Tuesday, April 21, 2026
Home Blog Page 81

তৃতীয় লিঙ্গের একজনকে হেনস্তার ভিডিও হিন্দু নারী নির্যাতন বলে প্রচার

সম্প্রতি, হিজাব পরিধান না করার কারণে বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকতে একজন হিন্দু উপজাতি নারীকে উগ্র ইসলামপন্থীদের দ্বারা মারধরের দাবি করে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়।

তথ্য যাচাই সংস্থা রিউমার স্ক্যানার টিম জানায়, এই ভিডিওটি বাংলাদেশি মুসলিম কর্তৃক কোনো হিন্দু নারীকে মারধরের ঘটনার নয় বরং, এই ভিডিওটির ব্যক্তি একজন তৃতীয় লিঙ্গের মুসলিম এবং তার নাম আরোহী ইসলাম।

এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম কালবেলা’র ইউটিউব চ্যানেলে গত ১৪ সেপ্টেম্বর ‘সৈকতে নারীকে হেনস্তা করা সেই ঘটনার নেপথ্যে কী’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ভিডিওটির সাথে আলোচিত ভিডিওটির মিল পাওয়া যায়।
তৃতীয় লিঙ্গের একজনকে হেনস্তার ভিডিও হিন্দু নারী নির্যাতন বলে প্রচার
প্রতিবেদন থেকে জানা যায়, কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে হেনস্তার শিকার হন ওই ব্যক্তি। তবে এই প্রতিবেদন থেকে তৃতীয় লিঙ্গের ওই ব্যক্তির জানা যায়নি।

তবে, দৈনিক আজকের পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যায়, তার নাম আরোহী ইসলাম। তার বয়স ২০ বছর। তিনি একজন তৃতীয় লিঙ্গের ব্যক্তি। হেনস্তার শিকার আরোহী ইসলাম বাদী হয়ে সেসময় দুজনের নাম উল্লেখ করে এ ঘটনায় মামলাও করেন।

এ ছাড়াও, বিবিসি বাংলায় গত ১৪ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, কক্সবাজার সমুদ্র সৈকতে নারী হেনস্তার ঘটনায় হয়রানির সূত্রপাত যে যুবকের মাধ্যমে, তাকে গ্রেফতার করেছে পুলিশ। কক্সবাজার সদর থানায় মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয় বলে জানায় পুলিশ।
তৃতীয় লিঙ্গের একজনকে হেনস্তার ভিডিও হিন্দু নারী নির্যাতন বলে প্রচার
ভিডিও দেখে জড়িতের গ্রেফতার ওই যুবকের পরিচয় শনাক্ত করার পর পুলিশ জানায়, তার নাম ফারুকুল ইসলাম এবং তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া।

কক্সবাজার সমুদ্র সৈকতে আরোহী ইসলাম নামে তৃতীয় লিঙ্গের মুসলিম ব্যক্তিকে হেনস্তার ঘটনাকে হিন্দু উপজাতি নারীকে হেনস্তার ভিডিওটি বিভ্রান্তিকর বলেও জানায় রিউমার স্ক্যানার।

১৮ হাজার ভারতীয়কে তাড়াবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে প্রায় ২৮ লাখ ভারতীয় বংশোদ্ভূত মানুষ বসবাস করে। এদের একটি বড় অংশই অবৈধভাবে সেখানে রয়েছেন। আর নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নিয়েছেন, দেশ থেকে অবৈধ অভিবাসীদের তাড়াবেন। নির্বাচনী প্রচারণায় এ প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে প্রায় ১৫ লাখ অবৈধ অভিবাসীকে আমেরিকা থেকে বের করে দেওয়া হবে। আমেরিকার ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট সম্প্রতি এর একটি তালিকাও করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের যে তালিকা করা হয়েছে তাতে রয়েছে প্রায় ১৮ হাজার ভারতীয় নাগরিকের নাম। বেশিরভাগই ভারতের গুজরাট, পাঞ্জাব এবং অন্ধ্র প্রদেশ থেকে যুক্তরাষ্ট্রে গেছেন এবং অবৈধভাবে সেখানে বসবাস করছেন।

আগামী বছরের ২০ জানুয়ারি ক্ষমতায় বসতে যাচ্ছেন ট্রাম্প। এরপর প্রথমদিকেই অভিবাসন নীতিতে হাত দিতে পারেন তিনি। আর এর মধ্যেই তালিকায় থাকা ১৫ লাখ অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হবে।

গেল বৃহস্পতিবার টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের তাড়াতে সেনাবাহিনীকেও ব্যবহার করবেন তিনি। যদিও দেশটির অভ্যন্তরে সেনাবাহিনীর ব্যবহার সীমিত রাখার আইন রয়েছে।

কিন্তু ট্রাম্প অবৈধ অভিবাসীদের ওয়াশিংটনের জন্য হুমকি মনে করে এমন সিদ্ধান্ত নিচ্ছেন।

আপনি কি ফোনে ১০০% চার্জ দেন? জানুন কী ভুলটাই না করছেন

অনেকেই আছেন ফোনে ১০০ ভাগ চার্জ না হওয়া পর্যন্ত অ্যাডাপ্টর খোলেন না। যা ফোনের ব্যাটারির স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিন্তু ব্যাটারি ভালো রাখতে চার্জ কতটা দিলে ভাল জানেন?

সাধারণত ২৪ ঘণ্টা ফোন ব্যবহার করতে, ফোনের ব্যাটারি সম্পূর্ণরূপে চার্জ করা হয়। প্রায়ই এই প্রশ্ন করা হয়, ফোনের ব্যাটারি কতটা চার্জ করা উচিত, যাতে ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট না হয়। আসলে কিন্তু যখন ফোনের ব্যাটারি ১০০ শতাংশ পর্যন্ত চার্জ করা হয়, তখন ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা বেড়ে যায়। জেনে নেওয়া যাক কেন এমন হয়।

মোবাইলের ব্যাটারি লিথিয়াম আয়ন দিয়ে তৈরি। এই ব্যাটারি ৩০ থেকে ৫০ শতাংশ চার্জিং হলে ভালো কাজ করে। কেউ যদি সবসময় এটি ১০০ শতাংশ চার্জ করে, তাহলে এটি সেই ফোনের ব্যাটারির ক্ষতি করতে পারে।
আপনি কি ফোনে ১০০% চার্জ দেন? জানুন কী ভুলটাই না করছেন
বৈজ্ঞানিক দৃষ্টিকোণ সম্পর্কে কথা বলতে গেলে, একটি লিথিয়াম আয়ন ব্যাটারির জীবনকাল ২ থেকে ৩ বছর বলে মনে করা হয়। একটি স্মার্টফোনের ব্যাটারিতে ৩০০ থেকে ৫০০ চার্জ সার্কল থাকে। এর মানে হল ফোনের ব্যাটারি শূন্য থেকে ১০০ শতাংশ পর্যন্ত ৩০০ থেকে ৫০০ বার চার্জ করা যাবে।

ব্যাটারি চার্জ করার সর্বোত্তম উপায় হল ব্যাটারির চার্জ যতটা সম্ভব মধ্যম পরিসরে রাখা। ব্যাটারির মাত্রা ০ শতাংশ বা ১০০ শতাংশের মতো হলে ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যায়। সবচেয়ে ভালো ৮০ থেকে ৮৫ শতাংশ চার্জ দিয়ে বন্ধ করা।

প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন নাসার প্রধান নভোচারী

দেশের তরুণ প্রজন্ম, শিক্ষাপ্রতিষ্ঠান এবং গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়ের জন্য ঢাকায় আসছেন নাসার প্রধান মহাকাশচারী জোসেফ এম. আকাবা।

শুক্রবার (১৩ ডিসেম্বর) এক বার্তায় এ তথ্য জানায় ঢাকার মার্কিন দূতাবাস। আজই ঢাকায় পা রাখবেন তিনি।

মহাকাশচারীর সফরের অংশ হিসেবে থাকবে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা পর্ব, যেখানে তিনি তাদের মহাকাশ বিজ্ঞান, রোবোটিক্স এবং স্টেম (বিজ্ঞান, প্রযুক্তি,প্রকৌশল, গণিত) শিক্ষায় ক্যারিয়ার গড়তে অনুপ্রাণিত করবেন।

এ ছাড়া আকাবা মহাকাশ অনুসন্ধানের মাধ্যমে প্রযুক্তির অগ্রগতি এবং বৈশ্বিক চ্যালেঞ্জ, বিশেষ করে জলবায়ু সংকট মোকাবিলায় এর ভূমিকা নিয়ে আলোচনা করবেন।

প্রাতিষ্ঠানিক কার্যক্রম ছাড়াও আকাবা একটি টেলিভিশন সাক্ষাৎকারে অংশগ্রহণ করবেন। সেখানে তিনি বৈশ্বিক বিজ্ঞান ও প্রযুক্তিতে নাসার অবদান এবং মহাকাশ গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ কীভাবে লাভবান হতে পারে, তা নিয়ে আলোচনা করবেন।

আকাবা যুক্তরাষ্ট্রের একজন শিক্ষক, হাইড্রোজিওলজিস্ট এবং পিস কর্পসের সাবেক স্বেচ্ছাসেবক। ২০০৪ সালে নাসার মহাকাশচারী প্রার্থী হিসেবে মনোনীত প্রথম পুয়ের্তো রিকো বংশোদ্ভূত ব্যক্তি তিনি। পরে ২০২৩ সালে আকাবাকে নাসার নভোচারী কার্যালয়ের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

ভুয়া খবর প্রকাশ করে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে ভারতীয় ‘গুজব’ মিডিয়া

মাইক্রোসফটের এক সমীক্ষায় উঠে এসেছে, বিশ্বে সবচেয়ে বেশি ভুয়া খবর ছড়ায় ভারতে। প্রায় ১৪৫ কোটি জণসংখ্যার এই দেশটিতে প্রতিনিয়ত গণমাধ্যম কিংবা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরণের মিথ্যা, গুজব ছড়াচ্ছে।

দেশটির মিডিয়াতে যেই মিথ্যা তথ্যের সবশেষ সংযোজন ‘বাংলাদেশ’। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বাংলাদেশকে নিয়ে একের পর এক মিথ্যা তথ্য ছড়াচ্ছে ভারতের ‘গুজব’ মিডিয়া।

সম্প্রতি বাংলাদেশের তথ্য যাচাই সংস্থা রিউমর স্ক্যানারের এক প্রতিবেদনে উঠে এসেছে, ১২ আগস্ট থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ নিয়ে ভারতের অন্তত ৪৯টি গণমাধ্যমে ভুয়া খবর ও গুজব ছড়ানো হয়েছে।

যার মধ্যে ভারতের গণমাধ্যম রিপাবলিক বাংলা সর্বাধিক ৫টি গুজব প্রচার করেছে। এরপর রয়েছে হিন্দুস্তান টাইমস, জি নিউজ ও লাইভ মিন্ট; যারা প্রত্যেকে অন্তত তিনটি গুজব প্রকাশ করেছে।

এছাড়া রিপাবলিক, ইন্ডিয়া টুডে, এবিপি আনন্দ ও আজতক অন্তত দুটি করে গুজব প্রচার করেছে।

ভুয়া খবর ও গুজব ছড়ানো বাকি ৪১টি গণমাধ্যম হলো- এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই), এনডিটিভি, ইকোনমিক টাইমস, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, ফার্স্টপোস্ট, অপি ইন্ডিয়া, ফ্রি প্রেস জার্নাল, মিরর নাউ, ইন্ডিয়া ডটকম, দ্য টাইমস অব ইন্ডিয়া, আরটি ইন্ডিয়া, সংবাদ প্রতিদিন, জি২৪, দ্য প্রিন্ট, দ্য স্টেটসম্যান, উইয়ন, ওয়ান ইন্ডিয়া, সিএনএন নিউজ ১৮, দ্য ওয়্যার, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস, এই মুহূর্তে, মাতৃভূমি, নিউজ ৯, ক্যালকাটা নিউজ, হেডলাইনস ত্রিপুরা ন্যাশনাল, টাইমস নাউ নিউজ, দ্য ওয়াল, নিউজ ২৪, পুবের কলম, ট্রিবিউন ইন্ডিয়া, এনই ইন্ডিয়া ব্রডকাস্ট, বিজনেস স্ট্যান্ডার্ড, টিভি ৯, লোকমাত টাইমস, পিটিসি নিউজ, নিউজ এক্স, দ্য টাটভা, স্বরাজ্য, নিউজ বাইটস, ভাইবস অব ইন্ডিয়া ও বর্তমান পত্রিকা।
ভুয়া খবর প্রকাশ করে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে ভারতীয় ‘গুজব’ মিডিয়া
ভুয়া খবর ও গুজবের মধ্যে রয়েছে শেখ হাসিনার পদত্যাগের পর তার নামে ভুয়া খোলা চিঠি, মুসলিম ব্যক্তির নিখোঁজ পুত্রের সন্ধানে মানববন্ধন করার ভিডিওকে হিন্দু ব্যক্তির দাবিতে প্রচার, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আইসিইউতে ভর্তি হওয়ার ভুয়া খবর, বাংলাদেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলোর ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ভিত্তিহীন দাবি এবং ট্রাম্পের বিজয়ের পর ড. ইউনূসের ফ্রান্সে পালিয়ে যাওয়ার ভুয়া দাবি।

ভারতের প্রতিমা বিসর্জনের ভিডিও প্রচার করে বাংলাদেশে মুসলিমদের হামলায় হিন্দু মন্দিরে প্রতিমা ভাঙচুরের দাবি, শ্যামলী পরিবহনের বাসে হামলার মিথ্যা তথ্য প্রচার করে চিন্ময় কৃষ্ণের আইনজীবীর ওপর হামলার ভুয়া দাবি, চিন্ময় দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে হাসপাতালের চিকিৎসাধীন এক ব্যক্তির ছবি নিয়ে বিভিন্ন গুজব ছড়ানো হয়। দাবি করা হয়, ওই ব্যক্তি রমেন রায়, যিনি চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী। যা সত্য নয়।

অধিকাংশ ক্ষেত্রেই এসব মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়ে ‘ভাইরাল’ হওয়ার অপচেষ্টায় লিপ্ত হয়েছে ভারতীয় মিডিয়া। এদের মধ্যে ‘ক্লিকবেইট’ শিরোনাম ও ‘হলুদ সাংবাদিকতা’র জ্বলন্ত উদারহণ হয়ে উঠছে উল্লেখ্যযোগ্য কিছু গণমাধ্যম।

বিশেষত রিপাবলিক বাংলা, দ্যা ওয়াল-এর মতো ‘অখাদ্য’ কিছু সংবাদমাধ্যম বাংলাদেশের পরিস্থিতি নিয়ে দিনকে দিন অপতথ্য, মিথ্যা তথ্য ছড়িয়ে ‘ভিউ বাণিজ্য’ ও ‘ভাইরাল’ হওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

এসব গণমাধ্যমে দিনভর বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একের পর এক অনুষ্ঠান, ফেসবুক লাইভ, মনগড়া প্রতিবেদন প্রকাশ হচ্ছে। যেসব ‘ভুয়া খবর’ প্রচার করে ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্লাটফর্ম থেকেও লাখ লাখ টাকা উপার্জন করছে ভারতীয় ‘গুজব’ মিডিয়া।

শুধু তাই নয়, গত ৫ আগস্টের পর বাংলাদেশ থেকে আওয়ামী লীগ সরকারের এমপি-মন্ত্রীসহ প্রায় ৫০০’র বেশি নেতাকর্মীসহ ভারতে প্রবেশ করেছে। এমনকি দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বর্তমানে ভারতেই অবস্থান করছেন।

এমন অবস্থায় দেশের বাইরে পাড়ি জমানো আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দদের অর্থায়নেও ভারতের কিছু মিডিয়া বাংলাদেশকে নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলে দাবি করছেন বিশেষজ্ঞরা।
ভুয়া খবর প্রকাশ করে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে ভারতীয় ‘গুজব’ মিডিয়া
তাদের দাবি, সরকার পতনের পর আওয়ামী লীগ নানাভাবেই দেশে অস্থিতীশীল পরিস্থিতির সৃষ্টির চেষ্টা করছে। দলটি মনে করছে, বাংলাদেশে অস্থিতীশীল পরিস্থিতিই পারে দেশের রাজনীতিতে তাদের পুনরায় ফিরে আসা সহজ করতে। এমন অবস্থায় তারা ভারতীয় মিডিয়ার সাহায্য নিচ্ছে। বিগত ১৬ বছরে এই দলটি যেহেতু দেশ থেকে হাজার-লাখো কোটি টাকা পাচার করেছে, ফলে আওয়ামী লীগ চাইলেই সেখান থেকে কোটি টাকা খরচ করে বিভিন্ন অপতথ্য ছড়িয়ে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারে।

ভারতীয় মিডিয়া বাংলাদেশ নিয়ে বিভিন্ন গুজব এবং ভুল তথ্য ছড়িয়ে দিচ্ছে, যা দুই দেশের সম্পর্ক এবং সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। এই ধরনের অপতথ্য প্রচারের উদ্দেশ্য শুধু রাজনৈতিক নয়, বরং আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যে প্রভাব ফেলা।

সম্প্রতি বর্ডার থেকে ভারতে ঢুকতেই পাসপোর্ট কেড়ে নিয়ে বাংলাদেশে হিন্দু নির্যাতনের মনগড়া কাহিনি বলাতে বাধ্য করছে ভারতীয় প্রচার মাধ্যমের প্রতিবেদকরা, এমন দাবি করছেন ভারতে সাক্ষাৎকার দেওয়া ফরিদপুরের নিলটুলী এলাকার হিন্দু যুবকের পরিবারের সদস্যরা।

ফরিদপুর শহরের নিলটুলী এলাকার গিণি ভবণের বাসিন্দা ও স্বর্ণ ব্যবসায়ী সুনীল কর্মকারের ছেলে শুভ্র কর্মকার গত ৮ ডিসেম্বর চিকিৎসার জন্য বেনাপোল পেট্রাপোলে বর্ডার হয়ে ভারতে যায়। সীমান্ত পেরিয়েই ভারতীয় প্রচার মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘দেশে হিন্দুদের ওপর নির্যাতন চলছে।’

