Monday, April 6, 2026
Home Blog Page 25

সিলেটে শহীদ হাদিকে অন্যরকম স্মরণ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে অন্যরকম স্মরণ করা হলো সিলেটে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্যোগে এমন স্মরণ ও দোয়ার আয়োজন।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল’র ১২তম আসরের উদ্বোধনী দিনে এমন আয়োজন বেশ প্রশংসা কুড়াচ্ছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই অন্যরকম স্মরণের ব্যবস্থা করা হয়েছিল।

সিলেট-এয়ারপোর্ট রোডের পাশে লাক্কাতুড়া চা বাগানের টিলার পাদদেশে অবস্থিত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। বিপিএল’র উদ্বোধন উপলক্ষে স্টেডিয়ামের প্রধান ফটকের পাশেই রাখা হয় শহীদ ওসমান হাদির দৃশ্যমান ছবি।

পাশেই ছিল বাতাসার বক্স। এক পাশের বক্সের গায়ে লেখা ছিল ‘টেক এ বাতাসা, প্রে ফর হাদী’। অপর পাশে লেখা ছিল ‘টেক এ বাতাসা, জাস্টিস ফর হাদী’।

সম্প্রতি আততায়ীর গুলিতে শহীদ হওয়া শরিফ ওসমান হাদিকে নিয়ে এমন অভিনব আয়োজনে মুগ্ধ ক্রিকেট অনুরাগীরা।

শহীদ হাদির খুনি যত শক্তিশালী হোক, বিচার শাহবাগ থেকেই আদায় হবে : জুমা

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার প্রশ্নে অন্তর্বর্তী সরকারের নিষ্ক্রিয়তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইনকিলাব মঞ্চ-এর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা। তিনি বলেন, রাষ্ট্রের নিরাপত্তা, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও স্থিতিশীলতা রক্ষার দায়িত্ব যদি নাগরিক সংগঠনকেই নিতে হয়, তাহলে জনগণের টাকায় এমন সরকার টিকিয়ে রাখার যুক্তি কোথায়—সে প্রশ্ন জনগণের সামনে স্পষ্ট।

শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী ও সমর্থকরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন। মিছিলটি শাহবাগে পৌঁছানোর পরপরই অবরোধ কর্মসূচি শুরু হয় এবং যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় চারপাশে মুহুর্মুহু স্লোগানে প্রতিবাদী উত্তাপ ছড়িয়ে পড়ে।

বক্তব্যের শুরুতে জুমা শহীদ শরিফ ওসমান হাদি-এর স্মৃতি স্মরণ করে বলেন, রাজপথে যার কণ্ঠে আমরা স্লোগান শুনতাম, আজ তাকে কবরে রেখে কথা বলতে হচ্ছে—এ শোক ইনকিলাব মঞ্চের জন্য অপূরণীয়। তিনি বলেন, পাঁচ আগস্ট-পরবর্তী সময়ে অনেকেই নিজেকে নেতা হিসেবে তুলে ধরলেও ওসমান হাদি কখনো নিজেকে নেতা বলেননি; তিনি সবসময় ‘কর্মী’ পরিচয়েই ছিলেন। এই বিনয় ও নিষ্ঠাই তাকে মানুষের নেতা বানিয়েছে—মৃত্যুর পরও তিনি আন্দোলনের শক্তি ও প্রেরণা।

বিচার প্রক্রিয়ায় অগ্রগতির অভাব তুলে ধরে জুমা বলেন, হাদির মৃত্যুর পর খুনিদের অবস্থান, পলায়ন কিংবা দেশে থাকার বিষয়ে গোয়েন্দা সংস্থাগুলোর কাছ থেকে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। তাঁর ভাষায়, গোয়েন্দা সংস্থার দায়িত্বও এখন নাগরিকদের পালন করতে হচ্ছে—এ অবস্থায় সরকারের দায় কোথায়?

এ সময় আন্দোলনকে ‘মব’ বা বিশৃঙ্খলা হিসেবে চিহ্নিত করার অপচেষ্টার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন জুমা। তিনি বলেন, ন্যায্য বিচারের দাবিকে মব বলা হলে প্রশ্ন ওঠে—বিচার আদায়ের দাবি কি বিশৃঙ্খলা? ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে সহিংসতার কোনো রেকর্ড নেই। নির্বাচন পেছানোর অজুহাতে সহিংসতার ভয় দেখিয়ে বিচার আটকে রাখার চেষ্টা চলবে না।

তিনি আরও বলেন, খুনি যত বড় শক্তিই হোক, তাকে বিচারের আওতায় আনতেই হবে। কোনো বিশৃঙ্খলাকারী এলে তাকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি। শেষ বক্তব্যে জুমা ঘোষণা দেন—শাহবাগ সাক্ষী থাকুক, শহীদ শরিফ ওসমান হাদির বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না ইনকিলাব মঞ্চ। এই বাংলার মাটিতেই বিচার আদায় হবে, আর সেই বিচার শাহবাগ থেকেই আদায় হবে।

এর আগে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের জানান, বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধ চলবে। প্রয়োজনে শাহবাগে রাত্রিযাপন ও অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রস্তুতিও রয়েছে বলে তিনি ঘোষণা দেন।

বড়লেখায় টিলা কাটার দায়ে এক লাখ টাকা জরিমানা

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় টিলা কাটার অপরাধে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মোহাম্মদনগর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদনগর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় টিলা কাটার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেলে ফারুক আহমদ নামের এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(চ) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১) ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে বড়লেখা থানার পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

জরিমানার বিষয়টি নিশ্চিত করে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বলেন, পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় অবৈধ টিলা কাটা ও মাটি উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সিলেটে বিপিএল শুরুর আগে শহীদ ওসমান হাদির স্মরণে এক মিনিট নীরবতা

১২তম আসরের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হয়েছে আজ, তবে এবারের উদ্বোধন হলো ভিন্ন আবহে। টুর্নামেন্টের শুরুতেই শহীদ ওসমান হাদির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

গত ১২ ডিসেম্বর সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হলে ১৮ ডিসেম্বর রাতে তিনি সেখানে মৃত্যুবরণ করেন। এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা জানায়। আজ বিপিএলের উদ্বোধনী দিনেও তাঁর স্মরণে বিশেষ এই সম্মান জানানো হয়।

বিপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম-এ। এ সময় স্টেডিয়ামে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ ক্রীড়া অঙ্গনের বিশিষ্টজনেরা।

খেলা শুরুর ঠিক আগে ওসমান হাদির স্মরণে এক মিনিট নীরবতা পালনের ঘোষণা দেওয়া হয়। ওই সময় রাজশাহী দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিমকে দেখা যায় মোনাজাতে হাত তুলে দোয়া করতে—যা উপস্থিত দর্শকদের আবেগাপ্লুত করে।

উদ্বোধনী আয়োজনে কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের পর বেলুন উড়িয়ে বিপিএলের পর্দা উন্মোচন করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আজ বিপিএলে রয়েছে দুটি ম্যাচ; প্রথম ম্যাচ শেষে আয়োজন করা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

সিলেটে দিনে উচ্ছেদ, রাতে দখল

সিলেটে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সড়ক ও জনপথের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের কয়েক ঘন্টা পরই আবার ওই জমি দখল করে বাঁশ দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ ওঠেছে।

সিলেটের তেমুখী এলাকার শাহজালাল ৩য় সেতুর এপ্রোচ সড়কের পাশের একটি জমিতে এমনটি করা হয়েছে।

জানা যায়, বুধবার তেমুখি ও লামাকাজি এলাকায় সড়ক ও জনপথের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সড়ক ও জনপথ বিভাগ পরিচালিত এ অভিযানে সেনাবাহিনী, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন। এ অভিযানে তেমুখী এলাকার শাহজালাল ৩য় সেতুর এপ্রোচ সড়কের পাশের একটি জমিতে অবৈধভাবে নির্মিত আধাপাকা একটি স্থাপনাও উচ্ছেদ করা হয়। তবে বুধবার রাতেই ওই জমি পুণরায় দখল করে বাঁশ দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ ওঠেছে।

এমন অভিযোগ করে সিলেট জেলা আয়কর আইনজীবী সমিতরি সাবেক সভাপতি অধ্যাপক মো. শফিকুর রহমান বলেন, ওই এলাকায় আমার প্রায় ১৩ শতক জমি আছে। যা সড়ক ও জনপেথর জায়গা পেরিয়ে যেতে হয়। ২০০৯ সালে আমি সড়ক ও জনপথের জায়গাটুকু ইাজারা নিয়ে আমার আমার জমিতে যাওয়ার রাস্তা হিসেবে ব্যবহার করছি।

তিনি বলেন, কয়েকবছর আগে ইজারার মেয়াদ শেষ হলে আমি নবায়নের জন্য আবেদন করি। এই সুযোগে স্থানীয় শেখ ওসমান হারুন পনির নামে এক ব্যক্তি ওই জায়গার উপর পাকা স্থাপনা নির্মাণ করেন। এ ব্যাপারে ২০২৪ সালে আমি উচ্চ আদালতে একটি রিট পিটিশন করি। আদালত তখন অবৈধ স্থাপনাটি উচ্ছেদের নির্দেশ দেন। এই নির্দেশনার প্রেক্ষিতে বুধবার সড়ক ও জনপথ কর্তৃপক্ষ একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করে।

মো. শফিকুর রহমান অভিযোগ করে বলেন, উচ্ছেদ অভিযান শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই বুধবার রাতে ওই জমি ফের দখল করে বাঁশ দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন শেখ ওসমান হারুন পনির। যে কারণে আমি নিজের জমিতে যেতে পারছি না। এ ব্যাপারে আবারও উচ্চ আদালতের দ্বারস্থ হবেন বলে জানান শফিকুর রহমান।

অভিযোগ প্রসঙ্গে বৃহস্পতিবার সন্ধ্যায় শেখ ওসমান হারুন পনিরের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

সিলেটের মাটি ছুঁয়ে বিমানে ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর বাংলাদেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং রাজধানীর প্রধান বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ বাড়তি অপারেশনাল ও নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, পুরো যাত্রাপথ ও বিমানবন্দর ব্যবস্থাপনায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয় বজায় রাখা হচ্ছে।

এয়ারলাইন সূত্র জানায়, তারেক রহমান লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় আসছেন বিমানের ফ্লাইট বিজি–২০২-এ। ফ্লাইটটি যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (ঢাকা সময় রাত ১২টা ১৫ মিনিট) যাত্রা করবে। বোয়িং উড়োজাহাজে পরিচালিত এই ফ্লাইট বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করবে।

সিলেটে প্রায় এক ঘণ্টার গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ড শেষে সকাল ১০টা ৫৫ মিনিটে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হয়ে বেলা ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। বিমান কর্মকর্তারা জানিয়েছেন, উচ্চপর্যায়ের যাত্রীর উপস্থিতির কারণে ফ্লাইট অপারেশন কন্ট্রোল, কেবিন সার্ভিস, গ্রাউন্ড হ্যান্ডলিং ও বিমানবন্দর কর্তৃপক্ষের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে পুরো কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এদিকে, ঢাকার বিমানবন্দর কর্তৃপক্ষ ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত যাত্রী ব্যতীত দর্শনার্থী ও স্বজনদের টার্মিনালে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে। বিমানবন্দরের নির্বাহী পরিচালক জানিয়েছেন, বিশেষ অপারেশনাল ও নিরাপত্তা বিবেচনায় যাত্রীসেবা ও টার্মিনাল শৃঙ্খলা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্ভাব্য সড়ক যানজটের কথা বিবেচনায় রেখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইউএস-বাংলা এয়ারলাইন্স যাত্রীদের আগেভাগে বিমানবন্দরে পৌঁছানোর পরামর্শ দিয়েছে। সংশ্লিষ্টরা জানান, তারেক রহমান ঢাকায় পৌঁছানোর পর সড়কপথে পূর্বাচলে একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। সিলেটের মাটি ছুঁয়ে ঢাকায় তার এই আগমনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যেও বাড়তি আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

