Tuesday, April 7, 2026
Home Blog Page 33

সিলেটে অনলাইনে বিক্রির পরও কীভাবে ট্রেনের টিকিটের কালোবাজারি হয়, তদন্তের আশ্বাস ডিসির

সিলেট রেলওয়ে স্টেশনে ঝটিকা অভিযান পরিচালনা করেছেন সিলেট জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি এই অভিযান চালান।

এ সময় অনলাইনে টিকিট বিক্রির ব্যাপারে সিন্ডিকেট রয়েছে উল্লেখ করে ডিসি সারওয়ার আলম বলেন, অনলাইনে দুই মিনিটের মধ্যে টিকিট শেষ এটা তো কোনো সিস্টেমই হতে পারে না।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা দেখবো যে, এই সিস্টেম থেকে কীভাবে বেরোয়া যায়। ম্যানুয়ালি যখন টিকিট বিক্রি হত তখন কিছু লোক কাউন্টার থেকে কিনে কালোবাজারি করত। এখন বিভিন্ন জায়গা থেকে টিকিট কিনে কালোবাজারি করা হচ্ছে। সিন্ডিকেট করছে, তারা অনেকগুলো একাউন্ট খুলে মুহুর্তের মধ্যে টিকিট নিয়ে নিচ্ছে।

ডিসি আরও বলেন, সমস্যাটা হচ্ছে অনলাইনে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ট্রেনের টিকিট কাটা যাচ্ছে। আজকের সকালবেলার যে ট্রেনটি ছিল, সেটির টিকিট কিন্তু কাউন্টার থেকে মাত্র ১টা কাটা হয়েছে, কিন্তু বিভিন্ন জায়গা থেকে প্রায় ২০০টা টিকিট কাটা হয়েছে।

এখন আমরা এটি খুঁজে বের করার চেষ্টা করছি, এই সমস্যাটা কোন কোন জায়গা থেকে হচ্ছে। অনলাইনে টিকিট আসার মাত্রই যে দ্রুত শেষ হয়ে যাবে, সেটি কোনোভাবে মেনে নেওয়া যায় না। অথচ যাত্রীরা ঠিকমত টিকিট পাচ্ছেন না। এই সমস্যাটা কোথায় সৃষ্টি হচ্ছে, সেটি আমরা বের করবো। আমাদের প্রথম দেখার বিষয় হচ্ছে, এখানকার স্থানীয় কেউ জড়িত কি না। রেলওয়ের স্টাফ যদি কেউ জড়িত থাকে তবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

ডিসি বলেন, রেলওয়ের জমির উপর কিছু অসাধু মানুষ স্থাপনা করে নিয়েছে, সেগুলো উচ্ছেদে ব্যবস্থা নেওয়া হবে। আর সিলেট রুটে স্পেশাল কোনো ট্রেন চালু করা যায় কি না, এ নিয়ে আমরা কাজ করছি। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলা হয়েছে।

ডিসি বলেন, আমরা এই প্রক্রিয়ায় এগোতে চেষ্টা করবো। এনআইডি ছাড়া যাতে কিছুতেই ট্রেনের টিকিট কেনা-বেচা না যায়। তখন দেখা যাবে টিকিট কালোবাজারি অনেক কমে এসেছে।

সিলেটে মাদ্রাসাছাত্র জিসান নিখোঁজ

সিলেটের জালালাবাদ থানার অন্তগর্ত অনন্তপুর গ্রামের শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার ছাত্র হাফিজ জিসান আহমদ নিখোঁজ হয়েছেন।

জানা গেছে, ১৪ বছর বয়সী জিসান গত কয়েকদিন ধরে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। তার উচ্চতা প্রায় ৪ ফুট ৮ ইঞ্চি, গায়ের রং শ্যামলা। নিখোঁজের সময় সে পাঞ্জাবি-পায়জামা ও টুপি পরিহিত অবস্থায় ছিল বলে পরিবার জানিয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের বিষয়ে জালালাবাদ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

যদি কেউ হাফিজ জিসান আহমদের সন্ধান পান, তাহলে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে- ০১৬০১৮৬৩১৮১, ০১৭৫০০৫১৫৭৮

অস্থায়ী ওয়ার্কপারমিট ভিসা চালু করছে যুক্তরাজ্য, ৮২ পেশায় কাজের সুযোগ

কর্মী সংকট নিরসন ও অর্থনীতিতে গতি ফেরাতে নতুন অভিবাসন উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য সরকার। দেশটির অভিবাসন বিষয়ক উপদেষ্টা কমিটি (এমএসি) মধ্যম দক্ষতার মোট ৮২টি পেশাকে অস্থায়ী কর্মী ভিসার আওতায় আনার সুপারিশ করেছে। এই তালিকায় ইঞ্জিনিয়ারিং টেকনিশিয়ান থেকে শুরু করে ওয়েল্ডার, অনুবাদক ও ফটোগ্রাফার পর্যন্ত নানা পেশা অন্তর্ভুক্ত রয়েছে।

ইংলিশ চ্যানেলে অনিয়মিত পথে নৌকায় অভিবাসী আগমন নিয়ে দেশটির ভোটারদের মধ্যে উদ্বেগ বেড়েছে। মতামত জরিপে পপুলিস্ট দল রিফর্ম ইউকের চেয়ে লেবার পার্টির পিছিয়ে থাকার কারণে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও চাপে পড়েছেন। বিশ্লেষকরা বলছেন, মূলত ভোটারদের মন জয়ের লক্ষ্যেই অভিবাসনের বিষয়ে আরও কঠোর অবস্থান নেওয়ার চেষ্টা করছেন স্টারমার।

পাশাপাশি মন্থর অর্থনীতি এবং কিছু খাতে কর্মী ঘাটতি সংকটও দেশটিতে তীব্র হয়ে দেখা দিয়েছে। ব্রিটেনে যেসব কাজে অস্থায়ী ঘাটতি রয়েছে, সেই তালিকার ৮২টি পেশার সুপারিশ করেছে অভিবাসন বিষয়ক উপদেষ্টা কমিটি (এমএসি)। প্রতিবেদনে প্রয়োজনীয় যোগ্যতায় ছাড় দিয়ে এসব চাকরিতে বিদেশি কর্মীদের যুক্তরাজ্যে সীমিত প্রবেশাধিকার প্রদান করার সুপারিশ করা হয়েছে।

কমিটি বলেছে, এমএসি যেসব পেশার সুপারিশ করবে, সেগুলোতে অভিবাসী শ্রমের প্রয়োজনীয়তা কমানো এবং স্থানীয় কর্মীদের সর্বাধিক ব্যবহারে গৃহীত পরিকল্পনাও উপস্থাপন করতে হবে। প্রস্তাবিত পেশার তালিকায় ইঞ্জিনিয়ারিং টেকনিশিয়ান, ওয়েল্ডার, ফটোগ্রাফার, অনুবাদক এবং লজিস্টিক ম্যানেজারও অন্তর্ভুক্ত রয়েছে।

কমিটির সুপারিশ অনুযায়ী, যোগ্য অভিবাসী কর্মীদের তিন থেকে পাঁচ বছরের ভিসা দেওয়া যেতে পারে। তবে সরকার নীতি পরিবর্তন না করলে তাদের স্থায়ীভাবে বসবাসের অনুমতি না দেওয়ার কথাও বলা হয়েছে।

আবেদনকারীদের ইংরেজি ভাষায় ন্যূনতম দক্ষতার প্রয়োজনীয়তা পূরণ এবং নিয়োগকর্তাদের স্থানীয় কর্মীদের প্রশিক্ষণ এবং নিয়োগের পরিকল্পনা জমা দিতে হবে। ২০২৬ সালের জুলাই মাসে পর্যালোচনার দ্বিতীয় ধাপে এই পেশার তালিকা চূড়ান্ত করা হবে।