এই ঘটনার পর এই যুবকের বাবা সুনীল কর্মকার জানান, গত রোববার ভারতে চিকিৎসার জন্য যাওয়ার সময় বেনাপোল বর্ডার পার হওয়ার পর তার ছেলের পাসপোর্ট দেখার কথা বলে নিয়ে নেয়। তারপর দেশের পরিস্থিতি এমন বলে সাক্ষাৎকার নেয়।
ভুয়া খবর প্রকাশ করে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে ভারতীয় ‘গুজব’ মিডিয়া
ছেলের এই মিথ্যাচারে হতবাক হয়েছেন তিনি ও তার পরিবার। সকলের কাছে ক্ষমা প্রার্থনা করে দাবি করে শুভ্রর বাবা সুনীল কর্মকার বলেন, ‘পাসপোর্ট কেড়ে নিয়ে ছেলেকে এসব বলতে বাধ্য করেছে ওই লোকগুলা।’

নির্যাতন-নিপীড়ন নিয়ে ছেলে যা বলেছে তাদের পরিবারে ও এলাকায় এমন কিছুই ঘটেনি বলে উল্লেখ করেন শুভ্রর বাবা। বরং হিন্দু-মুসলিম সবার মিলেমিশে বসবাস করার কথা বলেন তিনি।

একটা সময়ে পাকিস্তানকে ব্যবহার করা হত ভারতের অভ্যন্তরে মুসলমান-বিরোধী আখ্যান তৈরি করার জন্য। কিন্তু এখন লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে বাংলাদেশকে। সেই আখ্যানের একদিকে মুসলমানরা, তারা যে দেশেরই হোন, অন্যদিকে থাকছেন হিন্দুরা। বলার চেষ্টা করা হচ্ছে যে ‘হিন্দু খতরে মে হ্যায়’, অর্থাৎ হিন্দুরা বিপদে আছেন।

এ বিষয়ে অল্ট নিউজের সম্পাদক প্রতীক সিনহা বলছিলেন, সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে শাহিনবাগের প্রতিবাদ আন্দোলন অথবা ইসরায়েল বা এখন বাংলাদেশ- সব ক্ষেত্রেই ভুয়া তথ্য ছড়িয়ে আসলে ঘুরপথে ভারতীয় মুসলমানদেরই লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে। এখানকার মুসলমানদের ওপরে বিদ্বেষ ছড়ানো যাতে যুক্তিযুক্ত হিসেবে দেখানো যায়- সেই আখ্যান তৈরির প্রচেষ্টা চলছে।

ভারতীয় মিডিয়ার মিথ্যাচার নিয়ে বিবিসি বাংলাকে পুণের এমআইটি এডিটি বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম বিভাগের সহযোগী অধ্যাপক সম্বিত পাল বলেন, ‘ভারতের মিডিয়ায় এর আগে যেভাবে ভারত-বন্ধু শেখ হাসিনার প্রতি প্রচ্ছন্ন সমর্থন দেখিয়েছে, ঠিক সেই পথেই অধিকাংশ মিডিয়া হাসিনা সরকারের পতনের পর মুহাম্মদ ইউনুস পরিচালিত অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সরব হয়েছে। কারণ, তারা মনে করছে বাংলাদেশের এই সরকার ভারতের বর্তমান শাসকদলের বিরোধী।’

তার কথায়, ‘২০২১ সালে বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের ঘটনা নিয়ে ভারতের মিডিয়া এতটা উচ্চগ্রামে খবর করেনি। কারণ তখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন। তিনি মোদী ঘনিষ্ঠ ছিলেন। ভারতীয় মূলধারার সংবাদমাধ্যমগুলো শাসক দলের ঘনিষ্ঠ হওয়ায় তারা ওই অবস্থান নিয়েছিল। এখন পরিবর্তিত পরিস্থিতিতে ভারতের সংবাদমাধ্যমের ভূমিকা বদলিয়েছে।

সবশেষ তিনি বলেন, বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তার থেকে অনেক বেশি মাত্রায় ভারতের নির্বাচনী স্বার্থ এখানে কাজ করছে।

কলকাতায় হাহাকার, বাংলাদেশিদের অভাবে পথে বসছেন ব্যবসায়ীরা

কলকাতার ‘মিনি বাংলাদেশ’ এলাকা, যেখানে এক সময় বাংলাদেশি পর্যটকদের ভিড় লেগে থাকত; কিন্তু সেটা এখন এক ভয়াবহ বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে।

এই এলাকার ব্যবসায়ীরা পুরোপুরি বাংলাদেশি পর্যটকদের ওপর নির্ভরশীল এবং তাদের অনুপস্থিতিতে একেবারে নিঃস্ব হয়ে পড়েছেন। পরিস্থিতি এতটাই শোচনীয়, অনেক ব্যবসায়ী বলতে বাধ্য হচ্ছেন—‘নুন আনতে পান্তা ফুরায়।’

