Monday, April 6, 2026
Home Blog Page 103

উল্টোপথে গাড়ি যেতে না দেওয়ায় ট্রাফিক পুলিশকে মারধর

চট্টগ্রাম নগরের খুলশী থানার ১ নম্বর সড়কে উল্টোপথে গাড়ি চালানোর সময় কর্তব্যরত ট্রাফিক পুলিশের কনস্টেবল সোহরাব হোসেন বাধা দিলে তাকে মারধর করার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

আহত সোহরাব হোসেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় গাড়ির চালক মো. রফিকুল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গাড়িটিও থানায় জব্দ করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডিসি (ট্রাফিক-উত্তর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জয়নুল আবেদীন বলেন, উল্টো দিক থেকে এসে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করলে কর্তব্যরত কনস্টেবল সোহরাব হোসেন তাকে সংকেত দেন। তখন কিছু বুঝে ওঠার আগেই গাড়িচালক মো. রফিকুল আলম সোহরাবের শার্টের কলার ধরে মুখে ঘুষি ও মারধর করেন। মারধরের ফলে নাকের হাড় ভেঙে অনবরত রক্ত বের হয় ও মুখমণ্ডলে আঘাতপ্রাপ্ত হন।

তিনি বলেন, সোহরাবের পুলিশের ইউনিফর্ম ছিঁড়ে যায়। এ সময় শিক্ষার্থীরা এগিয়ে আসলে চালক গাড়ি রেখে পালিয়ে যায়। পরে গাড়ির মালিকের সহযোগিতায় চালক মো. রফিকুল আলমকে খুলশী থানা পুলিশ গ্রেপ্তার করে। এ ঘটনায় খুলশী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গাড়ির মালিক চালককে চাকরি থেকে বরখাস্ত করেছে।

প্রতি সেকেন্ডে রাবার বুলেট ছুড়লেও শেষ হতে লাগবে ৫ বছর, বলেছিলেন আরাফাত

তখন দেশ উত্তাল। মারা গেছে বেশ কিছু শিক্ষার্থী। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে মিলেমিশে একাকার জনতা। ক্ষমতায় টিকে থাকতে তখনও মরিয়া স্বৈরাচার শেখ হাসিনা। পেটুয়া পুলিশ বাহিনীকে গুলির নির্দেশ দেওয়া হয়েছে, তার প্রমাণ যাত্রাবাড়ি, চাঁনখারপুল, উত্তরা, মিরপুর-১০, রংপুর, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চল। নজিরবিহীন হত্যাকাণ্ডকে আড়াল করতে নানা হুমিকি-ধামকিতে ব্যস্ত ছিলেন স্বৈর-সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

ছাত্র-জনতার চূড়ান্ত আন্দোলনের মধ্যে তিনি বলেছিলেন, ‘সরকার যদি প্রত্যেক সেকেন্ডে রাবার বুলেট ছোড়ে, তারপরও পাঁচ বছর লাগবে শেষ হতে।’ সেই আরাফাত আটক হয়েছেন আজ।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আজ মঙ্গলবার (২৭ আগস্ট) রাজধানীর গুলশান থেকে আরাফাতকে আটক করা হয়।

ছাত্র-জনতার আন্দোলনের সময় আরাফাত বেশ কিছু মন্তব্য করে সমালোচিত হয়েছিলেন। কী ছিল তার সেসব বক্তব্যে? চলুন, দেখে নেওয়া যাক।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন ছাত্রজনতার ওপর গুলি চালাচ্ছিল, তখন চারদিকে ছড়িয়ে পড়ে—রাবার বুলেটের যোগান শেষ হয়ে গেছে। প্রায় প্রতিষ্ঠিত এই কথাকে নাকচ করে দিয়ে ২১ জুলাই সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোহাম্মদ আলী আরাফাতকে বলেছিলেন, ‘সরকার যদি প্রত্যেক সেকেন্ডে রাবার বুলেট ছোড়ে, তারপরও পাঁচ বছর লাগবে শেষ হতে; এতো স্টোরেজে আছে, বলে দিচ্ছি আপনাদের (সাংবাদিকদের)।’

