Tuesday, April 14, 2026
Home Blog Page 98

ভারতের মণিপুরে ব্যাপক সংঘর্ষ, ইন্টারনেট বন্ধ ঘোষণা

রাজধানী ‍ইম্ফলে গভর্নরের কার্যালয়ের সামনে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে বড় ধরনের সংঘাতের পর ৫ দিনের জন্য ইন্টারনেট বন্ধ ঘোষণা করেছে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় মণিপুরের রাজ্য সরকার। মঙ্গলবার বিকেলে রাজ্য প্রশাসন দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ইম্ফলে মণিপুর রাজ্যের গভর্নরের কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি ছিল শিক্ষার্থী-জনতার। সেই অনুযায়ী তারা দুপুর একটার দিকে মিছিল গভর্নর হাউসের কাছাকাছি পৌঁছালে সেখানে মোতায়েন থাকা পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ বাঁধে।

প্রায় এক ঘণ্টার সংঘর্ষ শেষে দুপুর ২টার কিছু পরে শিক্ষার্থী-জনতাকে পুরোপুরি ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। তার কিছুক্ষণ পরই ইন্টারনেট বন্ধের বিবৃতি দেয় মণিপুর রাজ্য সরকার।

জাতিগত বৈচিত্রে ভরপুর মণিপুরে গত বছর মে মাস থেকে মেইতেই সম্প্রদায়ের হিন্দু এবং খ্রিস্টান ধর্মাবলম্বী কুকি-চিন জাতিগোষ্ঠীর মধ্যে সংঘাত শুরু হয়। মাঝখানে কয়েক মাস খানিকটা থিতিয়ে এলেও সম্প্রতি ফের তীব্র রূপ নিয়েছে সংঘাত। গত প্রায় দেড় বছরের সহিংসতায় উভয় সম্প্রদায়ের শতাধিক মানুষ নিহত হয়েছেন।

এর মধ্যে গত সপ্তাহে বিভিন্ন স্থানে সহিংসতায় ১১ জনের মৃত্যুর ঘটনা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। সংঘাত-সহিংসতা নিয়ন্ত্রণে ইতোমধ্যে রাজধানী ইম্ফল ও তার আশপাশের এলাকায় কারফিউ জারি করা হয়েছে।

বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে মণিপুরে তৎপর হয়ে উঠেছে বিভিন্ন সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠীও। গত বছর থেকে পুলিশের সঙ্গে সংঘাত শুরু হয় তাদের। এতদিন সাধারণ আগ্নেয়াস্ত্র এবং গ্রেনেড ব্যবহার করে আসা এই গোষ্ঠীর সদস্যরা সম্প্রতি লাদেন ড্রোন এবং বিস্ফোরক রকেটের প্রয়োগ করা শুরু করেছেন, যা ভাবিয়ে তুলেছে রাজ্যের প্রশাসনকে।

মঙ্গলবারের বিবৃতিতে ইন্টারনেট বন্ধের ঘোষণার পাশাপাশি ভুয়া সংবাদ না ছড়ানোর জন্যও কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র : এনডিটিভি

পাওনা ৮০ কোটি ডলার চেয়ে ড. ইউনূসকে চিঠি দিলেন আদানি

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের কাছে পাওনা ৮০ কোটি ডলার চেয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে চিঠি লিখেছেন ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি।

ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমসের বরাতে এ খবর প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, দ্রুত ৮০ কোটি ডলারের বকেয়া পরিশোধের জন্য চিঠিতে বাংলাদেশের বর্তমান সরকারপ্রধানের হস্তক্ষেপ চেয়েছেন ভারতের শীর্ষ এই ব্যবসায়ী।

প্রতিবেদন অনুযায়ী, ওই চিঠিতে গৌতম আদানি লিখেছেন, আমরা যখন বাংলাদেশকে দেওয়া প্রতিশ্রুতি বজায় রাখছি, সেই সময়ে ঋণদাতারা আমাদের ওপর কঠোর হচ্ছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে থেকে আমরা যে ৮০ কোটি ডলার পাই, সেই অর্থ দ্রুত পরিশোধ করার জন্য হস্তক্ষেপ করতে আপনাকে অনুরোধ করছি।

বিদ্যুৎ বিক্রি বাবদ যে পাওনা হয়, তা নিয়মিতভাবে পরিশোধ করার জন্যও চিঠিতে অনুরোধ জানিয়েছেন গৌতম আদানি।

ঝাড়খন্ডের গড্ডায় অবস্থিত এক হাজার ৬০০ মেগাওয়াটের একটি বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে আদানি শিল্পগোষ্ঠী। গত জুন থেকে এ বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। প্রাপ্ত তথ্যানুযায়ী, গড্ডার ওই বিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত বিদ্যুতের সবটুকুই বাংলাদেশে সরবরাহ করে আদানি গ্রুপ।

গৌতম আদানি বলেন, একটি আধুনিক বিদ্যুৎকেন্দ্র ও প্রয়োজনীয় সঞ্চালনব্যবস্থা তৈরি করতে ২০০ কোটি ডলার বিনিয়োগ করেছে আদানি পাওয়ার। রূপচাঁদা, মেইজান ও ফরচুনের মতো জনপ্রিয় ভোজ্যতেল ও উন্নত মানের চালের ব্র্যান্ডের মাধ্যমে বাংলাদেশের খাদ্যনিরাপত্তায়ও ভূমিকা রাখছে আমার কোম্পানি।

চিঠিতে তিনি বলেন, আপনার দেশের জ্বালানি নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়নের প্রতি আমি আমাদের প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করছি। এ সময় বাংলাদেশ সরকার, স্থানীয় জনগোষ্ঠী ও অংশীজনের কাছ থেকে তার কোম্পানি যে সমর্থন ও সহযোগিতা পেয়ে এসেছেন, তারও প্রশংসা করেন ভারতীয় এ ধনকুবের।

৬ ব্যাংকে এস আলম গ্রুপ ও পরিবারের সদস্যদের ১.০৯ লাখ কোটি টাকা জমা, এনবিআরের অনুসন্ধান

এস আলম গ্রুপের চেয়ারম্যান মো. সাইফুল আলমের পরিবারের সদস্য ও বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের ছয়টি ব্যাংকের হিসাবে ১ লাখ ৯ হাজার কোটি টাকা জমা হয়েছিল বলে জানতে পেরেছে রাজস্ব কর্তৃপক্ষ।

জাতীয় রাজস্ব বোর্ডের সূত্রগুলোর মতে, বর্তমানে এসব হিসাবের স্থিতি ২৬ হাজার কোটি টাকা। তবে কিছু ব্যাংকের থেকে এখনও লেনদেনের তথ্য আসছে বিধায় এর পরিমাণ এখনই চূড়ান্তভাবে বলা যাচ্ছে না।

এই ব্যাংকগুলো হলো- ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং বাংলাদেশ কমার্স ব্যাংক। যারমধ্যে পাঁচটি ব্যাংকই এর আগে ছিল এস আলমের নিয়ন্ত্রণে।

তবে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে আহসান এইচ মনসুরকে নিয়োগের পর থেকেই এসব ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে।

গত ১৪ আগস্ট এনবিআরের অধীন ইনকাম ট্যাক্স জোন-১৫ থেকে ৯১টি ব্যাংক ও ব্যাংক-বহির্ভুত আর্থিক প্রতিষ্ঠানকে এস আলম, তার পরিবার এবং তাঁদের সাথে সংশ্লিষ্ট ব্যবসায়িক সত্ত্বাগুলোর অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য দিতে বলা হয়।

এর এক মাস পরে তারা এসব হিসাবের মধ্যে বিপুল পরিমাণ লেনদেনের ঘটনা খুঁজে পেয়েছে।

ট্যাক্স জোন-১৫ এর কমিশনার আহসান হাবিব টিবিএসকে বলেন, “এস আলমের পরিবারের সদস্য, এবং গ্রুপের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব সার্চ দেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে।” এর বেশি তিনি আর কিছু জানাতে রাজি হননি।

নাম না প্রকাশের শর্তে ট্যাক্স জোন-১৫ এর একজন সিনিয়র কর্মকর্তা টিবিএসকে বলেন, ঋণ ও বিক্রির অর্থসহ এসব ব্যাংকে এপর্যন্ত তারা ১ লাখ ৯ হাজার কোটি টাকা জমার সন্ধান পেয়েছেন। “তবে এরমধ্যে কত টাকা ঋণের এখনও তা নির্ধারণের কাজ চলছে” – বলে জানান তিনি।

তিনি আরো বলেন, “এস আলমের পরিবারের সদস্য ও ব্যবসায়িক সত্ত্বাগুলোর এসব হিসাবের বর্তমান স্থিতি ২৬ হাজার কোটি টাকা বলে আমরা জানতে পেরেছি।”

এই তথ্য কোন সময়ের, এমন প্রশ্নে তিনি বলেন, “আমরা সাধারণত পাঁচ বছরের তথ্য চাই। তবে এক্ষেত্রে এর আগের সময়ের তথ্যও থাকতে পারে।”

