Monday, April 6, 2026
Home Blog Page 21

সিলেট থেকে লন্ডনগামী ফ্লাইটে যাত্রীর মৃ-ত্যু, নির্দেশনা সত্ত্বেও অবতরণ করলেন না পাইলট

জীবনরক্ষার চূড়ান্ত মুহূর্তে চরম অবহেলা ও দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ উঠেছে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক পাইলটের বিরুদ্ধে। চিকিৎসার জন্য জরুরি প্রয়োজনে নিকটবর্তী বিমানবন্দরে অবতরণ না করে লন্ডনগামী বিজি-২০১ ফ্লাইটটি পাকিস্তানের আকাশসীমা থেকে পুনরায় ঢাকায় ফিরিয়ে আনেন ক্যাপ্টেন আলেয়া। দীর্ঘ ৩ ঘণ্টা বিনা চিকিৎসায় বিমানের ভেতরেই ওই যাত্রীর মৃত্যু ঘটে। এই ঘটনায় দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হলে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিমান কর্তৃপক্ষ।

​জানা গেছে, গত ৩১ ডিসেম্বর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করে বিমানের ফ্লাইট বিজি-২০১। বিমানটি যখন পাকিস্তানের আকাশসীমায় পৌঁছায়, তখন একজন যাত্রী হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি বিবেচনা করে কন্ট্রোল টাওয়ার থেকে যাত্রীর প্রাণ রক্ষার্থে নিকটবর্তী যেকোনো বিমানবন্দরে জরুরি অবতরণের (ইমার্জেন্সি ল্যান্ডিং) স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়। কিন্তু সেই নির্দেশ অমান্য করে পাইলট আলেয়া বিমানটি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় কোনো ধরনের চিকিৎসা পাওয়ার আগেই বিমানের ভেতরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওই যাত্রী।
​এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর বিমানটি ওই দিন আর লন্ডনে যেতে পারেনি। ফলে একদিকে যেমন একটি মূল্যবান প্রাণ ঝরে গেছে, অন্যদিকে কয়েকশ যাত্রী চরম দুর্ভোগের শিকার হয়েছেন। অভিযুক্ত পাইলটের এমন অপেশাদার আচরণ ও সিদ্ধান্ত গ্রহণের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা।

জীবন রক্ষাকে অগ্রাধিকার না দিয়ে কেন কয়েক ঘণ্টা সময় নষ্ট করে ঢাকায় ফেরা হলো, তা নিয়ে সাধারণ মানুষের মাঝেও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
​পরিস্থিতি মোকাবেলায় বিমানের ফ্লাইট সেফটি প্রধানকে চেয়ারম্যান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি সংশ্লিষ্ট যাত্রীর মেডিক্যাল ফিটনেস, ফ্লাইটের আগে নেওয়া স্বাস্থ্যগত ছাড়পত্র এবং বিমানে থাকা জরুরি জীবনরক্ষাকারী ব্যবস্থার সঠিক প্রয়োগ হয়েছিল কি না তা খতিয়ে দেখবে। বিশেষ করে, কন্ট্রোল টাওয়ারের নির্দেশ সত্ত্বেও কেন ফ্লাইট ডাইভারশন করা হলো না, সেই বিষয়টিই এখন তদন্তের মূল কেন্দ্রবিন্দু।

১০ কোটি নয়, ১০ হাজার কোটিতেও কেনা যাবে না: সিলেটে সারওয়ার আলম

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, ১০ কোটি টাকা কেন, ১০ হাজার কোটি টাকা দিয়েও আমাকে মালিক সাহেব কিনতে পারবেন না।

বুধবার দুপুরে সিলেট শহরতলীর এয়ারপোর্ট থানার নয়াবাজার এলাকায় জীবন ফাউন্ডেশন সেইফ হোমের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ঘটনার সূত্রপাত হয় একই দিন কয়েকটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে। ওইসব প্রতিবেদনে দাবি করা হয়-সিলেট-১ আসনে এনসিপি প্রার্থী এহতেশামুল হকের মনোনয়নপত্র বাতিল হলেও একই কারণে সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এমএ মালিকের মনোনয়নপত্র বাতিল হয়নি।

প্রতিবেদনগুলোতে আরও অভিযোগ করা হয়, ১০ কোটি টাকা গ্রহণের বিনিময়ে জেলা প্রশাসক এমএ মালিকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন।

এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, এ ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি স্পষ্ট করে বলেন, ১০ কোটি টাকা কেন, ১০ হাজার কোটি টাকা দিয়েও আমাকে কেনা যাবে না।

