Tuesday, April 7, 2026
Home Blog Page 37

‘যে ক্যাম্পাসের ওয়াশরুমে নামাজ পড়েছি সেই ক্যাম্পাসে আজ আল্লাহু আকবার ধ্বনি’

ডাকসু নির্বাচনে অভাবনীয় সাফল্যের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনেও জয় পেয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শনিবার রাতে ঘোষিত ফলাফলে দেখা যায়, ২৫ পদের মধ্যে ২০টিতেই জয়ী হয়েছেন সংগঠনটির প্রার্থীরা।

এর আগে ডাকসু নির্বাচনে ২৮ পদের মধ্যে ২৩টিতে জয় পেয়েছিল ঢাবি শিবির।

ফলাফল ঘোষণার পরই ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে জাবি ক্যাম্পাস। সেইসঙ্গে রাতে জাবির কেন্দ্রীয় মসজিদে শুকরানা নামাজ আদায় করেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

এ সময় তারা ডাকসু নির্বাচনে এক সাংবাদিকের মৃত্যু এবং জাকসুতে পোলিং এজেন্টের দায়িত্ব পালনকালে এক শিক্ষিকার মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

এর আগে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে শিবির জানায়, যে ক্যাম্পাসে ছাত্রশিবির পরিচয় দেওয়া একসময় হত্যাযোগ্য ছিল, সেই ক্যাম্পাসেই আজকের এই বিজয় মহান রবের একান্ত অনুগ্রহ। আমরা সারাদেশে কোথাও কোনো আনন্দ মিছিল করবো না, শুধু মহান রবের নিকট সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করবো।

এদিকে জাবি ক্যাম্পাস ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে মুখরিত হওয়া নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থী ও বর্তমান ফরিদপুর জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোসাদ্দেক আহমেদ বশির।

এক আবেগঘন বার্তায় তিনি লেখেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আল্লাহু আকবর ধ্বনি! আলহামদুলিল্লাহ, মনটা ভরে গেল। দু-চোখ বেয়ে অশ্রু, আল্লাহু আকবর। এই ক্যাম্পাসে কত ওয়াশরুমে দাঁড়িয়ে নামাজ পড়েছি। সেই ক্যাম্পাসে তোমরা আল্লাহু আকবর ধ্বনি দিতে পেরেছো। জাজাকাল্লাহ খইরান’।

সিলেট থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো আরও ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস

সিলেট গ্যাস ফিল্ড থেকে জাতীয় গ্রিডে প্রতিদিন যুক্ত হচ্ছে আরও ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস। সিলেট গ্যাস ফিল্ডের আওতাধিন রশিদপুর গ্যাস ফিল্ডের ৩ নম্বর পুরোনো কূপ থেকে নতুন করে দৈনিক ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে রশিদপুরে সম্প্রতি পাওয়া গ্যাসফিল্ড থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়। এর আগে থেকেই সিলেটের ১৪টি কূপ থেকে প্রতিদিন প্রায় ১০৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

সম্প্রতি হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুরের ৩ নম্বর কুপ সংস্কার করে নতুন করে গ্যাসের সন্ধান পাওয়া যায়।

এনিয়ে গত দুই বছরে সিলেটের ছয়টি কূপে গ্যাসের সন্ধান মিলেছে। দেশে গ্যাস সংকটের এই সময়ে যাকে বিশেষ সম্ভাবনা হিসেবে দেখছেন সংশ্লিস্টরা।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্স প্রায় ৭৩ কোটি টাকা ব্যয়ে দুই মাস আগে কূপটিতে ওয়ার্কওভার কার্যক্রম শুরু করে। সফলভাবে কাজ সম্পন্ন হওয়ার পর এখন থেকে এ কূপ থেকে দীর্ঘ ১০ বছর গ্যাস উত্তোলন সম্ভব হবে বলে আশা করছে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড।

সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) প্রকৌশলী মো. আব্দুল জলিল প্রামানিক জানান, কূপটিতে প্রায় ২৫ বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ রয়েছে। আগামী ১০ বছর এই কূপ থেকে গ্যাস উত্তোলন সম্ভব হবে। বর্তমানে প্রতি ঘনমিটার এলএনজির দাম ৬৫ টাকা হিসাবে উত্তোলিত গ্যাসের আর্থিক মূল্য দাঁড়াবে প্রায় ৪ হাজার ৭০০ কোটি টাকা।

এদিকে বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফজলুল হক জানান, ‘কূপটিতে গ্যাসের চাপ ভালো রয়েছে। ভবিষ্যতেও উৎপাদন বাড়াতে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে। বাপেক্সের কার্যক্রম আরও জোরদার করতে নতুন জনবল নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমানে রশিদপুর গ্যাস ফিল্ডের ১১টি কূপের মধ্যে সাতটি থেকে প্রতিদিন গড়ে ৬২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।’

এরআগে গত বছরের ২২ অক্টোবর সিলেট গ্যাস ফিল্ডের ৭নং কূপে খননকাজ শেষে গ্যাসের সন্ধান পাওয়া যায়। হরিপুরে ৭ নং কূপ থেকে দৈনিক ৭ থেকে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস পরীক্ষামূলকভাবে উত্তোলন হচ্ছে। কূপের ১ হাজার ২০০ মিটার গভীরতায় এ গ্যাস পাওয়া গেছে।

এর আগে ওই বছরের ২৪ মে খননকাজ শেষে সিলেটের কৈলাশটিলা গ্যাস ক্ষেত্রের ৮নং কূপে দৈনিক ২১ মিলিয়ন ঘনফুট গ্যাসের সন্ধান পাওয়ার যায়। কূপের ৩ হাজার ৪৪০ থেকে ৫৫ হাজার ফুট গভীরতায় গ্যাস পাওয়া যায়।

এসজিএফল সূত্রে জানা যায়, প্রাকৃতিক সম্পদের সমৃদ্ধ আধার হিসেবে পরিচিত সিলেটে গত বছর থেকেই কূপ অনুসন্ধান ও খননের কাজ চলমান রেখেছে সিলেট গ্যাসফিল্ড কর্তৃপক্ষ।

জানা যায়, সিলেট গ্যাসফিল্ড লিমিটেযের আওতাধিন কূপগুলোতে চলমান আরও কয়েকটি প্রকল্পের কাজ দ্রুত শেষ হবে। খনন চলমান থাকা অন্য সকল ক’পে আশানুরূপ গ্যাস পাওয়া গেলে শুধুমাত্র এই কোম্পানি থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে ২৫০ মিলিয়ন গ্যাস যুক্ত করা সম্ভব বলছেন সংশ্লিষ্টরা।

এরআগে গতবছরের ২৭ জানুয়ারি সিলেট গ্যাসফিল্ডের আওতাধীন রশিদপুরের ২ নং কূপে গ্যাসের নতুন স্তরের সন্ধান মেলে। যার পরিমাণ প্রায় ১৫৭ বিলিয়ন ঘনফুট।

তারও আগে ২০২৩ সালের ২৬ নভেম্বর দেশের সবচেয়ে পুরানো গ্যাসক্ষেত্র হরিপুরের ১০ নম্বর কূপে গ্যাসের সন্ধান মেলে। খনন কাজ শেষে ওইদিন গ্যাস প্রাপ্তির তথ্য নিশ্চিত করে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)।
আর ওই বছরের ২২ নভেম্বর সিলেটের কৈলাশটিলায় পরিত্যক্ত ২ নং কুপ থেকে গ্যাস জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়। এখান থেকে দৈনিক ৭০ লাখ ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে।

সিলেটের হরিপুরে প্রথম গ্যাসের সন্ধান পাওয়া যায় ১৯৫৫ সালে। এরপর আবিষ্কার হতে থাকে একের পর এক গ্যাসক্ষেত্র। বর্তমানে এসজিএফএল-এর আওতায় পাঁচটি গ্যাসক্ষেত্র রয়েছে। সেগুলো হলো- হরিপুর গ্যাসফিল্ড, রশীদপুর গ্যাসফিল্ড, ছাতক গ্যাসফিল্ড, কৈলাশটিলা গ্যাসফিল্ড ও বিয়ানীবাজার গ্যাসফিল্ড। এর মধ্যে ছাতক গ্যাসফিল্ড পরিত্যক্ত অবস্থায় আছে। বাকিগুলোর মধ্যে ১৪টি কূপ থেকে বর্তমানে প্রতিদিন প্রায় ১০৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হচ্ছে।

২০২২ সালে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের (এসজিএফএল) আওতাধীন সিলেট-৮, কৈলাশটিলা-৭ ও বিয়ানীবাজার-১ নামে তিনটি পরিত্যক্ত কূপ পুনঃখনন করা হয়। এসব কূপ থেকে দৈনিক ১৬ থেকে ১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করা হচ্ছে।

সিলেটে নৌকা বাইচে প্রতিযোগিতার সময় ডুবে নিখোঁজ, ২৪ ঘণ্টায় সন্ধান মেলেনি

সিলেটের জকিগঞ্জে নৌকা বাইচ প্রতিযোগিতার সময় সুরমা নদীতে নৌকা ডুবে নিখোঁজ হওয়া হাসিম আলী (৫০) এখনও উদ্ধার হননি। ঘটনার একদিন পার হলেও তার কোনো খোঁজ মেলেনি বলে জানিয়েছে পরিবার ও স্থানীয় প্রশাসন।

রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নের মরিচা এলাকার সুরমা নদীতে আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ হাসিম আলী জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের বালিটেকা গ্রামের মৃত রজিব আলীর ছেলে। তিনি একজন কৃষক এবং এক ছেলে ও চার মেয়ের জনক।

স্থানীয়রা জানান, নৌকা বাইচে দুই নৌকার প্রতিযোগিতায় ইঞ্জিন নৌকার ঢেউয়ে রবিবার সন্ধ্যায় নৌকা ডুবে নিখোঁজ হন হাসিম আলী। নদীতে ডুবে যাওয়া নৌকায় থাকা সকল লোকজন তাৎক্ষণিক সাঁতরে ওঠতে সক্ষম হলেও হাসিম আলী পানিতে তলিয়ে যান। এরপর স্থানীয়রা উদ্ধার অভিযান করেও তাকে পাননি। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে জকিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তাকে উদ্ধারে চেষ্টা চালিয়ে ব্যার্থ হয়ে চলে গেছে। এ সংবাদ লেখা পর্যন্ত সোমবার বিকাল ৫টা পর্যন্ত ২৪ ঘন্টার মাথায়ও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

স্থানীয়দের অভিযোগ, পানিপূর্ণ নদীতে প্রশাসনের অনুমতি ও তদারকি ছাড়া নৌকা বাইচ আয়োজন অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত ছিল। অতীতেও একই স্থানে নৌকা বাইচে প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানান তারা। তারা বলেন, ইঞ্জিনচালিত নৌকার অবাধ চলাচল এবং বিশৃঙ্খল ব্যবস্থাপনাই এই দুর্ঘটনার জন্য দায়ী।

নৌকা বাইচ পরিচালনা কমিটির সভাপতি ও বিএনপি নেতা জামাল উদ্দিন বলেন, ‘দুর্ঘটনাটি আমাদের নির্ধারিত বাইচ এলাকার বাইরে ঘটেছে। আমরা সঙ্গে সঙ্গেই খোঁজাখুঁজি করেছিলাম, কিন্তু তাকে পাওয়া যায়নি।’

বারহাল ইউনিয়ন পরিষদের সদস্য ঈমান উদ্দিন জানান, ‘নিখোঁজ হাসিম আলীর পরিবার চরম উদ্বেগ ও শোকের মধ্যে সময় পার করছে। এলাকাবাসীর একটাই দাবি—তাকে দ্রুত খুঁজে বের করা হোক।’

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘প্রতিযোগিতার ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে কোনোভাবে অবগত করা হয়নি। একজন ব্যক্তি নিখোঁজ হওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক।’

জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুর রহমান বলেন, ‘এই প্রতিযোগিতা আয়োজনের ব্যাপারে কেউ আমাদের কাছ থেকে অনুমতি নেয়নি। পরে বিষয়টি জানার পর আমরা উদ্ধারকাজে সহায়তা করছি। সোমবার সন্ধ্যা পর্যন্ত অভিযান অব্যাহত থাকলেও হাসিম আলীর কোনো খোঁজ মেলেনি।’

ভারতে ভারী বর্ষন, সিলেটের নিম্নাঞ্চল ডুবতে পারে

গত কয়েকদিন ধরে দেশে ও উজানে ভারতের রাজ্যগুলোতে অতিভারী বৃষ্টিতে বন্যাপ্রবণ নদ-নদীর পানি বাড়ছে। এতে করে প্লাবিত হতে পারে সিলেটসহ ৯ অঞ্চলের নিম্নাঞ্চল। রবিবার এমন পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