প্রসঙ্গত, কলকাতার মার্কুইস স্ট্রিট, হগ মার্কেট, ফ্রি স্কুল স্ট্রিট, কলিন স্ট্রিট, রফি আহমেদ কিদোয়াই রোড এবং কেওয়াইডি স্ট্রিটের মতো এলাকার ব্যবসায়িক কেন্দ্রগুলোতে এখন কোনো প্রাণ নেই। রেস্টুরেন্ট, হোটেল, শপ—সব কিছুই প্রায় বন্ধ হয়ে গেছে, আর ব্যবসায়ীরা তাদের বিক্রি পুরোপুরি শূন্য হয়ে যাওয়ায় ঋণে ডুবে যাচ্ছেন।

এই এলাকায় গত দুই দশক ধরে বাংলাদেশি পর্যটকদের ওপর নির্ভর করে গড়ে উঠেছিল একটি বিশেষ ব্যবস্থা—বাংলাদেশি খাবারের রেস্টুরেন্ট, হোটেল এবং সেবা—যা এখন একেবারে মরে যাচ্ছে।

দুর্বিষহ পরিস্থিতিতে কলকাতার ফ্রি স্কুল স্ট্রিট ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হায়দার আলি খান বলেন, আমরা একেবারে মৃত্যুর কোলে ঢলে পড়েছি। বাংলাদেশি পর্যটকরা না এলে আমাদের বাঁচার কোনো উপায় নেই। তাদের উপস্থিতি ছিল আমাদের ব্যবসার একমাত্র জীবিত প্রাণ। এখন তারা আসছেন না, আর আমরা ভীষণ আর্থিক সংকটে পড়েছি।

বাংলাদেশি পর্যটকদের নির্ভর করে গড়ে ওঠা হোটেল মালিক পিন্টু বসাক বলেন, দুই দশক ধরে এই এলাকায় বাংলাদেশি পর্যটকদের জন্য সব কিছু সাজিয়ে রেখেছি—হোটেল রুম, খাবারের রেস্টুরেন্ট, দর্শনীয় স্থান—সব কিছু। কিন্তু এখন তারা আর আসছেন না। আমাদের হোটেল রুম ভাড়া ১০ থেকে ১৫ শতাংশ কমে গেছে এবং আমরা আর্থিকভাবে তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছি।

আবেগতাড়িত হয়ে মার্কুইস স্ট্রিটের রেস্টুরেন্ট মালিক এনসি ভৌমিক বলেন, এটি শুধু একটি ব্যবসা ছিল না, এটি দুই দেশের সম্পর্কের একটি প্রতীক ছিল। আজ যখন বাংলাদেশি পর্যটকরা আর আসছেন না, তখন আমাদের মনে হচ্ছে, এই সম্পর্কের প্রতীকও ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা যতটুকু চেষ্টা করছি, ততটুকু ভাঙনের হাত থেকে এই এলাকায় বাঁচানো যাচ্ছে না।

কলকাতার ব্যবসায়ীরা এক ভয়াবহ অবস্থা মুখোমুখি হয়েছেন। হোটেল রুম ভাড়া কমে গেছে, দোকান-পাটে ক্রেতা নেই, রেস্টুরেন্টে বাংলাদেশি খাবারের অর্ডার নেই—যে ব্যবসা এক সময় ছিল লাভজনক, তা এখন বিলুপ্তপ্রায়। তাদের আর্থিক সঙ্কট এতটা গভীর হয়ে উঠেছে যে, অনেকের পক্ষে ব্যবসা চালানো অসম্ভব হয়ে পড়েছে।

এমন ভয়াবহ পরিস্থিতিতে কলকাতার ব্যবসায়ীরা মঙ্গলবার (১০ ডিসেম্বর) একটি জরুরি বৈঠক করেছেন, যেখানে তারা সামাজিক যোগাযোগমাধ্যম এবং ব্যক্তিগত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার বার্তা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। খবর দ্য টাইমস অব ইন্ডিয়া।

অনুষ্ঠানে তাদের একমাত্র লক্ষ্য—বাংলাদেশি পর্যটকদের আস্থা পুনরুদ্ধার করা, যাতে তারা কলকাতায় ফিরে আসেন এবং ব্যবসা আবার চাঙ্গা হয়।

তবে, ব্যবসায়ীদের মধ্যে আশঙ্কা এখনো কাটেনি। তারা জানেন না, এই পরিস্থিতি কবে স্বাভাবিক হবে এবং তাদের টিকে থাকার জন্য কত দিন লড়াই করতে হবে। কলকাতার ‘মিনি বাংলাদেশ’ এলাকা এখন এক কঠিন সময় পার করছে এবং যদি অবস্থা দ্রুত না বদলায়, তাহলে অনেক ব্যবসায়ী হয়তো তাদের জীবিকা হারিয়ে ফেলবেন।

শীতকালে ফ্রিজের তাপমাত্রা কত রাখা উচিত?

