদার (১৮), একই থানার রামসিমপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে জনি আহম্মেদ (১৯) ও হবিগঞ্জের বানিয়াচংয়ের শরিফ উদ্দিন রোডের জিয়াউর রহমানের ছেলে নাহিদ আহমেদ রনি (১৮)। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।

এদিকে, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর কাস্টঘর এলাকা থেকে আবদুর রহিম (১৯) নামের কিশোরগ্যাংয়ের এক সদস্যকে আটক করা হয়। সে সুনামগঞ্জ জেলার ছাতক থানার টুকেরাগাঁও’র লিয়াকত আলীর ছেলে। আবদুর রহিম ছিনতাইয়ের সাথে জড়িত বলে জানিয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম।

এরআগে শুক্রবার অভিযান চালিয়ে ‘বুলেট মামুন গ্রুপ’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করে পুলিশ।

আটককৃতদের একজনের নাম সিয়াম (২৩)। তিনি নগরের বালুচর এলাকার বাসিন্দা। আটককৃত অপর দুজন অপ্রাপ্ত বয়স্ক। তাই তাদের নাম পরিচয় গোপন রাখা হয়।

মাধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাব সিলেটেও: ওসমানীতে আসেনি আন্তর্জাতিক ফ্লাইট

ইরানে মার্কিন-ইসরাইল হামলার প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধাবস্থা বিরাজ করছে। এই পরিস্থিতিতে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

রবিবার (১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক মো. হাফিজ আহমদ।

তিনি জানান, রবিবার সকালে দোহা থেকে ওসমানী বিমানব্ন্দরে ফেরত আসা একটি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।

এদিকে, ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার পর থেকে বন্ধ রয়েছে মধ্যপ্রাচ্যের আকাশসীমা। বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ঘোষণা করেছে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো। এতে অসংখ্য যাত্রী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েছেন। অনেক যাত্রী অনিশ্চয়তায় বিমানবন্দর থেকে ফিরে যাচ্ছেন।

আবার যাদের ফ্লাইট গভীর রাতে, তাদের বিমানবন্দরে যেতে নিষেধ করছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। এই অবস্থা কত দিন চলমান থাকবে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।

এদিকে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় তিন বাংলাদেশি আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে বিমানবন্দরে যাত্রীদের খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের তিনি বলেন, আহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট মিশন ও দূতাবাসগুলোকে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ রয়েছে। এজন্য নিরাপত্তা ঝুঁকির কারণে শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল থেকে রবিবার (১ মার্চ) সকাল পর্যন্ত ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী মোট ৫৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

রবিবার (১ মার্চ) সকালে এক বার্তায় সাংবাদিকদের এই তথ্য জানান শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ। তবে কখন নাগাদ ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে, তা সুনির্দিষ্ট করে কিছু জানাননি।

শাহজালাল বিমানবন্দর সূত্র জানায়, শনিবার (২৮ ফেব্রুয়ারি) মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ হওয়ার ২৭টি ফ্লাইটের প্রায় ১০ হাজার যাত্রীর ভ্রমণ বাতিল হয়েছে। তাদের অনেককে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থাকার ব্যবস্থা করেছেন। অনেকে নিজ গ্রামে বা বাড়িতে ফিরে গেছেন। ফ্লাইট শিডিউল স্বাভাবিক হলে মুঠোফোনে যাত্রীদের জানিয়ে দেবে সংশ্লিষ্ট এয়ারলাইন্স।

অপরদিকে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধপরিস্থিতির কারণে প্রবাসে বসবাসরত কোন বাংলাদেশী সমস্যার সম্মুখীন হলে তাদেরকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কল সেন্টার +৮৮০৯৬১০১০২০৩০ নম্বরে ফোন করে জানাতে অনুরোধ জানানো হচ্ছে। এ নম্বরটি দিন-রাত ২৪ ঘন্টা খোলা থাকে।