বিষয়টি নিয়ে সিলেটজুড়ে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এরই প্রেক্ষিতে বুধবার সন্ধ্যায় সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

মতবিনিময় সভায় সাম্প্রতিক নির্বাচন পরিস্থিতির পাশাপাশি ১০ কোটি টাকা ঘুষের অভিযোগ সংক্রান্ত বিষয়েও বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে।

বাংলাদেশিসহ ৩৮ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে লাগবে ভিসা বন্ড

যুক্তরাষ্ট্র নতুন নিয়ম চালু করেছে, যার ফলে বাংলাদেশিসহ ৩৮ দেশের নাগরিকদের বি১ ও বি২ ভিসার জন্য ভিসা বন্ড জমা দিতে হবে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় (স্টেট ডিপার্টমেন্ট) এ বিষয়টি নিশ্চিত করেছে।

বাংলাদেশের জন্য এই নিয়ম চলতি বছরের ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে। এর ফলে বাংলাদেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে বাড়তি সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ‘ভিসা বন্ড’ বা জামানত জমা দিতে হতে পারে। অন্যান্য দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার জন্য ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ‘ভিসা বন্ড’ বা জামানত জমা দিতে হতে পারে।

ভিসা বন্ড হলো একটি অর্থের নিশ্চয়তা, যা ৫ হাজার, ১০ হাজার বা ১৫ হাজার ডলার হতে পারে। টাকার সঠিক পরিমাণ নির্ধারিত হবে ভিসা ইন্টারভিউয়ের সময়। আবেদনকারীকে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (DHS) এর ‘Form I-352’ পূরণ করতে হবে। এই অর্থ শুধুমাত্র সরকারি ওয়েবসাইট Pay.gov এর মাধ্যমে প্রদান করা যাবে। কনসুলার অফিসারের নির্দেশ অনুযায়ী বন্ড প্রদান করতে হবে; আগে থেকে অর্থ দিলে তা ফেরত আসবে না। উল্লেখ্য, বন্ড দেওয়ার অর্থ ভিসা নিশ্চিত করার সমান নয়।

নতুন নিয়ম অনুযায়ী, ভিসাধারীকে অবশ্যই যুক্তরাষ্ট্রে এই তিন বিমানবন্দর ব্যবহার করে প্রবেশ ও প্রস্থান করতে হবে—

বোস্টন লোগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট
জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট
ডালেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট
শর্ত না মানলে প্রবেশে বাঁধা দেওয়া হতে পারে বা প্রস্থান সঠিকভাবে রেকর্ড হবে না।

ভিসা বন্ড স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে এবং অর্থ ফেরত দেওয়া হবে যদি—

ভিসাধারী ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে যুক্তরাষ্ট্র ত্যাগ করে
ভিসাধারী যুক্তরাষ্ট্রে প্রবেশ করেনি
ভিসাধারী পোর্টে প্রবেশের চেষ্টা করেছেন, কিন্তু ভিসা অনুমোদিত হয়নি
ভিসা বন্ড লঙ্ঘন হিসেবে গণ্য হবে যদি অনুমোদিত সময়ের পরে যুক্তরাষ্ট্রে থাকা, ভিসা স্ট্যাটাস পরিবর্তনের চেষ্টা করা বা আশ্রয় (Asylum) আবেদন করা হয়।

স্টেট ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, এই প্রোগ্রামের মূল লক্ষ্য হলো বি১ ও বি২ ভিসার মেয়াদ অতিক্রম কমানো, যাতে বাংলাদেশিসহ এসব দেশের নাগরিকদের ভিসা ব্যবস্থাপনা আরও নির্ভরযোগ্য ও নিয়ন্ত্রিত হয়।

৩৮টি দেশের মধ্যে বাংলাদেশ ছাড়াও রয়েছে—আলজেরিয়া, অঙ্গোলা, আন্টিগুয়া ও বারবুডা, বেনিন, ভুটান, বটসওয়ানা, বুরুন্ডি, কাবো ভার্দে, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, কোট দ’আইভরি, কিউবা, জিবুতি, ডোমিনিকা, ফিজি, গ্যাবন, গাম্বিয়া, গিনি, গিনি-বিসাউ, কিরগিজস্তান, মালাউই, মৌরিতানিয়া, নামিবিয়া, নেপাল, নাইজেরিয়া, সাও টোমে ও প্রিন্সিপে, সেনেগাল, তাজিকিস্তান, তানজানিয়া, টোগো, টোঙ্গা, তুর্কমেনিস্তান, টুভালু, উগান্ডা, ভানুয়াতু, ভেনেজুয়েলা, জাম্বিয়া ও জিম্বাবুয়ে।

সাত বিষয়ে ফেল, প্রধান শিক্ষকের কক্ষে তালা দিলো বিএনপি নে’তার ছেলে

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় এসএসসির নির্বাচনী পরীক্ষায় সাত বিষয়ে ফেল দেওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে তালাবদ্ধ করে দিয়েছে বিএনপি নেতার ছেলে।

মঙ্গলবার (০৬ জানুয়ারি) দুপুরে উপজেলার লিয়াকতগঞ্জ স্কুল এন্ড কলেজে দশম শ্রেণির শিক্ষার্থী আরিফ এমন কাণ্ড ঘটায়।

বিদ্যালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে লক্ষীপুর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল আজিজের ছেলে আরিফ সকালে স্কুলে যায়। স্কুলে গিয়ে তাকে এসএসসির পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য শিক্ষকদের উপর চাপ সৃষ্টি করে।

এসময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা মমতাজ ওই শিক্ষার্থীর কাছে জানতে চান কতগুলো বিষয়ে ফেল করেছে। জবাবে আরিফ জানায় সাত বিষয়ে সে ফেল করেছে। পাশাপাশি এসময় সে শিক্ষককের সাথে অসদাচারণ করে এবং তাকে পরীক্ষার অংশগ্রহণের সুযোগ না দেওয়ায় স্কুলের কক্ষ তালাবদ্ধ করে দেয়।

এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা মমতাজ বলেন, দশম শ্রেণির শিক্ষার্থী আরিফ এসএসসির নির্বাচনী পরীক্ষায় সাত বিষয়ে ফেল করায় তাকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি। এজন্য সে আজ স্কুলে এসে অসদাচরণ করে স্কুলের কক্ষ তালাবদ্ধ করে দেয়।

শিক্ষার্থী আরিফের বাবা লক্ষীপুর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল আজিজ বলেন, আমি এ বিষয়ে জানি না। আমি বিএনপির রাজনীতি করি। আমার ছেলে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না।

এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বলেন, এ বিষয়ে এখনও অবগত নয়। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

সিলেট হয়ে বিমানের ম্যানচেস্টার ফ্লাইট চলবে মার্চ পর্যন্ত

ঢাকা থেকে সিলেট হয়ে যুক্তরাজ্যের ম্যানচেস্টারের মধ্যকার ফ্লাইট ফেব্রুয়ারি থেকে স্থগিত রাখার সিদ্ধান্ত এক মাস পিছিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

আগের সিদ্ধান্ত নেওয়ার দুদিন পরই মঙ্গলবার রাষ্ট্রায়ত্ত এয়ারলাইনটি জানিয়েছে, এক মাস পর অর্থাৎ মার্চ থেকে এ রুটের ফ্লাইট স্থগিত করা হবে।

এর আগে রবিবার বিমান বলেছিল, হজ ফ্লাইট পরিচালনাসহ আরো কয়েকটি কারণে ম্যানচেস্টারের ফ্লাইটটি স্থগিত করা হয়েছে।

যুক্তরাজ্যে এ রুটের বাইরে ঢাকা-লন্ডন সরাসরি ফ্লাইট চালায় বিমান বাংলাদেশ। এটিও সিলেট হয়ে ঢাকায় চলাচল করে।

মঙ্গলবার বিমানের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, টিকেটধারী যাত্রীদের বিষয়টি বিবেচনায় রেখে পরিচালনা পর্ষদের পুনঃসিদ্ধান্ত অনুযায়ী পূর্বঘোষিত ১ ফেব্রুয়ারির পরিবর্তে আগামী ১ মার্চ থেকে ম্যানচেস্টার ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখা হবে।

এর আগে রবিবার বিজ্ঞপ্তিতে বিমান বলেছিল, “ঢাকা-ম্যানচেস্টার-ঢাকা রুটের পরিবর্তে ঢাকা-লন্ডন-ঢাকা রুটে বিকল্প ফ্লাইট যাত্রা, ফ্লাইটের তারিখ পরিবর্তন, টিকেট রিফান্ড ইত্যাদি ক্ষেত্রে বিমানের বিদ্যমান নীতিমালা অনুযায়ী যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।”

এ বিষয়ে বিমান বাংলাদেশের ঢাকা ও লন্ডন বিক্রয় অফিস, বিমান কল সেন্টার (১৩৬৩৬ / +৮৮-০৯৬১০৯-১৩৬৩৬) অথবা বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্টদের সঙ্গে যোগাযোগ করতে বলেছে এয়ারলাইনটি।