শীত এসেছে। হাড় কাঁপানো ঠান্ডা না পড়লেও বাতাসে শীতের আমেজ রয়েছে। আলমারির তলা থেকে বেরিয়ে এসেছে গরম জামাকাপড়। সেইসঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে হিটার, গিজারের ব‍্যবহার। কিন্তু শীতকালে কত তাপমাত্রায় চালাচ্ছেন ফ্রিজ।

শীতকালে পরিবেশের তাপমাত্রা গরমের চেয়ে অনেকটাই কম থাকে। শীতে সব খাবার ফ্রিজে রাখার প্রয়োজনও থাকে না। ফ্রিজের ঠান্ডা পানি খাওয়ার কোনও দরকার পড়ে না।

এমন অন‍্যান‍্য অনেক কারণেই শীতকালে ফ্রিজের ব‍্যবহারও খানিকটা কমে যায়। কিন্তু ফ্রিজ বন্ধ রাখারও যায় না। আবার শীতকালে ফ্রিজের তাপমাত্রা সঠিক রাখলে বিদ‍্যুতের বিলও আসবে কম।

অনেকে শীতে কিছুসময়ের জন‍্যই ফ্রিজ বন্ধ করে রাখেন। কিন্তু এতে ফ্রিজে রাখা খাবার নষ্ট হতে পারে। তবে কয়েকটি পদ্ধতি মানলে শীতে ফ্রিজে খাবারও ভাল থাকবে। পাশাপাশি, বিদ‍্যুতের বিলও অনেক কম আসবে।

যদি ইতিমধ্যেই বরফ সংরক্ষণ করা বা ফ্রিজে পানির বোতল রাখা বন্ধ করে দিয়ে থাকেন তবে আপনি এটিকে কম তাপমাত্রায়ও সেট করতে পারেন। কারণ বরফ এবং ঠান্ডা পানির জন‍্যই ফ্রিজকে বেশি ঠান্ডা রাখা দরকার।

এছাড়াও, গ্রীষ্ম এবং শীত অনুযায়ী ফ্রিজে তাপমাত্রা সেট করার একটি বিকল্প রয়েছে। শীতকালে কেবল দুধ, শাকসবজি, ফল, রান্না করা খাবার তাজা রাখার জন‍্য ফ্রিজের প্রয়োজন হয়।

শীতকালে রেফ্রিজারেটরের তাপমাত্রা খুব বেশি বা খুব কম সেট করবেন না। শীতকালে রেফ্রিজারেটরের তাপমাত্রা ২ ডিগ্রি থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখাই শ্রেয়।

রেফ্রিজারেটরের লিটার, ওয়াট এবং সাইজ অনুযায়ী রেফ্রিজারেটরের তাপমাত্রার সামঞ্জস্য করতে হবে। এ জন্য বিশেষজ্ঞদের পরামর্শও নিতে পারেন।

আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা, যুক্তরাষ্ট্রের উদ্বেগ প্রকাশ

ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ এবং শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার।

স্থানীয় সময় মঙ্গলবার (১০ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ আহ্বান জানান তিনি।

সম্প্রতি ভারত ও বাংলাদেশ উভয়েই ভারতের অভ্যন্তরে বাংলাদেশের একটি কূটনৈতিক মিশনে সহিংস হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এ বিষয় ও বাংলাদেশ নিয়ে ক্রমবর্ধমান আক্রমণাত্মক বক্তব্য-বিবৃতি সম্পর্কে ওয়াশিংটানের কী কোনও মন্তব্য আছে?

সাংবাদিকের প্রশ্নের জবাবে মিলার বলেন, সব পক্ষ তাদের মতবিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করবে, সেটাই আমরা দেখতে চাই।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই দুদেশের সম্পর্ক হিমশীতল অবস্থায় পৌঁছেছে। সবশেষ ইসকন নেতা চিন্ময় দাসকে গ্রেপ্তারের পর পরিস্থিতি আরও ঘোলাটে হয়। গত ২ ডিসেম্বর ত্রিপুরার আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনাও ঘটে।

নিউইয়র্কের ব্যস্ত সড়কের প্রবাসীর দোকানে ডাকাতি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে জ্যাকসন হাইটস এলাকায় একটি সোনার দোকানে ডাকাতি হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় আবিদ জুয়েলার্স নামের ওই দোকানের সামনের কাচ ভেঙে স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

ডাকাতির ঘটনা তদন্ত করছে নিউইয়র্ক পুলিশ (এনওয়াইপিডি)। সরেজমিনে দেখা যায়, আবিদ জুয়েলার্সের সামনে পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে। দোকানের সামনে ভাঙা কাচ পড়ে থাকতে দেখা গেছে। দোকানসংলগ্ন রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