১৬ জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আন্দোলনে পুলিশের গুলির সামনে দুই হাত প্রসারিত করে নিজের বুক পেতে দেন আবু সাঈদ। পরে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ছাত্রদের আইকনে পরিণত হন তিনি। তারপর থেকে প্রতিটি স্থানে ছাত্রদের সঙ্গে জনতা যোগ দিয়ে গড়ে তোলে প্রতিরোধ। নড়ে ওঠে স্বৈরশাসকের মসনদ।

২২ জুলাই। তখন আন্দোলন তুঙ্গে। এমন সংঘাতময় পরিস্থিতিতে ব্যবসায়ী নেতাদের সঙ্গে দুপুরে বৈঠক করেন সাবেক প্রধানমন্ত্রী শেষ হাসিনা। ওই বৈঠকে নিহত আবু সাঈদ প্রসঙ্গকে পরোক্ষভাবে তুলে ধরে আরাফাত বলেন, ‘প্রমাণও পাওয়া গেছে, আন্দোলনকারীদের অনেকে, দে ওয়ার ড্রাগড। তাদের ড্রাগ করা হয়েছে। যেন তারা বুক পেতে পুলিশের সামনে চলে আসতে পারে।’

সিলেটে সড়ক দুর্ঘটনায় ট্রাফিক সার্জেন্ট নিহত

সিলেটে মোটরসাইকেলের সঙ্গে বিপরীতমুখী বাসের সঙ্গে সংঘর্ষে এক ট্রাফিক সার্জেন্টের মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যার দিকে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের জাউয়াবাজার এলাকায় এই ঘটনাটি ঘটে বলে জানান সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম।

নিহত সুবীর তালুকদার (৩১) সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন। তিনি সুনামগঞ্জের দিরাইয়ের মৃত সুষেন তালুকদারের ছেলে।

সাইফুল ইসলাম বলেন, সোমবার বিকালে সুবীর তালুকদার ছুটি কাটিয়ে কাজে যোগদানের জন্য তার নিজ বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে সিলেট রওনা হয়েছিলেন।
সিলেটে সড়ক দুর্ঘটনায় ট্রাফিক সার্জেন্ট নিহত
“পথে ছাতক উপজেলার জাওয়াবাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন তিনি।

“এ সময় স্থানীয়রা বাসটি আটক করেন ও সুবীর তালুকদারকে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সন্ধ্যায় সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

উপকমিশনার আরও বলেন, সড়ক দুর্ঘটনায় ট্রাফিক সার্জেন্ট সুবীর তালুকদারের মৃত্যুর বিষয়ে অফিশিয়াল কার্যক্রম এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

পুরো শাসনব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে: সারজিস আলম

প্রশাসনসহ সব জায়গা থেকে আওয়ামীপন্থিদের উৎখাত করে দেশের পুরো শাসনব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম।

সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে শিক্ষার্থীদের ওপর আনসার সদস্যদের হামলার প্রতিবাদ, ‘ষড়যন্ত্রকারী’ সাবেক ডিজিসহ সবার বিচার ও প্রশাসনকে ফ্যাসিবাদ মুক্ত করার দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

সারজিস আলম বলেন, এখনো চাটুকার শক্তি প্রশাসনসহ সব জায়গায় আছে। ১৬ বছরের ফ্যাসিজমের সঙ্গে সহায়ক হিসেবে থাকা এই শক্তিকে প্রথমে উৎখাত করতে হবে, তারপর পুরো শাসনব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। আনসারদের মধ্যে যারা আওয়ামী লীগের সহায়তায় চাকরি পেয়েছে, তারাই এ ঘটনা ঘটিয়েছে বলে বিশ্বাস করি।