রবিবার (১ মার্চ) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

সিলেটে চোরাই গরু দিয়ে যুক্তরাজ্য প্রবাসীর ইফতার পার্টি

সিলেটের ওসমানীনগরে চোরাই গরু জবাই করে ইফতার পার্টির আয়োজন করেছেন যুক্তরাজ্য প্রবাসী এক বিএনপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ভাইরাল হওয়ার পর সমালোচনার মুখে পড়েছেন ওই প্রবাসী।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের গলমুকাপন গ্রামে যুক্তরাজ্য প্রবাসী এম আহমদ মধু মিয়ার বাড়িতে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ৫ রমজান বেলা ৩টার দিকে গলমুকাপন মাদ্রাসার পূর্ব পাশের মাঠ থেকে একই গ্রামের বাসিন্দা নাজমুল ইসলামের একটি ষাঁড় চুরি হয়। গরু হারানোর পর মধু মিয়ার বাড়ির কেয়ারটেকার সাঈদি নাজমুল বিভিন্ন স্থানে গরু খোঁজার পরামর্শ দিয়ে বিভ্রান্ত করেন বলে অভিযোগ ওঠে।

পরে রাত ৮টার দিকে মধু মিয়ার বাড়িতে কসাই ডেকে একটি গরু জবাই করা হয়। সারারাত রান্নার পর ৬ রমজান বিকালে প্রায় সহস্রাধিক মানুষের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দাওয়াতপ্রাপ্ত অতিথিদের মধ্যে গরুর মালিক নাজমুল ইসলামও উপস্থিত ছিলেন।

সেখানে জবাইকৃত গরুর দড়ি দেখে তিনি নিজের গরু হিসেবে শনাক্ত করেন এবং তাৎক্ষণিকভাবে বিষয়টি স্থানীয়দের অবগত করেন।

পরে বাড়ির সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা নিশ্চিত হন যে, নাজমুল ইসলামের গরুই জবাই করা হয়েছে। ঘটনার পর ৮ রমজান বৃহস্পতিবার রাত ১১টার দিকে মধু মিয়ার বাড়িতে গ্রামের মুরব্বিদের উপস্থিতিতে সালিশ বৈঠক বসে। বৈঠকে গরুর মালিককে ৭০ হাজার টাকা ক্ষতিপূরণ প্রদান করে বিষয়টি আপস-মীমাংসা করা হয়। একইসঙ্গে কেয়ারটেকার সাঈদিকে চাকরি থেকে বরখাস্ত করে পরিবারের জিম্মায় দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে মধু মিয়ার পক্ষে কথা বলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কয়েছ আহমদ চৌধুরী ও পশ্চিম পৈলনপুর ইউপি যুবদলের সদস্য হুসাইন আহমদ। তারা জানান, মধু মিয়া বর্তমানে ব্যস্ত, তিনি লন্ডনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। বিষয়টি স্থানীয়ভাবে সমাধান হয়েছে। এ নিয়ে আর কিছু বলার নেই। তারা সংবাদ প্রকাশ না করার অনুরোধও জানান।

গরুর মালিক নাজমুল ইসলাম বলেন, গরু চুরির পর আমাকে ভুলপথে পরিচালিত করা হয়েছে। ইফতারে গিয়ে দড়ি দেখে নিশ্চিত হই এটা আমার গরু। পরে সিসিটিভি দেখে বিষয়টি প্রমাণিত হয়। সালিশে আমাকে ৭০ হাজার টাকা দেওয়া হয়েছে। তবে এলাকায় আরও কয়েকটি গরু চুরির ঘটনা ঘটেছে। এ বিষয়ে আরও একটি সালিশ হওয়ার কথা রয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি ও দয়ামীর ইউপি চেয়ারম্যান এসটিএম ফখর উদ্দিন বলেন, ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। ইফতারে দাওয়াত ছিল, তবে আমি যাইনি। যেহেতু উপস্থিত ছিলাম না, তাই বিস্তারিত মন্তব্য করতে পারছি না।

তথ্যসূত্রঃ যুগান্তর

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন করে যুদ্ধ বাঁধার প্রেক্ষাপটে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এসব ফ্লাইট বন্ধ থাকবে বলে জানা গেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেছেন, ‘মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে কয়েক দফা আলোচনার পর শনিবার সকালে ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তেহরানসহ পাঁচটি শহর লক্ষ্য করে এ হামলা হয়। সাইবার হামলা হয় দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমগুলোতে।

অন্যদিকে ইসরায়েলসহ আশপাশের দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইরান।