Sunday, April 19, 2026
Home Blog Page 91

সিলেটের বন্দরবাজার থেকে ‘রায়টগান’ উদ্ধার

সিলেটের বন্দরবাজার এলাকা থেকে একটি অ্যান্টি রায়টগান (গ্যাসগান) উদ্ধার করেছে র‌্যাব। শনিবার রাত ১০টার দিকে বন্দরবাজার রঙমহল টাওয়ারের পাশর্^বর্তী পরিত্যক্ত একটি টিনশেড ঘরের ভেতর থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে পরিত্যক্ত ওই টিনের ঘরে অভিযান চালিয়ে ৩৮ মিলিমিটার গ্যাসগানটি উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাসগানটি সিলেট মহানগরের আওতাধীন বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে পুলিশের যেসব অস্ত্র লুট হয়েছে তাদের একটি হতে পারে। অস্ত্রটি যাচাই-বাছাই করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সিলেটের সুলতান’স ডাইনে পঁচা মাংস মিলেনি, জেনারেটর না থাকায় জরিমানা

সিলেটের সুলতান’স ডাইন শাখাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। তবে রেস্টুরেন্টটির বিরুদ্ধে ওঠা মাংসে ভেজালের সত্যতা মিলেনি অভিযানকালে।

রবিবার (৬ অক্টোবর) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ ও নিরাপদ খাদ্য সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে অভিযান চালিয়ে মাংসের সংরক্ষণাগারে জেনারেটর না থাকায় প্রতিষ্ঠানটিকে এই জরিমানা করে।

এছাড়া রান্নাঘরে বাঁশ ও কাঠের পরিবর্তে এসএস পাইপ ব্যবহার, জেনারেটর স্থাপন, কাচ্চিতে ব্যবহৃত চালের আমদানি রশিদ সংরক্ষণ নিশ্চিতে এক সপ্তাহ সময় বেঁধে দেন ভ্রাম্যমাণ আদালত।

সিলেট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক (মেট্রো) শ্যামল পুরকায়স্থ ও নিরাপদ খাদ্য অধিকার অধিদপ্তরের কর্মকর্তা সৈয়দ সারফরাজ হোসেন অভিযানে নেতৃত্ব দেন।

জানা গেছে, সম্প্রতি সিলেটের সুলতান ডাইন রেস্টুরেন্ট শাখায় দুর্গন্ধযুক্ত মাংস ব্যবহার করে কাচ্চি বিরিয়ানি তৈরির অভিযোগ উঠে। এ অভিযোগের ভিত্তিতে রবিবার ভোক্তা ও নিরাপদ খাদ্য অধিকার অধিদপ্তর রেস্টুরেন্টটিতে অভিযান চালায়। তবে অভিযানকালে দুর্গন্ধযুক্ত মাংস ব্যবহার করে কাচ্চি বিরিয়ানি তৈরির অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।

অভিযান শেষে শ্যামল পুরকায়স্থ ও সৈয়দ সারফরাজ হোসেন জানান- সুলতান’স ডাইনের মাংসের সংরক্ষণাগারে জেনারেটর না থাকার কারণে মাংস প্রিজারভেশনে সমস্যা হতে পারে। একই সাথে খাবারে তেলের ব্যবহার ঠিকভাবে করা হয়নি এবং বিদেশ থেকে আনা বাসমতি চালের রশিদ দেখাতে পারেননি তারা। এছাড়া রান্নাঘরে শেফদের রান্নার কাজে বাঁশ ও কাঠের ব্যবহার করা হচ্ছে- এসব ভেঙে নিয়ে খাবারে থেকে যেতে পারে। এসব কারণে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে রান্নার কাজে বাঁশ ও কাঠের পরিবর্তে এসএস পাইপ ব্যবহার এবং চাল আমদানির রশিদ সংরক্ষণ করতে বলা হয়েছে। নিয়ম মেনে ও সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার জন্য ৭ দিনের সময় দেওয়া হয়েছে তাদের। পরবর্তীতে কোনো অনিয়ম দেখা গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমি একটা ছাগল, এবার আমি মানুষ হব ইনশাআল্লাহ: মাহি