পাউবো জানিয়েছে, সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম ও রংপুর বিভাগে এবং উজানে ভারতের ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও আসাম প্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। আগামী ৭২ ঘণ্টা দেশের রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে এবং তৎসংলগ্ন উজানে ভারতের মেঘালয়, আসাম, পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার ও ত্রিপুরা প্রদেশে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সুরমা, কুশিয়ারা ও সারিগোয়াইন নদীসমূহের পানির সমতল আগামী তিন দিন বাড়তে পারে এবং সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এ সময় সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার উক্ত নদীসংলগ্ন নিম্নাঞ্চলসমূহ সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানির সমতল আগামী তিন দিন বাড়তে পারে। এ সময় তিস্তা ও দুধকুমার নদীসমূহ বিপদসীমা অতিক্রম করতে পারে এবং লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলসমূহ প্লাবিত হতে পারে।

চট্টগ্রাম বিভাগের হালদা, সাঙ্গু, মাতামুহুরী, মুহুরী ও ফেনী নদীসমূহের পানির সমতল আগামী তিন দিন বাড়তে পারে। এ সময় মুহুরী, সিলোনিয়া, ফেনী ও হালদা নদীসমূহ সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং ফেনী ও চট্টগ্রাম জেলার উক্ত নদীসংলগ্ন নিম্নাঞ্চলসমূহ প্লাবিত হতে পারে সাময়িকভাবে।

সিলেটে সাদা পাথর লুটকাণ্ডে বিএনপি নেতা সাহাব উদ্দিন গ্রেফতার

সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথরে নজিরবিহীন লুটের ঘটনায় প্রথম থেকে আলোচনায় ছিলেন বিএনপি নেতা সাহাব উদ্দিন। সমালোচনার মুখে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির এই সভাপতির পদ স্থগিত করে বিএনপি। তবে এতোদিন অধরাই ছিলেন সাদা পাথর লুটের মূল হোতা হিসেবে পরিচিত সাহাব উদ্দিন।

অবশেষে শনিবার রাতে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

র‌্যাব-৯ এর পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, এর একটি বিশেষ দল শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টা ১৫ মিনিটে সিলেট নগরের কুমারপাড়া এলাকায় অভিযান চালায়। দীর্ঘদিন ধরে পলাতক থাকা সাহাব উদ্দিন ওই এলাকায় অবস্থান করছিলেন। র‌্যাব সদস্যরা ঘেরাও করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন। তার বিরুদ্ধে আলোচিত সাদা পাথর লুট ছাড়াও সাতটি মামলা রয়েছে।

সাহাব উদ্দিন সিলেট জেলা বিএনপির সহসভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি। সাদা পাথর লুটকাণ্ডে তার নাম আসায় কেন্দ্র থেকে তার দলীয় পদ স্থগিত করা হয়। এরপর দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রাথমিক তদন্তে সাদাপাথর লুটেরার তালিকায় সাহাব উদ্দিনের নাম রয়েছে।

গ্রেপ্তারের পর রাতেই তাকে সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

সাহাব উদ্দিনকে গ্রেপ্তারের পর র‌্যাব-৯ রাত ২টা ২৯ মিনিটে সংবাদ বিজ্ঞপ্তি পাঠায়। এতে বলা হয়, গত এক বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলন করা হয়। এই ঘটনা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। পরবর্তীতে সাদাপাথর লুটের ঘটনায় দায়ীদের গ্রেপ্তারে র‌্যাব-৯ গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ১৩ সেপ্টেম্বর আনুমানিক রাত ১১টা ১৫ মিনিটের দিকে সাহাব উদ্দিনকে কোম্পানীগঞ্জ থানায় খনি ও খনিজসম্পদ নিয়ন্ত্রণ ও উন্নয়ন আইনে করা মামলায় গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, সাহাব উদ্দিন একজন পাথরব্যবসায়ী। ভোলাগঞ্জ পাথর আমদানিকারক সংগঠনেরও নেতৃত্বে রয়েছেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর তার নেতৃত্বে একটি চক্র সক্রিয় হয় ভোলাগঞ্জে। ৫ আগস্টে ভোলাগঞ্জ মহাসড়ক পাশের রিসোর্ট ও রোপওয়ে বাঙ্কারে হামলার অভিযোগ রয়েছে। এছাড়া, ভোলাগঞ্জ শুল্কস্টেশন এলাকার সরকারি সরকারি জমি দখল, পাথরমহালের জমি ভাড়া দেওয়াসহ নানা অভিযোগ রয়েছে।

৫ আগস্টের বছরপূর্তিতে সাদা পাথর এলাকায় সরেজমিনে গিয়ে দেখা গেছে, হাজি সাহাব উদ্দিনের লোকজনেরা তার নামে রীতিমতো দখলযজ্ঞ করে পাথর লুটপাট শুরু করে।

বিএনপি সূত্র জানায়, ১১ আগস্ট রাতে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে সাহাব উদ্দিনের সব পদ স্থগিত করা হয়। বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চাঁদাবাজি, দখলবাজিসহ বিএনপির নীতি ও আদর্শ পরিপন্থি অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের সকল দলীয় পদ স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।’

সিলেটের হোটেল যেন মধুচক্র, হানা দিচ্ছে পুলিশ

সিলেট নগরীর আবাসিক হোটেলগুলোতে দিন দিন বাড়ছে অসামাজিক কার্যকলাপ। সন্ধ্যা নামলেই অনেক হোটেল যেন রূপ নেয় মধুচক্রে, যেখানে তরুণ-তরুণীদের অবাধ যাতায়াত আর অনৈতিক কর্মকাণ্ড গভীর রাত পর্যন্ত চলে। শহরের মিরাবাজার, শিবগঞ্জ, জিন্দাবাজার, আম্বরখানা, কাজলশাহ ও দক্ষিণ সুরমার বিভিন্ন হোটেল স্থানীয়দের চোখে এখন অশান্তির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

অভিভাবকদের দাবি, এ ধরনের কার্যকলাপ তরুণ সমাজকে বিপথে ঠেলে দিচ্ছে। প্রেম, বন্ধুত্ব আর আড্ডার আড়ালে নষ্ট হচ্ছে নৈতিকতা। ফলে শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বাড়ছে অপরাধ প্রবণতা। সমাজে এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে, যা সামগ্রিকভাবে সামাজিক কাঠামোকে দুর্বল করছে।

এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একের পর এক অভিযান শুরু করেছে। গত আট দিনে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ও বিভিন্ন থানার অভিযানে ২৭ জন নারী-পুরুষকে আটক করা হয়েছে। ‘আলী বাবা’, ‘শেরাটন’, ‘ভাই ভাই আবাসিক হোটেল’, ‘মা আবাসিক হোটেল’, ‘ঢাকা প্যালেস’, ‘আল ইসলাম’, ‘তালহা গেস্ট হাউজ’, ‘সিলেট রেস্ট হাউজ’, ‘গ্র্যান্ড সাউদা’ ও ‘হোটেল জাহান’— এসব স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেছেন, “শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.)-এর পবিত্র মাটিতে অনৈতিক কার্যকলাপ কোনোভাবেই বরদাশত করা হবে না। এ ধরনের হোটেলবৃত্তিক অসামাজিক কাজ রোধে অভিযান অব্যাহত থাকবে।”

এদিকে নতুন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী দায়িত্ব গ্রহণের পরই অসামাজিক কর্মকাণ্ড দমনে কড়া অবস্থানের ঘোষণা দিয়েছেন। রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, “সিলেট একটি পূণ্যভূমি, এখানে অনাচার চলতে পারে না। অপরাধ শূন্যে না আসা পর্যন্ত অভিযান চলবে। সিলেট মেট্রোপলিটন পুলিশ কাজ করবে নগরবাসীর ইচ্ছা অনুযায়ী।”

নগরবাসী এখন আশা করছে, পুলিশের এ ধারাবাহিক তৎপরতায় সিলেটের হোটেলগুলো থেকে মধুচক্রের অবসান ঘটবে এবং তরুণ সমাজ সঠিক পথে ফিরে আসবে।

সিলেটে অন্যকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন হাসান

সিলেটের জকিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত আবুল হাসান (২২) নামের তরুণ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি উপজেলার বারঠাকুরী ইউনিয়নের সোনাসার গ্রামের মোল্লাবাড়ির আব্দুল মালিকের ছেলে।

শনিবার দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যা রাতে জকিগঞ্জ-সিলেট সড়কের চেকপোস্ট এলাকায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি হঠাৎ করে আবুল হাসানের মোটরসাইকেলের সামনে চলে আসেন। তাকে রক্ষা করতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন আবুল হাসান এবং তার সঙ্গে আরও দুইজন। আহতদের মধ্যে আবুল হাসানকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা ৭ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শনিবার দুপুরে তিনি মারা যান।

তরুণ আবুল হাসানের করুণ মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য আবেদন করা হলে লাশ দাফনের অনুমতি দিয়েছেন।

আইইএলটিএস প্রতারণা চক্রের দুই সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম (আইইএলটিএস) পরীক্ষা নিয়ে প্রতারনার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে বনানী থানা পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বনানী এলাকার ‘অ্যামাজন লিলি লেক ভিউ রেসিডেন্স’ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— পান্না পুনম হাওলাদার ওরফে কেয়া (২৬) এবং মামুন খান (৩৭)। তাদের হেফাজত থেকে প্রতারণার মাধ্যমে আদায়কৃত নগদ ৮ লাখ ৩৮ হাজার টাকা ও আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে, আইইএলটিএস’র প্রশ্নপত্র ও উত্তরপত্র সরবরাহের প্রলোভনে একাধিক ছাত্র-ছাত্রীর সাথে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

পুলিশ জানায়, ভুক্তভোগী নাদিত হাসান রকি ‘কুইন গ্লোবাল কনসালট্যান্ট অ্যান্ড আইইএলটিএস’ প্রতিষ্ঠানে কোচিং করতেন। সেই প্রতিষ্ঠানের মাধ্যমে আসামিরা তার সঙ্গে এবং আরও কয়েকজন পরীক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করে পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার প্রলোভন দেখান।

তারা দাবি করেন, আসল প্রশ্নপত্র ও উত্তরপত্র সরবরাহ করবেন। সরল বিশ্বাসে ভিকটিম ১ লাখ ৮০ হাজার টাকা প্রদান করেন। পরে জানা যায়, আসামিরা প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে ১ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত নিয়েছেন।

গত ৫ সেপ্টেম্বর ভিকটিমসহ কয়েকজন পরীক্ষার্থী বনানীর ওই হোটেলে গিয়ে টাকা প্রদান করেন এবং আসামিদের কাছ থেকে প্রশ্নপত্র ও উত্তরপত্র সংগ্রহ করেন। কিন্তু পরীক্ষাকেন্দ্রে গিয়ে দেখা যায়, সরবরাহ করা উত্তরগুলোর সঙ্গে আসল প্রশ্নপত্রের মাত্র কয়েকটির মিল রয়েছে। প্রতারণা টের পেয়ে পরীক্ষার্থীরা টাকা ফেরত চাইলে আসামিরা অস্বীকার করেন এবং হুমকি দেন।

অভিযোগের ভিত্তিতে বনানী থানা পুলিশ তদন্ত শুরু করে। তথ্য বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সিলেট সীমান্তে ধরা পড়লো সাড়ে ৩ কোটি টাকার চালান

সিলেট সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। শুক্রবার ও আগের দিন বৃহস্পতিবার বিজিবি ১৯ ও ৪৮ ব্যাটালিয়ন এ অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পশু ও পণ্য জব্দ হলেও কোন চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. নাজমুল হক জানান, গত দুইদিন তামাবিল, পান্থুমাই, সংগ্রাম, বাংলাবাজার ও মিনাটিলা সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালায়। এসময় বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী, কসমেটিক্স, চকলেট, বিস্কুট, ফুচকা, বিড়ি, জিরা, ও চিনিসহ বিভিন্ন ধরণের পণ্য জব্দ করা হয়।

এছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে বিপুল পরিমাণ শিং মাছ জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মূল্য প্রায় ৩ কোটি ২৬ লক্ষ ৭৭ হাজার ৬৬৫ টাকা।

অপরদিকে, শুক্রবার বিজিবি ১৯ ব্যাটালিয়ন (জকিগঞ্জ ব্যাটালিয়ন) এর আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় ৭টি মহিষ, ৭টি গরু ও পান পাতা জব্দ করে। জব্দকৃত পশু ও পণ্যের মূল্য প্রায় সাড়ে ১৯ লাখ টাকা বলে জানিয়েছেন বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. জুবায়ের আনোয়ার।

সিলেটে হোটেলে অনৈতিক কার্যকলাপে অভিযোগে দুই হোটেল থেকে ৫ তরুণ-তরুণী আটক

সিলেট নগরীর আম্বরখানার দুটি আবাসিক হোটেল থেকে ৫ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শেখ মো. মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- রাকিবুল ইসলাম (১৯), শহীদ আহমদ (২১), ফাবিয়া সুলতানা (২২), ডালিয়া ও রুবিনা (২২)

সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, আটককৃতরা হোটেলে অনৈতিক কার্যকলাপে জড়িত ছিল। এমন অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।