২০১৯ সালের অক্টোবরে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট চালু হয়। একমাত্র বিমানই এই রুটে সরাসরি ফ্লাইট চালায়।

এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে এই ফ্লাইট বন্ধের গুঞ্জনে যুক্তরাজ্যে বিক্ষোভ দেখায় প্রবাসী বাংলাদেশীরা।

সিলেটের রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে এনসিপি প্রার্থীর পক্ষপাতের অভিযোগ

সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারোয়ার আলমের বিরুদ্ধে বৈষম্য ও পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন সিলেট-১ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মনোনীত প্রার্থী এহতেশাম হক।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা দুইটায় সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে তিনি এ অভিযোগ তুলে ধরেন।

এনসিপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) এহতেশাম হক বলেন- সিলেটের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন সংক্রান্ত বিষয়ে আমার সঙ্গে ভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের তুলনায় অসম ও অন্যায় আচরণ করা হয়েছে। যে কারণে আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়নি, সেই একই কারণ থাকা সত্ত্বেও সিলেট-৩ আসনের বিএনপির প্রার্থী মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

প্রার্থিতা বাতিল হওয়া এই এনসিপি নেতা সংবাদ সম্মেলনে আরও বলেন- একজন সচেতন নাগরিক ও রাজনৈতিক কর্মী হিসেবে তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে ন্যায়সংগত সিদ্ধান্ত প্রত্যাশা করেছিলেন। কিন্তু তার ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে।

তিনি বলেন, দেশের বিভিন্ন জায়গায় একই ধরনের অভিযোগ উঠে এলেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা দেখা যাচ্ছে না। এতে সাধারণ মানুষের মধ্যে নির্বাচন ব্যবস্থা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর আস্থা কমে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

এনসিপি নেতা দাবি করেন, যদি একটি নির্দিষ্ট রাজনৈতিক দল বা গোষ্ঠীকে সুবিধা দিয়ে নির্বাচন পরিচালনা করা হয়, তবে দেশে প্রকৃত গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচন প্রতিষ্ঠা সম্ভব নয়।

নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন- ন্যায়বিচার ও সমান অধিকারের প্রশ্নে তারা রাজপথে ও সাংবিধানিক সব পথে আন্দোলন চালিয়ে যাবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির সিলেট মহানগরের আহ্বায়ক এডভোকেট মো. আব্দুর রহমান আফজাল, সিলেট জেলার আহ্বায়ক মো. জুনেদ আহমদ, সিলেট মহানগরের সদস্য সচিব গোলাম কিবরিয়া ও সিলেট জেলার সদস্য সচিব প্রকৌশলী কামরুল আরিফ, মহানগরের যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিন ও যুগ্ম সদস্যসচিব তাসনিয়া আক্তার লুবনা প্রমুখ।

সিলেটে পে*ট্রোল বো*মাও অ*স্ত্র উদ্ধার

সিলেটের দক্ষিণ সুরমার একটি যাত্রী ছাউনি থেকে পেট্রোল বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। উদ্ধারকৃত বোমা ও আগ্নেয়াস্ত্র নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে বলে ধারণা করছে র‌্যাব। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (৫ জানুয়ারি) রাতে র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের দক্ষিণ সুরমার লালারগাঁও এলাকার একটি যাত্রী ছাউনি থেকে শপিং ব্যাগ উদ্ধার করে।

এসময় ব্যাগ থেকে ১টি দেশীয় তৈরী ওয়ান শুটার পাইপগান ও ৫টি পেট্রোল বোমা উদ্ধার করে র‌্যাব। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও বোমার রহস্য উদঘাটনের জন্য র‌্যাবের তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে এসব তথ্য নিশ্চিত করে র‌্যাব। র‌্যfব জানায়, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও পেট্রোল বোমা সাধারণ ডায়রি মূলে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়।

একই সাথে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসের প্রথম ব্লকের নাম ‘শহীদ ওসমান হাদি হল’

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসের প্রথম ব্লক শহীদ ওসমান হাদি হল নামে নামকরণ করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) আসরের নামাজের পর ছাত্রাবাসে দোয়া মাহফিলের মাধ্যমে ব্লকটির নামকরণ করা হয়। দোয়ায় মধ্যে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করা হয়।