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের নায়িকা মাহিয়া মাহি। বিচ্ছেদের পর সন্তানকে নিয়ে ফুরফুরে মেজাজে আছেন এই নায়িকা। বন্ধু-বান্ধবীদের সঙ্গে সুন্দর সময় কাটাচ্ছেন তিনি। শুধু তাই নয়, নতুন উদ্যমে কাজে ফিরেছেন তিনি।

এদিকে সিনেমা ছেড়ে রাজনীতিতে নাম লিখিয়েছিলেন মাহিয়া মাহি। এরপর বিগত সরকারের সবুজ সংকেত পেলেও দর্শক ভোটে পড়ে রেড সিগন্যাল, অর্থাৎ বিপুল ভোটে পরাজিত হন। এরপর আবারও কাজে ফেরার ঘোষণা দেন। সিনেমা আর রাজনীতি নিয়ে ‘রাজনীতি’র মারপ্যাচে ব্যাপক সমালোচনার মুখেও পড়েন এই নায়িকা।
আমি একটা ছাগল, এবার আমি মানুষ হব ইনশাআল্লাহ: মাহি
কিছুদিন ফেসবুকে তেমন সরব দেখা না গেলেও ফের সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব হয়েছেন তিনি। প্রায় সময়ই নানা ইস্যুতে ফেসবুকে নানা পোস্ট দিয়ে থাকেন এই নায়িকা। কিছুদিন আগেও দুইটি নাচের ভিডিও দিয়ে বেশ সাড়া ফেলে দিয়েছিলেন তিনি।

এবার অগ্নিখ্যাত এই নায়িকা নিজেকে ছাগল বলে জাহির করলেন। শনিবার (৫ অক্টোবর) সামাজিক যোগাযোগ একটি স্ট্যাটাস দেন এই নায়িকা। যেখানে তিনি লিখেন, ফাইনালি আমি বুঝতে পারসি গাইস, আমি যে একটা ছাগল এবং এবার আমি মানুষ হব, ইনশাআল্লাহ।
আমি একটা ছাগল, এবার আমি মানুষ হব ইনশাআল্লাহ: মাহি
মাহিকে সবশেষ শাকিবের ‘রাজকুমার’ ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। এরপর অভিনয় নিয়ে ব্যস্ততা না থাকলেও মডেলিংয়ে সময় দিচ্ছেন তিনি। কয়েক দিন পরপর ভিন্ন সাজে দেখা মেলে এই চিত্রনায়িকাকে।

বিয়ানীবাজার থেকে অপহৃত কিশোরী উদ্ধার, অপহরণকারীসহ গ্রেফতার ২

বিয়ানীবাজার থেকে অপহরণ করে নিয়ে যাওয়া এক কিশোরীকে (১৭) অপহরণের প্রায় তিন সপ্তাহ পর উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৪অক্টোবর) রাতে সিলেট নগরীর শাহপরান এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ওই অপহৃত কিশোরীকে উদ্ধার করে। এ ঘটনায় মূল তাওহিদ হোসেন ইমন (১৯) নামে এক অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত তাওহিদ হোসেন ইমন সিলেট নগরীর এসএমপির শাহপরান থানার ধলইপাড়ার সুরমা গেইট এলাকার মো.দুলাল মিয়ার ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, অপহৃত কিশোরীর বাড়ি বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নে। গত ১০ সেপ্টেম্বর ওই কিশোরীর মা বাদী হয়ে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন৷ অভিযোগ পাওয়ার থেকেই তৎপরতা চালাতে শুরু করে থানা পুলিশ।

সর্বশেষ গত ৪ অক্টোবর তথ্য প্রযুক্তির সহায়তায় অপহৃত কিশোরীর অবস্থান শনাক্ত করে থানার অফিসার ইনচার্জ মো. এনামুল হক চৌধুরীর নির্দেশে এসআই আব্দুর রহিম একটি টিম নিয়ে এসএমপির শাহপরান থানা এলাকা থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করেন এবং অভিযোগ অপহরণকারী তাওহিদ হোসেন ইমনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।

উদ্ধারের পর অপহৃতা কিশোরীকে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, গ্রেফতারকৃত অপহরণকারী বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া অপহৃত কিশোরীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, শুক্রবার (৪ অক্টোবর) বিয়ানীবাজার থানা পুলিশের পৃথক আরেকটি অভিযানে জামাল উদ্দিন (৪৮) নামে ওয়ারেন্টভুক্ত একজন আসামীকে গ্রেফতার করেছে৷ গ্রেফতারকৃত জামাল উদ্দিন উপজেলার মাথিউরা ইউনিয়নের শেখলাল গ্রামের মৃত ফখর উদ্দিনের ছেলে। গ্রেফতারের পর তাকেও আদালতে সোপর্দ করা বিষয়টি নিশ্চিত করেছেন থানা সেকেন্ড অফিসার এসআই আসাদ উদ্দিন।