বিয়ানীবাজারে শিব্বির গ্রেফতার

বিয়ানীবাজার পৌরসভায় ১৫৫ পিস ইয়াবা ও বিড়িসহ শিব্বির আহমদ নামের এক মাদক কারবারিকে আটক করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে বিয়ানীবাজার পৌরসভার লাসাইতলা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মাদকসেবী ছদ্মবেশে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ইয়াবা ও বিড়িসহ তাকে আটক করে। এ সময় ১৫৫ পিস ইয়াবা ও বিড়ি উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের বাজার মূল্য আনুমানিক ৪৬ হাজার ৫শত টাকা।

পুলিশ আরও জানায়, দীর্ঘদিন থেকে শিব্বির আহমদ মাদক কারবারের সাথে যুক্ত। সে তার বাড়ি আশপাশ থেকে ইয়াবা ও বিড়ি বিক্রি করে আসছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এই ব্যাপারে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক বলেন, ‘গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। সমাজ থেকে মাদক নির্মূল করতে পুলিশের এই ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’বিয়ানীবাজারে শিব্বির গ্রেফতার

পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, দুই বন্ধু নিহত

দুই দিন আগে পুরোনো একটি মোটরসাইকেল কেনেন রিয়াদ আহমদ (২২)। ওই মোটরসাইকেলে বন্ধু জাবেদ আহমদকে (২০) নিয়ে সকালে বেড়াতে বের হয়েছিলেন। পথে ঘন কুয়াশার মধ্যে পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে দুই বন্ধু নিহত হন।

বুধবার সকালে মৌলভীবাজার-বড়লেখা আঞ্চলিক সড়কে কুলাউড়ার আছুরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিয়াদ জুড়ী উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা ফল ব্যবসায়ী নুরু মিয়ার ছেলে। আর জাবেদ একই উপজেলার জাঙ্গিরাই এলাকার মৃত দিলু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিয়াদ উপজেলা সদরের শিশুপার্ক চত্বরে তাঁর বাবার ফলের দোকান চালাতেন। জাবেদ ও ভাইয়েরা সম্প্রতি উপজেলা সদরের কামিনীগঞ্জ বাজারে একটি কাপড়ের দোকান দেন। তিনি দুই দিন আগে ৭০ হাজার টাকায় একটি পুরোনো মোটরসাইকেল কেনেন। আজ সকাল সাতটার দিকে জাবেদকে সঙ্গে নিয়ে ওই সাইকেলে করে তিনি কুলাউড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় ঘন কুয়াশা ছিল। আছুরিঘাট এলাকায় বিপরীত দিক থেকে আসা ফল বহনকারী পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রিয়াদ ও জাবেদ মারা যান। খবর পেয়ে কুলাউড়া থানা–পুলিশ লাশ উদ্ধার করে।

সন্তানের মৃত্যুর খবর পেয়ে সকালেই কুলাউড়া থানায় ছুটে যান নুরু মিয়াসহ পরিবারের অন্য সদস্যরা। বিলাপ করতে করতে নুরু মিয়া বলছিলেন, ‘সকালে দোকান খোলার কথা বলি বাড়ি থাকি বাইর হইল ছেলেটা (রিয়াদ)। বেড়াইতে গেছে জানতাম না। মোটরসাইকেল আমার ছেলের জীবনটা নিল।’

কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মুহিত মিয়া বেলা ১১টার দিকে বলেন, ঘন কুয়াশায় পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী মারা গেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সিলেট-৫ জমিয়তকে ছাড় দিচ্ছেন না বিএনপির মামুন