একই সঙ্গে দেশের সকল শহীদের রুহের মাগফিরাত, দেশের শান্তি, অগ্রগতি ও নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রথম ছাত্রাবাসের প্রিফেক্ট জনাব তালহা। ছাত্রাবাসে বসবাসরত শিক্ষার্থীদের সম্মিলিত সমর্থনে এ নামকরণ কার্যক্রম সম্পন্ন হয়।

নামকরণ অনুষ্ঠানে ছাত্রাবাসের সিনিয়র শিক্ষার্থী মাহমুদুল হাসান, মো. রাজু খান, সুহেল আহমেদ, সিজান, সুহাগ, জাবেরসহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের অংশ হিসেবে শহীদ ওসমান হাদির নতুন বাংলাদেশ বিনির্মাণের আদর্শ ও ঐতিহ্যকে স্মরণ করে শিক্ষার্থীদের শিরনী বিতরণ করা হয়।

ভোররাতে ভূমিকম্পে কাঁপল সিলেট, উৎপত্তিস্থল ভারতের আসাম

সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) ভোর ৪টা ৪৭ মিনিটে এই কম্পন অনুভূত হয়।

ইউরো-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (EMSC) ও আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্যমতে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৪।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) এবং ইউরো-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (EMSC) জানিয়েছে, সোমবার ভোর ৪টা ৪৭ মিনিট ৩৮ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের ধিং (Dhing) শহর থেকে ১৪ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে এবং গুয়াহাটি থেকে ৬৮ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ৩৫ কিলোমিটার।

ভৌগোলিক অবস্থানের কারণে সিলেট অঞ্চল এই কেন্দ্রের খুব কাছে হওয়ায় সিলেটে কম্পন তীব্রভাবে অনুভূত হয়েছে।

বিয়ানীবাজারে ছিঁড়ে পড়া বিদ্যুতের লাইনে প্রাণ গেল যুবকের

বিয়ানীবাজার উপজেলায় পল্লীবিদ্যুতের চরম অবহেলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত যুবকের নাম জাবেদ আহমেদ (৩০)। তিনি উপজেলার নয়া দুবাগ গ্রামের বাসিন্দা ও মৃত আব্দুল খালিক লন্ডনীর ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই শিশু সন্তান রেখে গেছেন।

স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, শনিবার সন্ধ্যা প্রায় ৭টার দিকে নয়া দুবাগ এলাকায় একটি বিদ্যুতের লাইন ছিঁড়ে সড়কের পাশে পড়ে যায়। বিষয়টি স্থানীয়রা তাৎক্ষণিকভাবে পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষকে জানালেও দীর্ঘ সময় অতিবাহিত হলেও কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন এলাকাবাসী।

নিহতের ভাই ও উপজেলা বিএনপির সহ-সভাপতি হারুনর রশীদ জানান, “আমরা সন্ধ্যায়ই পল্লীবিদ্যুৎকে খবর দিই। কিন্তু তারা অনেক দেরিতে আসে। যদি সময়মতো ব্যবস্থা নেওয়া হতো, তাহলে আমার ভাইয়ের জীবন হয়তো রক্ষা পেত।”

তিনি আরও জানান, শনিবার দিবাগত রাতের কোনো এক সময় জাবেদ আহমেদ রাতের অন্ধকারে বাড়ি ফেরার পথে সড়কের পাশে পড়ে থাকা বিদ্যুতের লাইনে অসাবধানতাবশত স্পৃষ্ট হন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে রাত আনুমানিক ২টার দিকে এলাকাবাসী তার নিথর দেহ পড়ে থাকতে দেখে বিয়ানীবাজার থানায় খবর দেন।

অন্যদিকে, পল্লীবিদ্যুতের বিরুদ্ধে আনা অবহেলার অভিযোগ নাকচ করেছেন বিয়ানীবাজার জোনাল অফিসের এজিএম। তিনি বলেন, “ঘটনার বিষয়ে অবগত হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। বিদ্যুতের লাইনে কোনো ত্রুটি দেখা দিলে নির্ধারিত টিম পাঠানো হয়। এ ঘটনায় আমাদের কোনো গাফিলতি ছিল না।”

খবর পেয়ে বিয়ানীবাজার থানার ওসি মো. ওমর ফারুক ঘটনাস্থল পরিদর্শন করেন। তার নেতৃত্বে উপ-পুলিশ পরিদর্শক গপেশ দাসসহ পুলিশের একটি দল লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ উদ্ধার করে।

ওসি মো. ওমর ফারুক জানান, ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে জাবেদ আহমেদের অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হঠাৎ করে উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে চরম অসহায় অবস্থায় পড়েছে তার পরিবার। বিশেষ করে তার দুই অবুঝ সন্তানের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।