অতীতে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স অনুযায়ী, যে কোন করদাতার বিগত পাঁচ বছরের ব্যাংক লেনদেনের তথ্য চাওয়া যেত। তবে নতুন আয়কর আইন অনুযায়ী, যা ২০২৩ সালে পাস হয়েছে, সেখানে এই টাইমলিমিট তুলে দেওয়া হয়েছে। ফলে কর বিভাগ অতীতের যে কোন সময়ের করদাতার তথ্য চাইতে পারে।

এস আলমের বিরুদ্ধে অন্যান্য তদন্ত

এনবিআর ছাড়াও, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), সরকারের গোয়েন্দা সংস্থাগুলো ও অন্যান্য প্রতিষ্ঠান এস আলম গ্রুপের বিভিন্ন ধরণের অনিয়ম খুঁজে বের করতে কাজ করছে।

এর আগে এস আলমের কব্জায় থাকা ইসলামী ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করার পর – নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ওবায়েদ উল্লাহ আল মাসুদ।

গত ৫ সেপ্টেম্বর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে এক বৈঠক শেষে মাসুদ বলেন, ইসলামী ব্যাংকের মোট ঋণের অর্ধেকেরও বেশি এস আলম গ্রুপ নিয়েছে।

জুন শেষে ব্যাংকটির ঋণস্থিতি দাঁড়িয়েছে ১ লাখ ৭৪ হাজার কোটি টাকার বেশি।

এছাড়া, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল ইসলাম ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে ১ লাখ ১৩ হাজার ২৪৫ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধান করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সংঘবদ্ধ অপরাধ, প্রতারণা, জালিয়াতি ও হুন্ডি কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে এস আলম ও তাঁর সহযোগী ব্যক্তিদের বিরুদ্ধে।

গত ৩১ আগস্ট সিআইডির মিডিয়া উইংয়ের ককর্মকর্তা আজাদ রহমান বিষয়টি টিবিএসকে নিশ্চিত করে জানান, সিআইডির ফিনান্সিয়াল ক্রাইম ইউনিট এই অনুসন্ধান করছে।

ব্যাংকগুলো থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে এই ব্যবসায়িক গোষ্ঠী ফায়দা লুটেছে এমন অনেক অভিযোগ রয়েছে।

“যেভাবে ইসলামী ব্যাংক থেকে ৪৫ হাজার কোটি টাকার ঋণ বের করে নিয়েছে এস আলম গ্রুপ” এই শিরোনামে গত ১৫ আগস্ট টিবিএসে প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, একটি বন্ধ থাকা কারখানা, অস্তিত্ব নেই এমন সব প্রতিষ্ঠান, এমনকী একটি টিনের দোকানের নামে ব্যাংক থেকে হাজারো কোটি টাকা ঋণ নিয়েছে এস আলম গ্রুপ।

যাত্রীর ব্যাগ থেকে অর্থ চুরি করায় বিমানের ৫ ট্রাফিক হেল্পার গ্রেপ্তার

সোমবার (৯ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

ঢাকা থেকে ভারতের চেন্নাইগামী একটি ফ্লাইটে যাত্রীর লাগেজ থেকে ৬,৮০০ ইউরো (বাংলাদেশি মুদ্রায় ৯ লাখ ১০ হাজার টাকা) চুরির অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাঁচ ট্রাফিক হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২ আগস্ট বিমানের এক যাত্রী চেন্নাই যান। সেখানে পৌঁছানোর পর ব্যাগে রাখা বিদেশি মুদ্রা না পেয়ে লিখিত অভিযোগ করেন। এরপর বিমানের নিরাপত্তা বিভাগ বিষয়টি তদন্ত করে ঢাকা স্টেশনে কর্মরত ৬ ট্রাফিক হেলপারকে চিহ্নিত করে। তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকারও করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ ঘটনায় ঢাকা বিমানবন্দর থানায় মামলা করে বিমান কর্তৃপক্ষ। চুরির সঙ্গে জড়িত থাকায় পাঁচজনকে থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় জড়িত অপর ব্যক্তি পলাতক।

আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে চুরি হওয়া অর্থ দ্রুত উদ্ধার করে যাত্রীকে ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

পাশাপাশি যাত্রীদের ব্যাগেজে মূল্যবান সামগ্রী, টাকা-পয়সা ও অলংকার পরিবহনে নিরুৎসাহিত করে এসব সামগ্রী চেকড ব্যাগেজে বহন না করে নিজের হাতে থাকা ব্যাগেজে বহনের জন্য অনুরোধ জানানো হয়েছে।

সিলেটের শাহপরান মাজারে দুর্বৃত্তের হামলা, আহত ৫

সিলেটের হযরত শাহপরান (রা.) মাজারে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন।

সোমবার দিবাগত রাত ২টার দিকে ওরস চলাকালে হামলার এ ঘটনা ঘটে।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ চৌধুরী হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার রাতে একদল দুর্বৃত্ত মাজারে হামলা চালায়। তখন মাজারে ওরস চলছিল। দুর্বৃত্তরা মাজারে লাঠিসোটা নিয়ে আক্রমণ করে ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দুর্বৃত্তদের আটকাতে গেলে পুলিশ ও স্থানীয় কয়েকজন আহত হন।

তিনি আরও জানান, এ ঘটনায় কারা জড়িত তা এখনো চিহ্নিত করা যায়নি। তবে জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

এর আগে এই মাজারে ওরসকে কেন্দ্র করে গান-বাজনাসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড বন্ধের ঘোষণা দিয়েছিলে মাজার কর্তৃপক্ষ।

ভারতের পতাকা নামিয়ে সাতরঙা পতাকা উড়াল মণিপুরের ছাত্ররা (ভিডিও)

ভারতের সেভেন সিস্টার্সের অন্যতম অঞ্চল মণিপুর রাজ্যের কয়েকদিন ধরেই চলছে বিক্ষোভ। সম্প্রতি বিভিন্ন সরকারি ভবনে হামলা চালিয়েছে শিক্ষার্থীরা। এমনকি কোথাও কোথাও ভারতের পতাকা নামিয়ে ফেলার ভিডিও ভাইরাল হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) সকালের দিকে মণিপুরের রাজভবন ও ডিসি কার্যালয়ে হামলা চালিয়ে ভারতের পতাকা নামিয়ে সাতরঙা পতাকা উড়ায় তারা।

সামাজিক মাধ্যম টুইটার ও ফেসবুকে ছড়িয়ে পড়েছে ওই ভিডিও। এছাড়াও এই ঘটনার নিয়ে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমও।

ইন্ডিয়া টুডে বলেছে, মণিপুরের শিক্ষার্থীরা সোমবার সেখানকার প্রধান প্রধান সরকারি ভবনে হামলা চালিয়েছে। শিক্ষার্থীদের এই বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজভবন ও থৈবালের জেলা প্রশাসকের কার্যালয়ে হামলা চালিয়েছে।

এর আগে, রাজ্যের নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের দাবিতে রাজধানী ইম্ফলের রাস্তায় নেমে আসে হাজার হাজার শিক্ষার্থী। এ সময় তারা রাজ্যের নিরাপত্তা নিশ্চিতে সরকারি প্রশাসন ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করে।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা রাজ্যের বর্তমান নিরাপত্তা উপদেষ্টাকে অপসারণ ও মণিপুরে শান্তি ফেরাতে রাজ্য সরকারের হাতে সর্বোচ্চ ক্ষমতা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের প্রতি দাবি জানায়।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের বাসভবনে হামলার চেষ্টা করেছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারগ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করেছেন। পরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মণিপুরের বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সরকারি অফিস থেকে একটি পতাকা নামিয়ে সেখানে নতুন করে আরেকটি পতাকা উড়ানোর ভিডিও ভাইরাল হয়েছে। ইস্টমোজোর প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষার্থীরা নতুন করে যে পতাকাটি উড়িয়েছেন সেটি কাঙ্গলিপাক বা সালাই ট্যারেট পতাকা বলে ধারণা করা হচ্ছে। মণিপুরের শিক্ষার্থীদের সরকারি অফিসে নতুন পতাকা উত্তোলনের এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

আবু সাঈদ হত্যায় অভিযুক্ত দুই পুলিশ গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। তারা হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) আমীর আলী ও সুজন চন্দ্র রায়। তাদের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই পুলিশ সুপার মো. জাকির হোসেন।

তিনি বলেন, এই দুই সদস্য পুলিশ লাইনসে নজরদারিতে ছিলেন। সোমবার (৯ সেপ্টেম্বর) তাদের মহানগর পুলিশ আমাদের কাছে হস্তান্তর করেছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞাপ্তিতে বলা হয়, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বাদশ ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হন। এ ঘটনায় মেট্রোপলিটন তাজহাট থানায় গত ১৯ আগস্ট মামলা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তার রিকুইজিশনের ভিত্তিতে আসামি এএসআই আমীর হোসেন এবং কনস্টেবল সুজন চন্দ্র রায়ের বিরদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে, আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনায় তার বড় ভাই রমজান আলী বাদী হয়ে ১৮ আগস্ট মেট্রোপলিটন তাজহাট থানায় ১৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। তার আগে ৩ আগস্ট এএসআই আমীর আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে বরখাস্ত করা হয়।