শাসনব্যবস্থা নিয়ে এখনই প্রশ্ন না তোলার আহ্বান জানিয়ে এ সমন্বয়ক বলেন, আমরা আমরা কখনো চাই না, আপনারা প্রশ্ন বা সমালোচনা না করে বসে থাকুন। কিন্তু নতুন একটি সরকার আসার পর তাকে শাসনব্যবস্থা সুষ্ঠু করার জন্য কয়েক মাস সময় প্রয়োজন হয়। তাই সবাইকে কিছুদিন ধৈর্য ধরার আহ্বান জানাই।

তিনি আরও বলেন, গতকাল আমাদের ভাইদের ওপর হামলার সুষ্ঠু বিচার হতে হবে, হামলায় জড়িত আনসারদের চিহ্নিত করে তাদের সব সুযোগ-সুবিধা রহিত করতে হবে। ১৬ বছর ধরে গড়ে ওঠা এই ফ্যাসিস্ট প্রশাসনের প্রতিটি সেক্টরে থাকা আওয়ামীপন্থিদের চিহ্নিত করে বিদায় করতে হবে।

বিক্ষোভ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক লুৎফর রহমান সরকার বলেন, ফ্যাসিস্ট হাসিনা বিদায় নেওয়ার পরে আওয়ামী লীগ ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা চালিয়েছে। তারা জুডিশিয়াল ক্যু করে, কখনো আমলাদের দিয়ে ক্যু করে নানাভাবে ষড়যন্ত্র করে ফিরে আসার চেষ্টা করেছে। আমরা বলে দিতে চাই, এসব ফ্যাসিস্টদের দোসরদের কোনো ষড়যন্ত্র হলে বাংলার ১৮ কোটি মানুষ একত্রে মোকাবিলা করবে।

বিয়ানীবাজারে কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক যোগ দিলেন জামায়াতে

জামায়াতে যোগ দেওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতারা

রাজনীতির পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে ছাত্রলীগের রাজনীতি ছেড়ে জামায়াতে ইসলামীর রাজনীতিতে যোগ দিয়েছেন সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রলীগের বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ শরীফ সামি।

শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য ফরম পূরণ করে দলটিতে যোগ দেন তিনি।

জামায়াতে যোগ দেওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতারা।
বিয়ানীবাজারে কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক যোগ দিলেন জামায়াতে
এদিকে, জামায়াতে ইসলামীর রাজনীতিতে সামির যোগদান করার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। কেউ কেউ এ নিয়ে সমালোচনা করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে আহমদ শরীফ সামি অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনকে বলেন, “ছাত্রলীগের রাজনীতি ছেড়ে স্বেচ্ছায় জামায়াতে ইসলামীতে যোগদান করেছি। এ নিয়ে এখন আর কোনো মন্তব্য করতে চাই না।”

কয়েক মিনিটেই শিক্ষার্থীদের দখলে সচিবালয়, পালালেন হাজারও আনসার সদস্য

কয়েক দফা দাবিতে আন্দোলন করে আসা আনসার সদস্যরা তাদের কর্মসূচি প্রত্যাহার করেছেন বলে জানান বিকেলে। জানা যায়, মেনে নেওয়া হয়েছে তাদের যৌক্তিক দাবি। তারপরই আনসারদের একাংশ ঘেরাও করেন সচিবালয়। সেখানে আটকে রাখেন সমন্বয়কদের। এই খবরে সচিবালয়ের দিকে অগ্রসর হলে সাধারণ শিক্ষার্থীদের ওপর চড়াও হন তারা। পেটুয়াদের ভূমিকায় অবতীর্ণ হন আনসার সদস্যদের অনেকে। পরে স্রোতের মতো আসতে থাকনে শিক্ষার্থীরা। তাদের ধাওয়ায় পালিয়ে যান আনসার সদস্যরা।