বিয়ানীবাজার উপজেলা দুই যুবলীগ নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলনের প্রেক্ষিতে গত ৫ আগস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর সিলেটের বিয়ানীবাজার থানা প্রাঙ্গনে বিজয়োৎসব করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত রায়হান উদ্দিন (১৮) হত্যা মামলার এজাহারভুক্ত আসামী দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার পৃথক স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশের একটি বিশেষ টিম।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে ও যুবলীগ নেতা সাইফুল ইসলাম রোকন এবং উপজেলার লাউতা ইউনিয়নের জলঢুপ পাড়িয়াবহর গ্রামের আব্দুর রউফের ছেলে ও যুবলীগ নেতা কলিম উদ্দিন। তারা দু’জনেই রায়হান উদ্দিন (১৮) হত্যা মামলার এজাহারনামীয় ১৫ নম্বর আসামী কলিম উদ্দিন এবং একই মামলার ৩০ নম্বর আসামী সাইফুল ইসলাম রোকন।

জানা গেছে, গত ৫ আগস্ট বিয়ানীবাজার থানায় ভাংচুর, অগ্নিসংযোগ ও হামলা চলাকালে গুলিতে তিন যুবক নিহত এবং অন্তত ১০জন বিভিন্ন শ্রেণীপেশার মানুষ আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন হচ্ছেন রায়হান উদ্দিন (১৮)। সে ব্রাক্ষণবাড়িয়া জেলার সরাইল থানার তেলিকান্দি গ্রামের মো. ফারুক উদ্দিনের ছেলে। তবে রায়হান উদ্দিন দীর্ঘদিন ধরে বিয়ানীবাজার পৌরসভার নয়াগ্রামে ভাড়া বাসায় থাকতেন। এ ঘটনায় নিহত অন্য দুজন হচ্ছেন- উপজেলার মোল্লাপুর ইউনিয়নের কটুখালিরপাড় এলাকার তারেক আহমদ (২৪) ও পৌরসভার পূর্ব নয়াগ্রাম এলাকার ময়নুল ইসলাম (৩২)। নিহত সকলেরই ময়নাতদন্ত ছাড়াই দাফন কার্য সম্পাদন হয়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, ছোটভাই রায়হান উদ্দিন নিহতের ঘটনায় বড়ভাই বুরহান উদ্দিন গত ২৬ আগস্ট সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ ৩০ জনের নামোল্লেখ এবং অজ্ঞাত ৭০-৮০ জনকে আসামী করে বিয়ানীবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ছাড়া গত ৫ আগস্ট তারেক আহমদ (২৪) ও ময়নুল ইসলাম (৩২) নামে আরও দুজন নিহতের ঘটনায় পৃথক দুটি হত্যা মামলা দায়ের রয়েছে। ওই দিনের তিন মামলায় প্রধান আসামী সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সাবেক সাংসদ নুরুল ইসলাম নাহিদ।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক চৌধুরীকে মুঠোফোনে বলেন, সাইফুল ইসলাম রোকন ও কলিম উদ্দিন নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দুজনেই গত ৫ আগস্ট রায়হান উদ্দিন নিহতের ঘটনায় তার ভাই বুরহান উদ্দিনের দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামী। তিনি বলেন, সকল মামলার আসামীদের গ্রেপ্তারে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শনিবার সকাল-বিকাল পর্যন্ত বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

প্রকল্প এবং উন্নয়নমূলক কাজের জন্য সিলেটের বিভিন্ন এলাকায় শনিবার (৫ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। বৃহস্পতিবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর প্রকৌশলী শ্যামল চন্দ্র সরকারের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়- ১১ কেভি আম্বরখানা ফিডারের আওতাধীন মেন্দিবাগ, বোরহান উদ্দিন রোড, কুশিঘাট, নোয়াগাঁও, সাদিপুর, সাদাটিকর, টুলটিকর, মিরাপাড়া, শাপলাবাগ, কল্যাণপুর, মুক্তিরচক ও মুরাদপুর এলাকায় শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।

তবে কাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।

ডিমে অধিক মুনাফা করায় দোকান বন্ধ করে দিলো ভোক্তা অধিদপ্তর

ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চলছে। আজ শুক্রবার (৪ অক্টোবর) রাজধানীর ঢাকার কারওয়ান বাজার, শ্যামবাজার ও মিরপুর শাহ আলী মার্কেট এলাকায় পাঁচটি টিম এসব অভিযান চালায়।

অভিযানে মিরপুর শাহ আলী মার্কেটে দেখা যায়, বিক্রেতারা পাকা ভাউচার প্রদান করছেন না এবং মার্কেটের ভাই ভাই এন্টারপ্রাইজে ১০০ ডিম কেনা হয়েছে ১২৬০ টাকায় অথচ বিক্রয় করা হচ্ছে ১৩২০ টাকায় যা যৌক্তিক লাভের তুলনায় অনেক বেশি। ফলে জনস্বার্থে অধিদপ্তর কর্তৃক ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অভিযুক্ত প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ করা হয় এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব ব্যবসায়িক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

অন্যদিকে শ্যামবাজারে পরিচালিত অভিযানে ভোক্তা অধিকারবিরোধী কাজের জন্য চারটি প্রতিষ্ঠানকে ৪৩০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়াও কারওয়ান বাজারে একটি প্রতিষ্ঠানে মূল্যতালিকা প্রদর্শন না করায় ১০০০ টাকা জরিমানা ও সতর্ক করা হয়।

অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল, প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাগফুর রহমানসহ কর্মকর্তারা।

‘ছাত্র আন্দোলনের আসল সফলতা আসবে ছাত্র-ছাত্রীদের সময়মতো বিয়ে করার মাধ্যমে’

শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। ১৯৯২ সালের ১০ জুলাই ভালোবেসে সালমা আসিফ মিতুর সঙ্গে সংসার বাঁধেন তিনি। অল্প বয়সে বিয়ে ও সন্তানের বাবা-মা হয়েছেন এই দম্পতি। এরই মধ্যে বড় ছেলেকেও বিয়ে দিয়েছেন আসিফ।

ছেলে-মেয়েদের ২৪-২৫ বছর বয়সে বিয়ে দেওয়ার পক্ষে গায়ক আসিফ। এবার জানালেন— বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আসল সফলতা আসবে ছাত্র-ছাত্রীদের সময়মতো বিয়ে করার মাধ্যমে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে আসিফ তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে এ গায়ক বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আসল সফলতা আসবে ছাত্র-ছাত্রীদের সময়মতো বিয়ে করার মাধ্যমেই। আমি ২৪/২৫ বছর বয়সে বিয়ের পক্ষে। এতে সংসার শুরু করা যায় দ্রুত। তারাও বাবা-মা হতে পারে, আমরাও দাদা/নানা হতে পারি সুন্দর সময়ে।’

সন্তানের বিয়ের জন্য বাবা-মা এগিয়ে আসার কথা উল্লেখ করে আসিফ আকবর বলেন, ‘কবে স্টাডি শেষ হবে, তারপর প্রতিষ্ঠা পাবে, তারপর টাকা জমিয়ে বিয়ে করতে হবে! এরমধ্যে চলে যাবে যৌবনের সুন্দর সময়। স্বর্নের ভরি এখন এক লাখ পয়ত্রিশ হাজার টাকা। অন্যান্য সামাজিকতার খরচ ধরলে কেউ ২৪/২৫ বছর বয়সে বিয়ে করতে পারবে না। সন্তানদের বিয়ের জন্য এগিয়ে আসতে হবে বাবা-মাকে।’

আন্দোলনে বিজয়ী শিক্ষার্থীদের বিনামূল্যে পরামর্শ দিয়ে আসিফ আকবর বলেন, ‘দুঃখজনক হলেও সত্য, ছাত্র আন্দেলেনের বাঘা বাঘা নেতা এবং তাদের সহকর্মীরা এখনো ব্যাচেলর অথচ আমি ওই বয়সে দুই ছেলের বাবা হয়েছি। তাদের উচিত রাষ্ট্র ব্যবস্থায় তরুণদের বিয়ের জন্য একটা পদ্ধতি তৈরি করা, ব্যাংক ঋণ দিবে এবং সেটা দূরবর্তী সময়ের কিস্তিতে আস্তে আস্তে পরিশোধ করা হবে কোনো প্রেসার ছাড়া। সেই সাথে কাবিননামার ফাঁদ থেকেও বাঁচতে হবে। আন্দোলনে বিজয়ী ছাত্র-ছাত্রীদের জন্য একটা ফ্রি টিপস দিলাম, এখনই সময়।’