আজমির শরিফে প্রার্থনা করে বিচার চাইলেন শ্রাবন্তী

সম্প্রতি আর জি কর হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনার জেরে উত্তাল পশ্চিমবঙ্গ। প্রতিবাদে রাস্তায় নেমেছে সব শ্রেণি-পেশার মানুষ।

প্রতিবাদ জানাচ্ছেন শোবিজের অনেক তারকাও। এই দলে আছেন টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এবার বিচার চাইলেন আজমির শরিফে গিয়ে। সামাজিকমাধ্যমে নিজেই এ তথ্য জানিয়েছেন অভিনেত্রী।

শ্রাবন্তী সোশ্যাল হ্যান্ডেলে ছবি দিয়েছেন। সেখানে তার সঙ্গে দেখা গেছে অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীকে।

মাথায় ওড়না দিয়ে কখনও প্রার্থনা করে সুতো বাঁধছেন শ্রাবন্তী আবার কখনওবা তনুশ্রীর সঙ্গে ফুলের ডালি হাতে। এ সময় বেশ কিছু সেলফিতেও দেখা গেছে তাদের। সেসব ছবি শেয়ার করে শ্রাবন্তী লিখেন, ‘শান্তি ফিরুক। ন্যায় বিচারের জন্য প্রার্থনা করলাম।’

প্রসঙ্গত, মাসখানেক হয়ে গেল আর জি কর হাসপাতালের তরুণী চিকিৎসক হত্যার। তারপর থেকেই চলছে প্রতিবাদ। শুরু থেকেই বিক্ষুব্ধদের দলে সক্রিয় শ্রাবন্তী-তনুশ্রী।

সোমবার (৯ সেপ্টেম্বর) শীর্ষ আদালতে যখন মামলার শুনানি চলছে, তখন দরগায় ন্যায়বিচারের প্রার্থনা নিয়ে পৌঁছে গেলেন তারা।

শেখ হাসিনার বিচার সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সহিংসতার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া গণহত্যা মামলার বিচার সরাসরি সম্প্রচার করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের উচ্চপর্যায়ের এক বৈঠকে।

সোমবার (৯ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, বিচারে স্বচ্ছতার জন্য সবকিছু করবে বর্তমান সরকার।

গত ১৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যা, গণহত্যা ও নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০ ব্যক্তি ও সংগঠনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়। পরবর্তীতে গত ২১ আগস্ট একই ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭৭ জনের নামে গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধে আরেকটি অভিযোগ দায়ের করা হয়।

ভূমি অফিসে ঘুষ কমায় কাজ স্লো! হুঁশিয়ারি দিলেন সমন্বয়ক হাসনাত

ভূমি অফিসে ঘুষ দেয়ার মাত্রা কমে যাওয়ায় সেখানে কর্মীদের কাজে অনীহা এবং কাজ স্লো করে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, এখনও সময় আছে, সাবধান হয়ে যান। না-হয় আপনাদের রিপ্লেসমেন্টও চলে আসবে।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক স্ট্যাটাসে তিনি এ হুঁশিয়ারি দেন।

ফেসবুক পোস্টে হাসনাত বলেন, ভূমি অফিসে ঘুষ দেয়ার মাত্রা কমে যাওয়ায় সেখানে কর্মীদের কাজে অনীহা দেখা যাচ্ছে এবং কাজ স্লো করে দেয়া হয়েছে। ভূমি অফিসের কর্মীরা যদি ঘুষের অভ্যাসের অভাবে কাজে অনীহা দেখান এবং কাজ স্লো করে দেন, তাহলে এটি তাদের পেশাগত দায়বদ্ধতার অভাবকেই প্রকাশ করে। যাদের পেশাগত দায়বদ্ধতার অভাব রয়েছে, তাদের বিকল্প চিন্তা করা সরকারের দায়িত্ব।

এদিকে গতকাল রোববার ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কার নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে পাঁচ শতাধিক শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় হাসনাত আব্দুল্লাহ বলেন, ক্যাম্পাসে এতদিন যে রাজনীতির চর্চা হয়ে এসেছে সেটি ছিল লেজুড়বৃত্তিক। কিন্তু আমরা এমন রাজনীতি চাই যার দ্বারা ছাত্র, সমাজ এবং দেশের মানুষ উপকৃত হবে। ছাত্র রাজনীতি ছাড়া আমরা আমাদের আধিকার আদায় করতে পারব না।