নানা হিসেব-নিকেশ শেষে আসন্ন এয়োদশ নির্বাচনে সিলেট-৫ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুককে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। তবে এই আসন এবার আর ছাড় দিচ্ছেন না বিএনপির প্রার্থী।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে তাকে প্রার্থী ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এই আসনটি ছাড় দিতে নারাজ বিএনপি।

এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে ইতোমধ্যে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী মামুনর রশিদ (চাকসু মামুন)। তিনি সিলেট জেলা বিএনপির প্রথম সহ-সভাপতি।

এসব তথ্য নিশ্চিত করেন মামুনুর রশিদ মামুন। তিনি বলেন, আমি নির্বাচন করবো এটা চূড়ান্ত। মনোনয়ন ফরম কিনেছি, আজ জমাও দেবো। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কোনো চিন্তা নেই। আমি দীর্ঘদিন ধরে নির্বাচনের জন্য কাজ করছি। এখন আর নির্বাচন না করার কোনো সুযোগ নেই।

জানা যায়, দীর্ঘ ৩০ বছরে বিএনপির কোনো নেতা এ আসনে দলের মনোনয়ন পাননি। সর্বশেষ ২০১৮ সালেও এ আসনে জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুককে মনোনয়ন দেওয়ায় দলীয় নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়ান বিএনপি নেতা মামুনুর রশীদ (চাকসু মামুন)।

দীর্ঘদিনের সেই দুঃখ ঘোঁচাতে এবার বেশ তৎপর ছিলেন বিএনপি নেতারা। সবচেয়ে বেশি আশাবাদী ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশীদ।

বিরল তুষারপাতের সাক্ষী হলো সৌদি আরব

তুষারপাতের মতো বিরল ঘটনার সাক্ষী হলো মরুর দেশ সৌদি আরব। বরফের চাদরে ঢাকা পড়েছে উত্তরাঞ্চলীয় বহু এলাকা। তাপমাত্রা হিমাঙ্কের নিচে। তুষারাবৃত পর্বতের একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যা রীতিমতো ভাইরাল। পুরো মধ্যপ্রাচ্যজুড়ে গভীর নিম্নচাপ সৃষ্টি হওয়ায় দুর্লভ এই ঘটনার সাক্ষী হয়েছে সৌদি আরব; ব্যাখ্যা আবহাওয়া বিভাগের।

তপ্ত বালুরাশি আর ধূ-ধূ মরুভূমির জন্য পরিচিত মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব কিন্তু সেই মরুর বুকজুড়ে শ্বেত-শুভ্র তুষার। যেন কল্পরাজ্যের কোনো চিত্র ধরা দিয়েছে বাস্তবতায়।

সৌদিতে তুষারপাতের একাধিক ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। বিরল এই ঘটনা দেশটির উত্তরাঞ্চলীয় তাবুক ও হাইল প্রদেশের। অঞ্চলটির জর্ডান সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোতে তাপমাত্রা হীমাঙ্কের নিচে নেমেছে।

তুষারপাত ছাড়াও উত্তর সৌদি আরবের কিছু অংশ তীব্র বৃষ্টিপাতের সম্মুখীন হয়। এছাড়াও, রিয়াদের উত্তরাঞ্চলেও দেখা দেয় বৈরি আবহাওয়া। এসব ঘটনাকে একেবারেই বিরল এবং অঞ্চলটির কয়েক দশকের ইতিহাসে প্রথম বলছেন বাসিন্দারা।

কয়েকদিন আগেই পাহাড়ি অঞ্চলগুলোতে শৈত্যপ্রবাহ ও তুষারপাতের পূর্বাভাস দিয়েছিলো সৌদির আবহাওয়া বিভাগ। আবহাওয়াবিদদের দাবি- পুরো মধ্যপ্রাচ্যে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণেই দেখা মিলেছে ভারি বৃষ্টি ও তুষারপাতের।