দাদা হতে চান আসিফ আকবর। তা নিয়ে বড় ছেলের সঙ্গে কথাও বলেছেন। এ তথ্য উল্লেখ করে আসিফ আকবর বলেন, ‘এদিকে, দেখতে দেখতে আমার বড় ছেলে শাফকাত আসিফ এবং শেহরীন ঈশিতার দ্বিতীয় বিয়ে বার্ষিকী পূরণ হয়েছে আজ। দুজনেই কানাডার টরন্টোয় স্টাডিতে আছে। তবে আপাতত দাদা হওয়ার মতো কোনো সুখবর নেই। ছেলেকে জিজ্ঞেস করলাম, সে বললো প্ল্যান নাকি আছে। বললাম, তোমার জন্মের সময় কোনো প্ল্যান আমাদের ছিল না অথচ দুর্ভাগ্য তোমার কাছ থেকে প্ল্যানের গল্প শুনতে হলো।’

ছোট ছেলে রুদ্রর বিয়ের পরিকল্পনার কথা জানিয়ে আসিফ বলেন, ‘পরিস্থিতি যাই ঘটুক ২০২৬ সালের শুরুতেই আমার ছোট ছেলে শাফায়াত রুদ্রর বিয়ে দিব ইনশাআল্লাহ, সেই অপেক্ষায় অস্থির হয়ে আছি। রণ-ঈশিতা তোমাদের বিয়ে বার্ষিকীর শুভেচ্ছা। আনন্দে বাঁচো বাবা। ভালবাসা অবিরাম।’

আমিরাতে ৬৫ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী

সংযুক্ত আরব আমিরাতে বিগ টিকিট ড্র লটারিতে ৬৫ কোটি টাকা জিতেছেন আবুল মনসুর আব্দুল সবুর (৫০) নামের এক বাংলাদেশি প্রবাসী। গত ১৭ বছর ধরে লটারির টিকিট কিনছেন এই প্রবাসী। অবশেষে স্বপ্নের সেই লটারি ধরা দিলো তাকে।

আব্দুল সবুর সবশেষ তার বন্ধুদের সঙ্গে মিলে পাঁচটি টিকিট কেনেন। এর মধ্যে একটি লটারি বিজয়ী হয়েছে। এতে করেই ঘুরে গেছে তার ভাগ্যের চাকা। আব্দুল সবুর পেশায় একজন ডেলিভারি ড্রাইভার। আরব আমিরাতের আবুধাবিতে থাকেন তিনি।

বাংলাদেশি এ প্রবাসী বলেছেন, প্রথমে তিনি বিশ্বাস করতে পারছিলেন না লটারিতে ৬৫ কোটি টাকা জিতেছেন। বিজয়ী হওয়ার পর যখন তাকে ফোন করা হয় তখন অবাক হয়ে যান বলে জানিয়েছেন তিনি।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, আমি এতটাই আনন্দিত যে, মুখের ভাষা হারিয়ে ফেলেছি।

লটারিতে পাওয়া অর্থ দিয়ে কী করবেন; প্রশ্ন করা হলে আব্দুল সবুর জানান, পরিবারকে সহায়তা করবেন এবং নিজের স্বপ্নের ব্যবসা শুরু করবেন।

সিলেটে র‌্যাবের জালে আরেক আ. লীগ নেতা

সিলেটের গোয়াইনঘাট থানার ডৌবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক, সাবেক সিলেট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এম নিজাম উদ্দিনকে (৩৩) গ্রেফতরা করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর ১ টায় সিলেট এয়ারপোর্ট থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতার নিজাম উদ্দিন সিলেটের গোয়াইঘাটের মৃত নুর মিয়ার ছেলে।

র‌্যাব-৯ সূত্রে জানা গেছে, গ্রেফতার নিজাম উদ্দিনের বিরুদ্ধে এসএমপি কোতয়ালী মডেল থানার মামলা রয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।