কানাডা এবং অস্ট্রেলিয়ায় একই ধরনের পরিকল্পনা বিদ্যমান রয়েছে। এসব দেশে স্বাস্থ্যসেবা, প্রকৌশল এবং দক্ষ বাণিজ্যে শ্রমঘাটতি পূরণের জন্য ভিসা প্রকল্প কার্যকর রয়েছে। এদিকে, দুই দিনের ভারত সফরে স্টারমার ভারত সরকারের সঙ্গে ভিসা চুক্তির সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, এর আগে এই ইস্যুর কারণে দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনা বাধাগ্রস্ত হয়েছিল।

যুক্তরাষ্ট্রে ১৭ বছর বয়সে পাইলট সিলেটের আহনাফ

মাত্র ১৭ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের বেসরকারি পাইলট সার্টিফিকেট অর্জন করেছে সিলেটের সন্তান আহনাফ আবিদ মাহির।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) থেকে গত ৩০ আগস্ট এই সনদ অর্জন করে সে। এর মাধ্যমে আহনাফ এখন থেকে অ–বাণিজ্যিক একক ইঞ্জিন বিমান চালানোর অনুমতি পেয়েছে।

অর্জনের পর নিজের অনুভূতি জানাতে গিয়ে আহনাফ বলেন, ‘যেই মুহূর্তে আমি বিশ্বের আকাশে উড়োজাহাজ ওড়ানোর বেসরকারি পাইলট সনদ পেলাম, তখন আমি একদিকে নার্ভাস ছিলাম, অন্যদিকে মন খুশিতে ভেসে যাচ্ছিল। সবচেয়ে বেশি মনে হচ্ছিল, আমি শুধু আমার নিজের নয়, বাবা-মায়েরও স্বপ্ন পূরণ করেছি।’

প্রায় এক যুগ আগে আহনাফের বাবা-মা যুক্তরাষ্ট্রে যান। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল আকাশে উড়ার। মাত্র দশ বছর বয়সে, লস অ্যাঞ্জেলসের একটি স্কুলের অনুষ্ঠানে উড়োজাহাজ নিয়ে বক্তৃতা দেয় সে। সেখান থেকেই শুরু হয় আকাশ ছোঁয়ার যাত্রা।

১৪ বছর বয়সে স্থানীয় এভিয়েশন ক্যাডেট প্রোগ্রামে ভর্তি হয়ে বিমানবিজ্ঞান, নেভিগেশন, ককপিট নিয়ন্ত্রণ ও নিরাপত্তা বিষয়ে প্রাথমিক প্রশিক্ষণ নেয়।

১৫ বছর বয়সে শুরু করে আনুষ্ঠানিক ফ্লাইট ট্রেনিং, আর ১৬তম জন্মদিনে প্রথমবার একা আকাশে উড়ে যায়-যা ছিল তার জীবনের এক গুরুত্বপূর্ণ মাইলফলক।

আহনাফের স্কুলজীবন শুরু হয় লস অ্যাঞ্জেলসের আর্ভিন স্টিম ম্যাগনেট স্কুলে, যেখানে বিজ্ঞান, রোবোটিকস ও প্রযুক্তিতে দক্ষতা অর্জন করে। পরে ভর্তি হয় ডাউনটাউন বিজনেস ম্যাগনেটে। পড়াশোনার চাপের মধ্যেও নিয়মিত ফ্লাইট ট্রেনিং চালিয়ে যায় সে।

স্কুল ও প্রশিক্ষণের ভারসাম্য রাখতে গিয়ে সপ্তাহে একবার বা মাসে একবারই উড়ার সুযোগ হতো। গ্রীষ্মকালীন ছুটিতে নিয়মিত ফ্লাইটের মাধ্যমে প্রস্তুতি নেয় প্রথম ক্রস–কান্ট্রি ফ্লাইটের, যা সফলভাবে সম্পন্ন করে প্রায় ১০২ মাইল দূরের সান্তা ইনেজ পর্যন্ত।

উড্ডয়ন প্রশিক্ষণের পাশাপাশি প্রতি সপ্তাহে অন্তত ১০ ঘণ্টা করে গ্রাউন্ড স্কুলে অধ্যয়ন করত আহনাফ। বিমানবিজ্ঞান, আবহাওয়া, নেভিগেশন ও নিরাপত্তা বিষয়ে গভীরভাবে পড়াশোনা করে।