এর আগে সচিবালয় থেকে সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে করা লাইভে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ জানান সেখানের পরিস্থিতি। এরপর পরই এক পোস্টে তিনি লেখেন, সচিবালয়ের সামনে আনসার সদস্যরা শিক্ষার্থীদের নির্মমভাবে পেটাচ্ছে।

জানা গেছে, আনসার সদস্যদের আন্দোলনের কারণে টানা সাড়ে ৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ হয়ে আছেন প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে কর্মরত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। সমন্বয়কদেরও সচিবালয়ে আটকে রেখেছেন আনসার সদস্যরা।

আজ রোববার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে সচিবালয়ে এ চিত্র দেখা গেছে। ১০ মিনিট মতো আগে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ্ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, সবাই রাজুতে আসেন। স্বৈরাচারীশক্তি আনসার হয়ে ফিরে আসতে চাচ্ছে। দাবি মানার পরও আমাদের সবাইকে সচিবালয়ে আটকে রাখা হয়েছে।

জানা যায়, হাজার-হাজার আনসার সদস্য সকাল থেকে সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। একপর্যায়ে দুপুর ১২টা থেকে তারা সচিবালয়কে অবরুদ্ধ করে রাখে। এতে করে সবগুলো গেট বন্ধ হয়ে যায়। বিকেল ৫টায় অফিস ছুটি হলেও কর্মকর্তা-কর্মচারীরা বের হতে পারছেন না।

ঘণ্টাখানেক আগে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ্ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপর এক পোস্টে লিখেছেন, ‘দাবি মেনে নেওয়ার পরও আনসার সদস্যদের একটি অংশ এখনো উপদেষ্টাদের সচিবালয়ে আটকে রেখেছে। এই সংকটের সময়ে তারা সবাইকে আটকে রেখে ব্লেকমেইল করছে।’

এরপর রাত সোয়া ৯টার দিকে লাইভে হাসনাত সবাইকে আবারও রাজু ভাস্কর্যের কাছে সমবেত হওয়ার আহ্বান জানান। একইসঙ্গে শিক্ষার্থীদের সচিবালয়ের দিকেও যাওয়ার কথাও বলেন।

আর রাত ৯টা ৩৫ মিনিটে লেখেন, ‘সচিবালয়ের সামনে আনসার সদস্যরা শিক্ষার্থীদের নির্মমভাবে পেটাচ্ছে।

ম্যাচসেরার পুরস্কারের অর্থ বন্যার্তদের দিলেন মুশফিক

ভয়াবহ বন্যার কবলে পড়েছে বাংলাদেশের অন্তত ১২টি জেলা। তার মধ্যে ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রামের বেশ কয়েকটি উপজেলা বেশি ক্ষতিগ্রস্ত। এই দুর্যোগপূর্ণ অবস্থায় বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বিসিবি। বাদ যাননি ক্রিকেটাররাও। রাওয়ালপিন্ডি টেস্টে ম্যাচসেরার পুরস্কারের অর্থ বন্যার্তদের দিলেন মুশফিকুর রহিম।

আজ রোববার (২৫ আগস্ট) ম্যাচ জয়ের পর পুরস্কার প্রদান অনুষ্ঠানে মুশফিক বলেন, ‘দলের সব খেলোয়াড়ের অনুরোধে আমি এই পুরস্কারের অর্থ বন্যার্তদের দিতে চাই। আপনি জানেন, আমাদের দেশ ভয়াবহ বন্যার কবলে। পাশাপাশি এমন দুর্যোগে সবাইকে নিজেদের সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ানোর অনুরোধ জানাচ্ছি।’