তদন্তের অংশ হিসেবে আবিদ জুয়েলার্সের মালিক ও কর্মকর্তা-কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তবে স্থানীয় সময় শুক্রবার রাত ১১টা পর্যন্ত ডাকাতির সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি তারা। পুলিশের পক্ষ থেকে দোকানের ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্যও জানানো হয়নি।
নিউইয়র্কের ব্যস্ত সড়কের প্রবাসীর দোকানে ডাকাতি
জ্যাকসন হাইটসের ৩৭ অ্যাভিনিউ ও ৭৪ স্ট্রিটে ১৯টি সোনার দোকান রয়েছে। এ এলাকায় বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মানুষের ব্যাপক সমাগম হয়। সেখানে কেনাকাটা করতে আসা সজীব সরকার প্রথম আলোকে বলেন, তিন-চারজনের একটি দল দোকানটির কাচ ভাঙা শুরু করে। কিছুক্ষণের মধ্যে দোকানের সামনের অংশে রাখা স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় তারা।

আবিদ জুয়েলার্সের পাশের রেস্তোরাঁ জ্যাকসন ডাইনারের কর্মকর্তা আশিক রহমান প্রথম আলোকে বলেন, ‘শক্ত মোটা কাচের দেয়াল ভাঙার শব্দে আমরা আতঙ্কিত এবং হতভম্ব হয়ে পড়ি। যদিও ঘটনার কিছুক্ষণের মধ্যেই পুলিশ চলে আসে, তবে এ ধরনের ঘটনা নিউইয়র্ক শহরের নানা দিকে হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে।’

দুবাইয়ের ভিসা বাতিল হচ্ছে ভারতীয়দের

হোটেল বুক করে, বিমানের টিকিট কেটেও দুবাই যাওয়া বাতিল করতে হচ্ছে ভারতীয়দের।

সংযুক্ত আবর আমিরাত প্রশাসন পর্যটক ভিসার ব্যাপারে কড়াকড়ি করায় সমস্যায় পড়েছেন তারা। অনেক ভারতীয়ের ভিসাও পর পর বাতিল হচ্ছে।

পরিসংখ্যান অনুযায়ী, আগে দুবাইয়ের ভিসা আবেদনের ৯৯ শতাংশই অনুমোদিত হত। কিন্তু বর্তমানে পরিস্থিতি পাল্টেছে। অনেক ক্ষেত্রেই প্রয়োজনীয় সব নথি দেওয়ার পরেও ভিসার আবেদন প্রত্যাখান হচ্ছে বলেই ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

সংযুক্ত আবর আমিরাত সরকার সম্প্রতি দুবাইয়ের পর্যটকদের ভিসার জন্য নতুন এবং কঠোর নিয়ম আরোপ করেছে। নতুন নিয়মে বলা হয়েছে, পর্যটকদের তাদের হোটেল বুকিংয়ের বিবরণ এবং ফেরার বিমান টিকিট দাখিল করতে হবে ভিসা আবেদনের সময়।

শুধু তাই নয়, যদি কেউ দুবাইয়ে কোনো আত্মীয় বা বন্ধুবান্ধব বা পরিচিত কারো কাছে উঠে, সে ক্ষেত্রে ওই লোকের যাবতীয় তথ্য জমা করতে হবে।

টাইমস অফ ইন্ডিয়া’র প্রতিবেদনে বলা হয়, আগে এক থেকে দুই শতাংশ ভিসার আবেদন বাতিল হত। কিন্তু বর্তমানে ভিসা বাতিলের সংখ্যা বেড়েছে। এখন প্রতিদিন পর্যটকদের ১০০টি আবেদনের মধ্যে পাঁচ থেকে ছ’টি ভিসা বাতিল হচ্ছে।

এক পর্যটন সংস্থার কর্মকর্তা নিখিল কুমার বলেন, নিশ্চিত বিমান টিকিট এবং হোটেলে বুকিং থাকা সত্ত্বেও ভিসার আবেদন বাতিল হয়ে যাচ্ছে।এর ফলে অনেকেই আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন। কারণ পর্যটকদের শুধু ভিসা আবেদনের ফি নয়, বিমান টিকিট এবং হোটেল বুকিংয়ের জন্যও টাকা দিতে হচ্ছে।

আমিরাত প্রশাসনের নতুন নিয়ম অনুযায়ী, শুধু বিমানের টিকিট এবং হোটেল বুকিংয়ের বিবরণ দিলেই হবে না। ভ্রমণকারীদের প্রমাণ করতে হবে দুবাইয়ে থাকার জন্য তাদের কাছে যথেষ্ট অর্থ রয়েছে। যদি হোটেলে থাকতে চান, তবে তার ব্যাংক অ্যাকাউন্টে নূন্যতম ৫০ হাজার টাকা থাকতে হবে। আবেদনকারীকে ভিসার আবেদনপত্রের সঙ্গে শেষ তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট এবং প্যান কার্ডের প্রতিলিপি জমা করতে হবে।