গত মার্চে এফএএ-এর লিখিত পরীক্ষায় প্রথমবার ৮০ শতাংশ নম্বর পেয়ে সন্তুষ্ট হয়নি; দ্বিতীয়বার আরও কঠোর পরিশ্রম করে ৯০ শতাংশ স্কোর করে। অবশেষে আগস্টে চূড়ান্ত চেকরাইডে উত্তীর্ণ হয়ে বেসরকারি পাইলট সনদ অর্জন করে।

আহনাফের এই অর্জন যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আনন্দের জোয়ার এনেছে।

অনেকেই বলছেন, মাত্র ১৭ বছর বয়সে আহনাফের সাফল্য তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার প্রতীক।

পাঁচ ঘণ্টার পথ পাড়ি দিতে লাগছে পুরো এক দিন: ঢাকা-সিলেট মহাসড়কে নরকযাত্রা

একসময় মাত্র চার থেকে সাড়ে চার ঘণ্টায় ঢাকা থেকে যে সিলেট পৌঁছানো যেত এখন সেই সময়ের স্মৃতি যেন অতীত গল্প। বর্তমানে একই দূরত্ব পাড়ি দিতে লাগছে ২৫ ঘণ্টা পর্যন্ত অর্থাৎ প্রায় একদিনেরও বেশি। আর যদিও ১২ থেকে ১৪ ঘণ্টায় পৌঁছানো সম্ভব হয় তাহলে সেটি এখন “সৌভাগ্যের ভ্রমণ” হিসেবে বিবেচিত হচ্ছে।

সিলেটের সঙ্গে দেশের বাকি অংশের যোগাযোগব্যবস্থা এখন বিপর্যস্ত। ঢাকা-সিলেট মহাসড়কের সম্প্রসারণ কাজ বছরের পর বছর ধরে ধীর গতিতে চলছে, ফলে প্রতিদিন সৃষ্টি হচ্ছে ভয়াবহ যানজট। ঘণ্টার পর ঘণ্টা গাড়ি দাঁড়িয়ে থাকে সড়কে। তীব্র এই দুর্ভোগে ক্ষুব্ধ সিলেটবাসী আজ (রবিবার) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টার সিলেট বন্ধ কর্মসূচি পালন করেছে। আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। পাশাপাশি আগামীকাল সোমবার ঢাকা-সিলেট মহাসড়কের সূচনাস্থলে গণঅবস্থান ও মানববন্ধন কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।

ট্রেনের টিকিট নেই, বিমানের ভাড়া পাঁচ গুণ

রেলপথেও দুর্ভোগ কম নয়। অধিকাংশ যাত্রী ট্রেনের টিকিট পাচ্ছেন না। অন্যদিকে বিমানের ভাড়া বেড়ে গেছে আগের তুলনায় প্রায় পাঁচ গুণ। আগে যেখানে ২ হাজার ৯০০ থেকে ৩ হাজার ২০০ টাকায় টিকিট পাওয়া যেত, এখন তা দাঁড়িয়েছে ১৫ হাজার থেকে সাড়ে ১৫ হাজার টাকায়। বলছিলেন সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এহছানুল হক তাহের।

“২৫ ঘণ্টার নরকযাত্রা”

সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার কাপড় ব্যবসায়ী সাইদুল ইসলাম সম্প্রতি ঢাকার পঙ্গু হাসপাতালে পায়ে অস্ত্রোপচার শেষে বাড়ি ফিরেছিলেন। পরে আবার জটিলতা দেখা দেওয়ায় তাঁকে ঢাকায় ফিরতে হয়। ট্রেনের টিকিট না পেয়ে বিমানের দামের কথা শুনে অবাক হয়ে যান। প্রতিটি টিকিট ১৫ হাজার টাকা! শেষমেশ তিনি ৭ অক্টোবর রাত ১২টা ১৫ মিনিটে লন্ডন এক্সপ্রেসে রওনা দেন।

তিনি জানান, “ভোর ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের তিস্তা ব্রিজ এলাকায় জ্যামে পড়ি। সকাল ১০টা পর্যন্ত মাত্র কয়েক হাত এগিয়েছি। শাহবাজপুর সেতু পার হতে দুপুর দেড়টা, সরাইল বিশ্বরোড পৌঁছাতে রাত ৮টা, এরপর আশুগঞ্জ হয়ে ঢাকায় পৌঁছাই রাত সাড়ে ১২টায়। পুরো যাত্রায় লেগেছে ২৪ ঘণ্টারও বেশি।”

অভিযোগ করে তিনি বলেন, “মিরপুরের হাসপাতালে চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট ছিল, কিন্তু সময়মতো পৌঁছাতে না পারায় দেখা করতে পারিনি। স্লিপার বাসে উঠেছিলাম আরাম পেতে, কিন্তু সাড়ে ২৪ ঘণ্টার বসে থাকার পর পা ফুলে গেছে।”

“৯৮ সালের বন্যার পর এমন কষ্ট পাইনি”

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়েকে পৌঁছে দিতে ৬ অক্টোবর রাত ১১টায় গ্রিনলাইন পরিবহনের বাসে রওনা দিয়েছিলেন সিলেটের সংস্কৃতি সংগঠক হুমায়ুন কবির জুয়েল। তিনি বলেন, “রাত ১১টায় রওনা দিয়ে পরদিন রাত ১১টায় ঢাকায় পৌঁছাই। ১৯৯৮ সালের বন্যার সময় শেষবার ২৪ ঘণ্টায় পৌঁছাতে হয়েছিল। এবার ২৭ বছর পর আবার সেই একই অভিজ্ঞতা।”

এমন অচলাবস্থার প্রতিবাদে গত বৃহস্পতিবার রাতে আরিফুল হক চৌধুরীর বাসায় বৈঠক করেন সিলেটের শিক্ষক, পরিবহন ও ব্যবসায়ী নেতা, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা। তারা দাবি জানান, ঢাকা-সিলেট মহাসড়কের কাজ দ্রুত শেষ করা, সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে নতুন ট্রেন ও বগি চালু করা, এবং বিমানভাড়া যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার।

আরিফুল হক চৌধুরী জানিয়েছিলেন, “আজ রবিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রতীকী ধর্মঘট চলবে। এ সময় নগরের সব দোকান ও বিপণিবিতান বন্ধ থাকবে, যানবাহন চলাচলও বন্ধ থাকবে। নগরের কোর্ট পয়েন্টে এক ঘণ্টার অবস্থান কর্মসূচি শেষে ১৫ দিনের আলটিমেটাম দেওয়া হবে। এরপরও সমাধান না এলে কঠোর আন্দোলন ঘোষণা করা হবে।”

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পাচ্ছেন সিলেটের তোফায়েল

মাত্র ১৫ বছর বয়সেই বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করছেন সিলেটের বালাগঞ্জের কিশোর তোফায়েল আহমেদ। বিজ্ঞান, শিক্ষা, পরিবেশ ও ডিজিটাল নিরাপত্তায় অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি মনোনীত হয়েছেন ২০২৫ সালের আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য। নেদারল্যান্ডস ভিত্তিক সংগঠন ‘কিডস রাইটস ফাউন্ডেশন’ এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি দিয়ে থাকে। যার মনোনয়নের তালিকায় এবার জায়গা পেয়েছেন বাংলাদেশি এই কিশোর অধিকারকর্মী।

বালাগঞ্জ সরকারি দ্বারকানাথ উচ্চ বিদ্যালয়ের ছাত্র তোফায়েল আহমেদ দীর্ঘদিন ধরে শিশুদের অধিকার, জলবায়ু ন্যায্যতা ও প্রযুক্তিশিক্ষা বিস্তারে কাজ করে যাচ্ছেন। তিনি নিজ এলাকায় বিজ্ঞানচর্চা বাড়াতে প্রতিষ্ঠা করেছেন বিজ্ঞান ক্লাব, যার মাধ্যমে সহপাঠীদের STEM (Science, Technology, Engineering and Mathematics) শিক্ষায় আগ্রহী করে তুলেছেন।

শিশুদের ডিজিটাল নিরাপত্তা, বাল্যবিবাহ প্রতিরোধ ও শিক্ষায় সমান সুযোগ নিয়ে সচেতনতামূলক কাজের পাশাপাশি, তোফায়েল নারীদের বিজ্ঞানচর্চায় অংশগ্রহণেও অনুপ্রাণিত করেছেন।

তোফায়েলের লেখা দুটি বই ‘এ ম্যানুয়াল টু মডার্ন ফিজিক্স’ এবং ‘এ জার্নি টু দ্য সেন্টার অব দ্য ডিএনএ’ তরুণদের জটিল বৈজ্ঞানিক বিষয় সহজভাবে বোঝাতে সাহায্য করছে। তার মেন্টরিং ও কর্মশালার মাধ্যমে ইতিমধ্যে এক হাজারেরও বেশি শিক্ষার্থী জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রস্তুতি নিয়েছে।

তোফায়েলের কাজ শুধু শিক্ষা ও বিজ্ঞানের মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি জলবায়ু ন্যায়বিচার ও পরিবেশ সংরক্ষণের জন্য উদ্ভাবনী প্রকল্পে কাজ করছেন, যার মধ্যে রয়েছে সৌরশক্তিচালিত ইকো-হাব ভেহিকল, কার্বন ডাই অক্সাইড থেকে বায়োডিগ্রেডেবল প্লাস্টিক তৈরির পদ্ধতি এবং স্বল্প-সম্পদ অঞ্চলের জন্য পোর্টেবল পানি পরিশোধন ব্যবস্থা। এছাড়া, তিনি ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে কাজ করছেন, যাতে শিশুরা নিরাপদ ডিজিটাল পরিবেশে বেড়ে উঠতে পারে। তার নেতৃত্বে এক হাজারেরও বেশি শিক্ষার্থী তার কর্মশালা ও মেন্টরিং প্রোগ্রামে অংশ নিয়েছে, যার মাধ্যমে তারা জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রস্তুত হয়েছে।

শিক্ষা ছাড়াও পরিবেশ রক্ষা ও উদ্ভাবনী প্রকল্পেও রয়েছে তোফায়েলের সক্রিয় ভূমিকা। সৌরচালিত ইকো-হাব ভেহিকল, CO₂ থেকে বায়োডিগ্রেডেবল প্লাস্টিক তৈরির প্রযুক্তি এবং পোর্টেবল পানি বিশুদ্ধকরণ যন্ত্র তার কাজের কয়েকটি দৃষ্টান্ত।

তার অসাধারণ নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ তোফায়েল ইতিমধ্যে WISPO ও IYRIC-এ ফাইনালিস্ট হয়েছেন এবং ২০২৪ সালের NASA Space Apps Challenge-এ গ্লোবাল নমিনি হিসেবে অংশ নিয়েছেন।

সিলেট-লন্ডন রুটের চলন্ত বিমানে ঘুষি মেরে মনিটর ভেঙে ১১ লাখ টাকা জরিমানা দিলেন লন্ডন প্রবাসী

সিলেট-লন্ডন রুটের বিমান (বিজি২০১) ফ্লাইটের এক যাত্রী ঘুষি মেরে বিমানের একটি মনিটর ভেঙে দিয়েছেন। এ ঘটনায় ওই যাত্রীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১১ লাখ ১০ হাজার ৬১৭ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) লন্ডন থেকে ছেড়ে আসা বিমানের একটি ফ্লাইট (বিজি-২০১) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সকালে অবতরণ করে। অবতরণের পর বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ অভিযুক্ত যাত্রীকে আটক করে। তার নাম মো. শওকত আলী।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ম‍্যানেজার হাফিজ আহমদ জানান, (বিজি ২০১) ওই ফ্লাইটের ২৭-সি নং সিটের মনিটর ঘুষি মেরে ভেঙে ফেলেন যাত্রী শওকত। ভাঙা মনিটরটির দাম ১১ লাখ টাকা। আটক যাত্রী মো.শওকত আলী বর্তমানে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এমদাদুল হক মিলনের হেফাজতে রয়েছেন।

বাংলাদেশ বিমান সিলেটের দায়িত্বরত অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার একে এম আলমগীর সময় সংবাদকে জানান, লন্ডন থেকে ছেড়ে আসা বিমানের (বিজি ২০১) ফ্লাইটটি উড্ডয়ন করার পর মাঝপথে ওই যাত্রী মনিটরে ঘুষি মারেন। এতে সেটি (মনিটর) ফেটে যায়। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৯টা ৪০ মিনিটে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করে। এ সময় বিমানে থাকা যাত্রী এবং কেবিন ক্রুদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই যাত্রীকে এয়ারপোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট এমদাদুল হক মিলনের কাছে হস্তান্তর করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে ১১ লাখ ১০ হাজার ৬১৭ টাকা জরিমানা করেন তিনি।

জরিমানা করার পর অভিযুক্ত মো. শওকত আলী নগদ ৬ লাখ টাকা নগদ পরিশোধ করেন। আর বাকি ৫ লাখ ১০ হাজার ৬১৭ টাকা একাউন্ট পে চেক কর্তৃপক্ষকে হস্তান্তর করেন বলেও জানান অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার একে এম আলমগীর।

সিলেট ওসমানীসহ দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি

যুক্তরাজ্যের হিথ্রো, বেলজিয়ামের ব্রাসেলস ও জার্মানির বার্লিন বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় সাম্প্রতিক সাইবার হামলার পর সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দরসহ বাংলাদেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এই পদক্ষেপের অংশ হিসেবে সংস্থাটি দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারিসহ ১০টি বিশেষ নির্দেশনা পাঠিয়েছে।

বৃহস্পতিবার বেবিচকের একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। বেবিচকের সদস্য (পরিকল্পনা ও পরিচালনা) এয়ার কমোডর আবু সাঈদ মেহবুব খানের সই করা নির্দেশনাপত্রটি দেশের সব বিমানবন্দরের প্রধান এবং বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

ওই নির্দেশনায়, বাংলাদেশের বিমান পরিবহন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে শক্তিশালী ও জটিল পাসওয়ার্ড ব্যবহার করা, সন্দেহজনক ই-মেইল বা অজানা কোনো লিংকে ক্লিক করা থেকে বিরত থাকা, অপারেটিং সিস্টেম, সফটওয়্যার ও অ্যান্টিভাইরাস নিয়মিত হালনাগাদ (আপডেট) রাখা, কোনো ধরনের পাইরেটেড সফটওয়্যার ব্যবহার না করা, দাপ্তরিক ডিভাইসে ব্যক্তিগত অ্যাপ ইনস্টল থেকে বিরত থাকা এবং মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন (MFA) পদ্ধতি চালু করা। এ ছাড়া যেকোনো ধরনের সাইবার নিরাপত্তা ঝুঁকি বা ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে বেবিচকের সিএএবি সার্ট (CAAB-CERT) টিম, আইটি বিভাগ এবং জাতীয় সাইবার ইন্সিডেন্ট রেসপন্স টিমকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বেবিচক সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর বেবিচকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে সাইবার হামলার ঝুঁকি ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে উল্লেখ করা হয়, সম্প্রতি লন্ডনের কয়েকটি বিমানবন্দরে সাইবার হামলার কারণে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশেও আগাম সতর্কতা হিসেবে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৈঠকে আরো জানানো হয়, সম্প্রতি বেবিচকের ওয়েবসাইটেও একটি সাইবার হামলার ঘটনা ঘটেছিল। এরপর জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি জরুরি ভিত্তিতে বেবিচকের সাইবার নিরাপত্তা ঝুঁকি মূল্যায়নের পরামর্শ দেয়।

এর আলোকে, সাইবার নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার জন্য দ্রুত একটি অভিজ্ঞ প্রতিষ্ঠান নিয়োগের বিষয়টিও বিবেচনাধীন রয়েছে।

সিলেট বিমানবন্দরের রানওয়েতে কীভাবে ঢুকলেন মারা যাওয়া যু্বক?

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে এলাকায় বুধবার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক মারা গেছেন। চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান বলে ধারণা সংশ্লিস্টদের।

তবে আন্তর্জাতিক বিমানবন্দরের মতো একটি সংরক্ষিত এলাকায় ওই যুবক কীভাবে প্রবেশ করলেন এনিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। প্রশ্ন ওঠেছে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, নিরাপত্তায় কোন ঘাটতি ছিলো না।

বুধবার (৮ অক্টোবর) রাত আনুমানিক ১০টার দিকে বিমানবন্দরের রানওয়ে-১১ এলাকা থেকে সুমন আহমদ নামে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি এয়ারপোর্ট থানাধীন লালবাগ এলাকার বাচ্চু মিয়ার ছেলে।

পুলিশ জানিয়েছে, রাত ১০টার দিকে বিমানবন্দর কর্তৃপক্ষ রানওয়ের পশ্চিম পাশে বিদ্যুতের তারের সঙ্গে কোনো কিছু সংস্পর্শে আসার সংকেত পান। তখন সিসি ক্যামেরায়ও স্পষ্টভাবে কিছু দেখা যাচ্ছিল না। কিছুক্ষণ পর ওই স্থান থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। পরে বিমানবন্দর কর্তৃপক্ষের লোকজন ঘটনাস্থলে গিয়ে এক যুবককে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় পড়ে থাকতে দেখেন।

তবে কী কারণে তিনি সেখানে গিয়েছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি। তবে বিমানন্দর কর্মকর্তাদের অভিযোগ, বিদ্যুতের তার চুরি করতে গিয়ে মারা যান সুমন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। রাতেই লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন,
খবর পেয়ে আমাদের পুলিশ টিম রাত ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশ ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, বৈদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ওই যুবকের মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ সিলেটটুডেকে বলেন, আমাদের ধারণা তিনি চুরির উদ্দেশ্যেই রানওয়েতে প্রবেশ করেছিলেন। চুরির কিছু আলামতও মিলেছে। পুলিশ কাটার মেশিন উদ্ধার করেছে।

ওই যুবক কীভাবে রানওয়েতে প্রবেশ করলেন এ প্রশ্নে তিনি বলেন, ওই সময়ে আমরা ফ্লাইট অপারেশনে ছিলাম। আমাদের রানওয়ের চারপাশে সীমানা দেওয়াল আছে। আমরা সারারাত টহলও দেই। বিমানবন্দরের নিরাপত্তায় কোন ঘাটতি নেই। ওই যুবক রানওয়েতে ঢুকতে পারেননি। রানওয়ের পাশেই ছিলেন। তবে সেখানে কীভাবে তিনি ঢুকে পড়লেন তা বুঝা যাচ্ছে না।

কেউ যদিও চুরির জন্য বেপোরোয়া হয়ে যায় তাকে ঠেকাবেন কীভাবে, যোগ করেন হাফিজ আহমদ।

সিলেটে ট্রেন উদ্ধার শেষে ফেরার পথে প্রাণ গেল প্রকৌশলীর

সিলেটের মোগলাবাজারে ট্রেন দুর্ঘটনার উদ্ধারকাজ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে সেকশনের উপসহকারী প্রকৌশলী (পথ) মোজাম্মেল হক।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে বিষয়টি এই প্রতিবেদককে নিশ্চিত করেন কুলাউড়া রেলওয়ে স্টেশনমাস্টার মো. রোমান আহমদ।

তিনি জানান, মঙ্গলবার সকালে সিলেটের মোগলাবাজার এলাকায় উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। রেলপথ উদ্ধার ও চলাচল স্বাভাবিক করতে কুলাউড়া থেকে প্রকৌশলী মোজাম্মেল হক ঘটনাস্থলে যান। কাজ শেষে মোটরসাইকেলযোগে ফেরার পথে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়ন এলাকায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তিনি মারা যান। এদিকে দুর্ঘটনার বিষয়টি কুলাউড়া থানা ও রেলওয়ে থানা অবগত নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।