এছাড়াও নিজের পারফরম্যান্স নিয়ে মুশফিক বলেন, ‘এটা আমার অন্যতম সেরা পারফরম্যান্স। আমরা বিদেশের মাটিতে খুব একটা ভালো খেলি না। দল হিসেবে খেলাটাই আমাদের লক্ষ্য। কীভাবে আমরা ব্যাটিং, বোলিংয়ে আরও উন্নতি করতে পারি, সেটা নিয়েই সবাই কাজ করছি। আমি দলের সব খেলোয়াড়ের পাশাপাশি কোচিং স্টাফের সদস্যদের ধন্যবাদ জানাই।’

ইতিহাসের সাক্ষী হয়ে থাকল পাকিস্তানের রাওয়ালপিন্ডি। পাঞ্জাব প্রদেশের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ক্রিকেটে প্রথম জয়ের ইতিহাস তৈরি করলো বাংলাদেশ। শুধু জয় বললে ভুল হবে। এই ম্যাচে তাদেরই মাটিতে পাকিস্তানকে রীতিমতো বিধ্বস্ত করে ছেড়েছে সফরকারীরা। জয়ের জন্য মাত্র ৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০ উইকেটের বিশাল জয়টি পাকিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের প্রথম।

বিপদে নায়িকাদের একমাত্র ভরসা ছিলেন ডিবি হারুন!

কা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক প্রধান হারুন-অর-রশীদ। সবার কাছে তিনি ডিবি হারুন নামেই পরিচিত। নানা কারণেই তিনি আলোচিত-সমালোচিত। বিশেষ করে শোবিজের নায়িকাদের বিপদে থেকে উদ্ধারের একমাত্র ভরসা ছিলেন ডিবি হারুন।

প্রায় সময়ই শোবিজের অনেক নায়িকাই তাদের ব্যাক্তিগত নানা ঝামেলা সুরাহারা জন্য যেতেন গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক প্রধান হারুনের কাছে। সেই কাতারে আছেন নায়িকা অপু বিশ্বাস, তানজিন তিশা, ববি হক, দিঘী সহ আরও অনেকেই।

তানজিন তিশা
ব্যক্তিগত জীবন নিয়ে তোপের মুখে পড়েছিলেন ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশা। তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। যার কারণে গেল বছরের ২০ নভেম্বর) ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে গিয়েছিলেন এই অভিনেত্রী। সেখানে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক প্রধান হারুন-অর-রশীদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

ডিবি অফিস সূত্রে তখন জানা যায়, ব্যক্তিগত সমস্যায় পড়ে ডিবি কর্মকর্তাদের অবহিত এবং পরামর্শ নিতে এসেছিলেন তানজিন তিশা।

অপু বিশ্বাস
২০২৩ সালের আগস্ট মাসে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে সাইবার বুলিংয়ের অভিযোগ জানান বাংলা চলচ্চিত্রের নায়িকা অপু বিশ্বাস। তিনি সাবেক ডিবির অতিরিক্ত কমিশনার হারুন -অর-রশীদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাইবার বুলিং সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করেন।

এরপর সেই বছরেই (১৯ ডিসেম্বর) পারিবারিক একটি ইস্যুকে কেন্দ্র করে বেশকিছু বিষয়ে ভুল বোঝাবুঝির সমাধানের জন্য ফের ডিবি কার্যালয়ে যান অপু বিশ্বাস। তখন সাবেক ডিবি প্রধান হারুন- অর- রশীদের উপস্থিতিতে কৌশিক হোসেন তাপসের সঙ্গে অপু বিশ্বাসের মধ্যে চলমান ভুল বোঝাবুঝির সমাধান হয়।

নিপুণ
চলতি বছরের ২২ ফেব্রুয়ারি অভিনেত্রী ডিবি কার্যালয়ে ফুল হাতে নিয়ে ডিআইজি হারুন অর রশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ফেসবুক পেজে নিপুণের সঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী ঢাকাইয়া সিনেমার নায়িকা নিপুণ আক্তার আজ ডিবি কার্যালয়ে আমার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন।
বিপদে নায়িকাদের একমাত্র ভরসা ছিলেন ডিবি হারুন!
দিঘী
গত ফেব্রুয়ারি মাসে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে গিয়েছিলেন প্রার্থনা ফারদিন দিঘী। তার বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করে টাকা নেওয়ার বিষয়ে তিনি অভিযোগ জানান ডিবিতে। পরে ডিজিটাল মাধ্যমে প্রতারক চক্রের কবলে পড়ে খুইয়ে ফেলা ১ লাখ ৬০ হাজার টাকা ডিবির সহায়তায় ফেরত মান এই নায়িকা।

ববি হক
গেল বছর ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা ইয়ামিন হক ববি তার একটি সিনেমার ট্রেইলার দেখাতে সাবেক গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রধান হারুন- অর-রশীদের সঙ্গে দেখা করেছিলেন। সে সময় তিনি সাবেক ডিবি প্রধানের আতিথেয়তায় মুগ্ধ হয়ে জানিয়েছিলেন, হারুন ভাই আমাদের জন্য বরাবরই বিশেষ একজন মানুষ। তার সততা ও দেশের জন্য ভালোবাসা সত্যিই প্রশংসনীয়। বরাবরই তার আতিথেয়তা এবং সহযোগিতায় মুগ্ধ হই।
বিপদে নায়িকাদের একমাত্র ভরসা ছিলেন ডিবি হারুন!
লুবাবা
ফেসবুকে শিশুশিল্পী লুবাবার নামে একের পর এক ফেক অ্যাকাউন্ট খোলা হচ্ছে। এ ছাড়া লুবাবার নামে একাধিক টিকটক অ্যাকাউন্টও খোলা হয়েছে। এ সংক্রান্ত আইনি সেবা নেওয়ার জন্য শিশুশিল্পী লুবাবা ডিবি কার্যালয়ে গিয়েছিল।

টিএসসিতে অন্য এক বাংলাদেশ

সকাল থেকে একটু পরপর ট্রাক, রিকশা, ভ্যান, ঠেলাগাড়ি, সিএনজিচালিত অটোরিকশা কিংবা পায়ে হেঁটে মানুষ আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি)। কেউ নিয়ে আসছেন গুঁড়া দুধ, কেউ শুকনা খাবার, কেউ আবার আনছেন ওষুধ, ন্যাপকিন ও কাপড়।

ত্রাণ নিয়ে মানুষের স্রোত টিএসসিতে
এমন কোনো প্রয়োজনীয় জিনিস নেই, যা টিএসএসিতে আসছে না। মোবাইল ব্যাংকিং কিংবা সরাসরি এসেও টাকা দিচ্ছেন অনেকেই। এসব ত্রাণ যাবে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ বন্যাকবলিত এলাকায়।

শুধু টিএসসি নয়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের শিক্ষার্থীরা মানুষের দুয়ারে দুয়ারেও ছুটে গিয়ে ত্রাণ সংগ্রহ করছেন। সংগ্রহ করা ত্রাণ নিয়ে একটু পরপর টিম যাচ্ছে বন্যাদুর্গত এলাকায়।
ত্রাণ নিয়ে মানুষের স্রোত টিএসসিতে
টিএসসিতে ত্রাণ সংগ্রহের কাজ করা সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘আমাদের এখানে স্বেচ্ছাসেবীরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করছেন। রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন। শুকনা খাবার নিয়ে প্যাকেট তৈরি করা হচ্ছে। পরিশ্রমের মাধ্যমে আমরা বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে পারব।’
ত্রাণ নিয়ে মানুষের স্রোত টিএসসিতে
বিভিন্ন হল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সমন্বয় করে ত্রাণ সংগ্রহে সহযোগিতা করছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবু সাদেক কায়েম। তিনি বলেন, ‘ছাত্র-জনতার ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে বন্যাকবলিত মানুষের দ্বারে দ্বারে ছুটে যাচ্ছি। আমরা এ কাজে সফল হব। সর্বস্তরের মানুষ আমাদের সহযোগিতা করছে।’
ত্রাণ নিয়ে মানুষের স্রোত টিএসসিতে
সার্বিক বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘টিএসসিতে স্বতঃস্ফূর্তভাবে মানুষ ত্রাণ দিচ্ছে। মানুষ আমাদের বিশ্বাস করেছে, আমরা বিশ্বাসের মর্যাদা রাখব। আমরা সব হিসাব রাখছি। আমরা হারব না। নির্দিষ্ট জায়গায় আমাদের মালামাল পৌঁছানোর জন্য পর্যাপ্ত ট্রাক ও গাড়ির প্রয়োজন রয়েছে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, টিএসসিতে ‘গণত্রাণ সংগ্রহ কর্মসূচি’তে গতকাল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সংগ্রহ হয়েছে ৮৬ লাখ ২২ হাজার ১৭২ টাকা।

কাপ্তাই বাঁধের ১৬ গেট খুলে দেওয়া হবে আজ রাতে

দেশের পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ১১ জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্যেই রাঙ্গামাটির কাপ্তাই বাঁধ খুলে দিয়ে হ্রদ থেকে পানি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। আজ শনিবার (২৪ আগস্ট) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়।

কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) এ টি এম আব্দুজ্জাহের স্বাক্ষরিত জরুরি বার্তায় বলা হয়, কাপ্তাই লেকের পানির উচ্চতা আজ বিকেল ৩টায় ১০৭ দশমিক ৬৬ ফুট এমএসএল, যা বিপৎসীমার কাছাকাছি হওয়ায় লেকের উজান ও ভাটি এলাকায় বন্যা নিয়ন্ত্রণে আজ রাত ১০টায় স্পিলওয়ের ১৬টি গেট ছয় ইঞ্চি পরিমাণ উঠিয়ে পানি নিষ্কাশন শুরু করা হবে। এতে নয় হাজার সিএফএস পানি নিষ্কাশিত হবে।

এতে আরও জানানো হয়, বর্তমানে লেকের ইনফ্লো ও বৃষ্টিপাত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ইনফ্লো বেশি হলে, অর্থাৎ পানির লেভেল অস্বাভাবিক বাড়লে স্পিলওয়ে গেট খোলার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে। বর্তমানে পাঁচটি ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে, যার ফলে ৩২ হাজার সিএফএস পানি নিষ্কাশিত হচ্ছে।

কাপ্তাই বাঁধে পানি যদি আর এক ইঞ্চি বৃদ্ধি পায় তবে ছয় ইঞ্চি গেট খোলা হবে। যা প্রতি বর্ষায় স্বাভাবিকভাবেই হয়ে আসছে। আর এই পানি কর্ণফুলী নদী হয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে।

কাপ্তাই হ্রদের পানি ধারণ ক্ষমতা সাধারণত ১০৯ ফুট। বর্তমানে পানির উচ্চতা প্রায় ১০৭. ৬৬ ফুট। ফলে বিপৎসীমার কাছাকাছি হওয়ায় হ্রদের উজান ও ভাটির বন্যা নিয়ন্ত্রণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের।

ব্যবস্থাপক জানিয়েছেন, একইসময়ে বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত পাঁচটি ইউনিটের মাধ্যমে আরও ৩২ হাজার সিএফএস পানি নিষ্কাশিত হচ্ছে। যার মাধ্যমে প্রায় ২১৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

পানি ছাড়ার আগেই ‘জরুরি বার্তা’হিসেবে বরাবরের মতই বিষয়টি অবহিত করে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, রাঙামাটির জেলা প্রশাসক, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, নৌবাহিনীর কাপ্তাই ও চট্টগ্রাম ঘাঁটি এবং রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী অফিসারকে শনিবার দুপুর তিনটায় চিঠি দিয়েছে কর্ণফুলি পানি বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ।